📘 আমিও হবো জান্নাতি > 📄 একটি দু‘আর গল্প

📄 একটি দু‘আর গল্প


মূসা আলাইহিস সালাম ও আল্লাহর মাঝে কথোপকথনের গল্প।
একবার আল্লাহ তা'আলা হযরত মূসা আলাইহিস সালামের প্রতি অহী পাঠালেন যে, 'হে মূসা! তোমাকে কি এমন আমলের কথা বলব-যে আমল করলে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব তোমার জন্য মাগফেরাতের দু'আ করবে?'
হযরত মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ বললেন, 'হে আল্লাহ! অবশ্যই বলুন, সে আমল কোনটি?'
আল্লাহ তা'আলা বললেন, 'সৃষ্টিজীব থেকে তুমি যে কষ্ট পাও তার উপর সবর ও ধৈর্য অবলম্বন করলে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব তোমার জন্য মাগফেরাতের দু'আ করবে।'
শিক্ষা:
প্রকৃতপক্ষেই সবর বা ধৈর্য এমনই এক মহৎগুণ যার দ্বারা সৃষ্টিজীবের দু'আর সাথে সাথে আল্লাহর সাহায্যও পাওয়া যায়। যেমন আল্লাহ তা'আলা বলেন-
إِنَّ اللَّهَ مَعَ الصُّبِرِينَ
"নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন (তথা আল্লাহর সাহায্য আছে।)” [সূরা বাকারা, আয়াত: ১৫৩]

📘 আমিও হবো জান্নাতি > 📄 আমরা দুজনে জান্নাতি

📄 আমরা দুজনে জান্নাতি


দুজন জান্নাতি মানুষের গল্প। রাতের আধারে স্বামী-স্ত্রীর একান্ত আলাপচারিতার গল্প।
জনৈক কবি ছিলেন খুব কালো কিন্তু তার স্ত্রী ছিল খুবই সুন্দরী। একদিন কবি তার স্ত্রীর সাথে রাতের নির্জন পরিবেশে বসে গল্প করছিলেন। গল্পের এক ফাঁকে স্বামী তার স্ত্রীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে খুব আনন্দ প্রকাশ করলেন। তখন স্ত্রী বলল, 'আমরা দুজনেই জান্নাতি।'
স্ত্রীর এমন মন্তব্যে স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, 'তুমি এতটা নিশ্চিন্ত মনে কিভাবে বলতে পারলে আমরা জান্নাতি?'
স্ত্রী বলল, 'আমি যখন আপনাকে দেখি তখন ধৈর্য অবলম্বন করি আর আপনি যখন আমাকে দেখেন তখন আপনি মহান আল্লাহর কাছে আমার মতো এমন সুন্দরী স্ত্রী পাওয়ার কারণে শুকরিয়া আদায় করেন আর ধৈর্য ও শোকর উভয়টার বিনিময় হলো জান্নাত।' সুবহানাল্লাহ!
শিক্ষা: প্রকৃতপক্ষেই ধৈর্য ও শোকর মহান আল্লাহর জান্নাতকে অবধারিত করে দেয়।
আসুন না, আমরাও এভাবে শোকর ও ধৈর্যাবলম্বন করে করে জান্নাতি হই!

📘 আমিও হবো জান্নাতি > 📄 অমূল্য উপদেশ

📄 অমূল্য উপদেশ


হযরত হাসসান ইবনে আতিয়‍্যাহ রহ. বলেন, হযরত আবু দারদা রা. লোকদের উপদেশ দিতে গিয়ে বলতেন:
• তোমরা ততক্ষণ কল্যাণের উপর থাকবে, যতক্ষণ তোমাদের ভালো লোকদের মহব্বত করবে এবং হক কথা বলা হলে তোমরা তা বুঝতে সক্ষম হবে। কারণ, যে হক কথাকে বুঝে, সে তার উপর আমলকারীর সমতুল্য গণ্য হয়।
• তোমরা লোকদের উপর এমন কাজের দায়িত্ব চাপিয়ে দিয়ো না, যার দায়িত্ব (আল্লাহর পক্ষ থেকে) তাদের উপর চাপানো হয়নি।
• যে কাজের উপর তাদের রব হিসাব গ্রহণ করবেন না, তোমরা তাদের কাছ থেকে এমন কাজের উপর হিসাব গ্রহণ করো-এটা উচিত নয়।
• হে আদম সন্তান, তুমি নিজের ব্যাপারে চিন্তা করো। কেননা, যে ব্যক্তি লোকদের মধ্যে পরিলক্ষিত দোষ তালাশে লাগবে, তার দুঃখ দীর্ঘ হবে এবং তার রাগ কখনও ঠাণ্ডা হবার নয়।
• আল্লাহর ইবাদত এমনভাবে করো, যেন তুমি তাকে দেখছ।
• নিজেদের মৃত লোকদের মধ্যে গণ্য করো।
• জেনে রেখো, অল্প সম্পদ যা তোমাদের প্রয়োজনপূরণে যথেষ্ট হয়, তা এমন অধিক সম্পদ থেকে উত্তম, যা তোমাদের আল্লাহ থেকে গাফেল করে দেয়।
• এও জেনে রেখো, নেকী কখনও পুরোনো হবে না এবং গুনাহ কখনও ভুলে যাওয়া হবে না। ৫

টিকাঃ
৫. আবু নুআইম ফিল হুলইয়া, ১/২১০, ২১১, ২১২, ২১৫, ২১৬, ২১৭, ২১৮, ২২০, ২২৩, ২২৪; বায়হাকী, শুআবুল ঈমান; কান্য, ৮/২২৪; ইবনে কাসীর, ৩/৩৪১।

📘 আমিও হবো জান্নাতি > 📄 একটি ইচ্ছার গল্প

📄 একটি ইচ্ছার গল্প


সামান্য অছিলায় আল্লাহর পক্ষ থেকে বিরাট পুরস্কার দানের গল্প।
আল্লাহ পাক বড় দয়ালু। তিনি সামান্যতে অনেক দান করেন। বান্দা ছোট থেকে ছোট কোনো নেকীর কাজের ইচ্ছা করলেও তিনি বান্দাকে নেকী দিয়ে দেন। কাজ না করেও শুধু কাজ করার ইচ্ছা করার দ্বারা পৃথিবীতে কেউ কোনোদিন কাউকে কোনো মুজুরী দেবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামীনের দয়া অফুরন্ত তাই তিনি নেকী দিতে কৃপণতা করেন না। নিম্নের হাদীসটি পড়ুন আর চিন্তা করুন। মহান আল্লাহ কত মহান এবং কত উদার।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি. বর্ণনা করেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলা নেকী ও গুনাহ সম্পর্কে একটি সিদ্ধান্ত ফেরেশতাদের লিখে দিয়েছেন। অতঃপর এর স্বরূপ বর্ণনা করে বলেছেন:
* যে ব্যক্তি নেক কাজের ইচ্ছা করল, অতঃপর কোনো কারণে কাজটি করতে পারল না, তার জন্য আল্লাহ তা'আলা পূর্ণ একটি নেকী লিখে দেন।
* আর যদি নিয়ত করার পর ওই কাজটি সম্পন্ন করে, তাহলে তার জন্য দশ থেকে সাতশ পর্যন্ত, বরং তা থেকেও কয়েক গুণ বেশি নেকী লিখে দেন।
* আর যে ব্যক্তি কোনো গুনাহের ইচ্ছা করল অতঃপর তা থেকে বিরত হয়ে গেল, তার জন্যও আল্লাহ তা'আলা একটি পূর্ণ নেকী লিখে দেন (কেননা, তার গুনাহ্ থেকে বিরত হওয়া আল্লাহ তা'আলার ভয়ের কারণে হয়েছে)।
* আর যদি ইচ্ছা করার পর সেই গুনাহ সম্পন্ন করে ফেলে, তাহলে আল্লাহ তা'আলা তার জন্য (মাত্র) একটি গুনাহ-ই লেখেন। [সহীহ বুখারী, হাদীস নং-৬৪৯১]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00