📘 আমরা সেই জাতি > 📄 জননেতা হয়ে উমার বিন আব্দুল আযীয জনতার কাতারে নেমে এলেন

📄 জননেতা হয়ে উমার বিন আব্দুল আযীয জনতার কাতারে নেমে এলেন


খলীফা সুলাইমানের মৃত্যুর পর উমার বিন আবদুল আযীয ইসলামী বিশ্বের খলীফার দায়িত্ব নিয়ে দামেস্কের সিংহাসনে বসেন।
খলীফা হওয়ার পূর্ব পর্যন্ত রাজকীয় প্রাচুর্যের মধ্যে তাঁর জীবন কেটেছে। কিন্তু জনগণের নেতা হবার পর সব প্রাচুর্য তিনি ছুড়ে ফেললেন, নেমে এলেন জনগণের কাতারে।
তিনি খলীফা নির্বাচিত হবার পর খলীফার প্রাসাদের দিকে চলছেন। রাস্তার দু'ধারে কাতারে কাতারে দাঁড়ানো আছে সৈন্যের দল।
খলীফা জিজ্ঞাসা করলেন, 'এরা কারা?' উত্তর এলো, 'এরা আপনার দেহরক্ষী সৈন্য।'
খলীফা বললেন, 'প্রয়োজন মতো এদের বাইরে পাঠিয়ে দাও। আমার দেহরক্ষীর প্রয়োজন নেই। জনগণের ভালবাসাই আমার প্রতিরক্ষা।'
প্রধান সেনাপতি সশ্রদ্ধ সালাম জানিয়ে তাঁর নির্দেশ পালনের প্রতিশ্রুতি দিলেন।
উমার বিন আবদুল আযীয প্রাসাদে ঢুকলেন। দেখলেন, সেখানে ৮শ' দাস তাঁর অপেক্ষায় দন্ডায়মান। জিজ্ঞাসা করে জানলেন, এরা তাঁরই সেবার জন্যে। খলীফা প্রধানমন্ত্রীকে বললেন, 'এদের মুক্ত করে দিন। আমার সেবার জন্যে আমার স্ত্রীই যথেষ্ট।'
প্রধানমন্ত্রী তাঁর হুকুম তামিল করলেন।

📘 আমরা সেই জাতি > 📄 খলীফা উমার ইবনে আবদুল আযীযের কান্না

📄 খলীফা উমার ইবনে আবদুল আযীযের কান্না


বিশাল ইসলামী সাম্রাজ্যের শক্তিমান খলীফা উমার ইবনে আবদুল আযীয। দামেস্কে তাঁর রাজধানী। রাজধানীতে থাকলেও তার অতন্দ্র চোখ রাজ্যের খুঁটি-নাটি সব বিষয়ের প্রতি।
কিন্তু সব কি তিনি জানতে পারেন? সব সমস্যার সমাধান কি তিনি দিতে পারেন?
অপারগতার ভয় সব সময় তাঁকে অস্থির করে রাখে।
একদিন খলীফা উমার বিন আবদুল আযীযের স্ত্রী নামাযের পর খলীফাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখতে পেয়ে ক্রন্দনের কারণ জানতে চাইলেন। খলীফা বললেন, 'ওহে ফাতিমা, আমি মুসলমান এবং অন্য ধর্মাবলম্বীদের খাদেম নিযুক্ত হয়েছি। যে কাঙ্গালগণ অনশনগ্রস্ত, যে পীড়িতগণ অসহায়, যে বস্ত্রহীনগণ দুর্দশাগ্রস্ত, যে উৎপীড়িতগণ নিষ্পেষিত, যে অচেনা-অজানাগণ কারারুদ্ধ এবং যে সকল সম্মানিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের নগণ্য উপার্জন দ্বারা কষ্টে-সৃষ্টে বৃহৎ পরিবারের ভরণ-পোষণ করেন, তাদের বিষয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে ও দূরবর্তী প্রদেশে অনুরূপ দুর্দশাগ্রস্ত মানবকূলের বিষয়াদি চিন্তা করছিলাম। শেষ বিচারের দিন মহাপ্রভু আমার কাছে হিসেব চাইবেন। সেই জবাবদিহিতে কোন আত্মরক্ষার কৌশলই কাজে লাগবে না। আমি তা স্মরণ করে কাঁদছিলাম।'

📘 আমরা সেই জাতি > 📄 খলীফা দিনের পর দিন ডাল খান

📄 খলীফা দিনের পর দিন ডাল খান


বিশাল ইসলামী সম্রাজ্যের খলীফা উমার বিন আবদুল আযীয। তাঁর সাম্রাজ্য তখন পূর্বে ভারত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে মধ্য আফ্রিকা থেকে উত্তরে স্পেন ও চীন পর্যন্ত বিস্তৃত।
খলীফা উমার ইবন আবদুল আযীযের রাজধানী দামেস্ক তখন শক্তি ও সমৃদ্ধিতে দুনিয়ার সেরা।
সেই খলীফা উমার বিন আবদুল আযীযের জীবন ছিল দারিদ্রে ভরা। একদিনের ঘটনা।
সেদিন খলীফার স্ত্রী তাঁর চাকরকে খেতে দিলেন। আর দিলেন শুধু ডাল। নতুন চাকর খাবার দেখে বিস্মিত হলো। বিস্ময়ভরা চোখে বললো, 'এই আপনাদের খাদ্য।'
খলীফা পত্নী উত্তরে বললেন, 'এই সাধারণ খাদ্যই খলীফা দিনের পর দিন গ্রহণ করে যাচ্ছেন।'
ইসলামে রাষ্ট্রের সকল সম্পদের মালিক জনগণ, শাসকরা সে সম্পদের রক্ষক মাত্র।

📘 আমরা সেই জাতি > 📄 খলীফা ছেলের মুখ থেকে খেজুর কেড়ে নিয়ে রাজকোষে দিলেন

📄 খলীফা ছেলের মুখ থেকে খেজুর কেড়ে নিয়ে রাজকোষে দিলেন


খলীফা উমার ইবন আবদুল আযীযের কাছে বাইতুলমালের জন্যে কিছু খেজুর এলো। তাঁর শিশুপুত্র সেখান থেকে একটা খেজুর নিয়ে মুখে পুরে দিল। তিনি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তার গাল থেকে খেজুর বের করে বাইতুলমালের ঝুড়িতে রেখে দিলেন। ছেলে কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল।
বাড়ী ফিরে খলীফা স্ত্রীর মলিন মুখ দেখে বললেন, 'ছেলের মুখ থেকে খেজুর কেড়ে নেবার সময় আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু কি করবো বলো। বাইতুলমাল জনসাধারণের সম্পত্তি। এতে জনসাধারণ হিসেবে আমারও অংশ আছে। কিন্তু ভাগ হবার পূর্বে কেমন করে আমি তা নিতে পারি?'
আরেক দিনের কথা। সানাআ থেকে একজন মহিলা খলীফার কাছে আরযি নিয়ে এলেন। সরাসরি খলীফার কাছে না গিয়ে তিনি খলীফার অন্তঃপুরে গেলেন। বারান্দায় বেগমের কাছে বসে নিজের সুখ-দুঃখের কাহিনী বলতে লাগলেন।
এমন সময় বাইরে থেকে এক ব্যক্তি ভেতরে এলো কুয়ার পানি তুলতে। পানির বালতি টানতে টানতে লোকটি বারবার বেগমের দিকে চাইছিল। বিদেশী মহিলার কাছে বড়ই দৃষ্টিকটু লাগল ব্যাপারটা। তিনি বেগমকে বললেন, গোলামটিকে বাইরে যেতে বলছেন না কেন, দেখছেন না আপনার দিকে কেমন বারবার তাকাচ্ছে।
বেগম একটু মুচকি হাসলেন।
কিছুক্ষণ পর খলীফার ডাকে বিদেশী মহিলাটি তার কাছে গিয়ে হাযির হলেন। খলীফাকে দেখে তিনি অবাক। এতো সেই ব্যক্তি, যে কুয়ার পানি তুলছিল। হায় হায়, পোশাকে আশাকে তো তাঁর চাইতেও গরীব মনে হচ্ছে খলীফাকে!

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00