📄 একদিন ঠিক বেচে দেব
দিনগুলো বড্ড বদলে গেছে আসমানের রঙের মতো মোবাইলের ইনকামিং কলগুলোও। খেয়াল করে দেখলাম পেশাগত কারণ, নয়তো নিজের প্রয়োজন এছাড়াও কেউ আর খবর নেয় না। অথচ এই কয়দিন আগেও আমাদের আলোচনাজুড়ে থাকত জান্নাত, আখিরাত, দ্বীন আল্লাহর পথে যাত্রা, কিংবা বিপ্লবের শিহরণ!
সেই অনেক দিন হয়ে গেল কাউকে দেখে জান্নাতের কথা মনে পড়ে না। কারো সাথে কিছু সময় কাটিয়ে খুউউব ভালো হয়ে যাওয়ার ইচ্ছেটা হয়না অনেকদিন। টাকা, ব্যবসা, সামাজিকতা, স্ট্যাটাস আমাদের আত্মাগুলো চুষে খেয়ে নিয়েছে মুখের সেই নিষ্পাপ অভিব্যক্তিগুলো পর্যন্ত বিবর্ণ, ফ্যাঁকাসে খুব...
আমার তো ইচ্ছে হয় ঝুম বৃষ্টিতে সবার সাথে ফুটবল খেলি বাসার বেলকনিতে চায়ের আড্ডাটা আবারও হোক খোলা মাঠে শুয়ে তারা গুণি মোড়ের ঐ টং দোকানে আসরের পর এক কাপ চা! আমার আম্মা বলে, আমাকে ঢাকা নিয়ে যাবি কবে? আমি মুচকি হেসে বলি, সেখানে মানুষ থাকে না মা! আমি বরং তোমাকে নিয়ে একদিন সবুজ ঘাসে হাঁটব মা আমার অবাক হয়ে তাকায়...
একদিন আমি ঠিক দেখিয়ে দেব সুটেড বুটেড সাহেব বাবু না হয়েও দিব্যি বেঁচে থাকা যায় একদিন আমি ঠিক দেখিয়ে দেব বকরির দুধ আর খেজুরের ঐ জীবনটাতেই সুখ। যে জীবন তোমাদের সুন্দর হৃদয়গুলো বিবর্ণ করে ছেড়েছে সেই জীবনটা... পুকুর ঘাটে পা ভিজিয়ে বসে নীল আকাশ দেখার স্বাধীনতার কাছে একদিন ঠিক বেচে দেব...
মূল লেখা: আদিল উমর
কবিতা: সাজিদ ইসলাম
📄 আহারে আহারে...
একটা মায়ার বাঁধনে আটকা পড়েছিলাম একদা দুনিয়া নামের লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে একগাদা মানুষের ভিড়ে ব্যস্ততা, দায়িত্ব আর সামাজিকতার পোশাকে। বিদায় বেলায় কেঁদেছিলে প্রিয়, তুমি, তোমরা, অনেকেই কিন্তু যেই না ছোট্ট মাটির কুটিরে ঢুকে গেলাম তোমাদের জীবনগুলো তো থেমে থাকেনি থেকেছে কি?
আমার প্লেটে এখনো কেউ চেটেপুটে ভাত খেয়ে উঠে চায়ের কাপটাতে রোজ চুমুক দেয় কেউ না কেউ আমার ঐ আরামের তোশকে পিঠ রেখে ঘুমোয় অন্যরা ক্লাসের ঐ পেছনের বেঞ্চটা তো ফাঁকা নেই। প্রিয়তমার আঙুলে ঠিকই আংটি পরিয়েছে অন্য কেউ। আমি তিলে তিলে গড়া জীবনটা দিয়ে এলাম কত আশা, মায়া আর দরদ খরচ করেছি, অকারে, অপাত্রে। ভুল করেছি। আজ অন্ধকার ঘরের জন্য যদি একটা মোমবাতি খরিদ করে রাখতাম। যদি এই সাড়ে তিন হাত মাটির ঘরে একটা জানালার বন্দোবস্ত করে যেতে পারতাম, যদি কিছু মায়া, দয়া, ভালোবাসা এমন পাত্রে রেখে যেতাম যারা আমার এই দম বন্ধ হয়ে আসা ঘরে কিছু সামান পাঠাত। আমার হয়ে রবের বিচারালয়ে ওকালতি করত। জান্নাতে যাওয়ার আগে আমার আস্তিন ধরে রাখত সজোরে। আহারে আহারে আহারে...
সাজিদ ইসলাম
৩ মার্চ, ২০১৯
গতকাল এই পৃথিবীতে অসংখ্য মানুষ মারা গেছে। পৃথিবীর কোনো কিছুই থেমে থাকেনি। কারো জীবন এতে থমকে যায়নি। একদিন আপনিও মারা যাবেন, পৃথিবীর কিচ্ছু আসে যাবে না। আপনার সবচেয়ে প্রিয় মানুষটাও, কষ্ট পাবে হয়তো, কিন্তু ঠিকই জীবনটা গুছিয়ে নেবে, এগিয়ে যাবে। অথচ এই পৃথিবী ঘিরে আমাদের কত স্বপ্ন, কত পরিকল্পনা আর পাওয়া না পাওয়ার হিসেব! একদিন মৃত্যু এসে মনে করিয়ে দেবে এই পৃথিবী আসলে আমাদের নয়। আমাদের গন্তব্যস্থল আর চূড়ান্ত আবাস অন্য কোথাও। দিনশেষে শুধু পৃথিবীতে থেকে যাবে আমাদের ফেলে যাওয়া কিছু কর্ম, হঠাৎ হঠাৎ প্রিয়জনদের মজলিসে দু'লাইন আবেগঘন স্মৃতিচারণ, কিংবা কবরের পাশে একটি ধুলোমাখা 'এপিটাফ'।