📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 সালাতের মধ্যে ও তাশাহহুদের পর

📄 সালাতের মধ্যে ও তাশাহহুদের পর


[৯৬] আবূ হুরায়রা থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “তোমাদের কেউ যখন শেষ (রাকআতের) তাশাহহুদ পাঠ সম্পন্ন করে, তখন সে যেন চারটি বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চায়; (বিষয় চারটি হলো) কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন ও মৃত্যুর পরীক্ষা এবং ত্রাণকর্তা(!) দাজ্জালের অনিষ্ট।”’ (১)

[৯৭] আয়িশা থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ সালাতের মধ্যে এ দুআ পড়তেন—
اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
হে আল্লাহ! আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই; তোমার কাছে আশ্রয় চাই, ত্রাণকর্তা (!) দাজ্জালের পরীক্ষা থেকে; তোমার কাছে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে; হে আল্লাহ! আমি গোনাহ ও ঋণ থেকে তোমার কাছে আশ্রয় চাই।

একজন তাঁকে জিজ্ঞাসা করেন, ‘আপনি ঋণের ব্যাপারে (আল্লাহর কাছে) এত বেশি আশ্রয় চান কেন?’ জবাবে নবি ﷺ বলেন, “মানুষ ঋণগ্রস্ত অবস্থায় কথা বললে মিথ্যা বলে আর (কাউকে) ওয়াদা দিলে তা ভঙ্গ করে।”’ (২)

[৯৮] আবদুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, ‘আবূ বাকর আল্লাহর রাসূল ﷺ-কে বলেন, “আমাকে এমন একটি দুআ শিখিয়ে দিন, যা আমি সালাতে পাঠ করব।” নবি ﷺ বলেন, “তুমি বোলো—
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمَا كَثِيراً، وَلا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيمُ
হে আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি; তুমি ছাড়া আর কেউ গোনাহ ক্ষমা করতে পারে না; তোমার পক্ষ থেকে আমাকে পুরোপুরি ক্ষমা করে দাও; আমার উপর দয়া করো; তুমি তো ক্ষমাশীল, দয়ালু। (৩)

[৯৯] আলি থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ-এর সালাতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “তাশাহহুদ ও সালাম ফেরানোর মাঝখানে নবি ﷺ সবশেষে বলতেন—
اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدِّمِ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
হে আল্লাহ! আমার আগের ও পরের গোনাহ ক্ষমা করে দাও! (ক্ষমা করে দাও) আমার প্রকাশ্য ও গোপন গোনাহগুলো, যেগুলো সম্পর্কে তুমি আমার চেয়ে বেশি জানো; তুমিই শুরু, তুমিই শেষ; তুমি ছাড়া কোনও সার্বভৌম সত্তা নেই। (৪)

[১০০] নবি ﷺ-এর এক সাহাবি থেকে বর্ণিত, ‘নবি ﷺ এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, “তুমি সালাতে কীভাবে দুআ পাঠ করো?” তিনি বলেন, ‘আমি তাশাহহুদ পাঠ করে বলি—
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ
হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাত চাই; আর জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় চাই।
আমি তো আর আপনার মতো সুন্দর করে দুআ পড়তে পারি না, মুআযের মতোও না!’ তখন নবি ﷺ বলেন, “আমাদের দুআও এর কাছাকাছি অর্থ বহন করে!” (৫)

[১০১] শাদ্দাদ ইবনু আউস থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ সালাতের ভেতর বলতেন—
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا، وَلِسَانًا صَادِقًا، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
হে আল্লাহ! আমি তোমার কাছে চাই—আমাকে কর্মে স্থিরতা দাও! আর সঠিক পথে অটল রাখো! আমি তোমার কাছে চাই—আমি যেন তোমার নিয়ামাতের শুকরিয়া আদায় করতে পারি; সুন্দরভাবে তোমার দাসত্ব করতে পারি। আমি তোমার কাছে চাই—প্রশান্ত অন্তর ও সত্যবাদী জিহ্বা। আমি তোমার কাছে ওই জিনিস চাই, যা তোমার জ্ঞানে (আমার জন্য) কল্যাণকর। আমি তোমার কাছে ওই জিনিস থেকে আশ্রয় চাই, যা তোমার জ্ঞানে (আমার জন্য) অকল্যাণকর। আমার গোনাহের ব্যাপারে তোমার কাছে ক্ষমা চাই, যা তুমি জানো; তুমিই হলে অদৃশ্য বিষয়াদির মহাজ্ঞানী। (৬)

[১০২] আতা ইবনুস সাইব কর্তৃক তার পিতার মাধ্যমে বর্ণিত, ‘(একবার) আম্মার ইবনু ইয়াসির আমাদের নিয়ে সালাত আদায় করেন। ওই সালাত আদায়ে খুব বেশি সময় লাগেনি। তাই লোকদের মধ্য থেকে একজন বলে উঠে, ‘আপনার এ সালাত আদায়ে তো বেশি সময় লাগেনি!’ আম্মার বলেন, ‘(হ্যাঁ!) তা সত্ত্বেও (এর মধ্যে) আমি এমন কিছু দুআ পড়েছি, যা আমি আল্লাহর রাসূল ﷺ-এর কাছ থেকে শুনেছি।’ তিনি উঠে যাওয়ার পর লোকদের মধ্যে থেকে একজন তাঁর পেছনে পেছনে গিয়ে দুআটি সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন, (দুআটি হলো:)
اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبِ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْراً لِي وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْراً لِي اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى وَأَسْأَلُكَ نَعِيماً لَّا يَنْفَدُ وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لا تَنْقَطِعُ وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ اللَّهُمَّ زَيِّنَا بِزِينَةِ الْإِيمَانِ وَاجْعَلْنَا هُدَاةً مُّهْتَدِينَ
হে আল্লাহ! তোমার অদৃশ্য-জ্ঞান ও সৃষ্টিজগতের উপর তোমার ক্ষমতার (কাছে আমি আশ্রয় চাই); আমাকে ততদিন বাঁচিয়ে রাখো, তোমার জ্ঞান অনুযায়ী যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণজনক; আমাকে তখনই নিয়ে যেয়ো, তোমার জ্ঞান অনুযায়ী যখন চলে যাওয়া আমার জন্য কল্যাণজনক; হে আল্লাহ! আমি তোমার কাছে চাই, যেন গোপন ও প্রকাশ্য উভয়াবস্থায় তোমাকে ভয় করে চলতে পারি; আমি তোমার কাছে চাই, যেন রাগ ও সন্তুষ্টি উভয়াবস্থায় সত্য কথা বলতে পারি; তোমার কাছে চাই, যেন দারিদ্র্য ও প্রাচুর্য উভয়াবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করতে পারি; তোমার কাছে এমন অনুগ্রহ চাই, যা কখনও শেষ হবে না; তোমার কাছে নিরবচ্ছিন্ন চক্ষু শীতলকারী (অনুগ্রহ) চাই; তোমার কাছে চাই, আমি যেন তোমার সিদ্ধান্ত খুশিমনে মেনে নিতে পারি; তোমার কাছে মৃত্যুর পর আরামদায়ক জীবন চাই; তোমার কাছে চাই, (যেন পরকালে) তোমার দিকে তাকানোর মিষ্টতা (দুনিয়ায় স্মরণ রাখতে পারি); আমি তোমার সাথে এমনভাবে সাক্ষাৎ করতে চাই; যেন কোনও কষ্টদায়ক বেদনা না থাকে, না থাকে পথ-ভোলানো কোনও পরীক্ষা। হে আল্লাহ! আমাদেরকে ঈমানের সৌন্দর্য দিয়ে সুশোভিত করে দাও; আর আমাদেরকে সঠিক পথের পথিক ও দিশারী বানিয়ে দাও! (৭)

টিকা:
(১) মুসলিম, ৫৮৮; আবূ দাউদ, ৯৮৩।
(২) মুসলিম, ৫৮৯।
(৩) মুসলিম, ২৭০৫।
(৪) মুসলিম, ৭৭২।
(৫) আবূ দাউদ, ৭৯২, সহীহ্।
(৬) তিরমিযি, ৩৪০৪, ইসনাদটি দুর্বল।
(৭) নাসাঈ, ১৩০৬, হাসান।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 সালাতের পর

📄 সালাতের পর


[১০৩] সাওবান থেকে বর্ণিত, ‘সালাত শেষে আল্লাহর রাসূল ﷺ তিনবার বলতেন—
أَسْتَغْفِرُ اللهَ
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
এরপর তিনি বলতেন—
اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
হে আল্লাহ! তুমি সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত। তুমি শান্তির উৎস। হে মহানুভবতা ও সম্মানের মালিক! তুমি বরকতময়। (১)

[১০৪] মুগীরা ইবনু শু'বা থেকে বর্ণিত, ‘সালাত শেষে নবি ﷺ বলতেন—
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
আল্লাহ ছাড়া কোনও সার্বভৌম সত্তা নেই; তিনি একক; তাঁর (সার্বভৌম ক্ষমতায়) কোনও অংশীদার নেই; রাজত্ব তাঁর, প্রশংসাও তাঁর; তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا رَادَّ لِمَا قَضَيْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدَّ مِنْكَ الْجَدَّ
হে আল্লাহ! তুমি যা দাও, তা কেউ আটকে রাখতে পারে না; তুমি যা আটকে রাখো, কেউ তা দিতে পারে না; তোমার সিদ্ধান্ত কেউ বদলাতে পারে না; তোমার বিরুদ্ধে কোনও ভাগ্যবান ব্যক্তির ভাগ্য কোনও কাজে আসে না। (২)

[১০৫] আবদুল্লাহ ইবনুয যুবাইর থেকে বর্ণিত, ‘প্রত্যেক সালাতের শেষে সালাম ফেরানোর সময় তিনি বলতেন—
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِالله لَا إِلَهَ إِلَّا اللهُ وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ لَهُ النَّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ لَا إِله إِلَّا اللهُ مُخْلِصِينَ لَهُ الدّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ
আল্লাহ ছাড়া কোনও সার্বভৌম সত্তা নেই; তিনি একক; তাঁর (সার্বভৌম ক্ষমতায়) কোনও অংশীদার নেই; রাজত্ব তাঁর, প্রশংসাও তাঁর; তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনও শক্তি-সামর্থ্য নেই; আল্লাহ ছাড়া কোনও সার্বভৌম সত্তা নেই; আমরা কেবল তারই গোলামি করি; অনুগ্রহ ও দয়া সবকিছুর মালিক তিনিই; তিনিই সুন্দর প্রশংসার অধিকারী; আল্লাহ ছাড়া কোনও সার্বভৌম সত্তা নেই; আমরা একনিষ্ঠভাবে তাঁর সামনেই নত হই; আল্লাহদ্রোহীরা (তা) যতই অপছন্দ করুক না কেন।
ইবনুয যুবাইর বলেন, ‘নবি ﷺ প্রত্যেক সালাতের শেষে এসব দুআ পড়তেন।’ (৩)

[১০৬] আবূ হুরায়রা থেকে বর্ণিত, ‘নিঃস্ব মুহাজিরগণ আল্লাহর রাসূল ﷺ-এর কাছে এসে বলেন, “ধনীরা তো অনেক উচ্চ মর্যাদা ও স্থায়ী অনুগ্রহ নিয়ে গেল! তারা আমাদের মতো সালাত আদায় করে, আমাদের মতো সাওম পালন করে; আবার তাদের আছে সম্পদরূপী অনুগ্রহ-যা দিয়ে তারা হাজ্জ পালন করে, উমরা সম্পন্ন করে, জিহাদ করে ও দান-সদাকা করে!” এর পরিপ্রেক্ষিতে নবি ﷺ বলেন, “একটি বিষয় আছে যার মাধ্যমে তোমরা তোমাদের ছাড়িয়ে-যাওয়া লোকদের নাগাল পেয়ে যাবে, তোমরা পরবর্তী লোকদের থেকে এগিয়ে থাকবে, এবং কেউই তোমাদের চেয়ে উত্তম (বলে বিবেচিত) হবে না, তবে যারা তোমাদের মতো আমল করবে, তাদের কথা ভিন্ন। আমি কি তোমাদেরকে ওই বিষয়টি শেখাব না?” তারা বলেন, ‘অবশ্যই! হে আল্লাহর রাসূল!’ নবি ﷺ বলেন, “(তাহলে) তোমরা প্রত্যেক সালাতের পর তেত্রিশ বার বোলো-
سُبْحَانَ اللهِ
আল্লাহ পবিত্র;
وَالْحَمْدُ لِلَّهِ
সকল প্রশংসা আল্লাহর;
وَاللَّهُ أَكْبَرُ
আল্লাহ সর্বশ্রেষ্ঠ।”’ (৪)

[১০৭] আবূ হুরায়রা থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “যে-ব্যক্তি প্রত্যেক সালাতের পর তেত্রিশ বার سُبْحَانَ اللهِ (আল্লাহ পবিত্র), তেত্রিশ বার اَلْحَمْدُ لِلَّهِ (সকল প্রশংসা আল্লাহর), তেত্রিশ বার اَللهُ أَكْبَرُ (আল্লাহ সর্বশ্রেষ্ঠ), এবং এক শ’ পুরো করার সময় বলে-
لا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
আল্লাহ ছাড়া কোনও সার্বভৌম সত্তা নেই; তিনি একক; তাঁর (সার্বভৌম ক্ষমতায়) কোনও অংশীদার নেই; রাজত্ব তাঁর, প্রশংসাও তাঁর; তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
তার গোনাহগুলো মাফ করে দেওয়া হয়, তা সমুদ্রের ফেনার মতো (বিপুল পরিমাণ) হলেও!”’ (৫)

[১০৮] আবদুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, ‘নবি ﷺ বলেন, “আল্লাহর কোনও অনুগত বান্দা দু’টি কাজ নিয়মিত করলে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। কাজ দু’টি সহজ, কিন্তু কম লোকই তা করে।
(প্রথম কাজটি হলো,) প্রত্যেক সালাতের পর দশ বার سُبْحَانَ اللَّهِ (আল্লাহ পবিত্র), দশ বার اَلْحَمْدُ لِلَّهِ (সকল প্রশংসা আল্লাহর), এবং দশ বার اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সর্বশ্রেষ্ঠ) বলা। (পাঁচ ওয়াক্ত সালাতের পর বললে) এগুলো মুখে বলা হবে এক শ’ পঞ্চাশ বার, কিন্তু মীযানে (বা পরকালের পাল্লায়) তা দেড় হাজার বার হিসেবে গণ্য হবে।
(দ্বিতীয় কাজটি হলো,) ঘুমুতে যাওয়ার সময় চৌত্রিশ বার اَللَّهُ أَكْبَرُ (আল্লাহ সর্বশ্রেষ্ঠ), তেত্রিশ বার اَلْحَمْدُ لِلَّهِ (সকল প্রশংসা আল্লাহর), এবং তেত্রিশ বার سُبْحَانَ اللهِ (আল্লাহ পবিত্র) বলা। এভাবে মুখে বলা হবে এক শ’ বার, কিন্তু মীযানে তা এক হাজার বার হিসেবে গণ্য হবে।”
আমি আল্লাহর রাসূল ﷺ-কে দেখেছি, তিনি এগুলো হাতে গণনা করছেন। সাহাবিগণ জিজ্ঞাসা করেন, ‘হে আল্লাহর রাসূল! এটি কীভাবে সম্ভব—কাজ দু’টি সহজ, অথচ অল্প লোকই তা করে?’ নবি ﷺ বলেন, “তোমাদের কেউ ঘুমুতে গেলে, এগুলো বলার আগেই শয়তান এসে তাকে ঘুম পাড়িয়ে দেয়; আর সালাতের পর এগুলো বলার আগেই শয়তান এসে তার কোনও একটি প্রয়োজনের কথা মনে করিয়ে দেয়।”’ (৬)

[১০৯] উকবা ইবনু আমির থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ আমাকে প্রত্যেক সালাতের পর সূরা আল-ফালাক ও সূরা আন-নাস পড়ার নির্দেশ দিয়েছেন।’ (৭)

[১১০] আবূ উমামা থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ-কে জিজ্ঞাসা করা হলো, “কোন (সময়ে) দুআ অধিক কবুল হয়?” তিনি বলেন, “শেষ রাতে এবং প্রত্যেক ফরজ সালাতের পর।”’ (৮)

[১১১] মুআয ইবনু জাবাল থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ তার হাত ধরে বলেন, “মুআয! শপথ আল্লাহর! আমি তোমাকে অবশ্যই ভালোবাসি। তুমি কখনও প্রত্যেক সালাতের পর এ কথা বলা বাদ দেবে না—
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
হে আল্লাহ! আমাকে সাহায্য করো; যেন তোমাকে স্মরণ রাখতে পারি, তোমার শুকরিয়া আদায় করতে পারি এবং সুন্দরভাবে তোমার গোলামি করতে পারি। (৯)

টিকা:
(১) মুসলিম, ৫৯১।
(২) মুসলিম, ৫৯৩।
(৩) মুসলিম, ৫৯৪।
(৪) মুসলিম (শারহুন নববি), ৫৯৫।
(৫) মুসলিম, ৫৭৯১।
(৬) ইবনু হিব্বান, ২৩৪৩, সহীহ্।
(৭) আহমাদ, ৪/১৫৫, সহীহ্।
(৮) তিরমিযি, ৩৪৯৯, হাসান।
(৯) আবূ দাউদ, ১৫২২, সহীহ্।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 ইস্তিখারার দুআ

📄 ইস্তিখারার দুআ


[১১২] জাবির ইবনু আব্দিল্লাহ থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ আমাদেরকে প্রত্যেক বিষয়ে সেভাবে ইস্তিখারা শেখাতেন, যেভাবে তিনি কুরআনের সূরা শেখাতেন। তিনি বলেন, “তোমাদের কেউ কোনও কাজের ইচ্ছা করলে, সে যেন ফরজের বাইরে দু’ রাকআত সালাত আদায় করে বলে—
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ
হে আল্লাহ! আমি তোমার পরামর্শ চাই; কারণ, সবকিছুর জ্ঞান তোমার হাতে;
وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ
আমি তোমার শক্তির সহযোগিতা চাই;
وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ
তোমার মহান অনুগ্রহ চাই;
فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ
কারণ, তুমি ক্ষমতাবান, আমার কোনও ক্ষমতা নেই;
وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ
তুমি জানো, আমি জানি না;
وَأَنْتَ عَلّامُ الْغُيُوبِ
তুমি অদৃশ্য বিষয়াদির মহাজ্ঞানী!
اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ نِّي فِي دِيْنِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي وَعَاجِلِهِ وَآجِلِهِ
হে আল্লাহ! তোমার জ্ঞান অনুযায়ী যদি এ বিষয়টি আমার দ্বীন, জীবন, শেষ পরিণতি, বর্তমান ও ভবিষ্যতের জন্য কল্যাণজনক হয়ে থাকে,
فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي
তাহলে এটি আমার জন্য বরাদ্দ করে দাও; এটি আমার জন্য সহজ করে দাও;
ثُمَّ بَارِكْ لِي فِيهِ
তারপর এর মধ্যে আমার জন্য বরকত দাও!
وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي وَعَاجِلِهِ وَآجِلِهِ
আর যদি তোমার জ্ঞান অনুযায়ী এ বিষয়টি আমার দ্বীন, জীবন, শেষ পরিণতি, বর্তমান ও ভবিষ্যতের জন্য অকল্যাণজনক হয়ে থাকে,
فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ
তাহলে এটি আমার কাছ থেকে সরিয়ে নাও, আর আমাকেও এর কাছ থেকে দূরে সরিয়ে দাও;
وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ
আমার জন্য কল্যাণের বন্দোবস্ত করো, তা যেখানেই থাকুক না কেন;
ثُمَّ رَضِّنِي بِهِ
তারপর তাতেই আমাকে সন্তুষ্ট করে দাও! (১)

[১১৩] আনাস থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “আনাস! তুমি কোনও কাজের ইচ্ছা করলে, তোমার রবের কাছে সাত বার ইস্তিখারা কোরো, তারপর তোমার অন্তর যে দিকে ঝুঁকে পড়ে, ওই দিকে নজর দেবে, কারণ তার মধ্যে কল্যাণ আছে।”’ (২)

যে ব্যক্তি স্রষ্টার কাছে ইস্তিখারা ও সৃষ্টির সাথে পরামর্শ করে (কাজ করে), তাকে (পরে) আফসোস করতে হয় না। আল্লাহ তাআলা বলেছেন—

وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ

“সিদ্ধান্ত গ্রহণে তাদের সাথে পরামর্শ করো, তারপর যখন কোনও মতের ভিত্তিতে তোমরা স্থির-সংকল্প হবে, তখন আল্লাহর উপর ভরসা করো।” (সূরা আল ইমরান ৩:১৫৯)”

কাতাদা বলেন, ‘কোনও জনগোষ্ঠী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পরস্পরের সাথে পরামর্শ করলে, তাদেরকে অবশ্যই অধিক সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া হয়।’

টিকা:
(১) বুখারি, ৭৩৯০।
(২) ইবনুস সুন্নি, ৫৯২; একজন বর্ণনাকারী অপরিচিত।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 উদ্বেগ ও দুশ্চিন্তায়

📄 উদ্বেগ ও দুশ্চিন্তায়


[১১৪] ইবনু আব্বাস থেকে বর্ণিত, ‘উদ্বেগ ও দুশ্চিন্তার সময় আল্লাহর রাসূল ﷺ বলতেন—
لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ
আল্লাহ ছাড়া কোনও সার্বভৌম সত্তা নেই; তিনি মহান, ধৈর্যশীল।
لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
আল্লাহ ছাড়া কোনও সার্বভৌম সত্তা নেই; তিনি মহান আরশের অধিপতি;
لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ
আল্লাহ ছাড়া কোনও সার্বভৌম সত্তা নেই; তিনি আকাশসমূহের অধিপতি, পৃথিবীর অধিপতি।
وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
ও মহিমান্বিত আরশের অধিপতি। (১)

[১১৫] আনাস থেকে বর্ণিত, ‘নবি ﷺ-এর সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসলে তিনি বলতেন—
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْتُ
হে চিরঞ্জীব, চিরস্থায়ী! আমি তোমার করুণা ও অনুগ্রহ চাই। (২)

[১১৬] আবূ হুরায়রা থেকে বর্ণিত, ‘কোনও বিষয় নবি ﷺ-কে দুশ্চিন্তায় ফেলে দিলে, তিনি আকাশের দিকে মাথা তুলে বলতেন—
سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
মহান আল্লাহ পবিত্র!
আর যখন তিনি স্বাধীনভাবে দুআ করতেন, তখন বলতেন—
يَا حَيُّ يَا قَيُّومُ
হে চিরঞ্জীব, চিরস্থায়ী! (৩)

[১১৭] আবূ বাকরা থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দুআ হলো—
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
হে আল্লাহ! আমি তোমার করুণা চাই! এক মুহূর্তের জন্যও আমাকে আমার নিজের কাছে ছেড়ে দিয়ো না! আমার সবকিছু সংশোধন করে দাও! তুমিই একমাত্র ইলাহ-সার্বভৌম সত্তা! (৪)

[১১৮] আসমা বিন্তু উমাইস থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ আমাকে বলেন, “আমি কি তোমাকে এমন কিছু বাক্য শেখাব না, যা তুমি দুশ্চিন্তার সময় পড়বে? তা হলো—
اللهُ اللهُ رَبِّي لا أُشْرِكْ بِهِ شَيْئاً
আল্লাহ! আল্লাহ আমার রব! আমি তাঁর সাথে কোনও কিছুকে অংশীদার সাব্যস্ত করি না।
এক বর্ণনায় এসেছে, এগুলো সাত বার বলা হবে।”’ (৫)

[১১৯] সাদ ইবনু আবী ওয়াক্কাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ বলেন, “মাছের পেটের ভেতর থাকাবস্থায় ইউনুস দুআ করেছিলেন—
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
তুমি ছাড়া কোনও সার্বভৌম সত্তা নেই! তুমি পবিত্র! আমি তো জালিমদের একজন!
কোনও মুসলিম যে বিষয়েই এভাবে (আল্লাহকে) ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন।”’ অপর এক বর্ণনায় নবি ﷺ বলেন, “আমি তোমাকে এমন কিছু বাক্য শেখাব, যা কোনও বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে, আল্লাহ অবশ্যই তার বিপদ দূর করে দেবেন। আর তা হলো আমার ভাই ইউনুস (আ.)-এর দুআ।” (৬)

[১২০] আবদুল্লাহ ইবনু মাসউদ থেকে বর্ণিত, ‘নবি ﷺ বলেন, “কোনও বান্দা যদি কোনও দুশ্চিন্তা বা পেরেশানির মুখোমুখি হয়ে বলে—
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِي قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِّنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ الْعَظِيْمَ رَبِيعَ قَلْبِي وَنُورَ صَدْرِي وَجَلَاءَ حُزْنِي وَذَهَابَ هَمِّي
হে আল্লাহ! আমি তোমার দাস, তোমার এক দাসের ছেলে, এবং তোমার এক দাসীর ছেলে; আমি পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে; তোমার সিদ্ধান্তই আমার উপর কার্যকর হয়; আমার ব্যাপারে তুমি যে সিদ্ধান্ত দাও, তা ন্যায়সংগত। আমি তোমার প্রত্যেকটি নামের ওসীলা দিয়ে তোমার কাছে চাই, যে নামে তুমি নিজেকে নামকরণ করেছ, অথবা যে নাম তুমি তোমার কিতাবে নাযিল করেছ, কিংবা যে নাম তুমি তোমার সৃষ্টির কাউকে শিখিয়েছ, অথবা তোমার অদৃশ্য-জ্ঞানে যে নাম তুমি নিজের জন্য গ্রহণ করেছ, (ওই নামের ওসীলায়) তুমি মহান কুরআনকে আমার অন্তরের বসন্তকাল বানিয়ে দাও! (কুরআনকে) আমার চোখের আলো বানিয়ে দাও! (কুরআনের বদৌলতে) আমার দুশ্চিন্তাকে নির্বাসনে পাঠিয়ে দাও এবং আমার পেরেশানি দূর করে দাও!
আল্লাহ অবশ্যই তার দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে তা আনন্দ দিয়ে বদলে দেবেন।”’ (৭)

টিকা:
(১) বুখারি, ৬৩৪৫, ৬৩৪৬।
(২) ইবনুস সুন্নি, ৩৩২, এ বর্ণনাসূত্রটি দুর্বল হলেও, অনুরূপ অর্থসম্বলিত একটি হাদীস বিশুদ্ধ সনদে ইমাম হাকিম তার আল-মুস্তাদ্রাক গ্রন্থে (হায়দারাবাদ সংস্করণ, ১/৫০৯) বর্ণনা করেছেন।
(৩) তিরমিযি, ৩৪৩৬, গরীব।
(৪) আবূ দাউদ, ৫০৯০, হাসান।
(৫) আবূ দাউদ, ১৫২৫, সহীহ্।
(৬) ইবনুস সুন্নি, ৩৩৮।
(৭) আহমাদ, ৩৭১২, সহীহ্।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00