📄 উমাইয়া প্রশাসনের দুর্বলতার অন্যতম কারণ ওমর বিন হাফছুন
৩. উমাইয়া প্রশাসনের দুর্বলতার আরও কয়েক কারণ এবং ওমর বিন হাফছুন: ওমর বিন হাফছুন (২৪০-৩০০ হি./৮৫৬-৯১৩ খৃ.) বংশগত দিক থেকে মিশ্র বংশোদ্ভূত ছিল। তার নেতৃত্বে বিদ্রোহী একটি দল গড়ে ওঠে। আন্দালুসের মুসলিম সমাজ যখন ইসলামী চেতনা পরিত্যাগ করে বিলাসিতায় মগ্ন হল, তখন ওমর বিন হাফছুনের দল ভারী হল। সে তার দলবল নিয়ে আন্দালুসের দক্ষিণ অঞ্চলে বিদ্রোহ ঘোষণা করল। এভাবে একপর্যায়ে ওমর বিন হাফছুন পুরো দক্ষিণ আন্দালুসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল। ২৮৬ হিজরীতে (৮৯৯ খৃষ্টাব্দে) ওমর বিন হাফছুন এমন এক ঘৃণিত কাজ করল, যার দৃষ্টান্ত মুসলিম উমাইয়া ইতিহাসে খুব বেশি নেই। সে নিজের ধর্মপরিচয় পাল্টে মুরতাদ হয়ে গেল এবং ইসলাম ধর্ম ত্যাগ করে খৃষ্টধর্ম দীক্ষিত হল। ইসলামী নাম বদলে সে তার নতুন নাম রাখল স্যমুয়েল। তার লক্ষ্য ছিল এর মাধ্যমে উত্তরের খৃষ্টানদের লিওন সাম্রাজ্যের সমর্থন লাভ করা। ধর্মত্যাগের পর তার অনেক অনুসারী দল ত্যাগ করলেও সে লিওন সাম্রাজ্যের সমর্থন লাভ করল। এই সুযোগে লিওন সাম্রাজ্য ইসলামী রাষ্ট্রের সীমান্তে হামলা শুরু করল। উভয় দিক থেকে খৃষ্টান সাম্রাজ্যের আক্রমণ আর দক্ষিণ দিক থেকে স্যামুয়েলের আক্রমণ—মুসলিম আন্দালুস তখন হঠাৎ করেই ত্রিমুখী আক্রমণের শিকার হল।
টিকাঃ
৮৫১ ইবনু আছীর, আল-কামিলু ফিত-তারীখ, ১/১৫০।