📄 সায়্যিদুনা ওসমান রাদিআল্লাহু আনহুর হাদিস
হযরত সায়্যিদুনা উসমান বিন আফফান রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, আমি হুযুর নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কিয়ামত দিবসে আল্লাহ তা'আলা তাঁর আরশের ছায়ায় ঐ ব্যক্তিকে ছায়া দান করবেন, যে উত্তমরূপে ওযু করে এবং মানুষের সাথে উত্তম ব্যবহার করে। অনুরূপভাবে কোন ইয়াতীমকে আশ্রয়দানকারী, দুর্বলদের প্রতি দয়াকারী, গোলামদের প্রতি নম্র আচরণকারী, কোন অভাবী ঋণ গ্রহীতাকে অবকাশদানকারী এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দানকারী।
📄 সায়্যিদুনা সাদ্দাদ বিন আউস রাদিআল্লাহু আনহুর হাদিস
হযরত সায়্যিদুনা সাদ্দাদ বিন আউস রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন মুসলমানকে অভাবী অবস্থায় ঋণ দেয়, আল্লাহ তা'আলা তাকে ঐ দিন আরশের ছায়ায় স্থান দান করবেন।
📄 সায়্যিদুনা জাবির রাদিআল্লাহু আনহুর হাদিস
হযরত সায়্যিদুনা জাবির বিন আবদুল্লাহ রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন আরশের ছায়ায় ঐ সব লোক থাকবে, যারা অভাবী ঋণগ্রহীতাকে অবকাশ দেয় অথবা তাদের ঋণ ক্ষমা করে দেয় এবং আমানতকে পূর্ণরূপে আদায় করে।
📄 সায়্যিদাতুনা আয়েশা রাদিআল্লাহু আনহার হাদিস
উম্মুল মু'মিনীন সায়্যিদাতুনা আয়েশা সিদ্দীকা রাদিআল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি স্বীয় কর্জদারকে খোঁজ করতে গিয়ে তাকে না পেয়ে তার পরিবার-পরিজনকে পেরেশান না করে ফিরে আসে, তাহলে আল্লাহ তা'আলা তাকে আরশের ছায়ায় স্থান দান করবেন।