📘 আন্দালুসের ইতিহাস 📄 রণাঙ্গনের নজরদারীতে ইবনে আব্বাদের গোয়েন্দা-তৎপরতা

📄 রণাঙ্গনের নজরদারীতে ইবনে আব্বাদের গোয়েন্দা-তৎপরতা


মুরাবীতি বাহিনীর প্রধান সেনাপতি আলফোনসোর কোনো গোপন ষড়যন্ত্রের শিকার হতে পারে—এই আশঙ্কায় ইবনে আব্বাদ মুরাবীতি ছাউনির ওপর নজর রাখছিলেন। কারণ, মুরাবীতগণ আন্দালুস-ভূমিতে একেবারেই নবাগত। এ দেশের গতি-প্রকৃতি সম্বন্ধে তাদের তেমন ধারণা নেই। তিনি নিজেই এ দায়িত্ব পালন করেন। এমনকি কথিত আছে, মুরাবীতি ছাউনি থেকে জনৈক সৈনিক কোনো কাজে বা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলে স্বয়ং ইবনে আব্বাদকে মুরাবীতি ছাউনির চারপাশে টহলরত অবস্থায় দেখতে পায়। ইবনে আব্বাদ যখন মুরাবীতি ছাউনির বিভিন্ন পথের প্রবেশমুখগুলোতে অশ্বারোহী বাহিনীর বিভিন্ন রেজিমেন্টকে নিযুক্ত করার কাজ শেষ করে নিজেই টহল দিচ্ছিলেন। মুরাবীতি ছাউনি থেকে বের হওয়া সৈন্যরা চলাফেরার সময় বারবার ইবনে আব্বাদের মুখোমুখি হওয়ায় মনে করেছে সবাই যে, হয়তো ভুল পথে অগ্রসর হচ্ছে।

রাতেই মু'তামিদের গোয়েন্দা-বাহিনীর দু’জন সদস্য তাঁকে জানায় যে, তারা দু'জন রাতের অন্ধকারে আলফোনসোর ছাউনির কাছে চলে গিয়েছিল। সেখান থেকে তারা খ্রিস্টান বাহিনীর কোলাহল এবং অস্ত্রের ঝনঝনানি শুনতে পেয়েছে। গোয়েন্দা-বাহিনীর তথ্য অনুযায়ী আলফোনসোর আগামীকাল যুদ্ধ শুরু করার তৎপরতা নিশ্চিত হওয়া গেল। এর কিছুক্ষণ পর আলফোনসোর ছাউনির ভেতর ঘাপটি মেরে থাকা গুপ্তচরেরাও উপস্থিত হয়ে ইবনে আব্বাদকে জানায়, 'আমরা গোপনে শুনতে পেয়েছি আলফোনসো তার সঙ্গীদের বলছিল—ইবনে আব্বাদই এ যুদ্ধের প্রধান পরিচালক। এমনকি মরুভূমির এই বেদুইন বাহিনী যদিও সামরিক ক্ষেত্রে পারদর্শী, কিন্তু এ দেশ ও পরিবেশ-প্রতিবেশ সম্পর্কে তারা অনভিজ্ঞ। ইবনে আব্বাদই তোমাদেরকে পরিচালিত করছে। সুতরাং তোমরা তাকেই প্রধান লক্ষ্য হিসেবে স্থির করবে এবং আক্রমণ চালাবে। সে যদি পরাভূত হয়, তাহলে এই বেদুইনরা তোমাদের সামনে তুচ্ছ। তোমরা যদি অকুতোভয়ে তাদের ওপর হামলা চালাও, আমার মনে হয় না, তারা তোমাদের সামনে টিকতে পারবে।'

ইবনে আব্বাদ তখন সেনাপতি আলফোনসোর এই গোপন পরিকল্পনার খবর পৌঁছিয়ে দেওয়ার জন্য তার কতিপয় কাতিব ও আবু বকর বিন রুমাইরাকে ইউসুফ বিন তাশফীনের মুরাবীতি ছাউনিতে প্রেরণ করেন এবং আমিরুল মুস্লিমীনকে গোয়েন্দাদের সংগৃহীত করা যাবতীয় তথ্য অবহিত করেন।

টিকাঃ
৪৯. ইবনে আবি যারা’, রাওদুল কিরাতাস, পৃ: ১৬৭ ও হিময়ারী, আররাওয়াদুল মি'তার, পৃ: ২৯০।

📘 আন্দালুসের ইতিহাস 📄 মুসলিম বাহিনী ও যুদ্ধ-পরিকল্পনা

📄 মুসলিম বাহিনী ও যুদ্ধ-পরিকল্পনা


১২ রজব, ৪৭৯ হিজরী (২৩ অক্টোবর, ১০৮৬ খৃষ্টাব্দ)। বাদ ফজর। মুস্লিম বাহিনীর বিন্যাস ইতোমধ্যেই শেষ হয়েছে। বাহিনীর সদস্যগণ ভোরে ফজর নামায শেষ করার পরপরই ষষ্ঠ আলফোনসো স্বীয় অঙ্গীকার ভঙ্গ করে আক্রমণ শুরু করলেন। প্রতারণা, বিশ্বাসঘাতকতা, প্রতিজ্ঞা ভঙ্গ করা—এগুলো তো খ্রিস্টানদের প্রাচীন স্বভাব। খ্রিস্টান বাহিনীর হঠাৎ আক্রমণে মুস্লিম বাহিনী এক কিংকর্তব্যবিমূঢ় পরিস্থিতির সম্মুখীন হল, যেমনটি স্বয়ং ইউসুফ বিন তাশফীনও পরবর্তী সময়ে তাঁর লেখা এক পত্রে নিশ্চিত করেছেন। খ্রিস্টান বাহিনীর সবগুলো অংশ চারদিক থেকে মুস্লিম বাহিনীর ওপর একসাথে বিপুল বেগে ঝাঁপিয়ে পড়ল। প্রথম আঘাতটি ছিল নিঃসন্দেহে অত্যন্ত কঠিন।

উল্লেখ্য, মুস্লিম বাহিনী ৬টি মূল অংশে বিভক্ত ছিল।
১. আন্দালুসী বাহিনী। এ অংশে আন্দালুসের সকল সৈনিক অন্তর্ভুক্ত ছিল। তাদের নেতৃত্বে ছিলেন মু'তামিদ বিন আব্বাদ ও আন্দালুসের অন্যান্য রাজন্যবর্গ; যেমন—আলমারিয়ার শাসক ইবনে সামাদিহ, গ্রানাডার শাসক আবদুল্লাহ বিন বুলুকক্বীন, উচ্চ সীমানার প্রধান নিরাবত্তারক ইবনে মাসলামা, ইবনে নুনুন, ইবনুল আফতাত প্রমুখ। ইউসুফ বিন তাশফীন তাদের সকলকে মু'তামিদের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছিলেন। মু'তামিদ ছিলেন এই বাহিনীর একবারে কেন্দ্রস্থলে, মুতাওয়াক্কিল বিন আফতাস দক্ষিণ বাহুতে, পূর্ব আন্দালুসের শাসকবর্গ বাম বাহুতে এবং অন্যান্য শাসকবর্গ ছিলেন এই দলের পেছনের অংশে। খ্রিস্টান বাহিনীর প্রথম আক্রমণ প্রতিরোধকারী অগ্রবর্তী অংশের জন্য মু'তামিদ নিজেকেই নির্বাচন করেছিলেন। এর মাধ্যমে তিনি তাঁর বিগত বছরগুলোর ভুল-ত্রুটি ও কলঙ্কিত অবস্থান ধুয়ে ফেলতে চেয়েছিলেন কিংবা তাঁর উদ্দেশ্য ছিল সম্ভাব্য বিজয়ের মূল কৃতিত্ব ও মর্যাদা লাভ করা এবং বিজয়ের গৌরব তাঁর নামে প্রচারিত হওয়া। বাস্তব নিয়ত কী ছিল, আল্লাহই ভালো জানেন।
অবশ্য কোনো কোনো বর্ণনামতে, স্বয়ং ইউসুফ বিন তাশফীন আশঙ্কা করেছিলেন যে, মু'তামিদ হয়তো যুদ্ধক্ষেত্রে অটল থাকবেন না এবং সর্বস্ব বিসর্জন করে যুদ্ধ করবেন না। তাই ইউসুফ বিন তাশফীনের তদারকিতেই মূলত মু'তামিদ নিজেকে অগ্রবাহিনীর সম্মুখ সারিতে রেখেছিলেন।

২. মুরাবিতী যোদ্ধাগণের একটি অংশ। এ দলটির নেতৃত্বে ছিলেন মুরাবিতী বীর যোদ্ধা দাউদ বিন আয়েশা। এ দলটির অবস্থান ছিল আন্দালুসি দলের পেছনে।

৩. মুরাবিতী বাহিনীর মূল অংশ। ইউসুফ বিন তাশফীনের নেতৃত্বে এ দলটি যুদ্ধক্ষেত্রে অবস্থানরত মূল বাহিনী হতে দূরে একটি টিলার আড়ালে এমনভাবে লুকিয়ে ছিল, যাতে যুদ্ধক্ষেত্র থেকে তাদের দেখা না যায়। বাহ্যিক দৃষ্টিতে মনে হবে, পুরো মুসলিম বাহিনী দু' দলে বিভক্ত; আন্দালুসি বাহিনী এবং দাউদ বিন আয়েশার নেতৃত্বাধীন মুরাবিতী বাহিনী।

এই পদক্ষেপের পেছনে ইউসুফ বিন তাশফীনের পরিকল্পনা ছিল—যুদ্ধ যখন তীব্রতর পর্যায়ে পৌঁছবে এবং উভয় পক্ষ লড়াই করে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়বে, হারিয়ে ফেলবে লড়াই করার শক্তি, যেমনটি সাধারণ যুদ্ধের ক্ষেত্রে হয়ে থাকে, তখন তিনি তাঁর বাহিনী নিয়ে মুসলিম বাহিনীর কাতারে যোগ দিয়ে যুদ্ধের পাল্লা মুসলিম বাহিনীর দিকে ঝুঁকিয়ে দেবেন।

অবশ্য ইউসুফ বিন তাশফীনের এই পরিকল্পনা মুসলমানের যুদ্ধ-ইতিহাসে নতুন কোনো পরিকল্পনা ছিল না। এই একই কৌশল সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাযি. পারস্য-বিজয়ের সময় ওয়ালাজা রণাঙ্গনে (Battle of Walaja) ব্যবহার করেছিলেন। তাছাড়া পারস্য-অভিযানেই আরেক বিখ্যাত সাহাবী নোমান বিন মুকাররিন রাযি.-ও এই একই পরিকল্পনা কাজে লাগিয়েছিলেন নিহাওয়ান্দের যুদ্ধে (Battle of Nahavand)। সুতরাং ইউসুফ বিন তাশফীনের এই পরিকল্পনা প্রমাণ করে, তিনি ইতিহাস পাঠ করতেন এবং ইসলামী ইতিহাসের মহান সেনাপতি ও বীর সৈনিকদের যুদ্ধ-ইতিহাস অধ্যয়ন করে তা থেকে শিক্ষা নিতেন।

টিকাঃ
৫০. হিময়ারী, আররাওয়াদুল মি'তার, পৃ: ২৯০, মাককারী, নাহজুত ত্বীব, ৪/৩৬৫ ও আলআন্দালুসী, আলইস্তাক্বসা, ২/৪৫।
৫১. ইবনে আবি যারা’, রাওদুল কিরাতাস, পৃ: ১৬৭ ও আলইনফামুল আলআন্দালুসী, আলইস্তাক্বসা, ২/৪৫-৪৮।
৩৭. আহাআর, আলহাল্লাতুল মুয়ালাশিয়া, পৃ: ২৮।
৩৮. ইবনে খালিকান, ওয়াফায়াতুল আ'ইয়ান, ১/১১৯।
৩৯. ইবনুল আছীর, আল-কামিল, ৪/৪৮৭।
৪০. ইবনুল আছীর, আল-কামিল, ৪/৪৮৭, ইবনে আবি জারা’, রাওযুল কিরতাস, পৃ: ১৪৪ ও ইবনুল আছীর, আ'মালুল আ'লাম, ৩/২৪২-২৪৩।

📘 আন্দালুসের ইতিহাস 📄 যাল্লাকা, আন্দালুসে ইসলামের অস্তিত্ব রক্ষার যুদ্ধ

📄 যাল্লাকা, আন্দালুসে ইসলামের অস্তিত্ব রক্ষার যুদ্ধ


৪৭৯ হিজরী ১২ রজব মোতাবেক ১০৮৬ খৃষ্টাব্দের ২৩ অক্টোবর শুক্রবার আলফনসো তার সুবিশাল বাহিনী নিয়ে মুসলিম বাহিনীর প্রথম অংশের (অর্থাৎ আন্দালুসি বাহিনীর) ওপর হামলা চালান। আলফনসো তার বাহিনী নিয়ে মু'তামিদের দিকে অগ্রসর হলেন এবং চারদিক থেকে তাকে ঘিরে ধরলেন। মু'তামিদ ও তার সঙ্গী আন্দালুসি সৈন্যগণ প্রবল বিক্রমে খ্রিস্টান বাহিনীর আক্রমণ প্রতিরোধ করতে লাগল এবং অভূতপূর্ব ধৈর্য ও অটলতার পরিচয় দিল।

খ্রিস্টান বাহিনীর আক্রমণ প্রতিহত করার পাশাপাশি ইবনে আব্বাদ ইউসুফ বিন তাশফীনের আগমনের পানে তাকিয়ে ছিলেন। ইউসুফ বিন তাশফীনের আগমন তার কাছে বিলম্বিত মনে হচ্ছিল। এদিকে খ্রিস্টান বাহিনীর আক্রমণ অত্যন্ত তীব্র হতে থাকে এবং পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর আকার ধারণ করে। মরুবাসী মুরাবিতীদের বিলম্বে মু'তামিদের বাহিনী পরাজয়ের আশঙ্কার শিকার হল। মু'তামিদ-পুত্র আবু আবদুল্লাহও অনেকে আশা ছেড়ে দিল এবং পরাভূত হল। ইবনে আব্বাদ নিজে গুরুতর আহত হলেন। প্রতিপক্ষের তরবারির আঘাতে তার মাথায় মারাত্মক যখম হল, ডান হাতও আঘাতপ্রাপ্ত হল। তার শরীরের একাংশ বর্শার আঘাতে রক্তাক্ত হল। যুদ্ধরত অবস্থায় একে একে তার তিনটি ঘোড়া নিহত হল। যখনই একটি ঘোড়া মারা যাচ্ছিল, আরেকটি ঘোড়া তাকে এগিয়ে দেওয়া হচ্ছিল। ইবনে আব্বাদ যেন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তাঁর জানবাজি রেখে তরবারি চালনা করে যাচ্ছিলেন। এই মরণপণ অবস্থায় তাঁর মনে পড়ল তাঁর অতি প্রিয় এক ছোট পুত্রের কথা, যাকে তিনি অসুস্থ অবস্থায় সেভিলে রেখে এসেছিলেন। তার এই পুত্রের নাম ছিল মুয়া'তাদ, আর ডাকনাম ছিল আবু হাশেম। পুত্রের কথা স্মরণ হওয়ামাত্র স্বভাবতই মু'তামিদ রণাঙ্গনের এই সুকঠিন মুহূর্তে আবৃত্তি করলেন:
'আবু হাশেম! তরবারি ও বর্শার তীক্ষ্ণ ফলা আমাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। এ চরম সঙ্গীন মুহূর্তে একমাত্র আল্লাহর জন্যই আমি অটল-অবিচল রয়েছি। ধুলোয় ধূসর রণাঙ্গনে আমার শ্রবণপটে বারবার ভেসে উঠেছে তোমার ডাক। তোমার সেই স্মৃতি আমাকে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের চিন্তা করতে দেয়নি।'

এর পরপরই বীর সেনাপতি দাউদ বিন আয়েশার নেতৃত্বে মুরাবিতী সৈন্যদের প্রথম দলটি আন্দালুসী সৈন্যদের সঙ্গে যোগ দিল। দাউদ বিন আয়েশা এসে ইবনে আব্বাদের দুশ্চিন্তা দূর করলেন। এদিকে আলফনসো তাঁর বাহিনীকে দু' ভাগে বণ্টন করেছিলেন। মুরাবিতী সৈন্যগণ যুদ্ধে যোগদান করাামাত্রই আলফনসো তাঁর বাহিনীর বিশাল দ্বিতীয় অংশটি নিয়ে দাউদ বিন আয়েশার বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং প্রবল হামলা চালালেন। মুরাবিতী সৈন্যগণ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রতিপক্ষের আক্রমণ প্রতিরোধ করে যেতে লাগল। কিন্তু খ্রিস্টান সৈন্যদের সংখ্যাধিক্য মুসলিম বাহিনীর প্রতিরোধক্ষমতাকে চ্যালেঞ্জ করছিল। উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলতে লাগল। হাজারো তরবারির ঝনঝনানি আর অসংখ্য বর্শার আঘাতে যুদ্ধক্ষেত্র প্রকম্পিত হল।

খ্রিস্টান বাহিনীর অপর অংশ ইবনে আব্বাদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর ওপর আক্রমণ অব্যাহত রাখল এবং প্রতিরোধক্ষমতা প্রায় গুঁড়িয়ে দিল। মুসলিম বাহিনীর বাতলানের অংশের সেনাপতিগণ যুদ্ধে পরাভূত হল। ইবনে আব্বাদ ও তার সৈন্যরা ময়দানে টিকতে পারছিল না। ইবনে আব্বাদ তার অবশিষ্ট সৈন্যদের নিয়ে রণাঙ্গনের এক প্রান্তে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিলেন এবং শত্রুদের বিজয় প্রায় নিশ্চিত ছিল। আলফনসো রণাঙ্গনে জয়-পরাজয়ের দোলনায় ছিল।

যখন যুদ্ধের পরিস্থিতি একবারে সন্ধিক্ষণে, ঠিক তখন ইউসুফ বিন তাশফীনের নেতৃত্বে মুরাবিতী সৈন্যদের মূল দলটি অগ্রসর হল। ফলত প্রবল ও রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিম-খ্রিস্টান উভয় দলই ক্লান্ত হয়ে এসেছিল। ইউসুফ বিন তাশফীন ও তার সঙ্গীগণ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন। তাজা সেনাদের নিয়ে ইউসুফ বিন তাশফীন রণাঙ্গনে উপস্থিত হলেন যুদ্ধের শেষ দৃশ্যের সর্বশেষ যবনিকা টানার জন্য। ইউসুফ বিন তাশফীন তাঁর সঙ্গী সেনাদের দু' ভাগে ভাগ করলেন। আবান বিন আবু বকরের নেতৃত্বে প্রথম অংশে ছিল মিজাদা, মুহামাদা, ওমারাসহ অন্যান্য বর্বরী গোত্র এবং মাগরেবের বিভিন্ন গোত্রের যোদ্ধাগণ। এ দলটি দাউদ বিন আয়েশা ও ইবনে আব্বাদের নেতৃত্বাধীন যুদ্ধরত মুসলিম বাহিনীর সহায়তায় অগ্রসর হল।

সিনহাজা গোত্রের অন্যান্য শাখা-গোত্র দ্বারা গঠিত দ্বিতীয় অংশটি নিয়ে ইউসুফ বিন তাশফীন যুদ্ধরত খ্রিস্টান বাহিনীর পেছনে চলে গেলেন এবং সরাসরি খ্রিস্টান বাহিনীর পিছন থেকে আক্রমণ করলেন। তারা আক্রমণাত্মকভাবে খ্রিস্টান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। খ্রিস্টানরা অপ্রস্তুত ছিল, আকস্মিক আক্রমণের সম্মুখীন হয়ে তারা আতঙ্কিত হয়ে পড়ল। আমীরুল মুসলিমীন ইউসুফ বিন তাশফীনের নেতৃত্বাধীন মুসলিম বাহিনী যুদ্ধ-দামামা বাজিয়ে বিজয় নিশান উড়িয়ে তাদের পিছু নিল। তাদের তরবারি চালনায় খ্রিস্টান বাহিনীর মাঝে রক্তের বন্যা বয়ে গেল। আলফনসো অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখলেন খ্রিস্টান বাহিনীর ছাউনি ভস্ম হওয়া, অস্ত্র-শস্ত্র লুঠ হওয়া, প্রহরীদলের নিহত হওয়া এবং নারীদের বন্দী হওয়ার দৃশ্য। আলফনসো দেখলেন, আমীরুল মুসলিমীন সরাসরি তার দিকে অগ্রসর হচ্ছেন। উভয়ের মধ্যে এক প্রলয়ংকারী লড়াই শুরু হলো। এমন ভয়ংকর লড়াইয়ের কথা ইতিহাসে বিরল।

খ্রিস্টান বাহিনী যখন দেখল যে, তাদের সামনেও মুসলিম বাহিনী, পেছনেও মুসলিম বাহিনী এবং তারা দু' দিক থেকেই অবরুদ্ধ, এ অবস্থা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ল। তারা দেখল, তাদের ছাউনি আগুনে পুড়ছে, সেখান থেকে বেঁচে থাকা আহত প্রহরীদলের আর্তনাদ ভেসে আসছে। এসব দৃশ্য দেখে তারা হতবুদ্ধি হয়ে পড়ল। তারা দ্রুত নিজেদের ছাউনি রক্ষায় অগ্রসর হতে চাইল। মুসলিম বাহিনীর মুখোমুখি হয়ে শুরু হল এক ভয়ংকর লড়াই। এ লড়াইয়ে অসংখ্য খ্রিস্টান সৈন্য নিহত হল। খ্রিস্টান বাহিনী তাদের পরাজয় স্বীকার করে পিছু হটতে লাগল। মুসলিম বাহিনী তাদের পশ্চাদ্ধাবন করল এবং তাদের অসংখ্য সৈন্যকে হত্যা করল। আলফনসো তার সৈন্য, পরিচারক ও ভৃত্যদেরকে অশ্বপৃষ্ঠ থেকে নেমে যুদ্ধক্ষেত্রে লড়াই করার আদেশ দিলেন। আল্লাহ তা'আলা মুসলিম বাহিনীকে বিজয় দান করলেন এবং কাফিরদের অভাবনীয় ক্ষতি সাধন করে দিলেন।

যাই হোক, এভাবে খ্রিস্টান বাহিনী সামনে থেকে আন্দালুসী বাহিনী এবং পেছন থেকে মুরাবিতী বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়ল। ফলে খ্রিস্টান বাহিনীর মাঝে বিশৃঙ্খলা ও পিছুটান শুরু হয়ে গেল। কিছু সৈনিক আলফনসোর পাশে সমবেত হয়ে তাঁর প্রতিরক্ষা নিশ্চিত করার চেষ্টা করল। কিন্তু এরপরই খ্রিস্টান বাহিনীর মধ্যে সৃষ্টি হল এক বিশাল ভাঙন। ইউসুফ বিন তাশফীন আলফনসোর দিকে এগিয়ে গেলেন এবং আপন সঙ্গীদের নিয়ে তাঁর ওপর হামলা করলেন। ইবনে আব্বাদের সৈন্যরাও তাদের সঙ্গে যোগ দিল। আসরে বিজয়ের সূত্রপাত হওয়ার পর মুসলিম বাহিনী এবার একযোগে খ্রিস্টান বাহিনীর ওপর হামলা চালাল। মুসলিম বাহিনীর অশ্বদলের পদচারণায় রণপ্রাঙ্গন প্রকম্পিত হয়ে উঠল। রক্তে পাড়ি দিয়ে প্রতিটি অশ্ব এগিয়ে চলল পরবর্তী শিকারের সন্ধানে। উভয় পক্ষই প্রচণ্ড বীরত্ব ও দৃঢ়তার পরিচয় দিয়ে লড়াই করে যাচ্ছিল। ইতোমধ্যে পরিস্থিতি পরিবর্তনের সংবাদ পেয়ে ইবনে আব্বাদের বাহিনীর পলায়নপর সেনারাও ফিরে এল এবং সবাই মিলে একসাথে হামলা চালাল। সূর্যাস্তের সামান্য পূর্ব পর্যন্ত চলল ঘোরতর লড়াই। এ সময় ইউসুফ বিন তাশফীন চার হাজার দক্ষ সুদানী সেনার একটি অশ্বারোহী দলকে নিযুক্ত করলেন। এরা ছিল তাঁর বিশেষ নিরাপত্তাবাহিনী। তারা আপন ঘোড়া থেকে নেমে গেল এবং বিশেষ মিশন পালনকারী দলের মতো খ্রিস্টান সৈন্যদের ভেদ করে তাদের মধ্যখানে অবস্থানরত নৃপতিকে লক্ষ্য করে এগিয়ে যেতে লাগল। কিছুক্ষণের মধ্যেই চার হাজার সেনার এই বিশেষ দলটি পৌঁছে গেল লড়াইয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে। তাদেরই একজন খ্রিস্টান সেনাপতি ও নৃপতি আলফনসোর কাছে পৌঁছতে সক্ষম হলেন এবং সঙ্গে থাকা খঞ্জর আলফনসোর উরুতে বিদ্ধ করলেন।

যুদ্ধ তীব্রতর অবস্থায় পৌঁছলে পরিস্থিতি খ্রিস্টান বাহিনীর প্রতিকূলে চলে গেল। খ্রিস্টান বাহিনীর নামকরা বীর যোদ্ধা ও সেনাপতিগণ একে একে নিহত হল। অশ্বের পিঠ থেকে ছিটকে পড়তে লাগল খ্রিস্টান যোদ্ধাদের প্রাণহীন দেহ। এরই মাঝে জনৈক তরুণ মুসলিম যোদ্ধা অত্যাচারী আলফনসোর কাছে পৌঁছে হাতে থাকা খঞ্জর দিয়ে তার বর্ম ছিন্ন করে ফেলল এবং প্রচণ্ড আঘাত করে খঞ্জরটি তার উরুতে বিঁধিয়ে ফেলল। খঞ্জরটি তার উরু ভেদ করে অশ্বপিঠের জিন পর্যন্ত পৌঁছে গেল। পরবর্তী সময়ে আলফনসো প্রায়ই বলতেন, 'একজন তরুণ আমার মুখোমুখি হয়ে খঞ্জর দিয়ে আমার উরুতে এমনভাবে আঘাত করেছে যা আমি সারাজীবন মনে রাখব।'

মৃত্যু অবধি এই আঘাতের ক্ষত ও প্রভাব আলফনসোর শরীরে রয়ে গিয়েছিল। এর পর থেকে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। আহত আলফনসো তার ছাউনির কাছে ছোট একটি টিলার আড়ালে আশ্রয় নিলেন। সুবিশাল বাহিনী নিয়ে যুদ্ধ শুরু করা আলফনসোর সঙ্গে এখন মাত্র পাঁচ শ' অশ্বারোহীর ক্ষুদ্র একটি দল, যারা প্রত্যেকেই আহত। বাকিরা হয় যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে কিংবা মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়েছে। রাতের আঁধার গভীর হতেই আলফনসো পলায়নের পথ ধরলেন। পথে তার অবশিষ্ট সঙ্গীরা জখমের কারণে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগল। আলফনসো যখন টলেডোতে পৌঁছলেন, তখন তাঁর সঙ্গে এক শ' জন সৈন্যও অবশিষ্ট ছিল না। কোনো কোনো বর্ণনামতে তো একশ’ জনেরও কম সৈন্য জীবিত অবস্থায় টলেডোতে ফিরতে পেরেছিল।

মুসলিম বাহিনী গনীমত হিসেবে অসংখ্য অশ্ব, অস্ত্র-শস্ত্র, বাহন ইত্যাদি লাভ করল। এ যুদ্ধে মুসলিম বাহিনীর প্রায় তিন হাজার সৈন্য শাহাদত বরণ করল। আর তাই সার্ব বিবেচনায় কোনো প্রকার অতিশয়োক্তি ছাড়াই যাল্লাকার যুদ্ধকে তুলনা করা যায় ইয়ারমুক ও কাদিসিয়ার যুদ্ধের সঙ্গে। রণপ্রাঙ্গন শান্ত হতেই মু'তামিদ ইবনে আব্বাদ পলায়নরত আলফনসোর চূড়ান্ত সমাপ্তি করতে তাকে ধাওয়া করার মত পেশ করলেন। কিন্তু ইবনে তাশফীন বললেন, 'এখন খ্রিস্টান বাহিনীর পদাঙ্ক অনুসরণ ও তাদেরকে ভীত-সন্ত্রস্ত করার অর্থ তাদেরকে মরণপণ যুদ্ধের মুখে ঠেলে দেওয়া। তখন তাদের লড়াইয়ের মনোভাব হবে 'হয় মার, না হয় মর'। এতে মুসলিম বাহিনীর সমূহ ক্ষতির আশঙ্কা আছে। বিশেষত যুদ্ধ চলাকালে প্রাথমিক প্রতিকূল পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছিল এমন অনেক আহত মুসলিম সৈন্যও এখন যুদ্ধপরিস্থিতি আমাদের পক্ষে আসার সংবাদ পেয়ে হয়তো ফেরার পথে আছে। তারা আলফনসোর পথে পড়তে পারে। স্বাভাবিকভাবে আমাদের এই দলবিচ্ছিন্ন আহত দুর্বল সেনারা শক্তির বিচারে আলফনসোর বাহিনীর সঙ্গে পেরে উঠবে না। তাদের ফিরে আসার জন্য যদি আমরা আজকের দিনটি অপেক্ষা করি, তাহলে তাদের প্রত্যাবর্তনে মুসলিম বাহিনীর সংখ্যায় ভারসাম্য ফিরে আসবে এবং আগামী দিন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে পারব।' ইবনে আব্বাদ উল্টো বললেন, 'এখন যদি সে আমাদের সামনে থেকে পালিয়ে যেতে পারে, তাহলে তার পলায়িত সঙ্গীরা যখন তার সঙ্গে যোগ দেবে, তখন তাকে পরাভূত করা কঠিন হবে।' কিন্তু ইউসুফ বিন তাশফীন তার সিদ্ধান্তে অটল থাকলেন। আমরা আজ যখন ইতিহাসের পাতায় সেদিনের ঘটনা পাঠ করছি, তখন এক্ষেত্রে ইউসুফ বিন তাশফীনের তুলনায় ইবনে আব্বাদের মতই তুলনামূলক সঠিক মনে হয়। কেননা, আলফনসো এরূপ দশা পেয়েও দমে যাননি; বরং এরপর আরও বিশ বছর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন; যাল্লাকার পরাজয়ে তিনি মোটেও দুর্বল বা হতোদ্যম হননি। যাল্লাকার যুদ্ধের দিন যদি তাকে হত্যা করা হতো, আজ আমরা নিশ্চিত করে আন্দালুসের ইতিহাস অন্যভাবে লিখতাম।

টিকাঃ
৪১. ইবনে খালিকান, ওয়াফায়াতুল আ'ইয়ান, ১/১১৯।
৪২. দেখুন ইবনুল আছীর, আল-কামিল, ৪/৪৮৭, হিজরী, আসরাদুল কিরাত, পৃ: ২৬১, আব্দুল ওয়াাহিদ আদমারুয়াহ, আল-মুজীব ফী তলখিছি আখবরিয়া মাগরিব, পৃ: ১৬৪-১৬৫, মাগামী, নাফহতুল তীর, ৫/৩৬৬ ও আল-মাকরী, আল-ইস্তিফাক, ২/৮৫।
৪৩. ইবনুল আছীর, আল-কামিল, ৪/৪৮৭।
৪৪. ইবনুল আছীর, আল-কামিল, ৪/৪৮৭।
৪৫. ইবনুল আছীর, আল-কামিল, ৪/৪৮৭।
৪৬. ইবনে খালিকান, ওয়াফায়াতুল আ'ইয়ান, ১/১১৯।
১০. আলসরা, আলহুল্লাল মুওয়াস্সিয়া, পৃ: ২৯০।
১১. আলসরা, আলহুল্লাল মুওয়াস্সিয়া, পৃ: ৮১।
১২. ইবনুল খতীব, আ'মালুল আ'লাম, তৃতীয় খণ্ড, পৃ: ২৪৫।

📘 আন্দালুসের ইতিহাস 📄 যুদ্ধবিবরণ যাল্লাকার মহানায়ক ইউসুফ বিন তাশফীনের কলমে

📄 যুদ্ধবিবরণ যাল্লাকার মহানায়ক ইউসুফ বিন তাশফীনের কলমে


যাল্লাকা যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দালিলিক নথি অতি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। এর লেখক স্বয়ং যাল্লাকা যুদ্ধের মহানায়ক আমীরুল মুসলিমীন ইউসুফ বিন তাশফীন। প্রফেসর মুহাম্মাদ আবদুর্রাহমান ইবনুল ইতাহ্হা’ ‘দাওলুল ইসলাম ফীল আন্দালুস'-এ পুরো বিবরণটিই উদ্ধৃত করেছেন। আমীর ইউসুফ বিন তাশফীন লিখেছেন:

'সৈন্য-সমাবেশ ঘটিয়ে আমরা আলফনসোর উদ্দেশে রওয়ানা হলাম এবং মুসলিম ভূমি কুরিয়ারি এলাকায় পৌঁছলাম। আমাদের আগমনের সংবাদ পেয়ে সে-ও ময়দানে এল এবং আমাদের অপেক্ষায় একটি বিস্তৃত প্রাঙ্গণে ছাউনি স্থাপন করল। কোরআনে বর্ণিত মহান আল্লাহ তাআলা’র শিক্ষা অনুযায়ী আমরা তাকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে বার্তা পাঠালাম এবং তাকে দ্বীনে মুহাম্মাদী গ্রহণ করার দাওয়াত দিলাম। অন্যথায় হীনবল হয়ে জিজিয়া প্রদান এবং অধিকৃত এলাকার দখল ছেড়ে দেওয়ার মাধ্যমে ইসলামের বশ্যতা স্বীকার করতে বললাম। কিন্তু সে অস্বীকৃতি জানালো এবং উগ্রতা প্রকাশ করল। সে কুফরী ও ভ্রষ্টতার পথেই অগ্রসর রইল। এরপর সে আমাদের উদ্দেশে অগ্রসর হল এবং খ্রিস্টান জাতিকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্ররোচিত করল। সে তার সৈন্য-সামন্ত নিয়ে আমাদের ছাউনি থেকে কয়েক ক্রোশ দূরে ছাউনি স্থাপন করল। ময়দানে উপস্থিত থাকলেও পরবর্তী কয়েকদিন আমরা তাদের দিক থেকে সাড়া পেলাম না। এ সময় আমরা অগ্রবর্তী দল পাঠিয়ে তার গতিবিধির খোঁজখবর নিলাম। অবশেষে ৪৭৯ হিজরীর ১২ রজব বৃহস্পতিবার দিন আমরা তার সঙ্গে লড়াই করার সর্বশেষ প্রস্তুতি নিলাম এবং বাহিনী বিন্যাস করলাম।'

'শুক্রবার দ্বিতীয় প্রহরে হঠাৎ করেই খ্রিস্টান বাহিনীর সবগুলো অংশ দিগন্ত ছেড়ে আমাদের দিকে ধেয়ে এল। আত্মরক্ষার জন্য তারা নিজেদের শরীর বর্ম দ্বারা আবৃত করেছিল আর পায়ে বেঁধেছিল লোহার পাত। মদমত্ত খ্রিস্টান বাহিনী ভাবছিল, জয় তাদেরই হবে। সেদিন তো আমরা আপন আপন তাঁবুতে অবস্থান করছিলাম। সে মুহূর্তে আমরা সকলে ছিলাম উদাসীন ও অপ্রস্তুত। তারা পূর্ণ উদ্যমে ও প্রবল উৎসাহে ধেয়ে এল এবং আন্দালুসী বাহিনীর প্রধান মু'তামিদের ছাউনিতে হামলা করল, যেন তাদের লক্ষ্য কেবল মু'তামিদের সেনাদল। আমাদের সঙ্গী দাউদ তার সামনেই অবস্থান করছিলেন। পুরো খ্রিস্টান বাহিনী তাদের প্রভাবশালী অশ্বারোহী নিয়ে একযোগে মু'তামিদের সেনাদলের ওপর প্রবল ক্রোধে ঝাঁপিয়ে পড়ল। খ্রিস্টান বাহিনীর আক্রমণে মু'তামিদের সেনাদল দিশেহারা হয়ে পড়ল। তাদের অবস্থা এমন হল যেন কিছু শুনতে পাচ্ছে না, ভয়ে পাজর কম্পমান, হতভম্ব কিংকর্তব্যবিমূঢ়। ভয়ে তারা অবস্থান ছেড়ে পালাল এবং আত্মরক্ষার জন্য কোনো দুর্গ তালাশ করতে লাগল। কিন্তু আল্লাহ ছাড়া কে আছে আশ্রয়দাতা! যুদ্ধক্ষেত্রের জটিল পরিস্থিতি দেখে তারা পালিয়ে বাতালইয়ুসে আশ্রয় নিল আর তাদের সেনাপতি মু'তামিদকে একাকী ফেলে রেখে গেল সামান্য কিছু পদাতিক সেনা ও তীরন্দাজ দলের সঙ্গে।'

'খ্রিস্টান বাহিনী মুসলিম বাহিনীর ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল, যেমন সিংহ ঝাঁপিয়ে পড়ে তার শিকারের ওপর। দীর্ঘ সময় পর্যন্ত কেবল মু'তামিদ ও তার সৈন্যরা পুরো খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে গেল। যুদ্ধের সেই ঘোরতর পরিস্থিতিতে মু'তামিদ এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন, যেন মৃত্যুর সাক্ষাৎ পেয়ে গিয়েছিলেন। কিন্তু তার লক্ষ্যের অবিচলতার কারণে আল্লাহ তাকে রক্ষা করলেন। দীর্ঘক্ষণ তিনি বীরের মতো লড়াই করে গেলেন। তার অশ্বারোহী সৈন্যরা কেউ ফিরল না, কেউ তার পক্ষ হয়ে প্রতিরোধও করল না। এরপর আলফনসোর বিশাল পাহাড়ের ন্যায় কালো সেনাদল আমাদের ছাউনি ও তাঁবু লক্ষ্য করে অগ্রসর হল। তারা এসব ছাউনির চারপাশে প্রদক্ষিণ করতে লাগল এবং অনেককে হত্যা করল। আল্লাহর শোকর, যারা নিহত হলেন, সকলেই লাভ করলেন শহীদী মর্যাদা। আমরা তখনও আপন স্থানেই অবস্থান করছিলাম।'

'যখন আমাদের হস্তক্ষেপে সময় হল, আমরা গিরিপথের আড়াল থেকে উজ্জ্বল অগ্নিশিখার ন্যায় আরবী অশ্বে সওয়ার হয়ে আবারো অবারিত বেরিয়ে এলাম। মুস্তাইন বাহিনী যখন আমাদেরকে দেখল, তারা ভাবল, এই বুঝি তাদের তরবারির নতুন গ্রাস এসে গেছে! আমরা আল্লাহর নামে তাকবীর দিয়ে রণক্ষেত্র থেকে অগ্রসর হলাম এবং মর্যাদাপূর্ণ মৃত্যুর জন্য জেগে উঠলাম। আমরা পরস্পর বলাবলি করতে লাগলাম, দুনিয়াতে এটিই আমাদের শেষ দিন। সুতরাং সকলে শহীদী মৃত্যুর জন্য প্রস্তুত হও। প্রতিপক্ষ ভীড়ের ন্যায় আমাদের দিকে ছুটে এল। আল্লাহ তায়ালা আমাদের দৃঢ়পদ রাখলেন এবং আমাদের অন্তরে শক্তি যোগালেন। আমাদের প্রবল আক্রমণে খ্রিস্টান সৈন্যরা রণভঙ্গ দিয়ে পালাতে লাগল। আল্লাহর কী কুদরত! তাদের অধিকাংশ কোনো তরবারি বা বর্শার আঘাত ছাড়াই মাটিতে লুটিয়ে পড়ল। ভীড় তাদের হস্তচালনার শক্তি কেড়ে নিল। আমরা বর্শা দিয়ে তাদের আঘাত করতে লাগলাম। সুপ্রশস্ত পৃথিবী যেন হঠাৎ করেই তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। দিগ্বিদিক হারিয়ে পলায়নরত খ্রিস্টান সেনাদের অবস্থা এমন ছিল যে, সামনে যা-ই পাচ্ছে, তাকেই মুসলিম সৈন্য ভেবে কেঁপে উঠছে! মুসলিম বাহিনীর তরবারির আঘাতে খ্রিস্টান বাহিনীতে রক্তের বন্যা বয়ে গেল।'

'আমরা আমাদের সুরক্ষিত ও তেজী আরবী ঘোড়ায় চড়ে যুদ্ধ করছিলাম। আমাদের প্রত্যেকের তরবারির খাপে ছিল দুটি তরবারি আর হাতে ছিল তৃতীয় আরেকটি। যাই হোক, খ্রিস্টান সৈন্যদের ভূপাতিত মৃতপ্রায় দেহগুলো মাটিতে গড়াগড়ি খেতে লাগল। পলায়নপর মুসলিম সৈন্যরা ফিরে আসতে লাগল। আমাদের প্রতিটি ছাউনি আবার পূর্ণ হল। খ্রিস্টান বাহিনীর দু’ হাজার বা তারও কম সৈন্য বাঁচতে পেরেছিল। আমরা জানতে পেরেছি, বেঁচে যাওয়ার মধ্যে আলফনসো ছিল। আহত ও দুর্বল অবস্থায় তারা তাদের ছাউনিতে অবস্থান করল এবং পলায়নের জন্য রাতের অন্ধকারের অপেক্ষা করছিল। আল্লাহর কসম! আমাদের পদাতিক ও অশ্বারোহী সৈনিকগণ তাদের ছাউনিতে প্রবেশ করে তাদের আসবাব-পত্র, সহায়-সম্বল তুলে নিচ্ছিল আর তারা এমনভাবে তাকিয়ে ছিল, যেভাবে ছাগল তাকিয়ে থাকে কসাইয়ের ছুরির দিকে। রাত যখন গভীর হল, তারা লাঞ্ছিত অবস্থায় পালাতে লাগল। কত বর্ম মাটিতে পড়ে ছিল! কত ঘোড়া হাঁটু গেঁথে মাটিতে বসে ছিল! তারা পালিয়ে প্রথমে কুরিয়ারে আশ্রয় নিল, এরপর যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। আমরা আমাদের সৈন্যদের পুনর্গঠন করে নিলাম এবং মু’তামিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করলাম। আল্লাহ সাহায্য করায় তারই শোকর আদায় করতে করতে বিজয়ী বেশে আমরা প্রত্যাবর্তন করলাম। এ যুদ্ধে আমরা আমাদের এমন তিনজন বীর যোদ্ধাকে হারিয়েছি, যাদের বীরত্বের খ্যাতি পুরো মাগরেব জুড়ে ছিল। এরপর আমরা সেভিলে মু’তামিদের রাজধানীতে ফিরলাম এবং সেখানে তার আতিথ্য গ্রহণ করলাম।'

টিকাঃ
১. আ'মালুল আ'লাম, তৃতীয় খণ্ড, পৃ: ২৩৯।
১৩. আলসরাফ আদনা বা নিম্ন সীমার অঞ্চলের একটি এলাকা।
১৪. মুহাম্মাদ আবদুল্লাহ ইনান, দাওলাতুল ইসলাম ফিল আন্দালুস, ৫/৪৯৪।

ফন্ট সাইজ
15px
17px