📄 হিজামা গ্রহণের সময়
[২২৮] আলি থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “যে ব্যক্তি হিজামা (৩) গ্রহণের সময় আয়াতুল কুরসি (সূরা আল-বাকারাহ্ ২:২৫৫) পাঠ করবে, সেটি তার হিজামার উপকার সাধন করবে।”’ (১)
টিকা:
(১) ইবনুস সুন্নি, ১৬২, বর্ণনাসূত্রটি দুর্বল।
(৩) এক বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি।
📄 কানে শোঁ শোঁ শব্দ হলে
[২২৯] আবূ রাফি থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “তোমাদের কারও কানে শোঁ শোঁ শব্দ হলে, সে যেন আমার কথা স্মরণ করে, আমার উপর দরুদ পড়ে এবং বলে, আমাকে যে স্মরণ করে, সে আল্লাহকে উত্তমভাবেই স্মরণ করে।”’ (২)
টিকা:
(২) তাবারানি, ২২৯, হাসান।
📄 পা ঝিমঝিম করলে
[২৩০] হাইসাম ইবনু হানাশ থেকে বর্ণিত, ‘আমরা আবদুল্লাহ ইবনু উমার-এর কাছে ছিলাম। তার পা ঝিমঝিম করলে, একজন তাকে বলে—আপনার সবচেয়ে প্রিয় মানুষকে স্মরণ করুন। তখন তিনি বলেন, ‘মুহাম্মাদ!’ আর অমনি যেন তিনি শিকলমুক্ত হয়ে উঠেন!’ (৩)
টিকা:
(৩) ইবনুস সুন্নি, ১৬৬, বর্ণনাসূত্রটি দুর্বল।
📄 বাহন হোঁচট খেলে
[২৩১] আবুল মুলাইহ্ থেকে বর্ণিত, ‘এক সাহাবি বলেন, ‘একটি বাহনে আমি ছিলাম নবি-এর সহ-আরোহী। তাঁর বাহনটি হোঁচট খেলে, আমি বলি, “শয়তান ধ্বংস হোক!” তখন তিনি বলেন, “শয়তান ধ্বংস হোক, এ কথা বোলো না; কারণ এ কথা বললে শয়তান (খুশিতে) ফুলে ঘরের মতো হয়ে যায়, আর সে বলে, আমার শক্তিতে (এটি হয়েছে)! বরং বোলো, ‘বিসমিল্লাহ/ আল্লাহর নামে।’ কারণ, তুমি (বিসমিল্লাহ) বললে, সে ছোটো হতে হতে মাছির মতো হয়ে যায়।”’ (১)
টিকা:
(১) আহমাদ, ৫/৫৯, সহীহ্।