📄 পথে মূসা বিন নুসায়েরের গুরুত্বপূর্ণ কিছু অভিযান
একদল ঐতিহাসিকের দাবি হলো মুসা বিন নুসায়ের কিছুটা ঈর্ষান্বিত হয়ে তারিক বিন যিয়াদের বিজয়াভিযান স্থগিত করেছিলেন। তিনি চেয়েছিলেন যে, আল-আন্দালুস বিজয়ের কৃতিত্ব এককভাবে তারিক বিন যিয়াদের না হয়ে বরং তাঁরও অংশ থাকুক। আর এ কারণেই তিনি তারিকের অভিযান স্থগিত রেখে নিজে আল-আন্দালুস-ভূমিতে অভিযান পরিচালনা করেছিলেন। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো, মুসা বিন নুসায়ের ছিলেন সতর্ক ও সুদূরপ্রসারী দৃষ্টিসম্পন্ন সুদক্ষ প্রশাসক ও সেনানায়ক। হীনম্মন্যতার লেশমাত্র তাঁর মধ্যে ছিল না। আল-আন্দালুস অভিযানে নেতৃত্বের জন্য তিনি তাই তারিক বিন যিয়াদকে নির্বাচিত করেছিলেন। অধিকন্তু তারিক বিন যিয়াদ ছিলেন তাঁরই নির্বাচিত প্রশাসক। ইসলামের সুশীতল ছায়াতলে এবং বিজয়ীর আসনে তারিক বিন যিয়াদের আগমন তো মুসা বিন নুসায়েরের হাত ধরেই। সুতরাং তারিক বিন যিয়াদের যা কিছু অর্জন, নিশ্চিতভাবেই তা মুসা বিন নুসায়েরের কৃতিত্ব বলে গণ্য হবে।
কিন্তু মুসা বিন নুসায়েরের তাড়না ছিল মুসলিম বাহিনীর নিরাপত্তার বিষয়টি। মুসলিম বাহিনী আগমন ভূমি থেকে অনেক দূরে অবস্থান করছিল। সৈন্যদের সংখ্যাও তখন ছিল কম। অধিকন্তু রাজধানীর দিকে এগোতে গিয়ে মুসলিম বাহিনী দীর্ঘ পথ অতিক্রম করে অনেক অ-বিজিত ও শত্রুসংকুল নগরী পেছনে ফেলে গিয়েছিল। তাই মুসা বিন নুসায়ের তাঁর বাহিনী নিয়ে প্রথমে সেসব নগরীর দিকে রওনা হলেন, যেগুলোতে তারিক বিন যিয়াদ অভিযান পরিচালনা করেননি। প্রথমে তিনি সেভিল (Seville) অভিমুখে রওয়ানা হলেন। সেভিল যাওয়ার পথে প্রথমে তিনি তারিক বিন যিয়াদ কর্তৃক বিজিত সিডোনিয়া নগরীর অধিবাসীদের পুনর্সংগঠিত করলেন এবং তৎকালীন আন্দালুস অঞ্চলের অন্যতম প্রধান দুর্গ কারমোনা (Carmona) জয় করলেন। এরপর তিনি সেভিলে পৌঁছে সেভিল অবরোধ করলেন। কয়েক মাস দীর্ঘ অবরোধের পর সেভিলবাসী আনুগত্য স্বীকার করে দুর্গ-দ্বার উন্মুক্ত করে দিল। এরপর মুসা বিন নুসায়ের সেভিল অতিক্রম করে আরও উত্তরে চললেন। যে পথে তারিক বিন যিয়াদ অভিযান পরিচালনা করেছিলেন, তিনি সে পথে না গিয়ে উত্তর-পশ্চিমে চলতে লাগলেন। মুসা বিন নুসায়েরের লক্ষ্য ছিল একই সঙ্গে তারিক বিন যিয়াদের সহায়তা ও আল-আন্দালুস বিজয়াভিযানের পূর্ণতা নিশ্চিত করা; বিজয়-কৃতিত্ব ছিনিয়ে নেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। মুসা বিন নুসায়ের তাঁর পথচলা অব্যাহত রাখলেন। পথে তিনি বড় বড় আরও অনেক অঞ্চল জয় করলেন। এরপরে তিনি পৌঁছলেন মেরিডা (Mérida) নামক অঞ্চলে। তারিক বিন যিয়াদ তখনও টলেডোতে মুসা বিন নুসায়েরের আগমনের অপেক্ষায় আছেন। মেরিডা ছিল ওই সময়ের একটি সুরক্ষিত এলাকা, যেখানে বহুসংখ্যক গোথিক সৈন্য সমবেত হয়েছিল। মুসা বিন নুসায়ের মেরিডা অবরোধ করলেন। এ অবরোধ কয়েক মাস দীর্ঘ হলো। অবরোধের শেষ মাস ছিল রমযান মাস। ধৈর্য ও সহনশীলতার দীর্ঘ পরীক্ষার পর ঈদুল ফিতরের দিন মেরিডার বাসিন্দারা আনুগত্য স্বীকার করল এবং প্রাচীরের দ্বার খুলে দিল। মুসা বিন নুসায়ের তাদের সঙ্গে জিযিয়া প্রদানের শর্তে চুক্তি করলেন।
মেরিডা জয় করেই মুসা বিন নুসায়ের ক্ষান্ত হলেন না। তিনি তাঁর পুত্র আব্দুল আযীযকে পশ্চিমের বিভিন্ন অঞ্চল জয় করার জন্য প্রেরণ করলেন। পিতা মুসা বিন নুসায়েরের মতো আব্দুল আযীযও ছিলেন অকুতোভয় যোদ্ধা। পশ্চিম দিকে অভিযান পরিচালনা করে তিনি অনেক নতুন প্রদেশে প্রবেশ করলেন এবং অল্প সময়েই পুরো পশ্চিম অঞ্চল জয় করলেন। বর্তমানে এ অঞ্চলটি ‘পর্তুগাল’ নামে পরিচিত। অভিযান পরিচালনা করে তিনি লিসবন (Lisbon) পর্যন্ত পৌঁছালেন এবং লিসবন জয় করলেন। এ অভিযানের কারণেই আব্দুল আযীয বিন মুসা বিন নুসায়েরকে ‘পর্তুগাল বিজেতা’ হিসেবে গণ্য করা হয়।
টিকাঃ
১০. ড. ফারুক মারমারী এর ওপরে উল্লেখ করেছেন। দেখুন : লেখক অজ্ঞাত, আখবারুন মাজমুআ, পৃ : ২৪ ও রাফীকী, আল-আন্দালুস, ২/২৬।
১১. মুহাম্মাদ ইবনুল কাসিম, আল-আন্দালুস, পৃ : ৫৮।
১২. লেখক অজ্ঞাত, আখবারুন মাজমুআ, পৃ: ২৬ ও ৪৩।
১৩. আবদুল্লাহ বিন মুহাম্মদ, তাওয়ারিখ আল-আন্দালুস, পৃ: ২৮।
📄 মূসা বিন নুসায়ের ও তারিক বিন যিয়াদ
কোন কোন ইতিহাসগ্রন্থের তথ্য অনুযায়ী পুনর্মিলনের সময় মুসা বিন নুসাইর তারিক বিন যিয়াদকে তীব্র তিরস্কার ও ভর্ৎসনা করেছিলেন। বরং কতক বর্ণনামতে তিনি তাঁকে বন্দী করে ফেলেছিলেন এবং চাবুক প্রহার করেছিলেন। আরও কাহারও কাহারও বর্ণনা অনুযায়ী, মুসা বিন নুসাইর তারিক বিন যিয়াদকে হত্যা করার মনস্থ করেছিলেন। কিন্তু আমরা সুনিশ্চিতভাবে ও দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে, প্রকৃতপক্ষে এ ধরনের কিছুই ঘটেনি।
টিকাঃ
১৪. ড. ফারুক মারমারী, আল-আন্দালুস, পৃ : ২৬, ইবনুল জাওযী, আল-আন্দালুসুল মুসলিম, ২/১৪-১৫। রাফীক, আল-আন্দালুস, পৃ: ২৮।
১৫. লেখক অজ্ঞাত, আখবারুন মাজমুআ, পৃ : ২৬-২৭, ইবনুল আব্বাসী, আল-আন্দালুসুল মুসলিম, ২/১৮। রাফীক, আল-আন্দালুস, পৃ: ২৮।
১৬. মুহাম্মাদ ইবনুল কাসিম, আল-আন্দালুস, পৃ: ২৮।
১৭. লেখক অজ্ঞাত, আখবারুন মাজমুআ, পৃ: ২৮।
📄 দুই মহান বীরের সাক্ষাৎ এবং বিজয়াভিযানের পূর্ণতা
ব্যাপক পারস্পরিক সাক্ষাতের সময় মুসা বিন নুসাইর তারিক বিন যিয়াদের এ কারণে ভর্ৎসনা করেছিলেন যে, তিনি মুসার নির্দেশ আসার পূর্বেই টলেডো পর্যন্ত অভিযান অব্যাহত রেখেছিলেন। এই ভর্ৎসনা ছিল নিছকই প্রশাসনিক ও সাময়িক। এতে কোনো সন্দেহ নেই যে, ৭১২ খ্রিস্টাব্দ হতে ৭১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময় একে অপরের থেকে দূরে থাকার পর দুই সেনাপতির মিলন ছিল অত্যন্ত উষ্ণ ও আন্তরিকতাপূর্ণ। তারিক বিন যিয়াদের অব্যাহত বিজয়ের সংবাদ পাওয়ার পর মুসা বিন নুসায়ের যখন তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন মুসা তাঁকে বললেন, 'তারিক! খলীফা ওয়ালিদ বিন আব্দুল মালিক তোমার এই বীরত্বপূর্ণ সংবাদ পেয়ে তোমাকে পুরস্কার হিসেবে আল-আন্দালুসের প্রশাসন-দায়িত্বের চেয়ে বেশি কিছু দিতে পারবেন না। সুতরাং প্রজ্ঞা ও সহনশীলতার সঙ্গে তুমি তা গ্রহণ করে নাও।' উত্তরে তারিক বিন যিয়াদ বললেন, 'হে মহান আমীর! আল্লাহর শপথ! আমি তো ততক্ষণ পর্যন্ত এ পথ হতে ফিরে আসবো না, যতক্ষণ না আমার ঘোড়ার পদদলিত হয়ে আটলান্টিকের জলসীমা স্পর্শ করবে।' (তারিক বিন যিয়াদের উদ্দেশ্য ছিল উত্তর আটলান্টিক অর্থাৎ আল-আন্দালুস উপদ্বীপের উত্তর দিকের সীমানা)। অথবা তারিকের কর্মদক্ষতা ও রণকুশলতায় মুগ্ধ হয়ে মুসা বিন নুসায়ের আগেই এই উচ্চপদ দিতে চেয়েছিলেন। বিপরীতে তারিকের হৃদয়ে ছিল না কোনো নেতৃত্ব বা ক্ষমতার মোহ; বরং তাঁর হৃদয়জুড়ে ছিল আল্লাহর রাহে জিহাদ করার অদম্য বাসনা। দ্বীনপ্রচারের এ পথ ব্যতীত অন্য কিছুতেই তিনি সন্তুষ্ট ছিলেন না; হোক তা সুবিশাল উপসাগরের মাঝ-মাঝখানের জীবন।
টিকাঃ
১৮. ড. ফারুক মারমারী, আল-আন্দালুস, পৃ : ২১।
১৯. মুহাম্মাদ ইবনুল কাসিম, আল-আন্দালুস, পৃ: ৩১।