📘 আমরা সেই জাতি > 📄 ওয়াহাবের আমল দেখে উমার (রা) ঈর্ষান্বিত হলেন

📄 ওয়াহাবের আমল দেখে উমার (রা) ঈর্ষান্বিত হলেন


ওয়াহাব ইবনে কাবুস (রা) একজন সাহাবী। তিনি একটি গ্রামে বাস করতেন এবং বকরি চরাতেন।
একদিন তিনি নিজের ভ্রাতুষ্পুত্রের ছাগলের সাথে নিজের ছাগলগুলো বেঁধে দিয়ে ছাগলগুলো ঐখানে ফেলে মদীনা শরীফ চলে গেলেন। সেখানে নবী করীম (সা) কে সন্ধান করে জানতে পারলেন, নবী করীম (সা) উহুদের যুদ্ধে চলে গেছেন। তিনি অতি দ্রুত গিয়ে যুদ্ধক্ষেত্রে হাযির হলেন।
তিনি পৌঁছার পরই একদল কাফির নবী করীম (সা) কে আক্রমণ করল। হযরত ওয়াহাব (রা) তখন ক্ষিপ্রতার সাথে এবং অমিতবিক্রমে তরবারি চালাতে লাগলেন এবং অল্প সময়ের মধ্যে শত্রুদের হটিয়ে দিলেন। একটু পর আরেক দল নবী করীম (সা) কে আক্রমণ করল। এবারও হযরত ওয়াহাব শত্রুদের হটিয়ে দিলেন। এবার তৃতীয় দল আক্রমণ করল। নবী করীম (সা) তখন হযরত ওয়াহাবকে জান্নাতের সুসংবাদ দিলেন। বলার সাথে সাথে হযরত ওয়াহাব শত্রু দলটির উপর ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু শ্রান্তক্লান্ত বীর এবার শহীদ হয়ে গেলেন।
সা'আদ ইবনে আবী ওয়াক্কাস বলেন যে, ওয়াহাব (রা) সেদিন যে বীরত্ব প্রদর্শন করেছেন, কোন যোদ্ধাকে তিনি কখনও অমন সাহস ও বীরত্ব প্রদর্শন করতে দেখেননি।
ওয়াহাবের শাহাদাতের পর নবী করীম (সা) তাঁর মাথার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, আমি তোমার উপর সন্তুষ্ট, আল্লাহও তোমার উপর সন্তুষ্ট হোন।
এরপর নবী করীম (সা) সাংঘাতিকভাবে আহত হয়ে থাকলেও নিজের পবিত্র হাতে ওয়াহাবকে দাফন করলেন। হযরত উমার (রা) বলেন, কারো আমল দেখে আমি কখনও ঈর্ষান্বিত হইনি। কিন্তু ওয়াহাবের আমল দেখে আমি বাস্তবিকই ঈর্ষান্বিত হয়েছিলাম। এমন আমলনামা নিয়ে যদি আল্লাহর নিকট যেতে পারতাম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00