📄 টলেডোর (ভৌগোলিক) গুরুত্ব
মুসলিম আন্দালুসে টলেডো (টুল্লাইতূলা) ছিল সামরিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নগরী। এটি ‘মধ্য সীমান্ত অঞ্চল’ হিসেবে পরিচিত ছিল। ভৌগোলিকভাবে এটি আন্দালুসের প্রায় কেন্দ্রে অবস্থিত হওয়ায় উত্তরের খৃষ্টানদের আক্রমণ থেকে দক্ষিণের বড় বড় শহরগুলোকে রক্ষা করতে এটি ঢাল হিসেবে কাজ করত। এর তিন দিক পাহাড় ও নদী দ্বারা বেষ্টিত হওয়ায় এটি ছিল প্রাকৃতিকভাবেই এক সুরক্ষিত দুর্গ।
📄 বনু যিননুনের মূলধারা ও ইতিহাস
বনু যিন্নুন মূলত বার্বার বংশোদ্ভূত একটি পরিবার। তারা হুওয়ারা গোত্রের অন্তর্ভুক্ত ছিল। আলমানসুর বিন আবু আমিরের শাসনামলে তারা বিশেষ প্রতিপত্তি লাভ করে। আবদুর রহমান বিন ইসমাইল বিন যিন্নুন ছিলেন সান্তামারিয়া অঞ্চলের প্রশাসক। তাঁর পুত্র ইসমাইল ফিতনার সময় টলেডোর গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন এবং পরবর্তীতে সেখানে স্বাধীনতা ঘোষণা করেন।
টিকাঃ
৬৪২. ইবনে আযারী, ৩/২৮৬; ইবনে খালদুন, ৪/৬১।
📄 টলেডোতে বনু যিননুনের শাসন
উমাইয়া খেলাফতের পতন এবং আমিরিয়া সালতানাতের অবসানের পর টলেডো একটি বিশৃঙ্খল জনপদে পরিণত হয়েছিল। এই সময় নগরীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সান্তামারিয়ার প্রভাবশালী নেতা ইসমাইল বিন যিন্নুনকে টলেডোর শাসনভার গ্রহণের প্রস্তাব পাঠান। এর মাধ্যমেই টলেডোতে বনু যিন্নুনের রাজত্বের সূচনা হয়।
📄 আযযাফির ইসমাইল বিন যিননুন
ইসমাইল বিন যিন্নুন ৪২৭ হিজরীতে টলেডোতে প্রবেশ করে ক্ষমতা গ্রহণ করেন এবং ‘আয-যাফির’ উপাধি ধারণ করেন। তিনি অত্যন্ত ধূর্ত ও কৌশলী ছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি আন্দালুসের মুসলিম রাষ্ট্রের ঐক্যে ভাঙন ধরিয়ে নিজেকে স্বাধীন ঘোষণা করেছিলেন। তাঁর শাসনামলে টলেডো বেশ শক্তিশালী হয়ে ওঠে। ৪৩৫ হিজরীতে তাঁর মৃত্যু হয়।
টিকাঃ
৬৪৬. ইবনে হাইয়ান, ২/৩৮২।
৬৪৯. ইবনে খালদুন, ৪/৬১।