📄 উব্বাযা ট্রাজেডি
আল্লামা হিময়ারী ‘আররাওয়াদুল মি’তার’ গ্রন্থে লিখেছেন, উব্বাযা (উকবাবা) আন্দালুসের একটি শহর। একটি বড় নদীর তীরে গড়ে ওঠা উব্বাযা নগরী বাইয়্যাসা থেকে সাত মাইল দূরে অবস্থিত ছোট একটি জনপদ। শহরটিতে গম, যবসহ প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হতো। ৬২৩ হিজরীতে ইকাব যুদ্ধের পর খ্রিস্টান বাহিনী এই শহরে আক্রমণ চালায়। উব্বাযাবাসী বাইয়্যাসাবাসীর মতো শহর ছেড়ে পালালো না। তারা খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অবশেষে খ্রিস্টান বাহিনী শক্তি প্রয়োগ করে সেখানে প্রবেশ করতে সক্ষম হয়। বহু মুসলিম নাগরিক শহীদ হয়, বন্দী হয় অনেকে।
মাররাকুশী রহ. ‘আলমু‘জিব’ গ্রন্থে লিখেছেন, আলফনসো খ্রিস্টান বাহিনী নিয়ে উব্বাযায় অবতরণ করলেন। উব্বাযায় তখন নগরীর অধিবাসীগণ ছাড়াও ইকাব প্রান্তরের পরাজিত মুসলিম বাহিনীর একটি অংশ ও পার্শ্ববর্তী বাইয়্যাসা নগরীর অধিবাসীগণ অবস্থান করছিল। একটানা তেত্রিশ দিনের প্রতিরোধের পর মুসলমানদের প্রতিরোধশক্তি ভেঙে পড়ল এবং খ্রিস্টান বাহিনী জোরপূর্বক শহরে প্রবেশ করল। শুরু হলো গণহত্যা, বন্দীকরণ ও লুণ্ঠন। স্বয়ং আলফনসো ও তার সৈন্যরা মিলে বন্দীদের মধ্য থেকে নারী ও শিশুদেরকে দাস-দাসী হিসেবে রোমে পাঠানোর উদ্দেশ্যে পৃথক করতে লাগল। এটি ছিল মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন আঘাত।
টিকাঃ
২৬০. হিময়ারী, আররাওয়াদুল মি’তার, পৃ: ৩৩১।
২৬১. আবদুন ওয়াহিদ মাররাকুশি, আলমু’জিব, পৃ: ৪০২।