📘 আমরা সেই জাতি > 📄 একদিনে যিনি এতগুলো সৎকাজ করেছেন তিনি নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবেন

📄 একদিনে যিনি এতগুলো সৎকাজ করেছেন তিনি নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবেন


একদিন মহানবী (সা) তাঁর সামনে উপস্থিত সাহাবাদের লক্ষ্য করে বললেন, "তোমাদের মধ্যে এমন কে আছ যে আজ রোযা রেখেছ?” হযরত আবুবকর (রা) বললেন, "ইয়া রাসূলাল্লাহ, আমি রোযা রেখেছি।” নবী (সা) আবার বললেন, "এমন কে আছ যে, আজ কোন শবাধারের সাথে গমন করে জানাযার নামায পড়েছ?” আবুবকর (র) বললেন, "এইমাত্র আমি একাজ সামাধা করে এখানে এসেছি।” মহানবীর (সা) কন্ঠ থেকে আবার ঘোষিত হলো, "আচ্ছা এমন ব্যক্তি এখানে কে আছ যে আজ কোন পীড়িতের সেবা করেছ?” হযরত আবুবকর বললেন, "আজ আমি এক পীড়িত ব্যক্তির সেবা করেছি।” মহানবী (সা) আবারও বললেন, "আজ কিছু দান করেছ, এমন ব্যক্তি এই মজলিসে কেউ আছ?” সলজ্জভাবে হযরত আবুবকর উত্তরে বললেন, "এক অতিথিকে আমি সামান্য কিছু অর্থ সাহায্য করতে পেরেছি।” অবশেষে বিশ্ব নবী (সা) বললেন, "একদিনে যিনি এতগুলো সৎকাজ করেছেন নিশ্চয়ই তিনি জান্নাতে প্রবেশ করবেন।"

📘 আমরা সেই জাতি > 📄 আপনি আচরি ধর্ম অপরে শিখাও

📄 আপনি আচরি ধর্ম অপরে শিখাও


হযরত উমার (রা) তখন খলীফা। খলীফা উমার (রা) এরূপ একটি পানির কূপ। খলীফার সাক্ষাতপ্রার্থী একজন লোক দেখলেন, খলীফা কূপ থেকে পানি তুলছেন। শুধু পানি তোলা নয় আগন্তুক বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন, পৃথিবীর শাসক উমার, পারস্য ও রোম সাম্রাজ্য পদানতকারী উমার (রা) সেই পানি ভরা কলসি কাঁধে তুলে নিলেন। আগন্তুক আর স্থির থাকতে পারলেন না। তিনি দ্রুত খলীফার নিকটে গেলেন। একজন অপরিচিত লোককে দেখে হযরত উমার (রা) বললেন, "ভাই, আপনার কি কোন কথা আছে, বলবেন আমাকে?”
লোকটি বললেন, "হে আমীরুল মুমিনীন, যদি কলসটি দয়া করে আমার কাঁধে দিতেন।”
হযরত উমার (রা) খেতে যেতেই বললেন, "আমার ছেলে-মেয়ের খাদ্য পানীয় সংগ্রহের মাধ্যমে পুণ্য সঞ্চয় করা কি আমার উচিত নয়? আচ্ছা, এ ছাড়া কি আপনি আর কিছু বলবেন?”
আগন্তুক লোকটি বললেন, "আপনার এই অবস্থায় বলার মত কোন কথা আমার মনে আসছেনা। আগে বাড়ী চলুন। তারপর বলব। আমি আপনাকে অপেক্ষা করতে বলব, আপনি কাঁধে বোঝা নিয়ে আমার কথা শুনবেন, এটা হতে পারে না।”
আগন্তুকের কথা শুনে হযরত উমার থমকে দাঁড়ালেন। বোধ হয় ভাবলেন, 'আমি আমার নিজের কাজ করছি, এ কাজের অজুহাতে আগন্তুককে দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না।' তিনি কাঁধ থেকে কলসি নামিয়ে জানুর উপর রাখলেন। তার পর বললেন, "বলুন, আপনার কথা।”
আগন্তুক ভীষণ বিব্রত বোধ করলেন। তার কথা শুনার জন্য আমীরাল মুমিনীন এ ভাবে কষ্ট করবেন। কলসটি মাটিতে নামিয়ে রাখলে তবু কিছুটা কষ্টের লাঘব হয় তাঁর। তিনি খলীফাকে নিবেদন করলেন, "জানুর উপর কলস রেখে কথা শুনতে আপনার কষ্ট হবে। কলসটি দয়া করে মাটিতে রাখুন।”
খলীফা বললেন, "তা কি করে হয় ভাই? কলসির তলা ভিজা। এ জমিটি আমার নয়। ভিজা কলসির তলায় লেগে অন্যের জমি আমার বাড়িতে চলে গেলে, আকি কি জওয়াবদিহি করব?”
লোকটি বলল, "আমার জিজ্ঞাসার জবাব আমি পেয়ে গেছি, আপনি দয়া করে যান।”
উমার (রা) বললেন, "বুঝলাম না, বুঝিয়ে বলুন।”
লোকটি বলল, "ইয়া আমীরাল মুমিনীন, আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম বর্তমান জরীপে অন্যের জমির কতকাংশ আমার জমির সাথে উঠে এসেছে। তা আমার জন্য হালাল কিনা?”

📘 আমরা সেই জাতি > 📄 সা’দের প্রাসাদে আগুন

📄 সা’দের প্রাসাদে আগুন


সেনাপতি সা'দ। মুসলিম বাহিনীর অধিনায়ক সা'দ পারস্য জয় করেছেন। বিজয়ের পর হযরত উমার তাঁকে কুফার শাসনকর্তা নিযুক্ত করলেন। সেনাপতি সা'দ তাঁর বিজয় অভিযান কালে পারস্য সম্রাটের বিলাসব্যসন ও আরাম আয়েশের অফুরান নজীর দেখেছেন।
কুফা নগরী সাজাবার সময় বোধ হয় তাঁর সেসব কথা মনে পড়েছিল। তিনি নিজের জন্যও তাই সেখানে একটি প্রাসাদ তৈরী করলেন এবং সম্রাট খসরুর প্রাসাদের একটি তোরণ এনে তাঁর প্রাসাদে সংযুক্ত করলেন। বোধ হয় বিজেতা সা'দের মনে আয়েশের কিঞ্চিত আমেজ এসে বাসা বেঁধেছিল। এনিষ্কলুষ ভোগ তাঁর কাছে কোন খারাপ বিষয় বলেও বোধ হয়নি।
কিন্তু খবরটা খলীফা উমারের কাছে পৌঁছতেই তিনি বারুদের মত জ্বলে উঠলেন। সেনাপতি সা'দের মতি বিভ্রম ঘটেছে কিনা তিনি ভেবে পেলেন না। হযরত উমার (রা) ত্বরিত একজন দূতকে সা'দের নামে একটি চিঠি দিয়ে বললেন, "শোন, পৌঁছেই তুমি সা'দের প্রাসাদে আগুন ধরিয়ে দেবে। সা'দ তোমাকে এর কারণ জিজ্ঞেস করলেই তাকে এ চিঠিখানা দেবে।” দূত ছুটল কুফার দিকে। হযরত উমারের যা নির্দেশ ছিল, তাই করল সে। সা'দের প্রাসাদে আগুন ধরিয়ে দিলো। স্তম্ভিত সা'দ খলীফার দূতের এই কান্ড দেখে তাকে এর কারণ জিজ্ঞেস করলেন। দূত বিনা বাক্য ব্যয়ে খলীফার চিঠি তাঁর হাতে তুলে দিল। সা'দ চিঠিটি তাঁর চোখের সামনে মেলে ধরলেন। তাতে লিখা ছিলঃ "শুনতে পেলাম, নিজের আরাম-আয়েশের জন্য খসরুর প্রাসাদের মত তুমি এক প্রাসাদ গড়েছো। শুনেছি, খসরুর প্রাসাদের একটি কবাটও এনে তোমার প্রাসাদে লাগিয়েছ। দারোয়ান, সিপাইও রেখেছ। এতে প্রজাদের অভাব অভিযোগ জানাতে অসুবিধা হবে। তা বোধ হয় তুমি নিশ্চয়ই ভাবনি। নবীর পথ পরিত্যাগ করে খসরুর পথ ধরেছো। ভুলোনা, প্রাসাদে বাস করেও খসরুদের দেহ কবরে ধ্বংস হয়ে যাচ্ছে আর নবী সামান্য কুটিরে বাস করেও সর্বোচ্চ জান্নাতে উন্নীত হয়েছেন। মাসলামাকে তোমার প্রাসাদ পুড়িয়ে ফেলবার জন্য পাঠালাম। বাস করার জন্য একটি কুটির এবং একটি খাজাঞ্চি খানাই যথেষ্ট।” সা'দ নত মস্তকে, অশ্রুসিক্ত নয়নে খলীফার নির্দেশ মেনে নিলেন。

📘 আমরা সেই জাতি > 📄 জর্দানের রোমান শাসকের দরবারে মুয়াজ

📄 জর্দানের রোমান শাসকের দরবারে মুয়াজ


জর্দানের সুন্দর 'ফাহল' নগরী। ইরাক-জর্দান এলাকায় এটা রোমানদের শেষ দুর্গ। নিরুপায় রোমক বাহিনী মুসলিম সেনাপতি আবু উবাইদার কাছে সন্ধির প্রস্তাব দিল। সন্ধি সম্বন্ধে আলোচনার জন্য সেনাপতি আবু উবাইদাহ মুয়াজ ইবন জাবালকে পাঠালেন রোমক শাসক সাকলাবের দরবারে।
মুয়াজ দরবারে পৌঁছলে সাকলাব তাঁকে পরম সমাদরে একটি কারুকার্যখচিত আসনে বসবার জন্য অনুরোধ করলেন।
কিন্তু মুয়াজ দরবারের মাটির আসনেই বসে পড়লেন। সাকলাব বললেন, "আমরা আপনাকে মর্যাদা দিতে চাই, কিন্তু নিজেই আপনি আপনার সম্মান নষ্ট করেছেন।”
মুয়াজ বললেন, "যে আসন দরিদ্র প্রজাদের বক্ষরক্তে চারু চিত্রের রূপ ধারণ করেছে, সে আসনকে আমরা ঘৃণা করি।” সাকলাব বললেন, "এই আসন দরিদ্র প্রজাদের অর্থে নির্মিত তা আপনি কেমন করে বুঝলেন?”
মুয়াজ বললেন, "আপনার জৌলুসপূর্ণ বেশভূষা আর আপনার সৈন্যদের বেশ দেখেই এটা আমি বুঝেছি।”
রোমান শাসক সাকলাব বললেন, "আপনাদের উর্ধতন কর্মচারী ও আপনাদের প্রভুও কি এরূপ আসনে বসেন না?”
মুয়াজ বললেন, "না, আমীরুল মুমিনীনও এরূপ আসনে উপবিষ্ট হন না। আমাদের প্রভুর কথা বলছেন? একমাত্র আল্লাহ ব্যতীত আমরা কাকেও প্রভু বলে সম্বোধন করি না। আমরা নিজেকে কখনও কোন মানবের দাস বলে ভাবি না। মানুষের উপর মানুষের প্রভুত্ব চালিয়ে যাওয়াকে আমরা মানব ধর্মের বহির্ভূত কাজ বলে মনে করি।”
রোমান শাসকের চোখ দু'টিতে নিঃসীম বিস্ময় ঝরে পড়ল। একটু সময় নিয়ে তিনি বললেন, "আপনারা যদি এমন ন্যায় নিষ্ঠ, তাহলে পররাজ্য অধিকারে আসেন কেন?” মুয়াজ বললেন, "আমরা পররাজ্য অধিকার করি ঠিক, কিন্তু কোন ন্যায় পরায়ণ ও সত্য নিষ্ঠের রাজ্য আমরা দখল করি না। দখল করি আপনাদের মত স্বার্থপরের রাজ্য। তারপর সেখানকার মৃত প্রায় মানুষকে নতুন জীবন দান করি-প্রত্যেকটি মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকবার জন্য উদ্বুদ্ধ করি।”
সর্বশেষে সাকলাব বললেন, "আমরা আপনাদেরকে বালকা জিলাসহ জর্দানের কিয়দংশ দিয়ে দেব, আপনারা আমাদের সাথে সন্ধি করুন।” মুয়াজ বললেন, "না আমরা ধন বা রাজ্যলোভে যুদ্ধ করি না। আমরা সাম্য মৈত্রী ও স্বাধীনতার ধর্ম প্রচার করি। হয় আপনারা ইসলামের সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করুন, নতুবা জিযিয়া দিন। এ দু'টির কোনটিই গৃহীত না হলে যুদ্ধ অনিবার্য।”
দুর্বিনীত রোমক শাসক যুদ্ধের পথই অনুসরণ করল। কিন্তু যুদ্ধ ডেকে আনল তার জন্য চরম পরাজয়। আর মুসলমানদের হাতে তুলে দিল ফাহল, বেসান, আম্মান, জিরাশ, মায়াব প্রভৃতি নগরীসহ গোটা জর্দান প্রদেশ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00