📄 রোমক সৈন্যরা পাখির ঝাঁকের বেশী কিছু নয়
সম্রাট হিরাক্লিয়াসের দামেস্ক নগরী। সম্রাটের সেনাপতি ক্লিভাস অগণ্য সৈন্য নিয়ে অবস্থান করছেন দুর্ভেদ্য দুর্গ- নগরী দামেস্কে।
সেনাপতি ক্লিভাস সৈন্য সংখ্যার অহংকারে অন্ধ। জানবাজ মুসলিম বাহিনী নিয়ে সেনাপতি খালিদ অবরোধ করেছেন দামেস্ক নগরী।
প্রথা অনুসারে সেনাপতি খালিদ ইসলামের দাওয়াত নিয়ে গেলেন ক্লিভাসের দরবারে।
সম্রাট হিরাক্লিয়াসের শক্তিমদ-মত্ত সেনাপতি ক্লিভাস। তার দো-ভাষী জারজিস-এর মাধ্যমে সে বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে নানা ভয়-ভীতি দেখাতে লাগল।
খালিদ এসেছেন দামেস্ক জয় করতে। দো-ভাষীর সব কথা শুনে বীরশ্রেষ্ঠ খালিদ বললেন, 'আমি আল্লাহর নামে শপথ করে বলছি, তোমাদেরকে আমরা সেইসব ক্ষুদ্র পাখির ঝাঁকের মতো মনে করি, শিকারীরা যাদের জাল পেতে ধরে খায়। শিকারী কোন দিনই পাখির সংখ্যাধিক্যে ঘাবড়ায় না বরং তাতে শিকারী আরো খুশী হয়। চতুর্দিকে জালের বেড়া দিয়ে সে অনায়াসেই ধরে ফেলে। হে জারজিস, তুমি জেনে রাখ, আমার সৈন্যগণ আল্লাহর পথে জিহাদে নেমেছে। তারা মৃত্যুকে মনে করে নিয়ামত। সেই নিয়ামতের জন্য তারা কতো ব্যাকুল তা স্বচক্ষে দেখতে পাবে। তারা এমন মৃত্যুর মাঝেই অমর জীবনের সাক্ষাৎ পায়। শহীদ হওয়ার সিদ্ধান্ত যাদের, তাদের কাছে বেঁচে থাকা একটা আযাব। যাও তুমি তোমার সম্রাটকে এ কথা বলে দাও।'
📄 দূত উটের পিঠে, খলীফা পায়ে হেঁটে
৬৩৫ খৃষ্টাব্দ। তখন কাদেসিয়ায় যুদ্ধ চলছিল। খলীফা উমার (রা) উদ্বিগ্ন ছিলেন ফলাফল জানার জন্যে। সেদিন মদীনার বাইরে তিনি পায়চারি করছিলেন যুদ্ধক্ষেত্র থেকে কোন দূতের প্রতীক্ষায়।
এমন সময় তিনি দেখলেন অনেক দূরে ধূলি উড়িয়ে একজন ঘোড়সওয়ার ছুটে আসছেন মদীনার দিকে। ঘোড়সওয়ার কাছে আসতেই খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন কাদেসিয়া থেকে সেনাপতি সা'দ তাকে পাঠিয়েছেন। খলীফার কাছে যুদ্ধের বিজয়বার্তা তিনি বয়ে এনেছেন।
দূত সাধারণ পোশাক পরিহিত খলীফাকে চিনল না। খলীফা তাঁর উটের পাশ ঘেঁষে হেঁটে হেঁটে মদীনার দিকে চললেন। দূত উটের পিঠে আর খলীফা উটের পাশে পায়ে হেঁটে। সামান্য অহমিকাও খলীফার মধ্যে নেই।
📄 উমার (রা) প্রাসাদ প্রত্যাখ্যান করলেন
অর্ধেক জাহানের পরাক্রমশালী শাসক উমার (রা) গেছেন জেরুসালেমে। পরাজিত রোমান গভর্ণর তাঁর হাতে তুলে দিয়েছেন রোমান নগরী। এর আগেই জেরুসালেম নগরীর পতন ঘটে, মুসলিম বাহিনীর হাতে। রোমান গভর্ণর মহা আড়ম্বরে স্বাগত জানিয়ে উমার (রা)কে নিয়ে গেলেন নগরীর ভেতরে।
রোমান গভর্ণর সুন্দর সুসজ্জিত বিলাসবহুল প্রাসাদে খলীফার থাকার ব্যবস্থা করলেন। হযরত উমার (রা) সবিনয়ে এই ব্যবস্থা প্রত্যাখ্যান করে বললেন, "আমার ভাইদের সাথে সাধারণ তাঁবুতে থাকাই আমার জন্য বেশী আরামদায়ক হবে।”
ইসলামের শাসক ও নেতারা এমনিই ছিলেন। তাঁরা ছিলেন সাধারণের সাথে একাত্ম। আলাদা প্রাসাদ নয়, সাধারণের সাথেই তাঁরা বাস করতেন。
📄 ওয়াদা পালনের অনুপম নমুনা
মুসলমানরা আদর্শ জাতি। নীতি-নিষ্ঠতা এই জাতির প্রাণ।
ওয়াদা পালন ও শপথ রক্ষা মুসলমানদের অনঢ় একটা নীতি। এমনকি কোন চুক্তি বা ওয়াদা পরোক্ষ বা প্রকৃত দায়িত্বশীলের পক্ষ থেকে না হলেও তাকে মুসলমানরা সম্মান দেখায়।
খলীফা উমার (রা) এর শাসনকালের একটি ঘটনা। মুসলিম বাহিনী পারস্যের শুহরিয়াজ নামক একটি শহর অবরোধ করে। নগরটির পতন নিশ্চিত হয়ে ওঠে। ঠিক সেই সময় মুসলিম বাহিনীর একজন গোলাম শহরবাসীর নামে নিরাপত্তা সনদ লিখে তীরের সাথে বেঁধে শহরে ছুঁড়ে দেয়।
পরদিন যখন মুসলিম বাহিনী আক্রমণ চালায়, তখন শহরবাসী দরজা খুলে বেরিয়ে পড়ে এবং বলে, 'একজন মুসলিম আমাদের নিরাপত্তা দিয়েছে, এখন তোমরা কি জন্য যুদ্ধ করছ?' নিরাপত্তা সনদটি পড়ে দেখা গেল একজন গোলামের লিখা। এ সম্পর্কে খলীফা উমারের (রা) মতামত চেয়ে তাঁকে জানানো হলো যে, 'নিরাপত্তা সনদটি গ্রহণযোগ্য কিনা?' জবাবে খলীফা লিখলেন, 'সনদটি নিরাপত্তার বৈধ দলিল, শহরবাসীকে নিরাপত্তা দিতে হবে।'