📘 আন্দালুসের ইতিহাস 📄 বুহাইরা বা উদ্যানের যুদ্ধ

📄 বুহাইরা বা উদ্যানের যুদ্ধ


৫২৪ হিজরীতে (১১২৯ খৃস্টাব্দে) বুহাইরা যুদ্ধ সংঘটিত হয়। এতে মুরাবিতী বাহিনী মুওয়াহহিদী বাহিনীকে পরাজিত করে এবং মুওয়াহহিদী বাহিনীর চল্লিশ হাজার সৈন্য নিহত হয়। এ যুদ্ধ ‘শুদ্ধি অভিযান’-এর পূর্বে সংঘটিত হয়েছিল। এ যুদ্ধে পরাজয়ের পর যারা তাঁর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, তাদের সবাইকে তিনি তাঁদেরই আত্মীয়স্বজনের হাতে হত্যা করিয়েছিলেন।

ইবনুল আছীর রহ. লিখেছেন, মাহদী অর্থাৎ ইবনে তুমারত চল্লিশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করলেন। এদের অধিকাংশই ছিল পদাতিক। তিনি ওয়ানাশরীমীকে সেনাপতি নিযুক্ত করলেন এবং আবদুল মুমিনকেও বাহিনীর দায়িত্ব দিলেন। মুওয়াহহিদী বাহিনী মারাকেশে পৌঁছলে নগরী অবরোধ করল। আমীরুল মুসলিমীন আলী বিন ইউসুফ ইবনে তুমারতের দাওয়াতকে গ্রহণ করতে অস্বীকার করলেন। মুওয়াহহিদী বাহিনী মারাকেশের নিকটবর্তী বুহাইরা নামক স্থানে সমবেত হলো। আলী বিন ইউসুফের পুত্র মুবায়্যেনের নেতৃত্বে বিশাল মুরাবিতী বাহিনী তাঁদের মোকাবেলা করতে উপস্থিত হলো। উভয় বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হলো এবং যুদ্ধে মুওয়াহহিদী বাহিনী পরাজিত হলো। মুওয়াহহিদী পক্ষের হাজার হাজার যোদ্ধা নিহত হলো। আবদুল মুমিন তাঁর কিছু সঙ্গীকে নিয়ে পালাতে সক্ষম হলেন। যুদ্ধে পরাজয়ের সংবাদ ইবনে তুমারতের কাছে পৌঁছলে প্রথমেই তিনি জিজ্ঞেস করলেন, 'আবদুল মুমিন কি বাঁচতে পেরেছে?' সংবাদদাতারা জানাল, 'হ্যাঁ, তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।' তখন মুহাম্মাদ বিন তুমারত বললেন, 'তাহলে কিছুই খোয়া যায়নি।'

টিকাঃ
২৯০. ইবনুল আছীর, আল-কামিল ফিত তারিখ, ৯/২০০।
১০১. আবদুল ওয়াহিদ মাররাকুশী, আলমু'জিব, পৃ: ২৬০-২৬১।

📘 আন্দালুসের ইতিহাস 📄 ইবনে তূমারতের অসিয়ত ও আবদুল মুমিনের বাইআত

📄 ইবনে তূমারতের অসিয়ত ও আবদুল মুমিনের বাইআত


মাররাকুশী 'আলমু'জিব' গ্রন্থে এক আশ্চর্য ঘটনা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, মৃত্যুর অল্প কয়েকদিন পূর্বে ইবনে তুমারত তাঁর বিভিন্ন গোত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশেষ অনুসারীদের সমবেত করেন। সবাই তাঁর সামনে উপস্থিত হলে তিনি প্রথমে আল্লাহর শানে হামদ ও সানা পাঠ করেন। এরপর নবীজীর নামে দরূদ পাঠ করেন এবং খোলাফায়ে রাশেদীনের প্রতি আল্লাহর সন্তুষ্টির আলোচনা করেন। তিনি বলেন, 'আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করেছেন, বিভক্তি দূর করে একতার বন্ধনে আবদ্ধ করেছেন এবং লাঞ্ছনার পর সম্মান দান করেছেন। আমি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই একজন ব্যক্তিকে নির্বাচন করেছি এবং তাকে তোমাদের আমীর নির্ধারণ করেছি। সেই ব্যক্তিটি হচ্ছে আবদুল মুমিন। সুতরাং যতদিন সে আপন রবের প্রতি অনুগত থাকবে, তোমরাও তার অনুগত থাকবে।'

ইবনে তুমারতের বক্তব্য শেষ হওয়ার পর সকলে আবদুল মুমিনের হাতে বাইআত হয়। ইবনে তুমারত সকলের জন্য দোয়া করেন। এ অঙ্গীকার গ্রহণের অল্প কয়েকদিন পরেই ইবনে তুমারত ইন্তেকাল করেন আর মুওয়াহহিদী সম্প্রদায় তাদের নতুন নেতা আবদুল মুমিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়।

টিকাঃ
১০৩. আবদুল ওয়াহিদ মাররাকুশী, আলমু'জিব, পৃ: ২৬২-২৬৪।

📘 আন্দালুসের ইতিহাস 📄 মুওয়াহহিদী রাষ্ট্রের প্রথম খলীফা

📄 মুওয়াহহিদী রাষ্ট্রের প্রথম খলীফা


৫৪১ হিজরীতে (১১৪৬ খৃষ্টাব্দে) মুওয়াহহিদী রাষ্ট্রের পূর্ণাঙ্গ অভ্যুদয় ঘটে। মুওয়াহহিদী রাষ্ট্রের প্রথম প্রকৃত শাসক হলেন মুহাম্মাদ বিন তুমারতের প্রধান শিষ্য আবদুল মুমিন বিন আলী (৪৮৭-৫৫৫ হিজরী/১০৯৪-১১৬০ খ্রিষ্টাব্দ)। তাঁর পুরো নাম আবদুল মুমিন বিন আলী বিন মাখলুফ আল-কুমী। তিনি বার্বার শাখা-গোত্র কুমিয়া-এর সদস্য ছিলেন। মরক্কোর তিলিমসান (Tlemcen) নগরীর নিকটবর্তী তাজিরুত এলাকায় তিনি জন্মগ্রহণ করেন এবং শৈশবেই ইলম অর্জনরত অবস্থায় বেড়ে ওঠেন। তাঁর পিতা একজন শিল্পী ছিলেন।

টিকাঃ
১০৪. দেখুন: ইবনে খালদুন, তারীখে ইবনে খালদুন, ৮/২২৬।
১০৫. আবদুল ওয়াহিদ মাররাকুশী, আলমু'জিব, পৃ: ২৬৬ ও আননাসিরী, আলইসতিফ্ছা, ২/৯১।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আবদুল মুমিন বিন আলীর জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিক

📄 আবদুল মুমিন বিন আলীর জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিক


আবদুল ওয়াহিদ মাররাকুশী তাঁর পরিচয়-বিবরণীতে লিখেছেন, আবদুল মুমিন ছিলেন সুগঠিত দেহ, উজ্জ্বল অবয়ব এবং সুউচ্চ কণ্ঠস্বরের অধিকারী। তিনি অত্যন্ত বিজ্ঞ, বিচক্ষণ এবং সফল বীর সেনানী ছিলেন। তিনি প্রতিদিন পবিত্র কুরআনের এক-সপ্তমাংশ তিলাওয়াত করতেন, রেশমী পোশাক পরিহার করতেন, সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখতেন। তবে তিনি তাঁর বিরোধী পক্ষের প্রতি ছিলেন অত্যন্ত কঠোর ও নির্মম।

আল্লামা যাহাবী রহ. ‘সিয়ারু আ'লামিন নুবালা’ গ্রন্থে উল্লেখ করেছেন, আবদুল মুমিন যখন মাগরেবের উপকূলে সিলা নগরীতে অবস্থান করেন এবং নদী অতিক্রম করেন, তখন তিনি সিজদায় পড়ে যান। তিনি বলেন, 'আমি এমন এক যুবকের কথা জানি, যে একসময় অত্যন্ত রিক্ত অবস্থায় এই নদী পার হয়েছিল। নৌকার মাঝি তাকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং দাঁড় দিয়ে আঘাত করে দূরে সরিয়ে দিয়েছিল। আজ আল্লাহ আমাকে এই বিশাল বাহিনীর অধিনায়ক করেছেন।'

আবদুল মুমিন বিন আলীর ষোলোজন পুত্রসন্তান ছিল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মুহাম্মাদ, আলী, উমর, ইউসুফ, উসমান, সুলাইমান, ইয়াহইয়া প্রমুখ। তাঁর শাসনামলে যারা নামাযে উপস্থিত থাকতো না, তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। তাঁর এই কঠোরতা এবং নিয়মবর্তিতা মুওয়াহহিদী সাম্রাজ্যকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিল।

টিকাঃ
১০৬. আবদুল ওয়াহিদ মাররাকুশী, আলমু'জিব, পৃ: ২৬৬।
১০৭. আল্লামা যাহাবী ও ইবনুল ইমাদ-এর বর্ণিত এ গুণ এ কথাই বোঝায় যে, সে যুগে রেশমী কাপড় পরিধান করা মানুষের রীতি ও পছন্দের বিষয় ছিল।
১০৮. ইবনুল ইমাদ, শাযারাতুয যাহাব, ৪/১৩৬ ও আননাসিরী, আলইসতিফ্ছা, ২/৯৬।
১৬১. আবদুল ওয়াহিদ আলমাররাকিশী, আলমু'জিব, পৃ: ২৬৩ ও যাহাবী, সিয়ার আ'লামিন নুবালা, ২১/৩৭৫।
১৬২. আবদুল ওয়াহিদ আলমাররাকিশী, আলমু'জিব, পৃ: ২৬৬।

ফন্ট সাইজ
15px
17px