📘 আন্দালুসের ইতিহাস 📄 ভোগ-বিলাস ও শৌখিনতার ব্যাপক প্রচলন

📄 ভোগ-বিলাস ও শৌখিনতার ব্যাপক প্রচলন


উমাইয়া খেলাফতের পতনের অন্যতম মৌলিক কার্যকারণ ছিল ভোগ-বিলাস ও শৌখিনতার ব্যাপক প্রচলন। মূলত আবদুর রহমান আননাসিরের শাসনকালে তাঁর মাধ্যমেই এর সূচনা হয়েছিল। এই মহান শাসকের শাসনামল অন্যান্য নানা বৈশিষ্ট্যের পাশাপাশি সীমাহীন বিলাসিতা, শৌখিনতা এবং পার্থিব চাকচিক্য ও সাজসজ্জার পেছনে প্রচুর অর্থ-সম্পদ ব্যয় করার দিক থেকেও বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। 'রাজা চলে রাজার চালে'—এই প্রবচনকে মেনে জনপদও বিভিন্ন অর্থহীন ও তুচ্ছ কাজে জড়িয়ে পড়ছিল। আর এটা তো চিরন্তন সত্য যে, পৃথিবী ও পার্থিব-সম্পদ হলো বিলাসীর এক মোহ।

আরামপ্রিয় এই স্বভাবের সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো আবদুর রহমান আননাসিরের প্রতিষ্ঠিত আয-যাহরা রাজপ্রাসাদ। আয-যাহরা প্রাসাদ ছিল সৌন্দর্য ও জৌলুসের, আকর্ষণ ও চমৎকারিত্বের অনন্য-অসাধারণ নিদর্শন। আয-যাহরা প্রাসাদ ছিল সে সময়ের বিশ্বের এক বিস্ময়। এর পুরো ভেতরে স্বর্ণ-রূপার মিশ্রণ দ্বারা কাজ করা ছিল। আয-যাহরা প্রাসাদের বিলাসিতা ও কাঠামোগত সৌন্দর্য পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি ঝলসে দিত এবং চিন্তা ও বোধশক্তিকে অভিভূত করে দিত। আবদুর রহমান আননাসির যদিও শিক্ষা, সামরিক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিভাগেই প্রয়োজনীয় অর্থ ব্যয়ে কার্পণ্য করেননি; কিন্তু তাঁর আয-যাহরা নগরী ও প্রাসাদ নির্মাণকে অতিশয় বিলাসিতা ও সীমাহীন শৌখিনতা ছাড়া আর কী-ইবা বলা যেতে পারে! আর এই বিলাসিতাই শেষ পর্যন্ত পতন ডেকে আনে।

টিকাঃ
৭০৯. দেখুন : মাক্বারী, নফহুত তীব, ২/৮৫।

📘 আন্দালুসের ইতিহাস 📄 অযোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব অর্পণ

📄 অযোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব অর্পণ


বিলাসিতা ও অপব্যয়ের পাশাপাশি আমীরিয়া সালতানাত ও উমাইয়া খেলাফতের পতনের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যকারণ ছিল অযোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব অর্পণ। এই কার্যকারণটি সুষ্পষ্ট হয়ে ওঠে যখন হাকাম বিন আবদুর রহমান আননাসির তাঁর পরবর্তী খলীফা হিসেবে নিজ পুত্র হিশামকে নির্বাচন করেন; অথচ হিশাম তখন নিতান্তই বালক, যাঁর বয়স ছিল মাত্র পনেরো বছর। এই সিদ্ধান্তের মাধ্যমে হাকাম যেন উমাইয়া খেলাফতের পতনকে ত্বরান্বিত করেছিলেন। কারণ এর ফলে ক্ষমতা এমন কিছু ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে পড়েছিল, যারা যোগ্য ছিল না।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, 'যখন আমানত বিনষ্ট হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো।' সাহাবী প্রশ্ন করেছিলেন, আমানত কীভাবে বিনষ্ট হবে? নবীজী উত্তর দিলেন, 'যখন কোনো দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে প্রদান করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো।' রাষ্ট্র বা উম্মাহর কোনো গুরুত্বপূর্ণ পদ যখন অযোগ্য ব্যক্তি গ্রহণ করে, তখন অনিবার্যভাবে পতন ঘনিয়ে আসে। যখন খলীফার মতো রাষ্ট্রের সর্বোচ্চ পদ এই অনাচারের শিকার হয়, তখন অবস্থা কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়।

উমাইয়া খেলাফতের পতনের তৃতীয় কারণ হলো, আমীরিয়া সালতানাতের উদ্ভবকাল থেকেই আন্দালুস ভূখণ্ডে ক্ষমতার দলাদলি, অর্থের অপব্যবহার ও দুর্নীতির প্রাদুর্ভাব ঘটে। আমীরিয়া সালতানাতের দীর্ঘ তেত্রিশ বছর ধরে চলা এই অস্থিতিশীল অবস্থা আন্দালুসীয়দের ইসলামী তেজস্বিতা ম্লান করে দিয়েছিল এবং তারা পরাধীনতা ও বিশৃঙ্খলার শিকার হয়েছিল।

টিকাঃ
৭১০. সহীহ বুখারী, হাদীস নং ৬৪৯৬।

ফন্ট সাইজ
15px
17px