📘 আন্দালুসের ইতিহাস 📄 আবদুর রহমান আলনাসির-এর শাসনভার গ্রহণ

📄 আবদুর রহমান আলনাসির-এর শাসনভার গ্রহণ


উমাইয়া প্রশাসন আমলের দুর্বল শুরুর শেষদিকে আন্দালুসের পরিস্থিতি কেমন নাজুক ছিল, আমরা ইতিপূর্বেই তা জেনেছি। নিঃসন্দেহে তখন পরিস্থিতি এত নাজুক ছিল যে, তৎকালীন আন্দালুস পরিস্থিতির প্রতি পুঙ্খানুপুঙ্খকারী ব্যক্তি ভাবতে বাধ্য হবেন, আন্দালুসে ইসলামের পতন সুনিশ্চিত ও অত্যাসন্ন। পরিস্থিতি এমন ছিল যে, কয়েক মাস বা অল্প কয়েক বছরের মধ্যেই খৃষ্টানশক্তি আন্দালুসে প্রবেশ করবে এবং নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। আবদুর রহমান আদদাখিলের ন্যায় নতুন কোনো কুদরতি মুজিযার প্রকাশ না ঘটলে কিছুতেই মুসলিম আন্দালুস আসন্ন ধ্বংস থেকে পরিত্রাণ পাবে না। ঘোরতর সংকটে নিমজ্জিত আন্দালুস-ইতিহাসের এই ক্রান্তিলগ্নে মুসলমানগণ সত্যিই দরবার ইলাহীর কুদরতি সাহায্য প্রত্যাশায় প্রহর গুণছিল। আর সত্যিই আন্দালুসের ভাগ্যাকাশে উদিত হল নতুন এক ভাগ্যতারা; তাদের প্রত্যাশাকে বাস্তব করে আবারও আগমন হল এক আবদুর রহমানের। আল্লাহ রাব্বুল আলামীন আপন দয়া ও অনুগ্রহে আবারও আন্দালুসের মুসলমানদের ধন্য করলেন এক নতুন প্রশাসক দিয়ে, যাঁর ছোঁয়ায় সকল মুসলমান একতাবদ্ধ হল এবং রাষ্ট্রের ভিত্তি সুদৃঢ় হল।

📘 আন্দালুসের ইতিহাস 📄 কে এই আবদুর রহমান আলনাসির?

📄 কে এই আবদুর রহমান আলনাসির?


তার পূর্ণ নাম আমীরুল মুমিনীন আননাসির লি দ্বীনিল্লাহ আবুল মুতাররাফ আবদুর রহমান বিন মুহাম্মাদ বিন আবদুল্লাহ। তার মাতা ছিলেন মারিয়া নাম্নী জনৈকা উম্মে ওয়ালাদ। তার ষষ্ঠ ঊর্ধ্বর্তন পুরুষ ছিলেন কুরাইশী উমাইয়া বংশের আবদুর রহমান বিন মুয়াবিয়া। তিনি কর্ডোভাতেই জন্মগ্রহণ করেন এবং কর্ডোভাতেই লালিত-পালিত হন। আবদুর রহমান বিন মুহাম্মাদ জন্মের পরপরই এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। তার বয়স যখন মাত্র তিন দিন, তখন তার চাচা তার পিতাকে হত্যা করে। কারণ তার পিতা-ই তৎকালীন প্রশাসক আমীর আব্দুল্লাহর পর আমীর হওয়ার উপযুক্ত বলে বিবেচিত হয়েছিলেন। ফলে শিশু আবদুর রহমান পৃথিবীর আলোতে চোখ মেলেই মুখোমুখি হলেন এক সংকটময় বাস্তবতার। অভ্যন্তরীণ সংঘাত ও বহিরাক্রমণের লোলুপ দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে ব্যতিব্যস্ত উমাইয়া রাজপ্রাসাদের তখন এই অনাথ শিশুর প্রতি নজর দেওয়ার সময় ছিল না। তবে তার পিতামহ আমীর আব্দুল্লাহ, যিনি অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরায়ণ ছিলেন, তিনি তার এতিম পৌত্রের শিক্ষা-দীক্ষা ও প্রতিপালনের দায়িত্ব নিলেন। আমীর আব্দুল্লাহ যখন নিশ্চিত হলেন যে, আবদুর রহমানের পিতাকে যে অভিযোগে তার ভাই হত্যা করেছে, তিনি তা থেকে সম্পূর্ণ মুক্ত, তখন তিনি নিজ পুত্রকে কিসাস দণ্ডে দণ্ডিত করলেন।

টিকাঃ
৩০৯ ইবনুল আছীর, আল-কামিল, ৬/৪৫৭; ইবনে আযারী, আল-বায়ানুল মুগরিব, ২/১৯৬।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আবদুর রহমান আলনাসির সম্পর্কে কিছু তথ্য : প্রাথমিক জীবন, উন্নতির পথে অব্যাহত সাধনা

📄 আবদুর রহমান আলনাসির সম্পর্কে কিছু তথ্য : প্রাথমিক জীবন, উন্নতির পথে অব্যাহত সাধনা


আবদুর রহমান আননাসিরের কর্মময় ও সাফল্যমণ্ডিত জীবনের বিস্তারিত আলোচনা আমাদের জন্য বিশেষ মনোযোগের প্রয়োজন। আবদুর রহমান আননাসির যখন শাসনভার গ্রহণ করেন, তখন তার বয়স ছিল হিজরী বছর হিসেবে মাত্র বাইশ বছর। তিনি তখন আমাদের বর্তমান সময়ের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের বয়সী ছিলেন। শৈশব থেকেই তিনি যে বিশেষ তরবিয়ত লাভ করেছিলেন, ইতিহাসে তার দৃষ্টান্ত খুব বেশি নেই। জন্মের মাত্র তিন দিনের মাথায় পিতাকে হারানোর পর তার প্রতিপালনের দায়িত্ব কাঁধে তুলে নেন পিতামহ আমীর আবদুল্লাহ বিন মুহাম্মাদ। তিনি তাকে জ্ঞান, নেতৃত্ব, সমরনীতি ও সুচিন্তিত কর্মপদ্ধতির মাধ্যমে গড়ে তোলেন। আবদুর রহমানকে তিনি এমন আদর্শে গড়ে তোলেন, যেন তিনি হয়ে ওঠেন 'আবদুর রহমান আননাসির'। আবদুর রহমান যখন শাসনক্ষমতা গ্রহণ করেন, তখন তিনি মহান আল্লাহর প্রতি অগাধ আস্থা ও প্রচণ্ড আত্মবিশ্বাসের অধিকারী ছিলেন। পরিবর্তনের পথে কোনো সংশয় তাকে দানা বাঁধতে দেয়নি।

টিকাঃ
৫৩৪ ইবনুল আছীর, আল-কামিল, ৬/৫৯৮; ইবন আযারী, আল-বায়ানুল মুগরিব, ২/১৪৬; যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা, ৯/১১৯।

ফন্ট সাইজ
15px
17px