📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 অনুবাদকের কথা

📄 অনুবাদকের কথা


সকল প্রশংসা আল্লাহর। শান্তি ও করুণা বর্ষিত হোক তাঁর রাসূল মুহাম্মাদ ﷺ-এর উপর।

দুআ বা আল্লাহর কাছে চাওয়া হলো ইবাদাত বা আল্লাহর দাসত্বের অংশ। আর এই দাসত্বের অনীহার পরিণতি জাহান্নাম। দুআ মুমিন জীবনে আল্লাহ তাআলার অনুপম উপহার। তিনি ওয়াদা দিয়েছেন—আমরা তাঁকে ডাকলে, তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। (দ্রষ্টব্য: সূরা আল-মু'মিন ৪০:৬০)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কথা, কাজ ও সম্মতি দিয়ে আমাদের জন্য যা কিছু রেখে গিয়েছেন, ইসলামি পরিভাষায় তাই ‘সুন্নাহ’ নামে পরিচিত। তিনি আমাদের জীবনাচারের প্রতিটি অংশে শিখিয়ে গিয়েছেন কী করণীয়। এমনকি শিখিয়েছেন কীভাবে দুআ করতে হয়, কীভাবে চাইতে হয়। তাঁর শেখানো পদ্ধতিতে কোনো কিছু চাওয়াটাও একটি ইবাদাত।

আল্লাহর স্মরণে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হলো ইমাম ইবনু তাইমিয়্যার ‘আল-কালিমুত ত্বইয়িব’। আরবিতে ‘কালিম’ মানে ‘কথা’, আর ‘ত্বইয়িব’ অর্থ ‘উত্তম’। অতএব, ‘আল-কালিমুত ত্বইয়িব’ মানে ‘উত্তম কথা বা উক্তি’। ইমাম ইবনু তাইমিয়্যা তাঁর এই গ্রন্থে রাসূলের ﷺ বলা সেই উত্তম কথা তথা দুআগুলো সংকলন করেছেন। তিনি বিশুদ্ধতার বিচারে হাদীসগুলোকে সাজিয়েছেন। এ কাজটি তিনি করেছেন তাঁর শাইখ ও ইমাম ইবনু তাইমিয়্যার ছাত্র হাফিয ইবনুল কাইয়িম আল-জাওযিয়্যার বিশ্ববিখ্যাত গ্রন্থ ‘আল-ওয়াবিলুস সাইয়িব মিনাল কালিমিত ত্বইয়িব’ থেকে সাহায্য নিয়ে।

এই বইয়ের পাঠক বইটি থেকে উপকৃত হওয়ার পাশাপাশি ইমাম ইবনু তাইমিয়্যা এবং তাঁর ছাত্র হাফিয ইবনুল কাইয়িম আল-জাওযিয়্যার প্রতি কৃতজ্ঞতায় সিক্ত হবেন।

বাংলাভাষী পাঠকদের জন্য আমরা এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি অনুবাদ করেছি। এখানে প্রতিটি হাদিসের সঙ্গে তার মান উল্লেখ করা হয়েছে। আমরা আশা করি, গ্রন্থটি পাঠকের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, ইনশাআল্লাহ।

এই বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুতের সময়ে যারা নানাভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দিন। বইটিকে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমীন।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 লেখক পরিচিতি

📄 লেখক পরিচিতি


তাক্বীউদ্দীন আবুল আব্বাস আহমাদ ইবনু আবদুল হালীম ইবনু আবদুস সালাম ইবনু আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু তাইমিয়্যা। জন্ম: ১০ই রবিউল আউয়াল, ৬৬১ হিজরী মোতাবিক ২২ জানুয়ারি ১২৬৩ ঈসায়ী, তুরস্কের হাররান নামক স্থানে।

তিনি ছিলেন হাম্বালি মাযহাবের একজন আলেম ও মুজতাহিদ। তৎকালীন শ্রেষ্ঠ আলেমদের অধীনে তিনি হাদিস, ফিক্হ, তাফসীর ও ভাষাতত্ত্বের উপর পড়াশোনা করেন। তাঁর স্মৃতিশক্তি ছিল প্রখর। হাদিসের সনদ ও মতনের উপর তাঁর জ্ঞান ছিল অগাধ। তিনি ছিলেন একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ফক্বিহ এবং যুগসংস্কারক।

তাঁর উল্লেখযোগ্য ছাত্ররা হলেন: ইবনুল কায়্যিম আল জাওযিয়্যা, ইমাম আয-যাহাবী, ইবনু কাসির, মুহাম্মাদ ইবনুল হাদী, ইবনু কাত্তান এবং ইবনু আবদিল হাদী।

তিনি পাঁচশোরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো—মাজমূউ ফাতাওয়া (৩৭ খণ্ড), আর-রিসালাতুল হা-মাওয়িয়্যাতুল কুবরা, আর-রিসালাতুত তাদমুরিয়্যা, আল-আকীদাতুল ওয়াসিত্বিয়্যাহ, মিনহাজুস সুন্নাহ আন-নববিয়্যাহ, আল-জাওয়াবুস সহীহ লিমান বাদ্দালা দ্বীনাল মাসীহ, দারউ তাআরুযিল আক্বলি ওয়ান নাক্বলি, আস-সারিমুল মাসলুল 'আলা শাতিমির রাসূল, ইকতিদাউস সিরাতিল মুস্তাক্বীম মুখালিফাতা আসহাবিল জাহিম, আর-রদ্দু আলাল মানতিকিয়্যিন, আল-ইহতিজাজু বিল ক্বদর, আল-ওয়াসিয়্যাতুল কুবরা, আল-ইস্তিগাসা এবং মুখতাসারুল ফাতাওয়া আল-মিসরিয়্যাহ।

বিভিন্ন কারণে তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়। তিনি কারাবন্দি থাকা অবস্থাতেই দামেস্কের এক কেল্লার অভ্যন্তরে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। দিনটি ছিল যুলকা'দা মাসের ২০ তারিখ, ৭২৮ হিজরী সাল।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 বহুলব্যবহৃত চিহ্ন

📄 বহুলব্যবহৃত চিহ্ন


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 ভূমিকা

📄 ভূমিকা


সকল প্রশংসা আল্লাহর, আর প্রশংসা জ্ঞাপনই (তাঁর মহত্ত্ব প্রকাশের জন্য) যথেষ্ট। শান্তি বর্ষিত হোক তাঁর সেসব বান্দার উপর, যাদের তিনি বাছাই করে নিয়েছেন।

আমি সাক্ষ্য দিচ্ছি—আল্লাহ ছাড়া কোনও ইলাহ বা সার্বভৌম সত্তা নেই, তিনি একক, তাঁর (সার্বভৌম ক্ষমতায়) কোনও অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি—মুহাম্মাদ তাঁর দাস ও রাসূল।

আল্লাহ তাআলা বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ

"হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সংশোধন করে দেবেন এবং তোমাদের অপরাধ মাফ করে দেবেন।" (সূরা আল-আহ্যাব ৩৩:৭০-৭১)

إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ

"তাঁর কাছে শুধু পবিত্র কথাই উঠে, আর সৎকাজ তাকে উপরে ওঠায়।" (সূরা ফাতির ৩৫:১০)

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ

"কাজেই তোমরা আমাকে স্মরণ রাখ, আমিও তোমাদের স্মরণ রাখব, আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার অকৃতজ্ঞ হয়ো না।" (সূরা আল-বাকারাহ ২:১৫২)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا

"হে ঈমানদারগণ! আল্লাহকে বেশি করে স্মরণ করো।" (সূরা আল-আহযাব ৩৩:৪১)

وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

"আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ ও নারী; আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন।" (সূরা আল-আহযাব ৩৩:৩৫)

الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ

"(আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং দিন-রাতের পরিবর্তনের মধ্যে অসংখ্য নিদর্শন আছে বুদ্ধিমানদের জন্য) যারা উঠতে, বসতে ও শয়নে—সবসময় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনা করে।" (সূরা আল ইমরান ৩:১৯১)

إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

"যখন কোনও দলের সাথে তোমাদের মোকাবিলা হয়, তখন দৃঢ়পদ থেকো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কোরো; আশা করা যায়, এতে তোমরা সফল হবে।" (সূরা আল-আনফাল ৮:৪৫)

فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا

"এরপর যখন তোমরা নিজেদের হাজ্জের অনুষ্ঠানাদি সম্পন্ন করবে, তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে, যেভাবে তোমাদের বাপ-দাদাদের স্মরণ করতে, বরং তার চেয়ে অনেক বেশি করে (আল্লাহকে) স্মরণ করবে।" (সূরা আল-বাকারাহ ২:২০০)

لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ

"ঈমানদারগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। যারা এরূপ করবে, তারাই ক্ষতিগ্রস্ত হতে থাকবে।" (সূরা আল-মুনাফিকূন ৬৩:৯)

رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعُ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

"যারা ব্যবসায় ও বেচাকেনার ব্যস্ততার মধ্যেও আল্লাহর স্মরণ, সালাত কায়েম ও যাকাত আদায় করা থেকে গাফিল হয়ে যায় না, তারা সেদিনকে ভয় করতে থাকে, যেদিন হৃদয় বিপর্যস্ত ও দৃষ্টি পাথর হয়ে যাবার উপক্রম হবে।" (সূরা আন-নূর ২৪:৩৭)

وَاذْكُر رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ

"তোমার রবকে স্মরণ করো; সকাল-সন্ধ্যায়, মনে মনে, কান্নাজড়িত স্বরে, ভীত-বিহ্বল চিত্তে এবং অনুচ্চ কণ্ঠে। তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা গাফিলতির মধ্যে ডুবে আছে।" (সূরা আল-আ'রাফ ৭:২০৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00