📄 মুহাম্মাদ বিন তূমারত এবং আমর বিল মা’রূফ ও নাহী আনিল মুনকারের ক্ষেত্রে তার গৃহীত নীতি
ইরাক ও শাম থেকে মাতৃভূমিতে প্রত্যাবর্তনের পথে মুহাম্মাদ বিন তূমারত কিছুদিন আলেকজান্দ্রিয়ায় অবস্থান করে তাঁর শিক্ষাজীবন সমাপ্ত করেন। আলেকজান্দ্রিয়ায় অবস্থানকালেই তিনি আমর বিল মা'রুফ ও নাহী আনিল মুনকারের মেহনত শুরু করেন। যদিও তিনি ছিলেন একজন বিদগ্ধ আলিম; কিন্তু সংস্কারের আদেশ ও অসৎ কাজ নিষেধের কর্মকাণ্ডে তিনি ছিলেন অত্যন্ত কঠোর পন্থা অবলম্বনকারী। এক্ষেত্রে তাঁর কঠোরতা ছিল ভীতিকর পর্যায়ের। তাই তিনি যখন আমর-নাহীর কাজ আরম্ভ করলেন, মানুষ তাঁর কাছ থেকে দূরে সরে যেতে লাগল এবং তাঁকে এড়িয়ে চলতে আরম্ভ করল। আলেকজান্দ্রিয়ার তৎকালীন গভর্নর তাঁর কর্মকাণ্ডে শঙ্কিত হয়ে তাঁকে সেখান থেকে একপ্রকার তাড়িয়ে দিলেন।
এরপর তিনি জাহাজে চড়ে মাতৃভূমি মাগরেবের পথ ধরলেন। জাহাজের মধ্যেও তিনি তাঁর আমর-নাহীর কঠোর প্রচেষ্টা অব্যাহত রাখলেন। জাহাজে মদপানে বাধা দিলেন এবং কুরআন তিলাওয়াতের নির্দেশ দিলেন। এসব বিষয়ে কঠোরতা করতে গিয়ে জাহাজের আরোহীদের সঙ্গে তিনি বিতর্কে জড়িয়ে পড়লেন। ক্রুদ্ধ আরোহীগণ তাঁকে সমুদ্রে ফেলে দিল। এরপর তিনি পুরো একদিন সাঁতার কেটে জাহাজের পাশে চলতে লাগলেন। অবশেষে তাঁর এই দুরবস্থা প্রত্যক্ষ করে আরোহীদের মনে দয়া জাগল এবং তারা তাঁকে পুনরায় জাহাজে তুলে নিল। এ ঘটনার পর জাহাজের আরোহীদের হৃদয়ে তাঁর প্রতি ভক্তি-শ্রদ্ধা বেড়ে গেল। মাগরেব পৌঁছা পর্যন্ত তাঁর প্রতি মানুষের এই সম্মান বজায় ছিল।
এরপর তিনি গেলেন তিউনিসিয়ায়। পথে তিনি মাহদিয়া নামক একটি শহরে পৌঁছালেন। মাহদিয়ায় পথ চলার সময় তিনি একটি তালাবদ্ধ মসজিদের পাশে বসলেন। তিনি কিছুক্ষণ রাস্তার পাশে বসে পথিকদের চলাচল দেখতে লাগলেন। যখনই তিনি গান-বাদ্যের সামগ্রী বা মদপাত্র নিয়ে কাউকে যেতে দেখতেন, তাঁর কাছে গিয়ে হাত থেকে তা কেড়ে নিয়ে ভেঙে ফেলছিলেন। ফলে কিছুদিনের মধ্যেই শহরবাসীর মুখে তাঁর এই নাহী আনিল মুনকারের প্রচেষ্টার কথা ছড়িয়ে পড়ল। মানুষ দলে দলে তাঁর কাছে এসে দ্বীনের মৌলিক বিষয়াদির দরস গ্রহণ করতে লাগল।
মুহাম্মাদ বিন তূমারত সমাজের অন্যায়-অনাচারের আমূল পরিবর্তন চাচ্ছিলেন একমুহূর্তে। তিনি সকল অপরাধের শিকড় সমূলে উৎপাটন করতে চেয়েছিলেন। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো, এটি সুন্নাতুল্লাহ ও জগতের স্বাভাবিক ধারার বিরোধী। স্বয়ং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আমর বিল মা'রুফ ও নাহী আনিল মুনকারের কাজ শুরু করেছিলেন, তিনি তখন আমূল ও আকস্মিক পরিবর্তনের আহবান করেননি। বরং আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে যে বিধান অবতীর্ণ হয়েছে, তিনি সে অনুযায়ী তাঁর দায়িত্ব পালন করেছেন। উদাহরণস্বরূপ, মদ্যপানের নিষেধাজ্ঞা মানুষের অবস্থা বিবেচনাপূর্বক পর্যায়ক্রমে অবতীর্ণ হয়েছে।
খলীফা উমর বিন আব্দুল আযীযের পুত্র তাঁর পিতার খেলাফতকালে চেয়েছিলেন সমস্ত অন্যায়ের আমূল সংস্কার করতে। কিন্তু তিনি দেখলেন, তাঁর পিতা এক্ষেত্রে ‘ধীরে চল’ নীতি অবলম্বন করেছেন। বিষয়টি পুত্রের কাছে কষ্টকর মনে হওয়ায় তিনি তাঁর পিতার কাছে অভিযোগ করলেন। উত্তরে উমর বিন আব্দুল আযীয স্বীয় পুত্রকে যা বললেন, তা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বললেন, 'বৎস! জনসাধারণকে আমি যদি এক মুহূর্তে যাবতীয় অন্যায় ছেড়ে দিয়ে পুরোপুরি ন্যায়ের পথে চলতে বাধ্য করি, তবে তারা একসাথে পুরোপুরি ন্যায়ের পথ ছেড়ে দেবে।'
কিন্তু মুহাম্মাদ বিন তূমারত এই সুন্নাতুল্লাহ ও সুন্নাতে নববীর পথ অবলম্বন করেননি। তিনি চেয়েছিলেন সবকিছুর আকস্মিক আমূল পরিবর্তন; তাও আবার অত্যন্ত কঠোর পদ্ধতিতে। অথচ আল্লাহ তাআ’লা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, 'তুমি যদি রূঢ় প্রকৃতির ও কঠোর-হৃদয় হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে বিক্ষিপ্ত হয়ে যেত।' [সূরা আলে-ইমরান : ১৫৯]
টিকাঃ
১৩২. আব্দুল ওয়াহিদ আল-মাররাকুশী, আল-মু'জাব ফী তালখীছি আখবারিল মাগরিব, পৃ : ২৪6 ও ইবনে খালদুন, তারিখে ইবনে খালদুন, ৬/২৬০।
১৩৩. আল-ইস্তিকসা, ২/৭৯।
📄 মুহাম্মাদ বিন তূমারত ও আবদুল মুমিন বিন আলী : দুই বিদ্রোহী চিন্তকের সম্মিলন
বিজায়া (Béjaïa) এলাকায় মুহাম্মাদ বিন তূমারত আবদুল মুমিন বিন আলী নামক জনৈক ব্যক্তির সাক্ষাৎ লাভ করলেন। ইবনে তূমারত শিক্ষাজীবনের শুরুতে যে জ্ঞানতৃষ্ণা লালন করতেন, এই ব্যক্তিটিও একই তৃষ্ণা নিয়ে দেশ ছেড়েছিলেন। প্রথম সাক্ষাতেই মুহাম্মাদ বিন তূমারত তাঁকে তাঁর মাতৃভূমি ত্যাগ ও বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর কারণ জিজ্ঞেস করলেন। উত্তরে আব্দুল মুমিন জানালেন, তিনি ইলম ও দ্বীন অন্বেষণ করছেন। তখন মুহাম্মাদ বিন তূমারত বললেন, 'তুমি যা অন্বেষণ করছ, যা খুঁজে ফিরছ, তা আমার কাছেই আছে।' এরপর থেকে আবদুল মুমিন বিন আলী তাঁর সংস্পর্শে থেকে ইলমে দ্বীন অর্জন করতে লাগলেন। ইবনে তূমারতের ইলমের গভীরতা আবদুল মুমিনকে অভিভূত করল। তারা উভয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন এবং নিজেদের জীবনের গতিপথ এক করে নিলেন। মুহাম্মাদ বিন তূমারতের মৃত্যু পর্যন্ত উভয়ের একসঙ্গে পথচলা অব্যাহত ছিল।
আবদুল মুমিন বিন আলী মুহাম্মাদ বিন তূমারতের কাছ থেকে ইলম অর্জন করার পাশাপাশি কঠোর পন্থায় দ্বীনের দাওয়াত প্রদান এবং আমর বিল মা’রুফ ও নাহী আনিল মুনকারের দায়িত্ব পালনের পদ্ধতিও শিখে নিলেন। এরপর মাগরেবের ভূমিতে উভয়ে একসঙ্গে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তাঁদের সঙ্গে আরও পাঁচজন ব্যক্তি যোগ দিলেন। ফলে মুহাম্মাদ বিন তূমারতসহ এই দাওয়াতী কাফেলার সদস্যসংখ্যা দাঁড়াল সাতজনে।
এই অবস্থায় মুহাম্মাদ বিন তূমারত ও তাঁর সাথীগণ উপলব্ধি করলেন যে, মুরাবিতী সাম্রাজ্যে অন্যায়-অনাচার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মদ্যপান ও অশ্লীলতা সারা দেশে, এমনকি ইউসুফ বিন তাশফীন কর্তৃক প্রতিষ্ঠিত রাজধানী মারাকেশে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাঁরা দেখতে পেলেন, স্বয়ং গভর্নরগণ জনগণের ওপর জুলুম করছেন, জনগণের কাঁধে কঠিন করের বোঝা চাপিয়ে দিচ্ছেন। তাঁরা আরও দেখতে পেলেন, সমাজে নারী-পুরুষের অবাধ মেলামেশা ছড়িয়ে পড়েছে। এমনকি স্বয়ং মুহাম্মাদ বিন তূমারতও একদিন দেখলেন, জনৈকা মহিলা একদল সৈন্য-সামন্ত নিয়ে বেপরোয়াভাবে পথে বেরিয়েছে। তাকে রাজকীয় প্রহরাও প্রদান করা হচ্ছে। জিজ্ঞেস করে তিনি জানতে পারলেন, এভাবে সৈন্যপ্রহরায় চলা নারীটি স্বয়ং আমীরুল মুসলিমীন আলী বিন ইউসুফের বোন। তিনি তখন কঠোরভাবে এর বিরোধিতা করেন; এমনকি তিনি ও তাঁর সঙ্গীরা আমীরের বোনের বাহনের মুখে আঘাত করে তাকে বাহন থেকে নামিয়ে দেন।
টিকাঃ
১১৯. আবদুন ওয়াহিদ আলমাররাকুশী, আলমুজব ফী আখবারিল মাগরিব, পৃ : ২৮৭, ইবনে খালদুন, তারীখে ইবনে খালদুন, ৬/২২৪ ও আলনাফী, আলইকতিফা, ২/৭০।
১২০. দেখুন : আবদুন ওয়াহিদ আলমাররাকুশী, আলমুজব, পৃ : ৩০০ ।
১২১. দেখুন : ইবনে বাশকুওয়াল, আসসিলাহ।
📄 মুহাম্মাদ বিন তূমারত ও তার সংস্কার-চিন্তা
এই লাঞ্ছনাকর ও লজ্জাজনক পরিস্থিতির সংস্কার ছিল অত্যাবশ্যক। আর এ চিন্তাই মুহাম্মাদ বিন তূমারতের চিন্তাজগতকে আচ্ছন্ন করে ফেলেছিল। তাই তিনি তাঁর দাওয়াতী কাফেলার সদস্যদের নিয়ে পরামর্শে বসলেন এবং সবার সামনে তাঁর সংস্কার পরিকল্পনা পেশ করলেন। তিনি তাঁর পরিকল্পনা তুলে ধরতে গিয়ে বললেন, 'যেহেতু গোনাহ ও অন্যায়ের কাজ পুরো মুরাবিতী রাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অবস্থা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে, পাপাচারের প্লাবন উঁচু টিলাকেও গ্রাস করে ফেলেছে, সুতরাং এখন সমাধানের পথ একটাই; আর তা হলো একবারে গোড়া থেকে শুদ্ধি অভিযান চালানো। অর্থাৎ আমরা শাসনকর্তাকে ক্ষমতা থেকে অপসারণ করব। প্রথমে আলী বিন ইউসুফ ও তাঁর গভর্নরদের দিয়ে শুরু করব। তাদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেব। এরপর ক্ষমতা যখন আমাদের হাতে আসবে, তখন আমরা কুরআন-সুন্নাহর দাবি অনুযায়ী রাষ্ট্র সংস্কার করব।'
মুহাম্মাদ বিন তূমারত তাঁর সংস্কার ও সংশোধনের পথ সংক্ষিপ্ত করে নিতে চেয়েছিলেন। শায়খ আবদুল্লাহ বিন ইয়াসিন যে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে মানুষকে দ্বীন শিক্ষা দিয়ে মধ্য আফ্রিকার সংস্কার করেছিলেন, মুহাম্মাদ বিন তূমারত তেমন দীর্ঘ ধৈর্য ধরতে প্রস্তুত ছিলেন না। তিনি চেয়েছিলেন আলী বিন ইউসুফকে অপসারণ করে ক্ষমতার সিংহাসনে বসতে এবং শাসনের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনতে।
আমীরুল মুসলিমীন আলী বিন ইউসুফও শরীয়ত প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। তিনি আল্লাহর রাস্তায় জিহাদের মতো গুরুত্বপূর্ণ বিধান জারি রেখেছিলেন। অবশ্য, দ্বীনের কিছু ক্ষেত্রে তাঁর শাসন ব্যবস্থায় বিচ্যুতি ছিল। কিন্তু শরয়ী শাসকের এই ত্রুটি কোনোক্রমেই মুহাম্মাদ বিন তূমারত ও তাঁর সঙ্গীদেরকে তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করার অনুমতি দেয় না; তা তাঁদের উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন। বরং তাঁদের কর্তব্য ছিল মানুষকে ধীরে ধীরে সংশোধন করা এবং শাসককে সঠিক পথে ফিরে আসতে সহায়তা করা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কায় তাঁর দাওয়াতী কার্যক্রম শুরু করেন, তখন তিনি এই আমূল ও আকস্মিক ক্ষমতা দখলের পথ অবলম্বন করেননি। বরং তিনি বছরের পর বছর ধরে মানুষের তারবিয়াত করেছেন, তাঁদের চিন্তার সংস্কার করেছেন। মক্কায় তেরো বছর এবং মদীনা জীবনের প্রথম ভাগেও তিনি এই নীতিতেই মানুষকে সংশোধন করেছেন। এরপর যখন মুমিনদের শক্তি মজবুত হয়েছে, তখন তিনি সকল বিষয়ে কর্তৃত্ব গ্রহণ করেছেন।
টিকাঃ
১২২. আসসাওয়াব, ৪/১০।
১২৩. ইবনে খালিকান, আলইনতিফা, ৫/৩০।
১২৪. দেখুন : ইবনে কাসির, আলবিদায়া ওয়ান নিহায়া, ১২/২১১ ও ইবনে খালদুন, তারীখে ইবনে খালদুন, ৬/২২৭।
📄 আলী বিন ইউসুফ ও মুহাম্মাদ বিন তূমারত : মুখোমুখি অবস্থান
যাই হোক, মুহাম্মাদ বিন তূমারত রাষ্ট্রের আমূল পরিবর্তন ও সরকারের বিরুদ্ধে কঠোর নীতি প্রয়োগের সিদ্ধান্ত নিলেন। তাঁর এই চিন্তাধারা ছিল নববী পদ্ধতির সম্পূর্ণ পরিপন্থী। আমীরুল মুসলিমীন আলী বিন ইউসুফ মুহাম্মাদ বিন তূমারত ও তাঁর আন্দোলনের কথা জানতে পারলেন। কিন্তু তিনি অস্থির না হয়ে গভীর ধৈর্য ও উদারতার পরিচয় দিলেন এবং মুহাম্মাদ বিন তূমারত ও মুরাবিতী আলিমগণের মাঝে একটি বিতর্কসভা আয়োজনের পরিকল্পনা করলেন।
রাজপ্রাসাদে বিতর্কসভা অনুষ্ঠিত হলো। মুহাম্মাদ বিন তূমারত তাঁর ছয় সঙ্গীকে নিয়ে উপস্থিত হলেন; সাম্রাজ্যের আলিমগণও প্রধান বিচারপতি ও বিখ্যাত আলিম মালিক বিন উহাইবের নেতৃত্বে উপস্থিত হলেন। এরপর উভয় পক্ষের মধ্যে ইলমী বিতর্ক শুরু হলো। আলী বিন ইউসুফের এই পদক্ষেপ প্রমাণ করে তিনি একজন ইনসাফপ্রিয় শাসক ছিলেন। তিনি চাইলে বিদ্রোহী হিসেবে তূমারতকে সহজেই বন্দী বা হত্যা করতে পারতেন।
রাজদরবারে অনুষ্ঠিত বিতর্কসভায় মুহাম্মাদ বিন তূমারত মুরাবিতী আলিমদেরকে যুক্তিতর্কে পরাজিত করলেন। যেহেতু তিনি বাগদাদে দীর্ঘ সময় কাটিয়ে বিতর্কশাস্ত্রে পারদর্শী হয়েছিলেন, তাই প্রতিটি বিষয়ে তিনি ওলামায়ে কেরামকে পরাভূত করলেন। এমনকি খলীফা আলী বিন ইউসুফ যখন জানতে পারলেন যে, তাঁর রাষ্ট্রে অন্যায়-অনাচার সীমাহীন বৃদ্ধি পেয়েছে, তখন তিনি আল্লাহর ভয়ে কাঁদতে লাগলেন। কিন্তু তাঁর কান্না মুহাম্মাদ বিন তূমারতের মনে সামান্য দয়ারও উদ্রেক করল না। তিনি খলিফার সাথে অত্যন্ত কঠোর ভাষায় কথা বলতে লাগলেন।
মজলিসে উপস্থিত মুরাবিতী নেতৃবৃন্দ জানতেন যে, মুহাম্মাদ বিন তূমারত মানুষকে খলিফার বিরুদ্ধে বিদ্রোহে প্ররোচিত করছেন। তাই প্রধান বিচারপতি মালিক বিন উহাইব খলীফাকে কানে কানে বললেন, 'আপনার উচিত এখনই এই লোককে বন্দী করা; নয়তো শীঘ্রই এমন দিন আসবে যখন একে নিয়ন্ত্রণ করতে আপনার সমস্ত শক্তি ব্যয় হবে।' কিন্তু প্রধান উযীর পরামর্শ দিলেন অন্যরকম। তিনি বললেন, 'মুহাম্মাদ বিন তূমারত এখন আপনার মেহমান এবং তাঁর কথা শুনে আপনি কেঁদেছেন, এমতাবস্থায় তাঁকে গ্রেপ্তার করা ঠিক হবে না। তাছাড়া তাঁর সাথে আছে মাত্র ছয়জন লোক, আর আপনি বিশাল সাম্রাজ্যের অধিপতি।'
আলী বিন ইউসুফ সবদিক বিবেচনা করে মুহাম্মাদ বিন তূমারতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাঁর আশা ছিল, ইবনে তূমারত তাঁকে দেশ সংশোধনে সহায়তা করবেন। কিন্তু পরিস্থিতির মোড় অন্যদিকে ঘুরে গেল।
টিকাঃ
১৪৮. আব্দুল ওয়াহিদ আল-মাররাকিশী, আল-মু'জাব, পৃ : ২৩১, ইবনে কাসীর, আলবিদায়া ওয়ান নিহায়া, ১২/২১১ ও ইবনে খালদুন, তারিখে ইবনে খালদুন, ৬/২২৭।