📄 এক. বর্তমান সময়ে মুসলিমদের ভয়াবহ বাস্তবতা
১. মুসলিমদের বর্তমান বাস্তবতা হলো, একের পর এক পরাজয়ের গ্লানি—যার সূচনা হয় উসমানি খিলাফতের পতনের পর থেকে। এরপর ১৯৪৮ খ্রিষ্টাব্দে ফিলিস্তিনের পতনের মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের আত্মপ্রকাশ হয়। ১৯৫৬ সালে দ্বিতীয়বারের মতো মুসলিমরা ইসরাইলের কাছে পরাজিত হয়; যদিও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এ পরাজয়কে মুসলিমদের বিজয় আখ্যা দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে কিছু অদূরদর্শী মুসলিম এটাকে সত্যি সত্যি বিজয় মনে করে উদযাপন করে! এরপর ১৯৬৭ সালে ইসরাইলের কাছে আরবদের পরাজয় হয়—যে যুদ্ধে মিশরীয় ও সিরীয় সেনাবাহিনী সম্পূর্ণরূপে পর্যুদস্ত হয়েছিল এবং মিনিয়া, লাক্সার, হুরগাদা ও আবু সুয়ারের মতো অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোসহ সকল বিমানবন্দর গুড়িয়ে দেওয়া হয়েছিল। এ বিজয় ছিল আরবের জন্য সবচেয়ে লজ্জাজনক পরাজয়। এরপর ১৯৮৩ সালের অক্টোবর যুদ্ধে মুসলিমরা শোচনীয় পরাজয় বরণ করে। এরপর আরব-ইসরাইলের মাঝে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। এভাবে মুসলিমরা পরাজয়ের গ্লানি নিয়ে বসবাস করে আসছে প্রায় এক শতাব্দী ধরে।
২. মুসলিমদের আরেকটি বাস্তবতা হচ্ছে, মুসলিম বিশ্বের পক্ষ থেকে একের পর একের খিয়ানত ও বিশ্বাসঘাতকতার শিকার হওয়া—যা মুসলিমদের শহর ও শহরবাসীর স্থিতিশীলতা নষ্ট করে দিয়েছে এবং মুসলিম উম্মাহ ক্রমান্বয়ে নেতৃত্বশূন্য হয়ে পড়েছে অথবা নেতাদের প্রতি জনগণ আস্থা হারিয়ে ফেলেছে।
৩. বর্তমান মুসলিমদের আরেকটি জঘন্য বাস্তবতা হলো, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা, নৈরাজ্য, পাপাচারের সয়লাব এবং বিধ্বংসী পাপকর্ম করে গর্ববোধ করার মতো জঘন্য মানসিকতা। একসময় শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম উম্মাহর মনে ইসলামি শাসনব্যবস্থা ও সকল ইসলামি বিধিবিধান ও অনুশাসনের প্রতি যে সম্মানবোধ ছিল, তা আজকালকার মুসলিমদের অধিকাংশের মধ্যে নেই।
৪. বর্তমান মুসলিমদের আরেকটি ভয়ানক বাস্তবতা হচ্ছে, তারা বাইরের ও ভেতরের লোকদের চুরি, প্রতারণা, দুর্নীতি এবং কোটি কোটি টাকা আত্মসাতের শিকার—যে পরিস্থিতিতে তাদের একাংশ অথবা অধিকাংশ অনাহারে জর্জরিত।
৫. বর্তমান মুসলিমদের আরেকটি মারাত্মক বাস্তবতা হচ্ছে, অর্থনৈতিক অধঃপতন, ক্রমেই ভারী হতে থাকা ঋণের বোঝা, দেউলিয়াত্ব, মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর বেশির ভাগ ক্ষেত্রে বৈদেশিক অর্থনীতির ব্যাপক নিয়ন্ত্রণ এবং ধনী গোষ্ঠী—যাদের সংখ্যা অত্যন্ত কম—ও গরিব-নিঃস্বদের মাঝে সুবিস্তৃত ব্যবধান।
৬. বর্তমান মুসলিমদের আরেকটি দুঃখজনক বাস্তবতা হচ্ছে, বিভাজন, মতানৈক্য, দ্বন্দ্ব। এমন মুসলিম প্রতিবেশী দেশ খুব কমই আছে, যারা ভৌগলিক সীমানার জন্য অথবা ভাষা ও জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে পরস্পর সংঘাতে জড়াচ্ছে না। ইসলামকে কঠিনভাবে অনুসরণ করে এমন দুই গ্রুপের মাঝেও মাঝেমধ্যে অথবা প্রায় সময় দ্বন্দ্ব-সংঘাত চলে। মুসলিমদের মাঝে বিরাজমান এই বাস্তবতাগুলো কিছু মুসলিমের মনে, বলতে গেলে অধিকাংশ মুসলিমের মনে হতাশা ও নৈরাশ্য সৃষ্টি করে রেখেছে। ফলে তারা মনে করতে শুরু করেছে যে, এ সংকটপূর্ণ পরিস্থিতি থেকে পুনর্জাগরণ শুধু কঠিনই নয়, অসম্ভবও বটে।