📘 আন্দালুসের ইতিহাস 📄 সেভিল অবরোধ

📄 সেভিল অবরোধ


সেভিল রাষ্ট্রের অধীনস্থ সকল প্রদেশে ব্যাপক লুটতরাজ ও অগ্নিসংযোগের পর ৪৭৭ হিজরিতে (১০৮৫ খৃষ্টাব্দে) আলফান্সো সেভিল নগরী অবরোধ করেন। এরপর তিনি মু'তামিদের কাছে একটি বার্তা পাঠান। বার্তাটি ছিল হুমকি ও প্রতিশোধের ভাষায় পূর্ণ। বার্তার সারমর্ম ছিল এই যে, টলেডোর পতন দেখেও যেন সেভিল শিক্ষা গ্রহণ করে। মু'তামিদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও আলেমদের একত্রিত করলেন। তৎকালীন প্রখ্যাত ফকীহ আবু আবদুল্লাহ বিন আল-কাশ উল্লেখ করলেন, 'এই পরিস্থিতির জন্য আমাদের অনৈক্যই দায়ী। এখন আমাদের কেবল একটি করণীয় আছে– আল্লাহর আশ্রয় প্রার্থনা করা এবং কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হওয়া।' এরপর মু'তামিদ আলফান্সোর চিঠির কড়া জবাব দিলেন। তিনি লিখলেন, 'তোমার হুমকি আমাদের সামনে তুচ্ছ। আল্লাহই তাঁর দ্বীনকে বিজয়ী করবেন এবং তোমার বিরুদ্ধে আমরা আল্লাহর সাহায্য চাই।' এরপর মু'তামিদ সেভিলের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে মনোযোগ দেন।

টিকাঃ
১২৯. বিস্তারিত বিবরণ দেখুন: আন্দালুসিয়া মুক্তারমালা, পৃ: ৫২-৫৩।
১৩০. দিয়ারী, আন্দালুসিয়া ইতিহাস, পৃ: ২৪৪।

ফন্ট সাইজ
15px
17px