📘 আল্লাহর উপর ভরসা > 📄 ২. জ্যোতিষী ও গণকের কাছে যাওয়া

📄 ২. জ্যোতিষী ও গণকের কাছে যাওয়া


তাওয়াক্কুলের পরিপন্থী যেসব কাজ রয়েছে তন্মধ্যে জ্যোতিষী, গণক ও হারানো বস্তুর সন্ধানদাতাদের নিকট ধর্ণা দেওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব গণক ও জ্যোতিষী অদৃশ্য লোক ও ভবিষ্যৎ জানার দাবী করে। মুমিন বান্দা যদি সত্যিকার অর্থেই আল্লাহ্র উপর ভরসা করে থাকে তাহ'লে সে আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারস্থ হবে না এবং যিনি ছাড়া আর কারো গায়েব বা অদৃশ্য লোকের খবর জানা সম্ভব নয়, সেই মহান আল্লাহকে ছেড়ে অন্য কাউকে সে খুঁজবে না।

ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, আলী (রাঃ) যখন খারেজীদের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করছিলেন তখন এক জ্যোতিষী এসে তাঁকে বলে, হে আমীরুল মুমিনীন, আপনি এই যুদ্ধে যাবেন না। কারণ চাঁদ এখন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। চাঁদ বৃশ্চিক রাশিতে থাকাকালে আপনি যাত্রা করলে আপনার বাহিনী পরাজিত হবে। তখন আলী (রাঃ) বলেছিলেন, আমি বরং আল্লাহ্র উপর ভরসা ও ভরসার্থে এবং তোমার কথা মিথ্যা প্রমাণ করতে অবশ্যই যাত্রা করব। শেষ পর্যন্ত তিনি যাত্রা করেন এবং ঐ সফরে তিনি প্রচুর কল্যাণ লাভ করেন। অধিকাংশ খারেজী এ যুদ্ধে ধরাশায়ী হয়। আর নবী করীম (ছাঃ)-এর আদেশ মতো যুদ্ধ করে জয়ী হওয়াতে আলী (রাঃ) অত্যন্ত আনন্দিত হয়েছিলেন।

কোন মুমিন যদি এ ধরনের কোন জ্যোতিষী, গণকঠাকুর কিংবা হারানো বস্তুর সন্ধানদাতা থেকে কোন খবর শুনতে পায় তাহ'লে তার বিরোধিতা করা এবং তার কোন কথা বিশ্বাস না করাতেই সে সর্বাত্মক মঙ্গল লাভ করবে।

টিকাঃ
৪০. ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়া আল-কুবরা ১/৫৭।

📘 আল্লাহর উপর ভরসা > 📄 ৩. তাবীয ঝুলান

📄 ৩. তাবীয ঝুলান


গলা, হাত ইত্যাদি যে কোন অঙ্গে তাবীয ঝুলানো বা বাঁধা ভরসা বিরোধী কাজ। অনেক জাহেল মূর্খ তাদের বুকের উপর নীল সুতা কিংবা কাগজ পাতা ঝুলিয়ে রাখে। ভেল্কিভাজ, যাদুকর, গণকঠাকুর কিসিমের লোকদের থেকে তারা আত্মরক্ষার্থে এগুলো ব্যবহার করে। যার কাজ এ ধরনের তার আল্লাহ্র উপর ভরসা থাকল কোথায়?

অপরাধ অনুপাতে এসব লোক শাস্তিযোগ্য হবে। নবী করীম (ছাঃ) বলেছেন, مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ 'যে তার দেহে (তাবীয ইত্যাদি) যা কিছু লটকাবে তাকে তার উপরেই সোপর্দ করা হবে'। যখন সে কালি লেখা পাতা বা অনুরূপ কিছু ঝুলাবে এবং আল্লাহ্র উপর ভরসা করবে না, তখন আল্লাহ তাকে ঐ ঝুলানো বস্তুর উপরে অর্পণ করবেন। তার ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এটাই হবে যথেষ্ট।

টিকাঃ
৪১. তিরমিযী হা/২০৭২; নাসাঈ হা/৪০৭৯, আলবানী, সনদ হাসান; মিশকাত হা/৪৫৫৬।

📘 আল্লাহর উপর ভরসা > 📄 গাছ ,পাথর ইত্যাদিকে বরকতময় ভেবে তার থেকে বরকত কামনা করা

📄 গাছ ,পাথর ইত্যাদিকে বরকতময় ভেবে তার থেকে বরকত কামনা করা


গাছ, পাথর ও অন্য যেসব জিনিস থেকে বরকত লাভের আশা করা অবৈধ সেসব কিছু থেকে বরকত লাভ করা তাওয়াক্কুল বিরোধী কাজ। কখনো কখনো এ ধরনের কাজ শিরকের দিকে ধাবিত করে। নাউযুবিল্লাহ।

📘 আল্লাহর উপর ভরসা > 📄 ৫. জীবিকার খোঁজ না করে বেকার বসে থাকা

📄 ৫. জীবিকার খোঁজ না করে বেকার বসে থাকা


ইতিপূর্বে বলা হয়েছে, উপায়-অবলম্বন গ্রহণ করা তাওয়াক্কুলের অন্যতম শর্ত। অবলম্বন গ্রহণ না করা তাওয়াক্কুলের পরিপন্থী। আমাদের এ কালে যে বালা-মুছীবত ব্যাপকতা লাভ করছে সে সম্পর্কে আমরা এখানে কিছু আলোচনা করছি। এ মুছীবত হ'ল বেকারত্ব। অনেক লোকই তাদের খাওয়া-পরার জন্য কোন কাজকর্ম না করে অন্যের উপর ভরসা করে পড়ে থাকে। ছেলে খাবারের জন্য পিতার উপর এবং ভাই চাকুরিজীবী বোনের উপর ভরসা করে থাকে। যুবশ্রেণী কোন ফলপ্রসূ কাজ তালাশ করে না, বরং তারা যে কাজে কোন শ্রম নেই কিংবা থাকলেও সামান্য তেমন কাজ নিয়ে পড়ে থাকতে ভালবাসে। জীবিকার জন্য শ্রম ও চেষ্টার উপর বেকার ও অলস সময় কাটানোকেই তারা প্রাধান্য দিয়ে থাকে। অথচ কুরআন-সুন্নাহতে জীবিকা উপার্জনের অনেক পথের কথা বলা হয়েছে। আমরা তার কিছু এসব অলস বেকারদের জন্য তুলে ধরছি।

(ক) জীবিকার সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ অবলম্বন এবং হালালের মধ্যে শীর্ষস্থানীয় হালাল জীবিকা হ'ল যুদ্ধলব্ধ গণীমত। আল্লাহ বলেন, فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا 'সুতরাং যুদ্ধে তোমরা যা কিছু গণীমত রূপে লাভ করেছ, তা হালাল ও পবিত্র হিসাবে ভক্ষণ কর' (আনফাল ৮/৬৯)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, وَجُعِلَ رِزْقِي تَحْتَ ظِلُّ رُمْحِى 'আর আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্শার ছায়াতলে'।

)খ) নিজ হাতে কামাই : রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلٍ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ - 'কোন ব্যক্তি নিজ হাতের কামাইয়ের মাধ্যমে যা খায় তার থেকে উত্তম কোন খাদ্য সে কখনো খায়নি। আল্লাহ্র নবী দাউদ নিজ হাতের কামাই থেকে জীবিকা নির্বাহ করতেন'।৪৩ তিনি আরো বলেন, لأن يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ خَيْرٌ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا، فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ - 'তোমাদের কারো পিঠে করে কাঠের বোঝা বয়ে নিয়ে যাওয়া অপরের কাছে ভিক্ষা চাওয়া অপেক্ষা অনেক ভাল, সে লোকটা তাকে দিতেও পারে আবার নাও পারে'।

(গ) ব্যবসা-বাণিজ্য : বহু আনছার ও মুহাজির ছাহাবীর পেশা ছিল ব্যবসা। আব্দুর রহমান ইবনু আওফ (রাঃ)-কে দেখুন, তার আনছারী ভাই তাকে তার মালের অর্ধেক দিতে চাইলে তিনি অস্বীকার করে বললেন, دُلُّونِي عَلَى السُّوق 'তোমরা আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দাও'।

(ঘ) চাষাবাদ ও ফল বাগান তৈরী : এগুলো জীবিকা অন্বেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এগুলোতে যতটা আল্লাহ্র উপর ভরসা করতে দেখা যায়, অন্য কোন কাজে তা দেখা যায় না। এতে প্রকৃতই আল্লাহ্র উপর ভরসা করতে হয়। কেননা চাষী যখন বীজ বপন করে, পানি সেচ দেয় তখন তার খুব ভাল মতো জানা থাকে যে, বীজের অঙ্কুরোদগম হওয়া আল্লাহ্র মর্যির উপর নির্ভরশীল, আবার প্রাকৃতিক বিপদ-আপদ থেকে ফসলের সুরক্ষা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ্রই আছে। কত ফসল যে পঙ্গপালের আক্রমণে নিঃশেষ হয়ে গেছে! আর কত ক্ষেত-খামার অনাবৃষ্টি, অতিবৃষ্টি, প্রচণ্ড তুষারপাতে ধ্বংস হয়ে গেছে তার ইয়ত্তা আছে কি?

এজন্যই চাষী কৃষকরা শ্রমজীবী লোকদের মধ্যে আল্লাহ্র সঙ্গে অধিক সম্পর্কযুক্ত মানুষ। তাকালেই তা নযরে আসবে ।

টিকাঃ
৪২. আহমাদ হা/৫১১৪; ইরওয়া হা/২৬৯১, আলবানী, সনদ ছহীহ।
৪৩. বুখারী হা/২০৭২; মিশকাত হা/২৭৫৯।
৪৪. বুখারী হা/২০৭৪।
৪৫. বুখারী হা/৫০৭২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00