📄 জারাগোজার ভৌগোলিক অবস্থান ও সামরিক গুরুত্ব
জারাগোসা (সারাগোসা) নগরী ছিল ইব্রো নদীর তীরে অবস্থিত। এর অধীনে তুদেলা, হুয়েস্কা এবং বারবাষ্ট্রোর মতো শক্তিশালী শহরগুলো ছিল। তিনটি খৃষ্টান রাষ্ট্রের (ক্যাটালুনিয়া, নাভারা ও ক্যাস্টেলা) সীমান্তে অবস্থিত হওয়ায় জারাগোসাকে বলা হতো ‘আস-সাগারুল আ’লা’ বা সর্বোচ্চ সীমান্ত। আন্দালুসের নিরাপত্তার জন্য এই অঞ্চলের গুরুত্ব ছিল অপরিসীম।
📄 জারাগোজায় বনু তুজাইব গোত্রের শাসন
বনু হুদের পূর্বে জারাগোসায় বনু তুজাইব গোত্রের শাসন ছিল। আলমানসুর বিন আবু আমির এই পরিবারকে জারাগোসার দায়িত্ব প্রদান করেছিলেন। ৪০৮ হিজরীতে মুনধির বিন ইব্রাহীম আল-তুজাইবী সেখানকার প্রশাসক ছিলেন। তিনি খৃষ্টান রাষ্ট্রগুলোর সঙ্গে সন্ধি করে সীমানা রক্ষা করতেন।
📄 জারাগোজায় বনু হুদের শাসনামল
৪৩০ হিজরীতে বনু তুজাইব পরিবারের কোন্দলের সুযোগে সুলাইমান বিন হুদ জারাগোসার শাসনভার গ্রহণ করেন। তাঁর মাধ্যমেই জারাগোসায় হুদীয় বংশের সূচনা হয়।
📄 সুলাইমান আলমুসতাইন বিন হুদ
সুলাইমান বিন হুদ ৪৩১ হিজরীতে জারাগোসার শাসনভার গ্রহণ করে ‘আল-মুসতাইন বিল্লাহ’ উপাধি ধারণ করেন। তাঁর শাসনকালে টলেডোর আল-মামুনের সাথে তাঁর তীব্র দ্বন্দ্ব ছিল। তিনি নিজের সন্তানদের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রদেশ ভাগ করে দিয়েছিলেন, যা পরবর্তীতে অভ্যন্তরীণ কোন্দলের কারণ হয়ে দাঁড়ায়। ৪৩৮ হিজরীতে তিনি মৃত্যুবরণ করেন।
টিকাঃ
৬৪৮. ইবনুল আব্বারী, ৫/১৭৫-১৭৬।