📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন 📄 ঘুম থেকে উঠে আরও বলুন

📄 ঘুম থেকে উঠে আরও বলুন


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন 📄 ঘর থেকে বের হওয়ার সময় বলুন

📄 ঘর থেকে বের হওয়ার সময় বলুন


[৫৫] আনাস থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “যে ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলে—
بِسْمِ اللهِ
আল্লাহর নামে (বের হলাম)।
تَوَكَّلْتُ عَلَى اللهِ
আমি আল্লাহর উপর ভরসা করছি।
وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ تَعَالَى
আল্লাহ তায়ালা ছাড়া কোনো শক্তি-সামর্থ্য নেই।
তখন তাকে বলা হয়, ‘আল্লাহ তোমার জন্য যথেষ্ট এবং তোমাকে সুরক্ষা ও সঠিক পথের দিশা দেওয়া হলো!’ এ কথা শুনে শয়তান তার কাছ থেকে সরে গিয়ে আরেক শয়তানকে বলে, ‘এমন ব্যক্তির ক্ষেত্রে তোমার আর কী-ই বা করার আছে, যাকে সুরক্ষা ও সঠিক পথের দিশা দেওয়া হয়েছে এবং আল্লাহ যার জন্য যথেষ্ট!’”’ (১)
[৫৬] উম্মু সালামা থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ যখনই আমার ঘর থেকে বের হতেন, তখনই তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন—
اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَى
হে আল্লাহ! তোমার কাছে আশ্রয় চাই:
আমি নিজে যেন হারিয়ে না যাই, কিংবা অন্যরা যেন আমাকে না হারায়;
আমি যেন ভুল না করি কিংবা অন্য কারও ভুলের শিকার না হই;
আমি যেন জুলুম না করি কিংবা অন্য কারও জুলুমের শিকার না হই;
আমি যেন ভুলে না যাই, কিংবা অন্য কেউ যেন আমার উপর ভুল না করে। (২)

টিকা:
(১) ইবনু হিব্বান, সহীহ, ২৩৭৫।
(২) আবূ দাউদ, তিরমিযি, নাসাঈ, ইবনু মাজাহ; আস-সহীহাহ্, ৩১৯৩।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন 📄 ঘরে প্রবেশের সময়

📄 ঘরে প্রবেশের সময়


[৫৭] জাবির ইবনু আব্দিল্লাহ থেকে বর্ণিত, ‘আমি আল্লাহর রাসূল ﷺ-কে বলতে শুনেছি, “কোনও ব্যক্তি যখন তার ঘরে ঢুকে এবং প্রবেশ ও খাওয়ার সময় আল্লাহ তা'আলার যিক্র করে, তখন শয়তান (তার সহযোগীদের) বলে, ‘(এই ঘরে) না আছে তোমাদের কোনও থাকার জায়গা, আর না আছে তোমাদের রাতের খাবারের কোনও বন্দোবস্ত!’ আর যদি কোনও লোক ঘরে ঢুকে এবং প্রবেশের সময় আল্লাহ তা'আলার যিক্র না করে, তখন শয়তান (তার সহযোগীদের) বলে, ‘তোমরা তোমাদের থাকার জায়গা পেয়ে গিয়েছ!’ আর সে যদি খাওয়ার সময় আল্লাহ তা'আলার যিক্র না করে, তখন শয়তান (তার সহযোগীদের) বলে, ‘(এই ঘরে) তোমরা তোমাদের থাকার জায়গা ও রাতের খাবার পেয়ে গিয়েছ!’”’ (১)
[৫৮] আবূ মালিক আশআরি থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ বলেন, “কোনও ব্যক্তি যখন তার ঘরে ঢুকে, তখন সে যেন বলে—
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ
হে আল্লাহ! আমি তোমার কাছে (ঘরে) প্রবেশের কল্যাণ ও (ঘর থেকে) বের হওয়ার কল্যাণ চাই।
بِسْمِ اللَّهِ وَلَجْنَا
আল্লাহর নামে আমরা (ঘরে) ঢুকি,
بِسْمِ اللَّهِ خَرَجْنَا
আল্লাহর নামে (ঘর থেকে) বের হই,
وَعَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا
আর আমাদের রব আল্লাহর উপর ভরসা রাখি।

এরপর সে যেন তার ঘরের লোকদের সালাম দেয়।”’ (২)
[৫৯] আনাস থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “প্রিয় ছেলে! ঘরের লোকদের কাছে গেলে, (তাদের) সালাম দিয়ো; তা হবে তোমার ও তোমার ঘরের লোকদের জন্য কল্যাণজনক।”’ (৩)

টিকা:
(১) মুসলিম, ২০৬৮।
(২) আবূ দাউদ, ৫০৯৬, সহীহ্।
(৩) তিরমিযি, ২৬৯৯, সহীহ্।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন 📄 মাসজিদে প্রবেশ ও মাসজিদ থেকে বের হওয়ার সময়

📄 মাসজিদে প্রবেশ ও মাসজিদ থেকে বের হওয়ার সময়


[৬০] আনাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ মাসজিদে প্রবেশের সময় বলতেন—
بِسْمِ اللهِ
আল্লাহর নামে (প্রবেশ করছি)।
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ
হে আল্লাহ! মুহাম্মাদ (ﷺ)-এর উপর করুণা বর্ষণ করো!
আর বের হওয়ার সময়(ও) বলতেন—
بِسْمِ اللهِ
আল্লাহর নামে (প্রবেশ করছি)।
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ
হে আল্লাহ! মুহাম্মাদ (ﷺ)-এর উপর করুণা বর্ষণ করো! (১)

[৬১] আবূ হুমাইদ ও আবূ উসাইদ থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “তোমাদের কেউ যখন মাসজিদে প্রবেশ করে, তখন সে যেন নবি ﷺ-এর উপর সালাম পেশ করে এবং বলে—
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
হে আল্লাহ! আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও!
আর বের হওয়ার সময় যেন বলে—
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
হে আল্লাহ! আমি তোমার কাছে তোমার করুণা চাই।”’ (২)

[৬২] আবদুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, ‘নবি ﷺ মাসজিদে প্রবেশ করার সময় বলতেন,
أَعُوْذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَبِسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ
‘আমি অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহ, তাঁর মহানুভব সত্তা ও তাঁর চিরায়ত নিরঙ্কুশ ক্ষমতার কাছে আশ্রয় চাই।’
তিনি বলেন, “(বান্দা) এ কথা বললে, শয়তান বলে উঠে—সে তো সারা দিনের জন্য আমার কাছ থেকে নিরাপদ হয়ে গেল!”’ (৩)

টিকা:
(১) ইবনুস সুন্নি, ৮৬।
(২) মুসলিম, ৭১৩; আবু দাউদ, ৪৬৫; নাসাঈ, ৩/৫৩।
(৩) আবূ দাউদ, ৪৮৫, হাসান।

ফন্ট সাইজ
15px
17px