📘 আন্দালুসের ইতিহাস 📄 বনু আফতাসের শাসনের সূচনা

📄 বনু আফতাসের শাসনের সূচনা


আন্দালুসের পশ্চিম অঞ্চলে (পর্তুগাল) প্রশাসনিক নিয়ন্ত্রণ সাবুর আল-আরিফী নামক এক পরিচারকের হাতে ছিল। তিনি ছিলেন হাকাম আল-মুনতাসিরের মুক্ত ক্রীতদাস। যখন পুরো মুসলিম আন্দালুস জুড়ে গোলযোগ ও বিখণ্ডতা দেখা দেয়, তখন সাবুর এই অঞ্চলে একক ক্ষমতা প্রতিষ্ঠা করেন এবং কর্ডোভা থেকে বিচ্ছিন্ন স্বতন্ত্র রাষ্ট্র গঠনের ঘোষণা দেন। সাবুর যদিও একজন বীর যোদ্ধা ছিলেন, কিন্তু প্রশাসনিক দক্ষতায় তিনি পিছিয়ে ছিলেন। তাই তিনি আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন মাসলামা আল-আফতাসকে তাঁর উযীর নিযুক্ত করেন। ৪১৯ হিজরীতে (১০২২ খৃষ্টাব্দে) সাবুর মৃত্যুবরণ করলে আবদুল্লাহ আল-আফতাস সাবুরের সন্তানদের ক্ষমতা থেকে সরিয়ে নিজে শাসনভার গ্রহণ করেন এবং ‘আল-মানসুর’ উপাধি ধারণ করেন।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন আফতাস

📄 আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন আফতাস


আবদুল্লাহ বিন মাসলামা, যিনি ‘ইবনুল আফতাস’ নামে পরিচিত, ছিলেন জ্ঞান, প্রজ্ঞা ও সহনশীলতার অধিকারী। শাসন ক্ষমতায় আসীন হয়ে তিনি সেনাবাহিনী শক্তিশালী করেন এবং বহিঃশত্রুর হাত থেকে রাষ্ট্র রক্ষায় উদ্যোগী হন। বিশেষ করে তাঁর প্রতিবেশী দুই প্রবল প্রতিদ্বন্দ্বী সেভিলের বনু আব্বাদ ও টলেডোর বনু যিননুনের বিরুদ্ধে তাঁকে সদা সতর্ক থাকতে হতো। ৪২১ হিজরীতে তিনি সেভিলের কাযী ইবনে আব্বাদের কাছে বন্দি হয়েছিলেন, যদিও পরে মুক্তি পান। আবদুল্লাহ বিন আফতাস তাঁর রাজত্বের পরিসর বৃদ্ধি এবং ক্ষমতা মজবুত করার এক পর্যায়ে ৪৩৭ হিজরীতে (১০৪৫ খৃষ্টাব্দে) ইন্তেকাল করেন।

টিকাঃ
৬০২. ইবন আ‘যারী, আলবায়ানুল মুগরিব, ৩/২০৭।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আলমুজাফফার মুহাম্মাদ বিন আফতাস

📄 আলমুজাফফার মুহাম্মাদ বিন আফতাস


পিতার মৃত্যুর পর মুহাম্মাদ ‘আল-মুজাফফার’ উপাধি ধারণ করে শাসনভার গ্রহণ করেন। তিনি তাঁর পিতার মতোই দূরদৃষ্টিসম্পন্ন ও প্রাজ্ঞ ছিলেন। তিনি সেভিলের বনু আব্বাদ ও টলেডোর বনু যিন্নুনের সাথে পাল্লা দিয়ে নিজের রাষ্ট্রের প্রভাব বিস্তার করেন। তাঁর শাসনামলে বাত্তালইউস রাষ্ট্র যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। তবে উত্তরের খৃষ্টান নৃপতি প্রথম ফার্দিনান্দের ক্রমাগত আক্রমণের মুখে তাঁকে কুম্বরিয়া (Coimbra) শহরসহ বেশ কিছু অঞ্চল হারাতে হয়। তিনি ৪৮০ হিজরীতে (১০৬৭ খৃষ্টাব্দে) মৃত্যুবরণ করেন।

মুজাফফার বিন আফতাস কেবল যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানানুরাগী। তিনি ‘কিতাবুল মুজাফফার’ নামে একটি সুবিশাল জ্ঞানকোষ রচনা করেন, যা ছিল তাঁর সময়ের শ্রেষ্ঠ সাহিত্যিক ও ঐতিহাসিক সংকলন। প্রখ্যাত ইমাম ইবনে হাযম আন্দালুসী এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন।

টিকাঃ
৬০৩. ইবনুল আ‘বার, আলহুল্লাতুস সায়িরা, ১/৯৭; ইবনুল খতীব, পৃ: ১৮৩।
৬০৬. ইবন আ‘যারী, আলবায়ানুল মুগরিব, ৩/২৯৮-৩০০।
৬০৯. ইবন আ‘যারী, আলবায়ানুল মুগরিব, ৩/২০২-২০৭; ইবনুল খতীব, আ‘মালুল আ‘লাম, পৃ: ১৯৩-১৯৪।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আলমানসুর ইয়াহইয়া বিন আফতাস

📄 আলমানসুর ইয়াহইয়া বিন আফতাস


মুজাফফার বিন আফতাসের মৃত্যুর পর তাঁর দুই পুত্র ইব্রাহীম ও ওমর ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েন। ইব্রাহীম ‘আল-মানসুর’ উপাধি নিয়ে বাত্তালইউসের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু দুই ভাইয়ের এই দ্বন্দ্বের ফলে কাস্টেলো-রাজ আলফোন্সো মুসলিম ভূখণ্ডে আক্রমণের সুযোগ পায়। এই সংঘাতের এক পর্যায়ে ৪৬১ হিজরীতে ইব্রাহীম আল-মানসুর মৃত্যুবরণ করলে তাঁর ভাই ওমর ‘মুতাওয়াক্কিল’ উপাধি নিয়ে একক ক্ষমতা লাভ করেন।

ফন্ট সাইজ
15px
17px