📄 আন্দালুস-ভূমিতে ইসলামের প্রচার-প্রসার
আন্দালুসে ইসলামী সংস্কৃতির ভিত্তি সুদৃঢ় করার পর মুসলমানগণ এ অঞ্চলের জনসাধারণকে ইসলামের শিক্ষাদানে মনোযোগী হন। যেহেতু ইসলাম স্বভাব ও প্রকৃতির ধর্ম, তাই সরল ও পরিচ্ছন্ন স্বভাবের অধিবাসীগণ ইসলামের পরিচয় লাভ করামাত্রই ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে এবং নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করে। কারণ, আন্দালুসবাসী দেখতে পায়, ইসলাম একটি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ ধর্ম, যাতে মানবজীবনের সকল অঙ্গনে বিধি-বিধান সুবিন্যস্ত। তারা দেখতে পায়, ইসলামের আকীদা ও বিশ্বাস স্বচ্ছ ও সুস্পষ্ট, ইবাদত-রীতি সুশৃঙ্খল ও সুবিন্যস্ত। তারা আরও দেখতে পায়, রাজনীতি ও রাষ্ট্রনীতি, শাসন ও প্রজা-নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যবসা ও কৃষিনীতি, লেনদেন ও বাণিজ্যনীতি—এককথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট ও সুসংগঠিত বিধান রয়েছে। তারা উপলব্ধি করে, ইসলামে আছে বিজয়ী সেনাপতিদের আচার-আচরণ, ভাই-বোন, পিতা-মাতা, স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সকলের সঙ্গে আচরণের এবং সহাবস্থানের সুস্পষ্ট নিয়ম-পদ্ধতি। ইসলামের মাঝেই তারা খুঁজে পায় পশু ও পক্ষীর সঙ্গে, বরং সকল প্রাণীর সঙ্গে সুন্দর ও সুশৃঙ্খল আচরণ-নীতি।
ইতোপূর্বে আন্দালুসবাসী তাদের সামাজিক জীবনে ধর্ম ও রাষ্ট্রকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখে অভ্যস্ত ছিল। ধর্ম তাদের কাছে ছিল জটিল তত্ত্ব-সংবলিত রহস্য। আর তৎকালীন অবস্থা এই ছিল যে, শাসনকর্তা নিজের খেয়াল-খুশিমতো যে বিধান জারি করত, তা-ই হতো রাষ্ট্রীয় আইন। শাসনকর্তা তার ব্যক্তিগত মর্জিমতো আইন ও বিধান প্রণয়ন করত। কিন্তু ইসলামের সঙ্গে পরিচয় ঘটার পর তারা অবাক বিস্ময়ে লক্ষ করে, ইসলামে বিষয়টি সম্পূর্ণই বিপরীত। ইসলামে ধর্ম রাষ্ট্রীয় নীতি হতে পৃথক নয়, আর রাষ্ট্র ও আইন প্রসঙ্গে ধর্মীয় নীতির ঊর্ধ্বে নয়। ইসলামের এই অনুপম সৌন্দর্য এবং সুসংগঠিত ব্যবস্থাপনা অনুধাবন করার পর তারা ইসলামের শাশ্বত সত্যের আকর্ষণকে উপেক্ষা করতে পারেনি। দলে দলে তারা শামিল হতে শুরু করে ইসলামের সুশীতল পতাকাতলে। আন্দালুসের মূল অধিবাসীগণ খুব অল্প সময়ের মধ্যেই ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হয়। তাদের তুলনায় আরব ও আমাজিগ গোত্রের মুসলমানরা হয়ে পড়ে সংখ্যার দিক থেকে সংখ্যালঘু। এই নওমুসলিম আন্দালুসবাসীরাই ইসলামের অতন্দ্র প্রহরী ও সাহসী সৈনিকে পরিণত হয়। পরবর্তীতে তারাই শরীক হয় পর্যায়ক্রমে পরিচালিত বিজয়াভিযানের কাফেলায়।
📄 মিশ্র প্রজন্মের উৎপত্তি
আন্দালুসের মূল অধিবাসীগণ এবং মুসলিম অভিবাসীদের সহাবস্থান ও সংমিশ্রণের কারণে এবং দ্রুত গতিতে ইসলামের প্রসারের ফলে নতুন এক প্রজন্ম গড়ে ওঠে, যারা পরিচিত ছিল ‘মুওয়াল্লাদ’ (মিশ্র) প্রজন্ম নামে। এরা হলো সেসব আন্দালুসবাসীর সন্তান, যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। এদের পিতা ছিল আরব বা আমাজিগ (বার্বার), আর মা ছিল আন্দালুসী।
টিকাঃ
১৫৪. এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে সেনাপতি আবদুল আ’যীযের উদ্দেশ্যে প্রেরিত সামাহ বিন মালিকের সেই বাণীকে, যেখানে তিনি লিখেছিলেন, 'এ অঞ্চলে মুসলমানের সংখ্যা কম এবং তারা পুরো ভূখণ্ডে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে।' তিনি এই বাস্তবসম্মত সমীক্ষা করেছিলেন যখন আন্দালুস থেকে মুসলিম সামরিক বাহিনীর স্বদেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছিল। দেখুন: ইবন আযারী, আলবায়ানুল মুগরিব, ১/২৫০ ও ইবনুল আছীর, আলকামিল ফিততারীখ, ১/৩৪০-৩৪১।
১৫৫. বিস্তারিত জানতে দেখুন: ড. হুসাইন মুনিস, ফাজরুল আন্দালুস, পৃ: ৩৩৫-৩৫০।
📄 শ্রেণিবৈষম্যের বিলোপ এবং ধর্মীয় স্বাধীনতার প্রসার
এ আমলে মুসলমানগণ এ অঞ্চলে বসবাসরত খ্রিষ্টানদের একচ্ছত্র আধিপত্যকে বিলুপ্ত করতে সক্ষম হন। ইসলামের আগমনে সকল মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হয়। শাসক ও শাসিতের মাঝে কোনো শ্রেণি-বিভেদ না থেকে উভয় পক্ষই বিচারকের সামনে সমান অধিকার লাভ করে। এ সময় মুসলমানগণ আকীদা ও বিশ্বাসগত স্বাধীনতাকে অটুট রাখেন। খ্রিষ্টানদের গির্জাগুলোকে তারা ধ্বংস করেননি। মুসলমানগণ অন্যায়ভাবে কখনোই কোনো গির্জা ভাঙেননি কিংবা মসজিদে রূপান্তরিত করেননি। তবে খ্রিষ্টানগণ তাদের কোনো গির্জা ছেড়ে দিলে মুসলমানগণ তা যথাযথ মূল্যে কিনে নিতেন এবং সেখানে মসজিদ প্রতিষ্ঠা করতেন। আর তারা নিজ নিজ ধর্ম অনুযায়ী উপাসনা ও উৎসব পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করত এবং মুসলমানগণ তাতে কোনো প্রকার হস্তক্ষেপ করতেন না। এ সময় খ্রিষ্টানদের সঙ্গে মুসলমানদের এই সুমহান রীতি ও উদার সহাবস্থান ছিল তখনকালের কথা, যখন মুসলমানগণ ছিলেন বিজয়ী আর খ্রিষ্টানগণ ছিলেন বিজিত। এই তথ্যটি আমাদের আলোচনায় স্মরণ রাখতে হবে এবং এর সাথে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে পরবর্তীকালের খ্রিষ্টান শাসকদের সেই চরম নিষ্ঠুর ও অমানবিক আচরণকে, যা তারা আন্দালুস-ভূমিতে মুসলমানদের শাসন অবসানের পর 'ইনকুইজিশন' (The Tribunal of the Inquisition)-এর নামে করেছিল।
টিকাঃ
১৫৬. মুসলিম আন্দালুসে বসবাসকারী অমুসলিম নাগরিকবর্গের অবস্থা সম্বন্ধে জানতে ইবনুল আছীরের গ্রন্থ ছাড়াও দেখুন: নফহুত তীব, ১/৩০৫-৩০৬।
📄 নাগরিক সভ্যতার বিনির্মাণে বিশেষ গুরুত্বারোপ
এ আমলে মুসলিম শাসনকর্তাগণ নাগরিক সভ্যতা প্রতিষ্ঠায় বিশেষ মনোযোগী হন। এ সময় তাঁরা প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন দপ্তর ও সচিবালয়, কায়েম করেছেন নতুন নতুন বসতি ও শহর, নির্মাণ করেছেন রাস্তা-ঘাট, পুল-সেতু। এ সময়ের স্থাপত্য-উৎকর্ষ ও প্রকৌশল-দক্ষতার এক অনন্য উদাহরণ হলো 'কর্ডোভা সেতু' নামে খ্যাত এই বিশাল সেতুটি, যা সমকালীন ইউরোপে সবচাইতে দীর্ঘ ও বিস্ময়কর সেতু হিসেবে পরিগণিত হতো। এ সময়ে মুসলিম প্রশাসকগণ প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন শিল্প সংস্থা ও জাহাজ-নির্মাণ কারখানা। ফলে এ অঞ্চলের মুসলিম সামরিক বাহিনী একই সঙ্গে রণশক্তি ও জনবলে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি লাভ করেছিল।
টিকাঃ
১৩৬. জাবের আব্দুল্লাহ, ‘আন্দালুসের রাজবংশ’, পৃ: ৩০, ইবনে আ'যারী, আলবায়ানুল মুগরিব, ১/১৩৫ ও মাক্কারী, নাফহুত তীব, ১/২৯৫।