📘 আন্দালুসের ইতিহাস 📄 তারিক বিন যিয়াদের অব্যাহত অভিযান ও আন্দালুসের বিভিন্ন অঞ্চল জয়

📄 তারিক বিন যিয়াদের অব্যাহত অভিযান ও আন্দালুসের বিভিন্ন অঞ্চল জয়


বারবাত প্রান্তরে মুসলিম বাহিনীর ঐতিহাসিক বিজয়ের পর মাগরেব ও উত্তর আফ্রিকা থেকে অনেক নতুন অভিযাত্রী মুসলিম বাহিনীতে যোগ দিতে লাগল। ফলে মুসলিম বাহিনীর সৈন্যসংখ্যা আশাতীত বৃদ্ধি পেল। তারিক বিন যিয়াদ ভেবে দেখলেন, বিজয়কে পূর্ণতা দানের এবং সামান্য ক্ষয়ক্ষতি স্বীকারের মাধ্যমে পূর্ণ বিজয় বাস্তবায়নের এটিই শ্রেষ্ঠ সময়। এর পেছনে কারণগুলো ছিল—
১. এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে বার হাজার মুসলিম সৈনিকের অভাবনীয় বিজয়ের ফলে মুসলিম বাহিনী এখন অত্যন্ত উচ্চ মনোবল ও প্রাণশক্তির অধিকারী।
২. নতুন অনেক স্বেচ্ছাসেবী যোগ দেওয়ায় সৈন্যসংখ্যাও এখন প্রচুর।
৩. এই অভাবনীয় পরাজয়ে খ্রিষ্টান বাহিনীর আত্মবিশ্বাস ভেঙে পড়েছে।
৪. যুদ্ধে খ্রিষ্টান বাহিনী তাদের মূল শক্তি ও সেনাদল হারিয়ে প্রায় জনশূন্য হয়ে পড়েছে।
৫. রডারিকের পতনের ফলে সাধারণ জনগণের ওপর যে প্রভাব পড়েছে, তা তাদেরকে ইসলামের সুমহান শিক্ষার সঙ্গে পরিচিত করার বড় সুযোগ তৈরি করেছে।
৬. সিউটা-প্রশাসক জুলিয়ান কতক্ষণ মিত্র থাকবে তার কোনো নিশ্চয়তা ছিল না, তাই সময়ক্ষেপণ না করে দ্রুত অগ্রসর হওয়া জরুরি ছিল।

এসব কারণে তারিক বিন যিয়াদ বারবাত যুদ্ধ শেষ হওয়ার অবব্যহিত পরেই আন্দালুসের অভ্যন্তরে অসংখ্য শহর জয় করার লক্ষ্যে তাঁর বাহিনী নিয়ে তৎকালীন রাজধানী টলেডোর উদ্দেশে রওয়ানা হলেন। টলেডো তখন নতুন কোনো শাসককে বরণ করে নেওয়ার প্রতীক্ষায় ছিল। সেখানে রডারিক-অনুসারী ও উইটিযা-অনুসারীদের মধ্যে ক্ষমতার লড়াই চলছিল।

ফন্ট সাইজ
15px
17px