📄 উপসংহার
দ্বিতীয়ত: সে যেন তার কলম ও জবানকে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত করে এবং তার শক্তিকে ও সামর্থকে ইসলামকে বিজয়ী করার কাজে নিয়োজিত করে, আর মানুষের নিকট হক শিক্ষা এবং এর দাওয়াত পৌছায়।
তৃতীয়ত: এই শক্তিকে যেন ইসলামের শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করে এবং তাদের ষড়যন্ত্র ও চক্রান্ত তুলে ধরে, যেমন ভাবে এর পূর্বে তাদেরকে সাহায্য করত এবং ইসলামের শত্রুদের পরিকল্পনা বাস্তবায়ন করত। সে যেন ইসলামের হকের অস্ত্র হয়ে যায় বাতিলের বিরুদ্ধে। এভাবে বিভিন্ন হারাম কাজের কদর্যতা বর্ণনা করে ইসলামের পথে মানুষকে আহ্বান করে। যেমন হয়তো একদিন সুদের পক্ষে কথা বলেছে, এখন সুদের বিরুদ্ধে কলম ধরবে, এর অপকারিতা ও ভয়াবহতা তুলে ধরে পূর্বের পাপের কাফ্ফারা আদায় করবে। মহান আল্লাহই প্রকৃত হেদায়েত দাতা।
হে আল্লাহর বান্দা! আল্লাহ তা'আলা তাওবার দরজা উন্মুক্ত করেছেন সুতরাং কতই না ভাল হতো যদি আপনি এতে প্রবেশ করতেন। “নিশ্চয় তাওবার দরজা রয়েছে যার প্রশস্ততা হলো পূর্ব ও পশ্চিমের দূরত্বের সমান।” অপর বর্ণনায় এসেছে “এর প্রশস্ততা হলো সত্তর বছরের সমান। পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত তা বন্ধ করা হবে না।” (তাবারানী, সহীহ আল-জামে ২১৭৭) হাদীসে কুদসীতে আল্লাহ তা'আলা আহ্বান করে বলেন:
((يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ )) (رواه مسلم)
“হে আমার বান্দারা! তোমরা দিনে রাতে পাপ করো এবং আমি সব পাপ ক্ষমা করে থাকি। সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদের মাফ করে দিবো।” (মুসলিম)
যদি আপনি ক্ষমা চাইতেন তাহলে কতই না ভাল হতো। মহান আল্লাহ তাঁর হস্ত প্রসারিত করেন রাতের বেলায় যেন তিনি দিনের বেলায় পাপকারীকে ক্ষমা করে দেন এবং দিনের বেলায় তার হাতকে প্রসারিত করেন যেন রাতের বেলায় পাপকারীকে ক্ষমা করে দেন। আর আল্লাহ অপারগতা পছন্দ করেন না। সুতরাং আপনি যদি এই সুযোগ গ্রহণ করতেন তাহলে কতই না ভাল হতো।
📄 তাওবার মর্যাদা
আল্লাহ খুব খুশী হন যখন তাঁর কোন বান্দা তাওবা করে (তার দিকে প্রত্যাবর্তন করে)। আল্লাহ খুশী হলে আর কোন কল্যাণের ঘাটতি হবে না। “নিশ্চয় আল্লাহ খুব খুশী হন যখন কোন বান্দা তাঁর দিকে তাওবা (প্রত্যাবর্তন) করে। সেই ব্যক্তির চেয়েও বেশী খুশী হন যে এক মরুভূমিতে সফর করছিল। সে এক স্থানে বিশ্রামের জন্য একটু নামে। ওর সওয়ারীর উপর তার খানাপিনা ছিল। সে গাছের একটু ছায়ায় ঘুমিয়ে পড়ে। যখন জেগে উঠে দেখে যে, তার বাহনটি কোথায় চলে গেছে। সে এর খোজ করতে থাকে। এক উচু টিলাতে উঠেও দেখতে পায় না। এরপর আরেক টিলার উপর উঠে কিন্তু সেখান থেকেও তা দেখতে পায়না। এরপর যখন প্রচন্ড তাপ ও পিপাসায় কাতর হয়ে পড়ে, তখন বলে, আমি যেখানে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে গিয়ে শুয়ে থাকবো মরণ না আসা পর্যন্ত। অতঃপর গাছের ছায়ায় এসে শুয়ে পড়ে এবং বাহনের ব্যাপারে নিরাশ হয়ে যায়। এ অবস্থায় একবার সে মাথা উঠিয়ে দেখে যে, তার শিয়রে সেটি দাঁড়িয়ে আছে তার লাগাম মাটিতে ছেচড়াচ্ছে, যার উপর তার খানাপিনা ছিল । সে তখন দ্রুত গিয়ে তার লাগام ধরে এবং প্রচন্ডভাবে খুশি হয়। কেউ তাওবা করলে মহান আল্লাহ এই লোকটির খুশীর চেয়েও বেশী খুশী হন। (এ ঘটনাটি বিভিন্ন বর্ণনায় বর্ণিত হয়েছে, দেখুন তারতীবু সাহিহুল জামে' ৪/৩৬৮)
প্রিয় ভাই! সঠিক তাওবাকারীর জন্য পাপ শেষ পর্যন্ত আল্লাহর নিকট নম্রতা ও বিনয়ী ভাব সৃষ্টি করে। তার মাঝে অনুশোচনার জন্ম দেয় এবং তাওবাকারীর চাপা কান্না বিশ্বজগতের প্রতিপালকের নিকট খুবই পছন্দনীয় বস্তু। কোন মুমিন বান্দা যদি তার গুনাহকে সদাসর্বদা চোখে চোখে রাখে, তাহলে তার মধ্যে অনুশোচনা ও অনুতপ্ত ভাব সৃষ্টি হবে, যার ফলে সে বেশী বেশী আনুগত্য ও নেকীর কাজ করতে থাকবে। অবস্থা এমন হয় যে, শয়তান হয়তো বলে বসে, যদি আমি একে পাপে না ফেলতাম তাহলেই ভাল ছিল। এজন্য দেখা যায় যে, কিছু তাওবাকারীর অবস্থা তাওবা করার পর খুবই ভাল হয়ে যায়।
মহান আল্লাহ তাঁর বান্দাকে কখনো ছেড়ে দেন না, যে তার দিকে তাওবা করে এগিয়ে আসে। দেখুন, যদি কোন সন্তান তার পিতার তত্বাবধানে থাকে তাকে সর্বোত্তম খানাপিনা খাওয়ায়, ভাল শিক্ষা-দীক্ষা দান করতে থাকে। তাকে চলার জন্য খরচা-পাতিও দেয় এবং তার সব কিছু দেখাশুনা ও দায়-দায়িত্ব পালন করে। একদিন তার পিতা তাকে এক কাজে পাঠালো সে কাজে গেলে পথে তাকে তার দুশমনেরা পাকড়াও করে বন্দী করে ফেললো। তাকে শৃংখলাবদ্ধ করে হাত পা বেঁধে ফেললো। এরপর তাকে শত্রুর দেশে নিয়ে গেল এবং তার সাথে তার পিতা যে আচরণ করছিল তার উল্টোটি শুরু করল।
সুতরাং সে যত বারই তার পিতার কথা ও তার শিক্ষা-দীক্ষার এবং আচরণের কথা মনে করবে, তত বারই তার মনে ব্যথা ও দুঃখ মাথা চাড়া দিয়ে উঠবে এবং সে চিন্তা করবে যে, সে কত নিয়ামতের মধ্যে ছিল।
সে যখন শত্রুর হাতে বন্দী, প্রতিনিয়ত (সর্বদা) শাস্তির সম্মুখীন এবং শেষ পর্যন্ত তাকে হত্যাই করে ফেলবে এ অবস্থায় দেখতে পেল যে, সে তার বাড়ীর নিকটে এবং তার আব্বাও তার খুবই নিকটে। সে দৌড়ে গিয়ে তার সামনে লুটিয়ে পড়লো এবং তার পায়ে পড়ে সাহায্য চাইল, আর চিৎকার করে বলতে লাগলো, আব্বা ... আব্বা ... আব্বা ... আমাকে বাঁচান! দেখুন; তার আব্বার গালবেয়ে পানি ঝরছে। সে তার আব্বাকে জড়িয়ে ধরেছে আর তার আব্বাও তাকে জড়িয়ে ধরছে।
আপনি বলবেন কী তার আব্বা তাকে এই অবস্থায় শত্রুর হাতে ছেড়ে দেবে? তাকে উদ্ধারের কোন চেষ্টাই করবে না? তাহলে সেই সত্বার ব্যাপারে আপনার ধারণা কি?
যিনি এই পিতার সন্তানের উপর দয়ার চেয়েও দয়াবান, মাতার সন্তানের উপর মহব্বতের চেয়েও বেশী মহব্বত রাখেন, যে বান্দা শত্রুর কাছ থেকে পালিয়ে তার নিকটে আশ্রয় নিয়েছে এবং তার কাছে নিজেকে অর্পণ করেছে, তার সামনে মাথা নত করেছে, ধূলায় কপালকে লুটিয়েছে, চোখ দিয়ে পানি বের করে তার সামনে দাঁড়িয়ে বলছে, হে প্রভূ! হে দয়াবান! যার জন্য তোমার দয়া ছাড়া আর কোন দয়া নেই, যার তুমি ছাড়া আর কেউ সাহায্যকারী নেই, তুমি ছাড়া আর কেউ নেই, সে তোমারই ... তোমারই কাঙ্গাল, তোমারই কাছে ভিক্ষা চাচ্ছে। তুমি ছাড়া তার আর কোন আশ্রয়দাতা, বিপদ থেকে উদ্ধারকারী এবং ত্রাণকর্তা নেই।
সুতরাং, ভাল কাজ করার জন্য দ্রুত ছুটে আসুন, নেকী কামাই করুন এবং নেককার লোকদের সঙ্গী হোন, সুপথ পাবার পর ভ্রান্তপথ থেকে সতর্ক হোন, হেদায়াত প্রাপ্তির পর গোমরাহী থেকে দূরে থাকুন। নিশ্চয় আল্লাহর তাওফীক আপনার সাথেই রয়েছে। আপনার এবং আমাদের সকলের ওপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত নাজিল হোক। আমীন।
সমাপ্ত