📄 ছয়. মুসলিম আন্দালুসের অন্যান্য বিভক্ত রাষ্ট্র
বিভক্ত রাষ্ট্রসমূহের যুগে যে কয়েকটি শক্তিশালী রাষ্ট্রের কথা আলোচনা করা হয়েছে, সেগুলি ছাড়াও আন্দালুসে আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন প্রশাসনের উদ্ভব ঘটেছিল। মূলত বিভিন্ন শহরে প্রভাবশালী গোত্রগুলো কর্ডোভার নিয়ন্ত্রণ ছিন্ন করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। উল্লেখযোগ্য কিছু রাজবংশ হলো: গ্রানাডার বনু যীরী, মুরসিয়ার বনু তাহির, কারমোনার বনু বিরযাল, রুন্দার বনু ইয়াফরাান এবং মালাগার বনু হামুদ। এসকল রাষ্ট্রের শাসকরাও নিজ নিজ দরবারে কবি ও আলেমদের পৃষ্ঠপোষকতা করতেন।
ইবনুল খতীব এসব শাসকের অবস্থা বর্ণনা করে লিখেছেন যে, এঁদের কারোই খেলাফতের বৈধতা ছিল না, কেবল ক্ষমতার মোহে তাঁরা বিভক্তি সৃষ্টি করেছিলেন। তাঁরা প্রত্যেকেই বড় বড় রাজকীয় উপাধি (যেমন: মু'তামিদ, মুতওয়াক্কিল, মুসতাঈন) গ্রহণ করেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে তাঁদের শক্তি ছিল নগণ্য। কবিরা তাঁদের প্রশংসা করলেও তাঁরা ছিলেন অন্যদের করুণার পাত্র।
টিকাঃ
১. ইবনুল খতীব, আ’মালু আ’লাম, পৃ: ১৪৪।