📄 যদি জান্নাতী হতে চাও
জান্নাত আমাদের সকল মুমিনের কামনা-বাসনার প্রধান কেন্দ্র। পৃথিবীতে কে এমন আছে, যে জান্নাতে যেতে চায় না? পরকালীন জান্নাতী জীবন কামনা করে না? কিন্তু সে জান্নাত পাওয়ার জন্য প্রয়োজন শিরকমুক্ত ঈমান ও শিরকমুক্ত ইবাদত।
# হযরত মুআয বিন জাবাল রাদি. বলেন, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'হে মুআয! তুমি কি জানো, বান্দাগণের উপর আল্লাহ তা'আলার কি হক? আর আল্লাহ তা'আলার উপর বান্দাগণের কি হক?'
আমি বললাম, আল্লাহ তা'আলা ও তাঁর রসূলই ভালো জানেন।
তিনি বললেন, 'বান্দাগণের উপর আল্লাহ তা'আলার হক হলো, তারা তাঁর ইবাদত করবে ও তাঁর সাথে কাউকে শরিক করবে না। আর আল্লাহ তা'আলার উপর বান্দাগণের হক হলো, তিনি বান্দাগণকে শাস্তি দেবেন না।' (অর্থাৎ বিনা আযাবে তাদেরকে জান্নাত দান করবেন।) (সহিহ মুসলিম, হাদীস-১৫৪)
# হযরত জাবের বিন আবদুল্লাহ রাদি, বলেন, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহ তা'আলার সাথে এমন অবস্থায় মিলিত হবে যে, তাঁর সাথে কাউকে শরিক করেনি তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।'
'আর যে ব্যক্তি আল্লাহ তা'আলার সাথে এমন অবস্থায় মিলিত হবে যে, সে তাঁর সাথে কাউকে শরিক করেছে, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে।' (সহিহ মুসলিম, হাদীস-২৮০।
হযরত উসমান রাদি. বলেন, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে ব্যক্তির এমন অবস্থায় মৃত্যু আসে যে, সে নিশ্চিতভাবে জানে যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।' (সহিহ মুসলিম, হাদীস-১৪৫)
তাই বলব, যদি জান্নাতী হতে চাও, শিরকমুক্ত ঈমান বানাও।
📄 জান্নাত যাদের ডাকছে
হযরত আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত আছে, রসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
১। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় (যে কোনো বস্তুর) দুই জোড়া খরচ করবে, তাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে। তাকে ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, এই দরজা তোমার জন্য উত্তম।
২। নামাযীকে নামাযের দরজা আহ্বান করবে। তাকে ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, এই দরজা তোমার জন্য উত্তম।
৩। যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তাকে জিহাদের দরজা আহ্বান করবে। তাকে ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, এই দরজা তোমার জন্য উত্তম।
৪। রোযাদারকে রোযার জন্য নির্ধারিত বিশেষ দরজা অর্থাৎ রাইয়্যান দরজা আহ্বান করবে। তাকে ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, এই দরজা তোমার জন্য উত্তম।
৫। যে দান-খয়রাত করবে, তাকে দানের দরজা আহ্বান করবে। তাকে ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, এই দরজা তোমার জন্য উত্তম।
হযরত আবু বকর রাদি. বলেন, 'হে আল্লাহর রসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক! নিশ্চয় এমন কোনো ব্যক্তিও হবে, যাকে সকল দরজা থেকে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান জানানো হবে?'
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'হ্যাঁ, অবশ্যই। আর আমি আশা করি, সেই ব্যক্তি তুমিই হবে।' [সহীহ বুখারী, হাদীস নং-১৮৯৭]
এমনগুণ অর্জন করলে আমরাও কিন্তু এই সুসংবাদের অধীকারী হতে পারি। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।