📘 আন্দালুসের ইতিহাস 📄 বস্তুগত বিজয়

📄 বস্তুগত বিজয়


যদিও এ যুদ্ধে প্রচুর পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ অর্জিত হয়েছিল; কিন্তু তা ছিল আর্থিক প্রাপ্তির বিচারে অর্জিত বিজয়ের প্রভাবসমূহের মধ্য থেকে সবচে' সাধারণ প্রভাব। মুসলিম বাহিনী এ যুদ্ধে অর্জিত সম্পদরাজি গণীমত হিসেবে লাভ করেছিল। 'নাফহতুত তীব'-এর বর্ণনা অনুযায়ী ঘোড়ার সংখ্যা ছিল আশি হাজার, খচ্চরের সংখ্যা এক লক্ষ আর উট তেষট্টি হাজার। আলমানসুর এই প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী বণ্টন করেন। চার-পঞ্চমাংশ তিনি মুসলিম বাহিনীর মাঝে বণ্টন করে দেন আর বাকি এক-পঞ্চমাংশ আরিক যুদ্ধের স্মৃতিকে চির অম্লান করে রাখতে ব্যয় করেন সেভিল মসজিদ নির্মাণে। তিনি এই মসজিদের জন্য একটি সুউচ্চ মিনারও নির্মাণ করেন। এটি ছিল তৎকালীন আন্দালুসের অন্যতম উঁচু ও বড় মিনার। কিন্তু আশ্চর্যের বিষয়, পরবর্তীতে যখন খ্রিস্টানদের হাতে সেভিলের পতন ঘটে, ইসলামী বিজয়ের প্রতীক এই মিনারটিকে তারা ঘণ্টা বাজানোর টাওয়ারে পরিণত করে আর সেভিল মসজিদকে পরিণত করা হয় খ্রিস্টানদের গির্জায়। সেভিলে সেই গির্জা আজও আছে, আছে আরিক প্রান্তরের গৌরবময় বিজয়ের স্মৃতিচিহ্ন সেভিলের ঐতিহাসিক মিনার!

টিকাঃ
২৯৫. মাক্কারী, নাফহতুত তীব, ১/৪৫০।
২৯৬. ইবনে আবি যারা', রাওজুল কিরাতাস, পৃ : ২২১।

📘 আন্দালুসের ইতিহাস 📄 মনস্তাত্ত্বিক বিজয়

📄 মনস্তাত্ত্বিক বিজয়


আরিক প্রান্তরের বিজয়ের অন্যতম প্রভাব এও ছিল যে, এর ফলে এক মানসিক ও মনস্তাত্ত্বিক বিজয়ের অনুভূতিতে প্রাচ্য ও প্রতীচ্যের সকল মুসলমানের অন্তর ছেয়ে গিয়েছিল। মুওয়াহহিদী সাম্রাজ্যের সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আন্দালুসিয়াবাসীর মনোবল বহু গুণে বৃদ্ধি পেয়েছিল এবং খ্রিস্টানদের শক্তি তাদের সামনে তুচ্ছ প্রতিপন্ন হয়েছিল। এ যুদ্ধে বিজয়ের ফলে সারা বিশ্বের মুসলমানদের মনোবলও বৃদ্ধি পেয়েছিল। তারা ক্রীতদাস মুক্ত করে, দান-সদকা করে বিজয়ের আনন্দ উদযাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। এই বিজয়কে কেন্দ্র করেই ইসলামী দেশসমূহে নতুন করে জোয়ার সৃষ্টি হয়েছিল। মুসলমানগণ বেশ কয়েকটি দুর্গ জয় করতে সক্ষম হয়েছিল এবং টলেডোও অবরোধ করেছিল। তবে পূর্বেও যেমন উল্লেখ করেছি, টলেডো ছিল আন্দালুসের দুর্ভেদ্য নগরীগুলোর অন্যতম। এ কারণেই মুসলমানগণ পুনরায় টলেডো বিজয় করতে সক্ষম হয়নি।

টিকাঃ
২৯৭. দেখুন : আবুল ওয়ালীদ আলমারাকুশী, আলমুজিব, পৃ : ৩৬০।

📘 আন্দালুসের ইতিহাস 📄 খৃস্টান রাষ্ট্রগুলোর পারস্পরিক সংঘাত

📄 খৃস্টান রাষ্ট্রগুলোর পারস্পরিক সংঘাত


আরিক প্রান্তরের যুদ্ধে পরাজয়কে কেন্দ্র করেই খ্রিস্টান রাষ্ট্রগুলো পরস্পর সংঘাতে জড়িয়ে পড়ে। ক্যাস্টোলা-শাসক অষ্টম আলফোনসো এ পরাজয়ের দায়ভার সম্পূর্ণই লিওন ও নাভার রাষ্ট্রের ওপর চাপিয়ে দেন এবং উভয় রাষ্ট্রের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ যুদ্ধের পরাজয় আন্দালুসিয়ার খ্রিস্টানদেরকে মানসিকভাবেও হীনবল করে তোলে এবং এরই ফলশ্রুতিতে খ্রিস্টান রাষ্ট্রগুলোর বিভিন্ন প্রতিনিধিদল আলমানসুর মুওয়াহহিদীর দরবারে উপস্থিত হয়ে আনুগত্য ও সন্ধিচুক্তির আবেদন করতে থাকে।

টিকাঃ
২৯৮. নোসেক আলদা, তারিখুল আন্দালুস ফী আহদিল মুওয়াহহিদীন ওয়াল মুওয়াহহিদীন, ২/৬৮।

📘 আন্দালুসের ইতিহাস 📄 ক্যাস্টেলা ও মুসলমানদের মধ্যে নতুন চুক্তি

📄 ক্যাস্টেলা ও মুসলমানদের মধ্যে নতুন চুক্তি


আরিক যুদ্ধের পরাজয়ের পর খ্রিস্টানদের ওপর মুসলমানদের পূর্ণ প্রভাব প্রতিষ্ঠিত হয়। এরপর ক্যাস্টোলা ও মুসলমানদের মধ্যে নতুন করে দশ বছর মেয়াদী শান্তি ও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আলমানসুর এ সময় মুওয়াহহিদী সাম্রাজ্যের সীমানা উত্তর আন্দালুস পর্যন্ত বিস্তৃত করেন। এই চুক্তির ফলে কয়েক বছর আন্দালুসে কোনো বড় যুদ্ধ সংঘটিত হয়নি এবং এর মাধ্যমে মুসলমানগণ একটি শান্তিপূর্ণ পরিবেশ লাভ করেন।

ফন্ট সাইজ
15px
17px