📘 আল্লাহর সন্তুষ্টির সন্ধানে 📄 ভূমিকা

📄 ভূমিকা


বিসমিল্লাহির রাহমানির রাহীম
সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমরা তাঁরই প্রশংসা করি ও তাঁরই কাছে সাহায্য কামনা করি। আমরা তাঁরই কাছে ক্ষমাভিক্ষা করি এবং আমাদের নিজেদের মধ্যকার খারাবি ও আমাদের কাজকর্মের খারাবি থেকে তাঁরই নিকট আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ দেখান, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি—আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তাঁর কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি—মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّসْلِمُونَ
“হে ঈমানদারগণ! আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ কোরো না।”
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَق مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
“হে মানবজাতি! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন; এবং সেই দুজন হতে বহু নর-নারী ছড়িয়ে দিয়েছেন। এবং তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পরের নিকট (অধিকার) চেয়ে থাকো। আর (সতর্ক থাকো) জ্ঞাতি-বন্ধন সম্পর্কে। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।”
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَقُولُوا۟ قَوْلًا سَدِيدًا (৩) يُصْلِحْ لَكُمْ أَعْمَٰلَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَরَسُولَهُۥ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সরল-সঠিক কথা বলো। আল্লাহ তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে ত্রুটিমুক্ত করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে লাভ করে মহাসাফল্য।”
অতঃপর...
আল্লাহ তাআলা বলেন,
وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰতِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱলْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًٔا
"তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদের জমিনে খিলাফাত দান করবেন, যেমনটা তাদের পূর্ববর্তীদের আল্লাহ দান করেছিলেন। আর তিনি (ইসলামকে) তাদের জন্য পছন্দ করেছেন, সেই দ্বীনকে কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত করবেন। আর তিনি তাদের ভয়ভীতিপূর্ণ অবস্থা পরিবর্তন করে অবশ্যই নিরাপত্তা দান করবেন। তারা আমার ইবাদত করবে, কোনোকিছুকে আমার সাথে শরিক করবে না।”
আল্লাহ আমাদের বিজয়, সাফল্য, কর্তৃত্ব ও গৌরব দান করার ওয়াদা করেছেন। উম্মাহর এই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় এই ওয়াদা এক উজ্জ্বল আলোকচ্ছটার ন্যায়। এই উম্মাহ দীর্ঘকাল ধরে বিশ্ব শাসন করেছে। এর মাধ্যমে দূর-দূরান্তে খিলাফাত বিস্তৃত হয়ে পড়ে এবং আল্লাহর কিতাবের দ্বারা ভূমিগুলোকে শাসন করে।
দুর্ভাগ্যক্রমে সেই একই উম্মাহ আজ অপমান ও লাঞ্ছনার তিক্ত স্বাদ ভোগ করছে। অতীত গৌরব কেবল টিকে আছে শিশুদের ছড়াগানে। বিশাল খিলাফাত টুকরো টুকরো হয়ে গেছে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিরাষ্ট্রে। কিছু চলে গেছে ইহুদি ও খ্রিষ্টানদের দখলে, কিছু শাসিত হয় মূর্তিপূজারি ও নাস্তিকদের হাতে, আর কয়েকটি কথিত ইসলামি রাষ্ট্রে দখল করে আছে কিছু সেক্যুলার শাসক।
শত্রুরা দলে দলে আমাদের দিকে ধেয়ে এসেছে। ভ্রান্ত বিশ্বাস-মতবাদ, তন্ত্র-মন্ত্র, দর্শন, সংগঠন, প্রতিষ্ঠান, রাষ্ট্র, সংবিধান-সব রূপ ধরে তারা সম্মিলিত আক্রমণ করছে। কারো অন্তরে আছে গোপন বিদ্বেষ আর কারো আছে পুরোনো শত্রুতা।
এই উম্মাহর ওপর ইতিহাসে যত আঘাত এসেছে, তার মাঝে সবচেয়ে মারাত্মক আঘাতগুলোর একটি প্রত্যক্ষ করেছে বিংশ শতাব্দী। আর তা হলো খিলাফাতের পতন। তাদের ষড়যন্ত্র যদি খিলাফাত ধ্বংস করার মধ্যেই শেষ হয়ে যেত, তা হলেও একটা কথা ছিল। কিন্তু তারা এরপর মুসলিমদের ভেতরে অদ্ভুত সব বিশ্বাস-মতবাদ ও তন্ত্র-মন্ত্র ছড়িয়ে দিয়ে আমাদের দ্বীনের বুঝকে কলুষিত করেছে। যখনই আমরা জেগে উঠে দ্বীনে ফিরে যাওয়ার প্রচেষ্টা চালাব, তখনই আমাদের সামনে বুদ্ধিবৃত্তিক বাধা হয়ে দাঁড়াবে ভালো-মন্দের মিশ্রণে গড়া এসব মতবাদের সমষ্টি। সত্য হয়ে যাবে অস্পষ্ট আর আমরা হব পথভ্রষ্ট। হারাব দ্বীন ইসলামের সঠিক বুঝ। এই হলো আমাদের অবস্থা। অথবা বলা চলে, শত্রুদের ষড়যন্ত্রের মোকাবিলায় আমাদের অজ্ঞতা ও অলসতার এই হলো পরিণাম।
তাই বলে বিশ্বাসস্থাপনকারী ও সৎকর্মশীলদের প্রতি আল্লাহর এই ওয়াদা কিন্তু মুছে যায়নি :
لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا
“তিনি তাদের জমিনে খিলাফাত দান করবেন, যেমনটা তাদের পূর্ববর্তীদের আল্লাহ দান করেছিলেন। আর তিনি (ইসলামকে) তাদের জন্য পছন্দ করেছেন, সেই দ্বীনকে কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত করবেন। আর তিনি তাদের ভয়ভীতিপূর্ণ অবস্থা পরিবর্তন করে অবশ্যই নিরাপত্তা দান করবেন...।"
সত্যি বলতে এই উম্মাহর প্রথম দিককার প্রজন্ম সাহাবিগণ নিজেদের ইসলামি শিক্ষার প্রতি সঁপে দিয়েছেন এবং ইসলামের এই শিক্ষাকেই নিজেদের ঐক্যের একমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন বলেই আল্লাহ তাঁদের ক্ষমতা-কর্তৃত্ব দান করেছেন। এরপর তাঁরা সামষ্টিক ও পরিকল্পিত কর্মপদ্ধতি অনুযায়ী ইসলামের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করেছেন। এটিই তাঁদের সাফল্যের রহস্য।
আমাদের যদি কোনো একদিন ঘুম থেকে উঠে দ্বীনে ফিরে যেতে ইচ্ছে হয় আর শত্রুদেরকে চ্যালেঞ্জ করার ইচ্ছা জাগে, তা হলে এই একই পথে হেঁটেই সাফল্য লাভ করতে হবে। আমাদের ও আমাদের পূর্বসূরিদের মাঝে যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে, তা পূরণ করতে দ্রুত কাজ করতে হবে। তাঁদের মতো করে দ্বীনের বুঝ অর্জন করে তাঁদেরই মতো করে ইসলামের জন্য প্রচেষ্টা ও জিহাদ করতে হবে। রাসূলুল্লাহ ﷺ, তাঁর সাহাবিগণ ও তাঁদের সত্যনিষ্ঠ অনুসারীগণকে হুবহু অনুসরণ করার কোনো বিকল্প নেই।
ইমাম আওযাঈ সত্যই বলেছেন, “ধৈর্য ধরে সুন্নাহর অনুসরণ করতে থাকুন। সালাফগণ যা বলেছেন, তা আঁকড়ে ধরে রাখুন। তাঁরা যা বলেছেন, তা-ই বলুন। তাঁরা যা থেকে বিরত থেকেছেন, তাতে জড়িয়ে পড়বেন না। আর ন্যায়নিষ্ঠ পূর্বসূরিদের (সালফে সালেহীনদেরকে) অনুসরণ করুন। তা হলেই আপনি তা অর্জন করতে পারবেন, যা তাঁরা অর্জন করেছিলেন।"
এ জন্য আমাদের প্রথমেই যা শিখতে হবে তা হলো আল্লাহ ও তাঁর রাসূল সিদ্ধান্ত দেওয়ার আগে হুট করে নিজে কিছু না বলে বসা, নিজেদের কণ্ঠস্বরকে রাসূলের কণ্ঠের চেয়ে উচ্চ না করা, অন্য সব রকম আনুগত্যের বন্ধন থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ ও তাঁর দ্বীনের আনুগত্যে আবদ্ধ হওয়া। তা হলেই দ্বীনের পুনরুজ্জীবনের পথে প্রথম ধাপ পেরোনো সম্ভব হবে।
وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ “নিশ্চয় আল্লাহ তাদের সাহায্য করেন, যারা আল্লাহকে সাহায্য করে।”
এ লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা এই বই-আল্লাহর সন্তুষ্টির সন্ধানে। এর মাধ্যমে আমরা প্রতিটি ইসলামি আন্দোলনের কর্মীদের স্মরণ করিয়ে দিতে চাই-যেন শরীয়তের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের আন্দোলনে অনুপস্থিত না থাকে। আর তারা যেন সকল ব্যাপারে নিজেদেরকে শরীয়তের হুকুম আহকামের প্রতি সমর্পণ করে।
এখানে বর্ণিত মূলনীতিগুলো দ্বীন ইসলামে কোনো নব-উদ্ভাবন বা সংযোজন নয়। বরং এগুলো অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত বিধান, যা কোনো মুসলিম অস্বীকার বা অবজ্ঞা করতে পারে না। দুর্ভাগ্যবশত, দ্বীনের জন্য কাজ করা অধিকাংশ কর্মীর মন থেকেই এসব বিষয় মুছে গেছে। কিছু লোক হয়তো কয়েকটি মূলনীতি জানে, কিন্তু বাকিগুলোকে দামই দেয় না। আবার কেউ কয়েকটি মূলনীতি অনুযায়ী কাজ করে আর বাকিগুলো এড়িয়ে যায়।
শরীয়তের এসব মূলনীতি ও মৌলিক বিষয়গুলো যেহেতু অনেকেই ইচ্ছাকৃতভাবে ভুলে যেতে চাইছেন, তাই উম্মাহকে এসব ব্যাপার স্মরণ করিয়ে দেওয়াকে আমরা দ্বীনি দায়িত্ব মনে করছি। এর মাধ্যমে আমরা এসব মূলনীতির বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও অনুসরণের নিয়ম তুলে ধরতে চাই। ইসলামি আন্দোলনের দৃঢ় প্রত্যয়ী কর্মীরা যেন পথ চলতে গিয়ে মাঝপথে দিশা হারিয়ে ছত্রভঙ্গ না হয়ে যায়, সেজন্যই পুরো পথের চিত্রটি সুস্পষ্টভাবে তুলে ধরতে আমাদের এই প্রচেষ্টা।
এ পথ বৈচিত্র্যময় ও দুর্গম। তারপরও শরীয়তের এমন সব আবশ্যক মূলনীতি রয়েছে, যা না মানলে বিজয়ের সব আশা শেষ হয়ে যাবে। একবার যদি মানুষের মনে এসব মূলনীতি স্পষ্ট ও বদ্ধমূল হয়ে যায়, তা হলেই এগুলোর ভিত্তিতে একটি চিন্তাগত ঐক্য গড়ে তুলে কর্মক্ষেত্রে সামনে আগানো সম্ভব হবে। অনেকে এই বুদ্ধিবৃত্তিক ঐক্যকে গুরুত্ব না দিয়ে কেবল লোকসংখ্যা বাড়ানোকেই গুরুত্ব দেয়। ঐক্যের জমিতে তারা আসলে নিজের অজান্তেই বপন করে অনৈক্য ও ভাঙনের বীজ। চিন্তাগত ঐক্যবিহীন একটি দল হলো নানা রকম মত-পথের একটি স্তূপ মাত্র, যা প্রথম পরীক্ষার আঘাতেই ভেঙে ছন্নছাড়া হয়ে যাবে। এমনকি এর একটি অংশ অপর অংশের সাথে সংঘাতেও জড়িয়ে যেতে পারে।
ইসলামের কল্যাণে কাজ করতে চাওয়া কোনো সংগঠনের কর্মীরা যদি শরীয়তের মূলনীতির ব্যাপারেই কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্তে না এসে থাকে, তা হলে তাদের উচিত নিজেদের কয়েকটি প্রশ্ন করা।
- আমাদের চূড়ান্ত উদ্দেশ্য কী?
- আমরা কী বিশ্বাস করি?
- আমরা যা বিশ্বাস করি, তা কীভাবে বিশ্বাস করি?
- আমাদের লক্ষ্য কী?
- এ লক্ষ্য অর্জনে আমাদের কর্মপদ্ধতি কী?
- আমাদের চলার পথের পাথেয় কী হবে?
- আমরা কাদের সাথে মিত্রতা করব?
- আমাদের শত্রুই-বা কারা?
- আমাদের এই জমায়েতে কারা যোগ দিতে পারবে?
- আমরা আমাদের সাথে কাদেরকে নেব না এবং কেন?
বলার অপেক্ষা রাখে না যে, এসব প্রশ্নের উত্তর কেবল ইসলাম থেকেই গ্রহণ করতে হবে। সেই ইসলাম, যা আল্লাহ ওহীর মাধ্যমে রাসূল ﷺ-কে জানিয়েছেন, যেভাবে রাসূলের সাহাবিগণ তা বুঝেছেন, যেভাবে আমাদের সালফে সালেহীনগণ আমাদেরকে শিখিয়েছেন। আমরা যদি সঠিক কাজ করি, তা হলে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে।
مَّا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّهِ
“তোমার কাছে যে কল্যাণই পৌঁছায়, তা আল্লাহর পক্ষ থেকে।”
সব প্রশংসা আল্লাহর। আর আমরা যদি ভুল করে থাকি, তা হলে তা আমাদের দোষ।
وَمَا أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ
“কিন্তু তোমার ওপর যা কিছু (বিপদ-আপদ) আপতিত হয়, তা তোমাদের নিজেদের পক্ষ হতে।”
ওয়াস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
লীমান তুররাহ কারাগার, মিশর
২৫ জামাদিউল উলা, ১৪০৪ হিজরি

টিকাঃ
৪. সূরা আলে ইমরান, ৩: ১০২
৫. সূরা আন-নিসা, ৪: ১
৬. সূরা আল-আহযাব, ৩৩: ৭০-৭১
৭. সূরা আন-নূর, ২৪ : ৫৫
৮. সূরা আন-নূর, ২৪ : ৫৫
৯. সূরা আল-হাজ্জ, ২২:৪০
১০. সূরা আন-নিসা, ৪ : ৭৯
১১. সূরা আন-নিসা, ৪ : ৭৯

📘 আল্লাহর সন্তুষ্টির সন্ধানে 📄 আমাদের চূড়ান্ত উদ্দেশ্য

📄 আমাদের চূড়ান্ত উদ্দেশ্য


আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে
১. একমাত্র আল্লাহর জন্যই নিজেদেরকে বিশুদ্ধভাবে সমর্পণ করা
২. সত্যিকার অর্থেই তাঁর রাসূল-এর অনুসরণ করা
আবূ সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আল্লাহ তাআলা জান্নাতিদের ডেকে বলবেন, 'হে জান্নাতিরা!' তারা জবাব দেবে, 'আমরা হাজির, হে আমাদের প্রতিপালক! সকল কল্যাণ আপনারই হাতে।' তিনি তাদের জিজ্ঞেস করবেন, 'তোমরা কি এখন সন্তুষ্ট?' তারা জবাব দেবে, 'কেন হব না, হে আমাদের প্রতিপালক? আপনি তো আমাদের এমন সব অনুগ্রহ দান করেছেন, যা আপনার অন্য কোনো সৃষ্টিকে দান করেননি।' তিনি তারপর তাদের বলবেন, 'আমি কি তোমাদেরকে এরচেয়েও উত্তম কিছু দেব না?' জান্নাতিরা জানতে চাইবে, 'এর চেয়ে উত্তম আর কী হতে পারে?' আল্লাহ বলবেন, 'আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং এরপর আর কখনোই তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না।”
হে আল্লাহ! নিশ্চয় আপনার সন্তুষ্টি অন্য যে-কোনো সুযোগ-সুবিধার চেয়ে অধিক উত্তম। আমরা আপনার সন্তুষ্টি অর্জন করাকে সবকিছুর ঊর্ধ্বে ও অগ্রে স্থান দিই। এভাবে আমরা নবীজি-এর অনুকরণ করতে চাই। কারণ তিনি জান্নাতের দুআ করার আগে আপনার সন্তুষ্টি অর্জনের দুআ করে বলেছেন, “হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টি ও জান্নাত চাই।”
আল্লাহ তাআলাই আমাদের কাছে সবচেয়ে দামি এবং তিনি সবচেয়ে মহান। তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য অন্য যে-কোনো লক্ষ্য-উদ্দেশ্যের চেয়ে বেশি সাধনা করা প্রয়োজন।
وَرِضْوَانٌ মِّنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ "আর সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই হলো বিরাট সাফল্য।"
আল্লাহ তাআলাই প্রথম, তাঁর পূর্বে কিছুই ছিল না; তিনিই সর্বশেষ, তাঁর পর আর কোনোকিছু থাকবে না; তিনি সবকিছুর ঊর্ধ্বে, তাঁর ঊর্ধ্বে কিছু নেই; তিনি সর্বনিকটে, তাঁর চেয়ে নিকটবর্তী কোনোকিছুই নেই। তিনি শাশ্বত, আর তিনি সকল কিছুর রিযিকদাতা ও রক্ষাকর্তা। তিনি সর্বশক্তিমান, সবচেয়ে প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী, সর্বজ্ঞ, তিনি সবকিছু দেখেন, সর্বময় প্রতিপত্তি ও ক্ষমতার অধিকারী, তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান, সবকিছু তাঁর মুখাপেক্ষী, তাঁর জন্য সবকিছু সহজ, আর তিনি কোনোকিছুর মুখাপেক্ষী নন।
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ “কোনোকিছুই তাঁর সমকক্ষ বা সদৃশ নয়। তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন।”
তিনিই সবকিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনেন এবং বিপর্যস্তকে সহায়-সম্বল দান করেন দেন। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি মৃতদেরকে পুনরুত্থিত করেন। আর কিয়ামাতের দিন তাঁর কাছেই হবে আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তন। তিনি যাকে ইচ্ছা, দয়া করে ক্ষমা করে দেবেন। আর যার শাস্তি প্রাপ্য, তাকে ন্যায়বিচার করে শাস্তি দেবেন।
ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُصْرَفُونَ “এই হলেন তোমাদের প্রতিপালক, সর্বময় কর্তৃত্ব তাঁরই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কাজেই তোমাদেরকে কোন দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে?” তাঁর সুউচ্চ সত্তা ব্যতীত সবই ধ্বংস হবে।
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ “পৃথিবীপৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল। কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা, যিনি মহীয়ান, গরীয়ান।”
তাই কী করে আমরা আল্লাহর সন্তুষ্টির ওপর অন্য কোনোকিছুকে প্রাধান্য দিতে পারি? কী করে আমরা মিছে নিরাপত্তা ও সুখের আশায় আল্লাহর সন্তুষ্টির সাথে সাংঘর্ষিক বিষয়ে জড়িয়ে পড়তে পারি?
فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ
"অতএব, দৌড়াও আল্লাহর দিকে, আমি (মুহাম্মাদ) তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী।
আমাদের নবীজি আমাদের শিখিয়েছেন যে আমাদের রব্ব আল্লাহর সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় আশ্রয়। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, "আমি এক রাতে আল্লাহর রাসূলকে বিছানায় না পেয়ে তাঁকে খোঁজ করতে গেলাম। মসজিদে আমার হাত হঠাৎ তাঁর পায়ের তালু স্পর্শ করল। সেগুলো সিজদাহ করার ভঙ্গিতে উঁচু ছিল আর তিনি বলছিলেন,
اللَّهُمَّ أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوْبَتِكَ وَأَعُوْذُ بِكَ مِنْكَ لَا أُحْصِى ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
"হে আল্লাহ! আমি আপনার ক্রোধ থেকে আপনার সন্তুষ্টির আশ্রয় চাই। আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার আশ্রয় চাই। আমি আপনার থেকে আপনারই কাছে আশ্রয় চাই। আমি কখনোই আপনার (প্রাপ্য) যথাযথ প্রশংসা করতে পারব না। আপনি আপনার নিজের যেমন প্রশংসা করেছেন, আপনি তেমনই। "
আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা এমনই গুরুত্বপূর্ণ এক লক্ষ্য, যার সামনে অন্য সব লক্ষ্য মুহূর্তেই বিলীন হয়ে যায়।
وَاللَّهُ خَيْرٌ وَأَبْقَى
“আল্লাহই শ্রেষ্ঠতর (ফিরআউনের প্রতিশ্রুত পুরস্কারের চেয়ে) এবং স্থায়ী (ফিরআউনের হুমকি দেওয়া শাস্তির চেয়ে)।"
আল্লাহর সন্তুষ্টি যে পেয়ে গেল, সে তার প্রয়োজনীয় সবকিছুই পেয়ে গেল। আর যে এটি হারাল বা এর থেকে পথভ্রষ্ট হয়ে গেল, সে সবই হারাল। এরাই এমন সব ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন,
وَخَتَمَ عَلَى سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَى بَصَرِهِ غِشَاوَةً فَمَن يَهْدِيهِ مِن بَعْدِ اللَّهِ
“...আর তার কানে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের ওপর টেনে দিয়েছেন পর্দা। তা হলে আল্লাহর পরে আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে?”
যারা মনেপ্রাণে আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে, আল্লাহ তাদের তা দান করেন। এটি বান্দার প্রতি আল্লাহর দেওয়া একটি শ্রেষ্ঠ রহমত।
اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ
“আল্লাহ যাকে ইচ্ছে করেন তাঁর পথে বেছে নেন। আর যে তাঁর অভিমুখী হয়, তাকে তিনি তাঁর পথে পরিচালিত করেন।”
হিদায়াতকামনাকারী কোনো বান্দাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। বরং তাকে হিদায়াত পেতে সহায়তা করেন।
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
“যারা আমার জন্য সংগ্রাম-সাধনা করবে তাদেরকে আমি আমার পথ দেখাবো।”
হাদীসে কুদসিতে এসেছে, “আল্লাহ বলেন, ‘বান্দা আমার ব্যাপারে যে-রকম ধারণা রাখে, আমি তেমনই। সে যখন আমাকে স্মরণ করে, তখন আমি তার সঙ্গে থাকি। সে যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমিও নিজে নিজে তাকে স্মরণ করি। আর যদি সে জনসমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমি তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে দুই হাত অগ্রসর হই। আর সে যদি আমার কাছে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।”
আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু কী করে আমাদের চূড়ান্ত উদ্দেশ্য হতে পারে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ﷺ-এর একটি হাদীস বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেছেন, “হে আমার বান্দারা! আমি জুলুম করাকে নিজের জন্য হারাম করেছি আর তোমাদের জন্যও হারাম করেছি। অতএব, একে অপরকে জুলুম কোরো না। হে আমার বান্দারা! আমি যাদের হিদায়াত করি তারা ব্যতীত তোমাদের সবাই পথভ্রষ্ট। অতএব আমার নিকট হিদায়াত চাও, আমি তোমাদের হিদায়াত দেব। হে আমার বান্দারা! আমি যাদের খাবার খাওয়াই, তারা ব্যতীত তোমাদের সকলেই ক্ষুধার্ত। অতএব আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দেব। হে আমার বান্দারা! আমি যাদের পোশাক পরাই, তারা ব্যতীত তোমাদের সকলেই উলঙ্গ। অতএব আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদের পরিধান করাব। হে আমার বান্দারা! তোমরা তো দিন-রাত গুনাহ করতে থাকো আর আমি তোমাদের ক্ষমা করি। অতএব আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দারা! তোমরা আমার ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবে না। আবার আমার উপকার করতে চাইলে উপকারও করতে পারবে না।
হে আমার বান্দারা! তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন যদি সবচেয়ে ধার্মিক ব্যক্তিটির সমান ধার্মিক হয়ে যায়, তা হলে তা আমার রাজত্ব একটুও বৃদ্ধি পাবে না। হে আমার বান্দারা! তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন যদি সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তিটির সমান পাপিষ্ঠ হয়ে যায়, তা হলে তা আমার রাজত্বে একটুও কমাতে পারবে না। হে আমার বান্দারা! তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন যদি কোনো জায়গায় উঠে আমার কাছে দুআ করে, আর আমি প্রত্যেককে তার কাঙ্ক্ষিত বস্তু দিয়েও দিই, তা হলে আমার ভাণ্ডার থেকে ততটুকুই কমবে, সুচের আগায় করে পানি তুললে সাগর থেকে যতটুকু কমে।”
আল্লাহ তাঁর ওলি বা প্রিয় বন্ধুদেরকে রক্ষা করেন ও সাহায্য করেন। কে না চায় আল্লাহর সন্তুষ্টি হাসিল করে সেই সৌভাগ্যবানদের মধ্যে শামিল হতে?
إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا “নিশ্চয় আল্লাহ মুমিনদের রক্ষা করেন।”
আল্লাহ তাআলা হাদীসে কুদসিতে বলেন, “যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা করে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করি...।”
আমাদের তো অবশ্যই সে-সকল ওলিগণের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। একই হাদীসে কুদসিতে আল্লাহ সেসব সৌভাগ্যবানদের ব্যাপারে বলেন, "আমার বান্দা আমার নিকট প্রিয় যে কাজের দ্বারা আমার নৈকট্য সবচেয়ে বেশি লাভ করে, তা হলো ফরয ইবাদতসমূহ। এরপর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে। অবশেষে আমি তাকে ভালোবাসতে থাকি। আমি যখন তাকে ভালোবাসি, তখন আমি তার শ্রবণক্ষমতা হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার দৃষ্টিশক্তি হয়ে যাই যা দিয়ে সে দেখে, সেই হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, তার পা হয়ে যাই যা দিয়ে সে হাঁটে। সে যদি আমার কাছে কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করি। আর সে যদি আমার কাছে আশ্রয় চায়, তা হলে অবশ্যই তাকে আশ্রয় দান করি।”
আমরা তাঁর সন্তুষ্টি হাসিল করতে চাই এবং তাঁর সৎকর্মশীল বান্দাদের সাথে আখিরাতে জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা রাখি।
يَا عِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَا أَنتُمْ تَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ * يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا কُنتُمْ تَعْمَلُونَ لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ
“হে আমার বান্দাগণ! আজ তোমাদের কোনো ভয় নেই আর তোমরা দুঃখিতও হবে না। যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করেছিলে এবং অনুগত ছিল, তোমরা ও তোমাদের স্ত্রীরা সানন্দে জান্নাতে প্রবেশ কর। তাদের কাছে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র। তোমাদের মনে যা চাইবে, আর যাতে চোখ পরিতৃপ্ত হবে সেখানে এরকম (সবকিছুই) আছে। তোমরা তাতে চিরকাল থাকবে। এই হলো জান্নাত, যার উত্তরাধিকারী করা হয়েছে তোমাদের। কারণ তোমরা (সৎ) কাজ করতে। তোমাদের জন্য এখানে আছে প্রচুর ফল, যা থেকে তোমরা খাবে।”
এতকিছুর পরও কি আমাদের অন্য কোনো লক্ষ্য থাকতে পারে?
قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ
"বলো, যে অন্ধ আর যে দৃষ্টিশক্তিধর, তারা কি সমান হতে পারে? অথবা অন্ধকার কি আলোর সমান?"
أَفَمَن يَمْشِي مُكِبًا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُّসْتَقِيمٍ
“কে বেশি সৎপথপ্রাপ্ত? যে মুখে ভর দিয়ে উল্টো হয়ে চলে, নাকি যে সোজা হয়ে সরল সঠিক পথে চলে?"।
মুসলিমের জীবনের এই চূড়ান্ত উদ্দেশ্যই তার চলার পথকে আলোকিত করে; তার প্রচেষ্টার রূপরেখা ঠিক করে দেয়; তার পদক্ষেপ, কাজকর্ম ও অবস্থানের মাত্রা নির্ধারণ করে দেয়। তাকে মাটিতে হাঁটতে দেখা যায়, অথচ তার মন থাকে আসমানে। সে কখনো সামনে অগ্রসর হয়, কখনো থেমে উপযুক্ত সুযোগের অপেক্ষা করে। কখনো দ্রুত কাজ করে, কখনো ধীরেসুস্থে। প্রয়োজনে কথা বলে, প্রয়োজনে চুপ থাকে। এ সব কাজই সে করে ওই এক লক্ষ্য বাস্তবায়নের জন্য। আল্লাহর হুকুম লঙ্ঘিত হওয়া তার কাছে অসহ্য। কারণ এমনটা করলে তার লক্ষ্য অটুট থাকবে না, বাধা পড়ে যাবে। সে কিছুতেই সময়ের অপব্যবহার করে না। ক্রমহ্রাসমান সময়ের একটি মুহূর্তও যেন রব্বের অসন্তুষ্টিে না কাটে, এ ব্যাপারে সে সদা সচেতন!
চূড়ান্ত উদ্দেশ্য ঠিক রাখার আরেকটি উপকারিতা হলো, লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমগুলোও ঠিক হয়ে যাওয়া। উদ্দেশ্য ঠিক আছে বলেই যেন-তেন একটা রাস্তা অবলম্বন করার কোনো অধিকার তার নেই। বরং উদ্দেশ্য ঠিক করে নেওয়ার সাথে সাথেই নির্ধারিত হয়ে গেছে তাকে কোন রাস্তায় চলতে হবে আর কোন রাস্তায় সে চলতে পারবে না। লক্ষ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তা হলে আল্লাহ ও তাঁর রাসূল -এর হুকুমের বাইরে গিয়ে কোনো পথই অবলম্বন করা যাবে না। সালাফদের প্রচেষ্টাই থাকত জীবনে কেবল একটি বিষয় নিয়েই মাথা ঘামানো—কীভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা যায়। এর ফলেই দুনিয়াবি কামনা-বাসনাকে দূরে ঠেলে তাঁরা আল্লাহর সন্তুষ্টির পথে বিদ্যমান যে- কোনো বাধা-বিপত্তি সহজে পার হয়ে যেতে পারতেন। এভাবেই তাঁরা ধার্মিকতা, জ্ঞান ও ন্যায়পরায়ণতায় সর্বশ্রেষ্ঠ উদাহরণ হয়ে আছেন। তাঁদের চেষ্টা-প্রচেষ্টার যথাযথ প্রতিদান আল্লাহ তাঁদের দিয়েছেন।
আমরা আজকের মুসলিমরা এর সম্পূর্ণ বিপরীত হয়ে গেছি। আমাদের মধ্যে কেউ কেউ আল্লাহর সন্তুষ্টিকে পেছনে ছুড়ে ফেলে দুনিয়াবি উদ্দেশ্যে ছুটে চলেছে। আর কেউ কেউ ভাবছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করার পাশাপাশি সকল দুনিয়াবি উদ্দেশ্যও পূরণ করা সম্ভব। এমন লোকদের ব্যাপারেই আল্লাহ তাআলা বলেছেন,
رَّجُلًا فِيهِ شُرَكَاءُ مُتَشَاكِسُونَ
"পরস্পরবিরোধী একাধিক মালিকের দাস।”
আল্লাহ তাআলা কোনো শরিক গ্রহণের মুখাপেক্ষী নন। যারা আল্লাহর সন্তুষ্টিও চায়, আবার অন্যান্য উপাস্যদের সন্তুষ্টিও চায়, তাদেরকে আল্লাহ সেসব মিথ্যা উপাস্যের কাছেই সোপর্দ করে দেন। এজন্যই আজকের মুসলিমরা সংখ্যায় এত বেশি হওয়ার পরও উত্তাল সাগরে ভাসমান ফেনার মতো হয়ে গেছে। তুচ্ছাতি-তুচ্ছ বিষয়েও অপরাধে জড়িয়ে পড়ছে, আপন খেয়ালখুশি আর ধর্মদ্রোহিতা নিয়ে খণ্ড-বিখণ্ড হয়ে পড়ছে। ঠিক নবীজি -এর সেই ভবিষ্যদ্বাণী সত্য হয়ে গেছে। খাবার খাওয়ার জন্য যেভাবে পরস্পরকে ডাকা হয়, মুসলিমদের আক্রমণ করার জন্য সেভাবেই কাফিররা একে অপরকে ডাকছে।
পরিস্থিতি অতি ভয়াবহ। যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয়েছে, সেটিকে অবজ্ঞা করলে শুধু যে দুনিয়াতেই লাঞ্ছনা-গঞ্জনা ভোগ করতে হবে, এমন না। আখিরাতেও প্রত্যেককে তার অবজ্ঞার মাত্রা অনুযায়ী শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকে লক্ষ্য না বানানোর অর্থই হলো আল্লাহর ক্রোধ অর্জন করাকে লক্ষ্য বানিয়ে নেওয়া। কারো যদি ইচ্ছে হয় নিজ নিজ ভ্রান্তিতে ঘুরে ঘুরে মরার, তবে সে তা-ই করুক। কিন্তু নিজেদের ভুলভাল কাজকে নানা রকম চটকদার নাম দিলেও আল্লাহর ক্রোধ থেকে কিছুতেই বাঁচা যাবে না। সমাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সেক্যুলারিজম- এই সকল আবরণ দিয়েও বাস্তবতাকে ঢাকা যাবে না। বাস্তবতা হলো তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে।
فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ "প্রকৃত সত্যের পর পথভ্রষ্টতা ছাড়া আর কীই-বা থাকতে পারে?”
আল্লাহ সত্যই বলেছেন, أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ “এরাই সেসব লোক যারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করেছে। (জাহান্নামের) আগুন ভোগ করার ব্যাপারে তারা কতই-না ধৈর্যশীল!”
وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ “আর যার বিনিময়ে তারা নিজেদের আত্মা বিক্রি করেছে, তা কতই-না জঘন্য! যদি তারা জানত!”
তাই আমরা আমাদের জাতিকে সতর্ক করে দিচ্ছি যেন তারা সঠিক পথে ফিরে আসে।
اسْتَجِيبُوا لِرَبِّكُم "তোমাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দাও।”
আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে ফিরে আসুন। আনুগত্য হোক নিষ্ঠার সাথে আর সংগ্রাম চলুক অবিরাম।
يَا قَوْمَنَا أَجিবُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا “হে আমাদের সম্প্রদায়! আল্লাহর দিকে আহ্বানকারী (নবী)-র প্রতি সাড়া দাও এবং তাঁর প্রতি ঈমান আনো।”
আর জেনে রাখুন, আল্লাহ তাআলা যাদের সাহায্য করেন, তাদের জন্য এই মহান লক্ষ্য অর্জন করা খুবই সহজ। আল্লাহ তাআলা যাদের দয়া করে পথ দেখান, তাদের জন্য এই রাস্তা একেবারেই পরিষ্কার-নিষ্কণ্টক।
وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ "আর যে তাঁর অভিমুখী হয়, তিনি তাকে তাঁর পথে পরিচালিত করেন।”
যারা এই পথের পথিক হতে চায়, তাদের তাদের লক্ষ্য অর্জনের জন্য কেবল দুটি জিনিস সাথে রাখতে হবে: ১. ইখলাস বা নিষ্ঠা সহকারে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি কামনা করা। ২. প্রকৃতভাবেই রাসূল -এর দৃষ্টান্ত অনুসরণ করা।
১. ইখলাস বা নিষ্ঠা সহকারে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি কামনা করা
বান্দার ছোট-বড় যে-কোনো কাজ আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত হলো, সেই কাজটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে।
হাদীসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, "আমি স্বয়ংসম্পূর্ণ। আমার কোনো অংশীদারের প্রয়োজন নেই। অতএব, কেউ যদি কোনো একটি কাজ করে আমার পাশাপাশি অন্য কারো সন্তুষ্টিও অর্জন করতে চায়, তা হলে আমি নিজের পক্ষ থেকে সেই কাজকে প্রত্যাখ্যান করি। আর আমার সাথে যাকে অংশীদার বানানো হলো, তার জন্য পুরোটা দিয়ে দিই।”
একজন মুসলিমের সব কথা, কাজ, চিন্তা, ভাবনা, হাঁটা, চলা, বসা, ঘুমানো, আধ্যাত্মিক কাজকর্ম, জাগতিক কাজকর্ম, ভালোবাসা, ঘৃণা, দান করা, দান করা থেকে বিরত থাকা—সবকিছু হতে হবে আল্লাহকে খুশি করার জন্য।
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ "বলুন (হে মুহাম্মাদ!), নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।”
বান্দার সব কাজে আল্লাহ তাআলার প্রতি ইখলাস থাকতে হবে।
قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ * "বলুন (হে মুহাম্মাদ!) আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে শুধুমাত্র তাঁরই ইবাদত করতে।”
ইখলাস বা একনিষ্ঠতা বলতে বোঝায় শুধুমাত্র আল্লাহকেই খুশি করার নিয়্যাত রাখা, তাঁরই ইবাদত করা, স্রষ্টার ওপর সৃষ্টিকে স্থান না দেওয়া, সকল কর্মকাণ্ডকে ত্রুটি-বিচ্যুতি থেকে মুক্ত রাখা। আল্লাহ তাআলার মর্যাদা, ক্ষমতা, প্রতিপত্তি, প্রজ্ঞা ও দয়ার বিপরীতে বান্দাদের অক্ষমতা সম্পর্কে যাদের প্রকৃতই ধারণা আছে, তাদের পক্ষে কখনোই সম্ভব না আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নিজেকে কুরবান করা। কুরআনেরই বিভিন্ন স্থানে আল্লাহ তাঁর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যেমন:
هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ “তিনিই প্রথম এবং তিনিই শেষ। তিনিই প্রকাশিত তিনিই গোপন।”
আবার সৃষ্টি সম্পর্কে তিনি বলেছেন,
لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِن يَসْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ
"...এমনকি সকলে একত্র হয়ে একটি মাছিও সৃষ্টি করতে পারে না। আর মাছি যদি তাদের থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, তা হলে তার থেকে সেটি উদ্ধারও করতে পারে না।"
وَلَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ ضَرًّا وَلَا نَفْعًا وَلَا يَمْلِكُونَ مَوْتًا وَلَا حَيَاةً وَلَا نُشُورًا "তারা নিজেদের ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখে না; জীবন, মৃত্যু, পুনরুত্থানের ওপরও কোনো ক্ষমতা রাখে না।”
مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ "তারা তো একটি কিতমীরেরও মালিক নয়।"
এতকিছু জেনেও কী করে বান্দা আল্লাহকে বাদ দিয়ে কোনো সৃষ্টির আনুগত্য করতে পারে?
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেন, “সকল কাজ (এর ফলাফল) নিয়্যাতের ওপর নির্ভরশীল। আর মানুষ তা-ই পাবে, যার নিয়্যাত সে করেছে। যে আল্লাহ ও তাঁর রাসূলের জন্য হিজরত করে, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই (অর্থাৎ, আখিরাতে এর প্রতিদান সে পাবে)। আর যে কোনো দুনিয়াবি স্বার্থ বা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করল, সে যেই উদ্দেশ্যে হিজরত করেছে সেটিই পাবে (অর্থাৎ, আল্লাহর সন্তুষ্টি বা পরকালীন কোনো প্রতিদান পাবে না)।”
আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়নি, এরকম প্রতিটি কাজ বৃথা ও অনর্থক। আল্লাহর প্রতি ইখলাস না রেখেই কেউ হয়তো অনেক মহৎ মহৎ কাজ করে ফেলল। কিন্তু এসকল কাজই দুনিয়া ও আখিরাতে তার মহাবিপদের কারণ হয়ে দাঁড়াবে। নবীজি আমাদের জানান-
“সর্বপ্রথম তিনজন ব্যক্তির বিরুদ্ধে বিচার করা হবে। প্রথমজন একজন শহীদ। তাকে এনে আল্লাহ তার প্রতি নিজের অনুগ্রহসমূহ জানাবেন এবং সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, 'তুমি এগুলোর বিনিময়ে কী করেছ?' সে বলবে, 'আমি আপনার সন্তুষ্টির জন্য শহীদ না হওয়া পর্যন্ত আপনার রাস্তায় যুদ্ধ করেছি।' তিনি বলবেন, 'তুমি মিথ্যে বলেছ। তুমি এজন্যই যুদ্ধ করেছ যাতে লোকে তোমাকে বীর বলে। এবং তা বলা হয়েছে।' তারপর তাকে মুখের ওপর উপুড় করে টেনে জাহান্নামে ফেলার হুকুম দেওয়া হবে। দ্বিতীয়জন (দ্বীনের) জ্ঞান শিখত ও শেখাত এবং কুরআন তিলাওয়াত করত। তাকে এনে আল্লাহ তার প্রতি নিজের অনুগ্রহসমূহ জানাবেন এবং সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, 'তুমি এগুলোর বিনিময়ে কী করেছ?' সে বলবে, 'আমি আপনার সন্তুষ্টির জন্য (দ্বীনের) শিক্ষা অর্জন করেছি ও অন্যকে শিখিয়েছি এবং কুরআন তিলাওয়াত করেছি। তিনি বলবেন, 'তুমি মিথ্যে বলেছ। তুমি এজন্যই শিক্ষা অর্জন করেছ যাতে লোকে তোমাকে জ্ঞানী বলে। এবং তা বলা হয়েছে। তারপর তাকে মুখের ওপর উপুড় করে টেনে জাহান্নামে ফেলার হুকুম দেওয়া হবে। তৃতীয়জন হবে এমন এক ব্যক্তি যাকে আল্লাহ সব ধরনের সম্পদ দান করেছেন। তাকে এনে আল্লাহ তার প্রতি নিজের অনুগ্রহসমূহ জানাবেন এবং সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, 'তুমি এগুলোর বিনিময়ে কী করেছ?' সে বলবে, 'আপনি যেসব রাস্তায় সম্পদ খরচ করা পছন্দ করেন, আপনার সন্তুষ্টির আশায় আমি সেগুলোর কোনো পথেই সম্পদ খরচ করতে বাদ রাখিনি।' আল্লাহ বলবেন, 'তুমি মিথ্যে বলেছ। তুমি এজন্যই সম্পদ ব্যয় করেছ যাতে লোকে তোমাকে দানশীল বলে। এবং তা বলা হয়েছে।' তারপর তাকে মুখের ওপর উপুড় করে টেনে জাহান্নামে ফেলার হুকুম দেওয়া হবে।
এই হাদীস থেকে এটাই প্রমাণিত হয় যে, অনেক বড় বড় নেক আমলও ইখলাসের অভাবে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ইখলাসের বিপরীত হলো 'আর-রিয়া'। এর অর্থ হলো-মানুষকে দেখানো বা শোনানোর জন্য নেক আমল করা। মুনাফিকদের সব কাজ ছিল লোক-দেখানো।
وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ
"আর যখন তারা সালাতের জন্য দাঁড়ায়, তখন দাঁড়ায় নিতান্ত অলসতার সাথে এবং মানুষকে দেখানোর জন্য।"
কিছু ক্ষেত্রে রিয়া এমন হয়ে থাকে যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যও থাকে, আবার এর সাথে সাথে মানুষের প্রশংসা পাওয়ারও ইচ্ছা থাকে। আরেক রকম রিয়া হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ শুরু করে মাঝপথে গিয়ে বা কাজ শেষে মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা তৈরি হয়ে যায়।
মুসলিমদের হুকুম করা হয়েছে তারা যেন নফসের বিরুদ্ধে লড়াই করে সব রকম রিয়া থেকে নিজেকে মুক্ত রাখে। তবে রিয়ার ভয়ে নেক আমল ত্যাগ করাও আবার ঠিক নয়। নেক আমল করে যেতে হবে এবং নিয়্যাতকে বিশুদ্ধ করার চেষ্টা করে যেতে হবে।
فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ۞
"অতএব যে-কেউ তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের দাসত্বে আর কাউকে অংশীদার সাব্যস্ত না করে।"
আত্মাকে দুনিয়াবি কামনা-বাসনা থেকে পরিশুদ্ধ করে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য স্থির করার জন্য ইখলাস আবশ্যক এবং গুরুত্বপূর্ণ।
২. প্রকৃতভাবে রাসূল -এর দৃষ্টান্ত অনুসরণ করা
আল্লাহর সন্তুষ্টি লাভের দ্বিতীয় শর্ত হলো নবীজি -এর সুন্নাহ অনুসরণ। কথা- কাজে নিষ্ঠার সাথে সুন্নাহ অনুসরণকারীদের ব্যাপারে ইবনুল কাইয়্যিম বলেন, “এরা হলো ইয়্যাকা না'বুদু (আমরা শুধু আপনারই ইবাদত করি) আয়াতের বাস্তব উদাহরণ। এদের কথা, কাজ, দান করা, দান করা থেকে বিরত থাকা, ভালোবাসা, ঘৃণা, প্রকাশ্য, গোপনীয় সবকিছুই হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা মানুষের কাছে পুরস্কার বা ধন্যবাদ আশা করে না, সমাজে উঁচু আসন পেতে লালায়িত না। তারা প্রশংসা পেতে চায় না, নিন্দিত হওয়াকে ভয় করে না। এদের কাছে মানুষ হলো মরা লাশের মতো যারা (আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে) কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। জীবন, মৃত্যু আর পুনরুত্থানের ওপরও এদের কোনো ক্ষমতা নেই।”
একদিকে রবের শ্রেষ্ঠত্ব অপরদিকে মানুষের (নিচু) স্বভাব-এ দুটি বিষয় যারা সঠিকভাবে জানে না তারাই কেবল দুনিয়াবি নাম-যশ-খ্যাতির পেছনে ছুটতে পারে। আর এই দুই ব্যাপারে সঠিক জ্ঞান থাকলে মানুষের (খারাপ) প্রতিক্রিয়াকে অগ্রাহ্য করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা সম্ভব হয়। আল্লাহর পছন্দ-অপছন্দ মেনে কাজ করা সম্ভব হয়। এরকম ইখলাসপূর্ণ কাজই কেবল আল্লাহর দরবারে কবুল হয়।
আল্লাহ তাআলা বলেন, تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ۞ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا
“অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে; তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন; যাতে তোমাদের পরীক্ষা করেন যে, কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম।”
তিনি আরো বলেন,
إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا
"জমিনের ওপর যা কিছু আছে, আমি সেগুলোকে তার শোভা-সৌন্দর্য করেছি যাতে আমি মানুষকে পরীক্ষা করি যে, আমলের (কাজের) দিক দিয়ে কারা উত্তম।”
ফুযাইল ইবনু ইয়ায বলেন, “সর্বোত্তম আমল হলো সেটি, যা সবচেয়ে নিষ্ঠাপূর্ণ ও সবচেয়ে সঠিক।”
তাঁকে জিজ্ঞেস করা হলো, "হে আবুল হাসান! সেটা কেমন?”
তিনি বললেন, “যে কাজটি নিষ্ঠাপূর্ণ কিন্তু সঠিক নয়, তা কবুল হবে না। আর যে কাজটি সঠিক কিন্তু নিষ্ঠাপূর্ণ নয়, তাও কবুল হবে না। দুটিই ঠিক থাকতে হবে।”
এখানে নিষ্ঠাপূর্ণ বলতে বোঝানো হয়েছে শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা কাজ। আর সঠিক বলতে বোঝানো হয়েছে নবীজি ﷺ-এর সুন্নাহ মেনে করা কাজ। আল্লাহ তাআলা ঠিক এই বক্তব্যই তুলে ধরেন:
فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ۞
"আর যে-কেউ তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কোনো শরীক সাব্যস্ত না করে। "
وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ
“যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং অধিকন্তু সে সৎকর্মশীল সেই ব্যক্তির চেয়ে এই দ্বীনে আর কে উত্তম থাকতে পারে?”
কোনো কাজে এই দুই বৈশিষ্ট্য না থাকলে কিছুতেই তা আল্লাহর কাছে কবুল হবে না। আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, “আমাদের শিক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ যে-কোনো আমলই বাতিল বলে গণ্য হবে।”
নবীজি -এর সুন্নাহর সাথে অসামঞ্জস্যপূর্ণ আমল আল্লাহর সাথে বান্দার দূরত্বই কেবল বৃদ্ধি করে। কারণ আল্লাহর ইবাদতও করতে হবে আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী। কারো খেয়াল-খুশি অনুযায়ী নয়। বান্দা যে আসলেই আল্লাহর সন্তুষ্টি চায়, এর স্বপক্ষে প্রমাণ হিসেবে বান্দা আল্লাহর কাছে নবী -এর সুন্নাহ অনুসরণ করাকে পেশ করে।
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
“(মানবজাতিকে) বলো (হে মুহাম্মাদ!), তোমরা যদি আসলেই আল্লাহকে ভালোবাসো, তা হলে আমার অনুসরণ করো। (তা হলেই) আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপরাশি মার্জনা করে দেবেন।”
রাসূল -এর সুন্নাহ কেবল তখনই প্রকৃতভাবে অনুসরণ করা হবে যখন বিদআতকে প্রত্যাখ্যান করা হবে। বিদআত হলো দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবিত জিনিস, ইসলামের মধ্যে জোর করে ঢুকিয়ে-দেওয়া মানুষের বিভিন্ন আচার-প্রথা। বিশ্বাসে ও কাজকর্মে, ধার্মিকতায় ও আচরণে, বিচার-আচারে, যুদ্ধাবস্থায় ও শান্তি অবস্থায়, কথাবার্তায় ও নীরবতায়, স্মরণে ও শয়নে-সব ব্যাপারে একজন মুসলিমের দায়িত্ব হলো পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ -এর সুন্নাহ অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন,
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا *
"যারা আল্লাহ ও শেষ-দিবসে বিশ্বাস রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, নিশ্চয় তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত।”
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا
“আর রাসূল তোমাদের যা দেন, তা গ্রহণ করো এবং যা থেকে তিনি নিষেধ করেন, তা থেকে বিরত থাকো।”
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ *
“হে ঈমানদারগণ! আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং আদেশ শোনার পর তা অমান্য কোরো না।”
কুরআনের চল্লিশটি জায়গায় আল্লাহর অনুসরণের সাথে রাসূলের অনুসরণের কথা বলা হয়েছে। কাজেই নবীজির সুন্নাহ না মেনে উপায় নেই। সুন্নাহর প্রকৃত অনুসারীদের জন্যই কল্যাণের সব দরজা খোলা। মানুষ বিভিন্ন রকমে সুন্নাহর বিপরীত করে থাকে। যেমন: ক. ইসলামকে নিজেদের পছন্দ-অপছন্দের সাথে খাপ-খাওয়ানোর জন্য নতুন নতুন মতবাদ ও তত্ত্ব খাড়া করানো। খ. শরীয়তকে মানদণ্ড ধরে মানুষকে বিচার করার বদলে মানুষকে মানদণ্ড ধরে শরীয়তকে বিচার করা। শরীয়ত অনুযায়ী বিচার না করে মানুষের মতামত অনুযায়ী কাজ করা। গ. নিজেদের কথা ও কাজকে কুরআন ও সুন্নাহর আগে স্থান দেওয়া।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ
“হে ঈমানদারগণ! তোমরা (কোনো বিষয়েই) আল্লাহ ও তাঁর রাসূলের আগে বেড়ে যেয়ো না; আল্লাহকে ভয় করো; আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে ঈমানদারগণ! তোমরা নবীর আওয়াজের ওপর তোমাদের আওয়াজ উচ্চ কোরো না।”
ঘ. কিছু বিষয়ে নবীজি ﷺ-কে অনুসরণ করা আর অন্যান্য বিষয়ে তাঁর নির্দেশকে অবহেলা করা। যেমন: সালাত আদায় ও সাওম রাখার ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ-এর পদ্ধতি অনুসরণ করা, কিন্তু বিচার-আচার ও রাষ্ট্রে পরিচালনার ক্ষেত্রে তাঁর পদ্ধতি না মানা। আল্লাহ বলেন,
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ
"তোমরা কি কিতাবের কিছু অংশে বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? "
হিদায়াতের রাস্তায় থাকতে পারা ও ভ্রান্ত পথ থেকে বাঁচতে পারার একমাত্র গ্যারান্টি হলো সুন্নাহকে সঠিকভাবে আঁকড়ে ধরে থাকা।
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ
“এটাই আমার সরল-সঠিক পথ, অতএব এর অনুসরণ করো। আর নানান পথের অনুসরণ কোরো না, তা হলে তোমরা তাঁর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে।”
অতীতে মুসলিমরা এই সুন্নাহর অনুসরণ ছেড়ে দেওয়ার কারণেই বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। বিদআত ও ধর্মদ্রোহের উদ্ভব এবং বাহাত্তরটি জাহান্নামি দলের উদ্ভব হয় সুন্নাহর অনুসুরণ ছেড়ে দেওয়ার কারণেই। নাজাতের একমাত্র পথ সুন্নাহর প্রকৃত অনুসরণ। সব রকম বিদআত ও ধর্মদ্রোহিতা কুৎসিত। এদের উদ্ভাবকরা ঘৃণিত, তাদের কর্মকাণ্ড পরিত্যাজ্য, তাদের সাথে সম্পর্ক ছিন্ন।
হে মুসলিম ভাইয়েরা! আল্লাহর সন্তুষ্টি অর্জনই হলো আপনাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য, যা অর্জন করার জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই লক্ষ্য অর্জনে আল্লাহর প্রতি একনিষ্ঠ হওয়া এবং নবীজি -এর সুন্নাহর অনুসরণ করা আবশ্যক।
এই পথ পুরোটা হেঁটে গিয়ে লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে এই জনসমাজে সংখ্যালঘু অচেনা মানুষের মতো জীবনযাপন করতে হবে। কারণ বেশিরভাগ মানুষই এ পথে হাঁটা ছেড়ে দিয়েছে। তাদের কাছে এ পথের পথিকরা অপরিচিত, অদ্ভুত। মিথ্যায় বসবাস করা লোকদের কাছে সত্যের আলোয় চলা লোকেরা অদ্ভুত। নবীজি বলেন, "ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায় এবং আবারো এটি অপরিচিত অবস্থায় ফিরে যাবে। অতএব, অপরিচিতদের জন্য সুসংবাদ!”
এ দুনিয়ায় মানুষ সম্পদ-প্রতিপত্তি, খ্যাতি-ক্ষমতার জন্য প্রতিযোগিতা করে। তারা এই দুনিয়াকেই একমাত্র আবাস ও শেষ গন্তব্য মনে করে। এটি অর্জনের লক্ষ্যেই তারা চেষ্টা-মেহনত করে। আর আখিরাতকামনাকারীরা তাদের কাছে নিতান্ত অপরিচিত, অদ্ভুত। রাসূলুল্লাহ বলেছেন, “এই দুনিয়ায় একজন মুসাফির বা পথিকের মতো বসবাস করো।” মুসাফির বা পথিকের মন তো তার চূড়ান্ত গন্তব্য ঘরেই পড়ে থাকে। পথিমধ্যে রঙ-বেরঙের বিনোদন দেখে সে সেখানে থেমে থাকে না।
لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا
“মুত্তাকীদের জন্য তাদের প্রতিপালকের নিকট এমন এমন বাগান রয়েছে, যার নিচে দিয়ে ঝরনাধারা প্রবাহিত। তারা তাতে চিরকাল বসবাস করবে।”

টিকাঃ
১২. বুখারি: ৬৫৪৯; মুসলিম: ৭৩১৮
১৩. সূরা আত-তাওবা, ৯: ৭২
১৪. সূরা আশ-শুরা, ৪২: ১১
১৫. সূরা আয-যুমার, ৩৯: ৬
১৬. সূরা আর-রাহমান, ৫৫: ২৬-২৭
১৭. সূরা আয-যারিয়াত, ৫১:৫০
১৮. তিরমিযি: ৩৫৬৬; ইবনু মাজাহ: ১১৭৯
১৯. সূরা ত্বা-হা, ২০: ৭৩
২০. সূরা আল-জাসিয়াহ, ৪৫: ২৩
২১. সূরা আশ-শুরা, ৪২: ১৩
২২. সূরা আল-আনকাবুত, ২৯: ৬৯
২৩. বুখারি: ৭৫৩৭, মুসলিম: ৭০০৬
২৪. মুসলিম: ৬৭৩৭
২৫. সূরা আল-হাজ্জ, ২২: ৩৮
২৬. বুখারি: ৬৫০২
২৭. সূরা আয-যুখরুফ, ৪৩: ৬৮-৭৩
২৮. সূরা আর-র'দ, ১৩: ১৬
২৯. সূরা আল-মুলক, ৬৭: ২২
৩০. সূরা আয-যুমার, ৩৯: ২৯
৩১. সূরা ইউনুস, ১০: ৩২
৩২. সূরা আল-বাকারাহ, ২: ১৭৫
৩৩. সূরা আল-বাকারাহ, ২: ১০২
৩৪. সূরা আশ-শুরা, ৪২: ৪৭
৩৫. সূরা আল-আহকাফ, ৪৬: ৩১
৩৬. সূরা আশ-শুরা, ৪২: ১৩
৩৭. মুসলিম: ৭৬৬৬
৩৮. সূরা আল-আনআম, ৬: ১৬২
৩৯. সূরা আয-যুমার, ৩৯: ১১
৪০. সূরা আল-হাদীদ, ৫৭:৩
৪১. সূরা আল-হাজ্জ, ২২: ৭৩
৪২. সূরা আল-ফুরকান, ২৫: ৩
৪৩. কিতমীর হলো খেজুরের আঁটি সংলগ্ন পাতলা একটি আবরণ, যা তুচ্ছতা বোঝাতে ব্যবহৃত হয়।
৪৪. সূরা ফাতির, ৩৫: ১৩
৪৫. বুখারি: ১
৪৬. তিরমিযী: ২৩৮২
৪৭. সূরা আন-নিসা, ৪: ১৪২
৪৮. সূরা আল-কাহফ, ১৮: ১১০
৪৯. মাদারিজুস সালিকিন, ১/৮৩
৫০. সূরা আল-মুলক, ৬৭: ১-২
৫১. সূরা আল-কাহফ, ১৮: ৭
৫২. তাফসির ইবনুল কাইয়্যিম, ১/১১৯
৫৩. সূরা আল-কাহফ, ১৮: ১১০
৫৪. সূরা আন-নিসা, ৪: ১২৫
৫৫. বুখারি: ২৬৯৭, মুসলিম: ৪৫৮৯
৫৬. সূরা আলে ইমরান, ৩: ৩১
৫৭. সূরা আল-আহযাব, ৩৩: ২১
৫৮. সূরা আল-হাশর, ৫৯: ৭
৫৯. সূরা আল-আনফাল, ৮: ২০
৬০. সূরা আল-হুজুরাত, ৪৯ : ১-২
৬১. সূরা আল-বাকারাহ, ২: ৮৫
৬২. সূরা আল-আনআম, ৬: ১৫৩
৬৩. মুসলিম: ৩৮৯
৬৪. বুখারি: ৬৪১৬
৬৫. সূরা আলে ইমরান, ৩: ১৫

📘 আল্লাহর সন্তুষ্টির সন্ধানে 📄 যা বিশ্বাস করি

📄 যা বিশ্বাস করি


সংক্ষিপ্ত ও বিস্তারিত সকল বিষয়ে আমাদের আকীদা (বিশ্বাস) হলো ন্যায়নিষ্ঠ পূর্বসূরিগণের (সালফে সালিহীনদের) আকীদার অনুরূপ।
আগের অধ্যায়ে যে চূড়ান্ত উদ্দেশ্যের কথা আলোচনা করলাম, তা হলো প্রতিটি মুসলিমের কিবলাহ (দিক)। কথা, কাজ ও নিয়্যাতের মাধ্যমে এই দিকেই সে এগিয়ে চলে। আর আকীদা হলো তাকে সেই দিকে পরিচালিত করার ইঞ্জিন। এটিই তাকে লক্ষ্যপানে এগিয়ে যেতে উৎসাহিত করে এবং হাল ছেড়ে দিতে বাধা দেয়।
আকীদা নষ্ট হয়ে গেলে বা হৃদয়ে এর প্রভাব কমে গেলে নেক আমল করার স্পৃহা শেষ হয়ে যায় অথবা কমে যায়। ফলে, বান্দা তার চূড়ান্ত উদ্দেশ্যের দিকে অগ্রসর হওয়া থামিয়ে দিয়ে অন্যান্য অপ্রয়োজনীয় কাজে মগ্ন হয়ে যায়। বান্দার জীবনে কেবল দুটিই অবস্থা। হয় তার আকীদা তাকে আল্লাহর রাস্তায় সামনে চালিয়ে নিয়ে যেতে থাকবে। নয়তো শয়তানের ধোঁকায় পড়ে সে আল্লাহর থেকে দূরে সরে যাতে থাকবে। এর মাঝামাঝি কিছু নেই।
আকীদা কেবল কতগুলো মৌখিক দাবির সমষ্টি নয়। এগুলো কোনো ফাঁকা আড়ম্বরপূর্ণ বাণী নয় যে, কেবল ছন্দ-অলংকারবিদেরাই তা নিয়ে পড়ে থাকবে আর বাস্তবে এর কোনো প্রয়োগ থাকবে না। খালি মুখে স্বীকার করলে, বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা দিলে আর খণ্ডের পর খণ্ড বই লিখে গেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না।
আকীদাকে হৃদয়ে এমনভাবে প্রোথিত করে নিতে হয় যাতে কথা ও কাজে এর স্পষ্ট প্রতিফলন দেখা যায়। এই ব্যাপারে কুরআন এতই গুরুত্ব দিয়েছে যে, ঈমান ও নেক আমলের কথা বারবার একসাথে উল্লেখ করা হয়েছে। এ থেকেই বোঝা যায় যে, আমলকে আকীদার সঙ্গী বানিয়ে নিতে হবে। কারণ অন্তরের আকীদার প্রমাণ হলো বাহ্যিক কাজকর্ম। কাজে প্রতিফলিত না হলে ঈমানের মৌখিক দাবি গ্রহণযোগ্যতা হারাবে।
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَبِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ۞
"নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারা হলো সৃষ্টির সেরা।”
وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَى
"আর যে ব্যক্তি ঈমান আনবে ও সৎকাজ করবে, তার জন্য আছে উত্তম পুরস্কার। "
مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ )
“যে-কেউ আল্লাহ ও আখিরাত-দিবসের প্রতি ঈমান আনবে আর সৎকাজ করবে, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই।”
مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ *
"যারাই আল্লাহ ও শেষ-দিবসে বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট পুরস্কার আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।”
فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ *
"যারা ঈমান আনে ও নিজেকে সংশোধন করে, তাদের নেই কোনো ভয়, নেই তাদের কোনো দুঃখ।”
وَإِنِّي لَغَفَّارُ لِمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَى *
"আর যে তাওবা করে, ঈমান আনে ও সৎকাজ করে আর সৎপথে অটল থাকে, আমি তার জন্য অবশ্যই অতি ক্ষমাশীল।”
إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَبِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْئًا *
"যারা তাওবা করবে, ঈমান আনবে আর সৎকাজ করবে, তারা বাদে। ফলে এরাই জান্নাতে প্রবেশ করবে, এদের প্রতি এতটুকুও অবিচার করা হবে না।”
فَأَمَّا মَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَىٰ أَن يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ
“যে ব্যক্তি তার জীবনে তাওবা করেছিল আর ঈমান এনেছিল আর সৎকাজ করেছিল, আশা করা যায় সে সাফল্যমণ্ডিতদের অন্তর্ভুক্ত হবে।”
وَمَا أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُم بِالَّتِي تُقَرِّبُكُمْ عِندَنَا زُلْفَىٰ إِلَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَٰئِكَ لَهُمْ جَزَاءُ الضِّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الْغُرُفَاتِ آمِنُونَ
"না তোমাদের ধন-সম্পদ আর না তোমাদের সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করতে পারবে। তবে যে-কেউ ঈমান আনে আর সৎকাজ করে, তাদেরই জন্য আছে তাদের কাজের বহুগুণে প্রতিদান। তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে।”
وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ
"যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের সুসংবাদ দাও যে, তাদের জন্য আছে জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত।”
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
"যারা ঈমান আনে ও নেক আমল করে, তারাই জান্নাতবাসী। তারা সেখানে চিরস্থায়ী হবে।”
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
“আল্লাহর মসজিদের আবাদ তো তারাই করবে যারা আল্লাহ ও শেষ-দিবসের প্রতি ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আশা করা যায় তারাই সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।”
مَّا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِن شَكَرْتُمْ وَآمَنتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا "তোমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো ও ঈমান আনো, তা হলে তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কী করবেন? আল্লাহ পুরস্কারদাতা, সর্ববিষয়ে জ্ঞাত।”
এগুলো কুরআনের স্পষ্ট ঘোষণা। বারবার এগুলো ঘুরেফিরে এসেছে। খোলাচোখ ও খোলামনসম্পন্ন কোনো ব্যক্তিই এগুলো অস্বীকার করতে পারে না।
فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِن تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ "আসল ব্যাপার হচ্ছে, চোখ অন্ধ হয় না বরং হৃদয় অন্ধ হয়ে যায়, যা বুকের মধ্যে আছে।”
রাসূলুল্লাহ -এর হাদীস থেকেও প্রমাণিত হয় যে, সদাচরণ হলো ঈমানের অংশ। নবীজি বলেন, "ঈমানের সত্তরটিরও অধিক শাখা রয়েছে। এর সর্বোচ্চ শাখা হলো 'লা ইলাহা ইল্লাল্লাহ' ঘোষণা করা এবং সবচেয়ে নিচের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আর লজ্জাশীলতা ঈমানের একটি শাখা।”
“তোমাদের যে-কেউ কোনো অন্যায় সংঘটিত হতে দেখে, সে যেন তা হাত (কাজ) দিয়ে প্রতিরোধ করে। সে যদি তা করতে অসমর্থ হয়, তা হলে জিহ্বা (কথা) দিয়ে। যদি তা-ও করতে অসমর্থ হয়, তা হলে অন্তর দিয়ে। আর এটিই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর।”
“যে তাদের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করল, সে মুমিন। যে তাদের বিরুদ্ধে জিহ্বা দিয়ে লড়াই করল, সে মুমিন। আর যে তাদের বিরুদ্ধে অন্তর দিয়ে লড়াই করল, সেও মুমিন। এর পরে আর সরিষার দানা পরিমাণ ঈমানেরও অস্তিত্ব নেই।”
ঈমানের দাবিদার সকলেই ঈমানের দাবিতে সত্যবাদী নয়। ঈমানের বাহ্যিক কোনো প্রমাণ না থাকলে সেই দাবি মিথ্যে হয়ে যাবে। ফাঁকা বুলি আর সত্য কথার মাঝে আকাশ- পাতাল ফারাক। চলুন উম্মাহর দুই যুগের দুটি প্রজন্মের একটি তুলনামূলক পর্যালোচনা করি। একটি ইসলামের শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবিগণের, আরেকটি আমাদের বর্তমান সময়ের।
সাহাবিগণের যেই প্রজন্মটিকে আমরা বিশ্বাস ও কাজের দিক দিয়ে অনুকরণ করতে চাই, তাঁরা এমন এক প্রজন্ম যাঁদের আকীদা তাঁদের জাহিলিয়াতের থাবা ও শিরকের আবর্জনা থেকে মুক্ত করে সত্য ও তাওহীদের আলোর দিকে নিয়ে আসে।
আকীদা তথা বিশ্বাসই ছিল তাঁদের এই অভূতপূর্ব পরিবর্তনের সবচেয়ে মৌলিক প্রভাবক। আমরা বিভিন্ন উদাহরণ থেকে বোঝার চেষ্টা করব যে, এই আকীদা কীভাবে তাঁদের বাহ্যিক কাজকর্মে প্রতিফলিত হয়েছিল। আসলে এরকম উদাহরণ এত অগণিত যে, এর মধ্য থেকে কয়েকটি বেছে বের করা কঠিন। মুহাজির ও আনসারগণের কথাই ধরুন। তাঁদের মধ্যে বয়স্ক, তরুণ, শিশু, নারী, পুরুষ সকলেই ছিলেন। প্রাচুর্য ও সংকট উভয় অবস্থায় তাঁরা দ্বীনের ওপর অবিচল থেকেছেন।
তাঁরা ছিলেন দিনের বেলার অশ্বারোহী আর রাতের বেলার সন্ন্যাসী। অর্থাৎ, দিন কাটত আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আর রাত কাটত তাহাজ্জুদে চোখের পানি ফেলে। আল্লাহর কাছে তাঁরা নিজেদের জীবন ও সম্পদ বিক্রি করে দিয়েছিলেন জান্নাতের বিনিময়ে। তাঁরপরও তাঁরা প্রচুর তাওবা-ইস্তিগফার করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন।
তাঁদের প্রতিটি ঘটনায় সত্যিকার ঈমানের উজ্জ্বল আলোকচ্ছটা ঠিকরে বেরিয়ে আসে। যারা তাঁদের দিকে তাকায়, তাদের চোখ ধাঁধিয়ে যায়। তারা ভাবতে বসে, “কোন সে জিনিস, যা তাঁদের এত দ্রুত অন্ধকার থেকে আলোতে নিয়ে গেল? কীসে তাঁদের শ্রেষ্ঠতম প্রজন্ম বানিয়ে দিল?"
এই তো বিলাল রাদিয়াল্লাহু আনহু! মনিব উমাইয়্যাহ ইবনু খালাফকে অমান্য করে, পিঠের নিচের তপ্ত বালি আর বুকের ওপরের ভারি পাথরকে অগ্রাহ্য করে তিনি "আহাদ! আহাদ!” বলে চলেছেন। আর ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু! শরীরের প্রতিটি অংশে লোহিত রঙা তপ্ত লোহার খোঁচা খেয়েও আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে আছেন। আর ওই যে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা! খুন হয়ে গেছেন, হায় নিহত হয়ে গেছেন! তবুও ঈমান এক বিন্দু টলেনি। রাসূলুল্লাহ ﷺ বলেছিলেন, "ধৈর্য ধরে থাকো, হে ইয়াসিরের পরিবার! জান্নাত তোমাদের অপেক্ষায়।”
ওই যে দেখুন মুহাজিরগণের কাফেলা! জীবনসঙ্গী, বাচ্চাকাচ্চা, জমিজমা ছেড়ে খালি হাতে ওই যে মরুর পথ ধরে চলেছেন মক্কা ছেড়ে মদীনার দিকে। চলেছেন আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর দিকে।
ওই দেখুন বদর যুদ্ধে নিজ পিতাকে জবাই করে দিলেন আবু'উবায়দা রাদিয়াল্লাহু আনহু, নিজের ছেলেকে প্রায় মেরেই ফেলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মুসআব রাদিয়াল্লাহু আনহু হত্যা করে ফেললেন আপন ভাই উবাইদ বিন উমাইরকে।
আরেকটু পেছনে চলে যাই। দেখে আসি আল-আকাবায় রাসূল-এর দিকে আনুগত্যের শপথের হাত বাড়িয়ে থাকা আনসারগণকে। তাঁরা জানতেন এই শপথের কারণে গোটা আরব তাঁদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে হামলে পড়বে, মেরে ফেলবে তাঁদের শ্রেষ্ঠতম মানুষগুলোকে। তারপরও তাঁরা তাদের এই শপথকে লাভজনক বলে জানলেন। সুখে- দুঃখে সকল অবস্থায় এই প্রতিজ্ঞা পূর্ণ করার ওয়াদা করলেন।
দেখুন কীভাবে তাঁরা মুহাজির ভাইদের সাথে ঘরবাড়ি, টাকাপয়সা, জমিজমা ভাগ করে নিচ্ছেন। আল্লাহ তাঁদের ব্যাপারে বলেন,
يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَبِكَ هُمُ الْمُفْلِحُونَ
"যারা তাদের কাছে হিজরত করে এসেছে, তাদের তারা ভালোবাসে। মুহাজিরদের যা দেওয়া হয়েছে, তা পাওয়ার জন্য তারা নিজেদের অন্তরে কোনো কামনা রাখে না। আর নিজেরা যত অভাবগ্রস্তই হোক না কেন, তাদের (মুহাজিরদের) নিজেদের ওপর অগ্রাধিকার দেয়। মূলত যেসব লোককে তার মনের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম।”
ওই যে শুনুন বদর যুদ্ধের দিন তাঁরা নবীজি-কে বলছেন, "আপনার কাঙ্ক্ষিত গন্তব্যর দিকে এগিয়ে যান, হে আল্লাহর রাসূল! আমরা আপনার সাথে আছি। সে সত্তার শপথ করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আপনি যদি সাগরও পাড়ি দিতে সিদ্ধান্ত নেন, আমরা আপনাকে অনুসরণ করব। আমাদের একজনও পেছনে পড়ে থাকবে না। আল্লাহর দয়ায় এগিয়ে চলুন।”
আর এই তো উহুদের দিন নবীজিকে বাঁচাতে গিয়ে তাঁদের মধ্যে সাতজন শহীদ হয়ে গেলেন। আর ওই যে হুনাইনের দিন যখন ১২০০০ যোদ্ধা নবীজি-এর আদেশ মানতে পারলেন না, তখন মাত্র আশিজন আনসার ছুটে এসে যুদ্ধের নিয়ন্ত্রণ নিলেন। হাওয়াযিন গোত্রকে পরাজিত করে গনীমাতের মাল নিয়ে আসলেন। নবীজি আনসারদের ছাড়া অন্যদের মাঝে গনীমাত ভাগ করে দিলেন। সবার আগে পালিয়ে যাওয়া ব্যক্তি থেকে শুরু করে সবার শেষে ফেরত আসা ব্যক্তিদের পর্যন্ত দিলেন। তাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকে ছিল। আনসারগণ গিয়ে জিজ্ঞেস করলেন, "আমাদের অংশ কী, হে আল্লাহর রাসূল?" নবীজি জবাব দিলেন, "অন্যেরা (গনীমাতের) উট-ভেড়া নিয়ে ফিরছে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে ফিরছ। এতে কি তোমরা সন্তুষ্ট নও?” তাঁরা কেঁদে বলে উঠলেন, "আমরা আল্লাহর রাসূলকে পেয়ে সন্তুষ্ট।”
চলুন আবার মদীনায় ফিরে যাই। দেখুন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম সেনাবাহিনীর জন্য তাঁর সব সম্পদ দান করে দিলেন। নিজের পরিবারের জন্য আল্লাহ ও তাঁর রাসূলকে ছাড়া আর কিছুই রাখলেন না। আর এই যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাঁর সহায়-সম্বলের অর্ধেকটা দান করে দিলেন। আর ওই যে উসমান রাদিয়াল্লাহু আনহু পুরো সেনাবাহিনীকে নিজ খরচে সজ্জিত করে দিলেন।
চলুন পরিখা (খন্দকের) পেছনে দাঁড়াই। সেই দিনটিকে দেখি যেদিন সম্মিলিত বাহিনী (আহযাব) মদীনাকে ঘিরে ফেলে এক মাস অবরোধ দিয়ে রেখেছিল। আর মুসলিমদের "চক্ষু হয়েছিল বিস্ফোরিত আর প্রাণ হয়েছিল কণ্ঠাগত। " এমন সময় ঈমানদারগণ ঈমানি শক্তিতে বলীয়ান হয়ে বলে উঠলেন,
وَعَدَنَا اللَّهُ وَرَسُولُ
"আল্লাহ ও তাঁর রাসূল তো এরই ওয়াদা করেছিলেন।”
মুগ্ধ নয়নে তাকান তাবুকের দিকে, দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলা মুসলিম বাহিনীর দিকে। নবীজি-এর সাথে তাঁরা বের হয়েছিলেন দুর্যোগপূর্ণ এক বছরে। মাত্রই পাকতে শুরু করা ফলমূল আর ঘরের আরাম ছেড়ে অল্প কিছু শুকনো খেজুর আর পানিকে সম্বল করে মরুভূমি ধরে রাসূল-এর সাথে খুশিমনে হেঁটে চলেছেন।
আসুন, আসুন! মদীনায় ফিরে গিয়ে ওই গরিব সাহাবিগণের সাথে বসে কাঁদি, যাদের কাছে জিহাদের জন্য দান করার মতো কোনো টাকা ছিল না। রাসূল-এর কাছেও তাঁদের দেওয়ার মতো কোনো বাহন ছিল না।
تَوَلَّوا وَأَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ حَزَنًا أَلَّا يَجِدُوا مَا يُنفِقُونَ *
"তখন তারা ফিরে গেল, আর সে-সময় তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল এই দুঃখে যে, ব্যয়বহন করার মতো কোনো কিছু তাদের ছিল না।”
শত্রুর সাথে সংঘর্ষে লিপ্ত হতে প্রস্তুত মুসলিম সেনাদের সারিগুলো ধরে হাঁটি, চলুন। দেখবেন তাঁদের মাঝে লুকিয়ে আছেন উমাইর ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কারণ নবীজি তাঁকে দেখে ফেললে তো অল্পবয়সী হওয়ার কারণে ফিরিয়ে দেবেন!
মদীনার রাস্তা ধরে হাঁটি, আসুন। দেখুন মদ হারামের আয়াত নাযিল হওয়ার সাথে সাথে রাস্তাগুলো কীভাবে ভেসে যাচ্ছে ফেলে দেওয়া মদের বন্যায়!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ )
“হে ঈমানদারগণ! মদ, জুয়া, মূর্তি আর ভাগ্য নির্ধারক তির ঘৃণিত শয়তানী কাজ। তোমরা তা বর্জন করো যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো। শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ থেকে ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। কাজেই তোমরা কি এসব থেকে বিরত থাকবে?"
খানসা রাদিয়াল্লাহু আনহা কী বলছেন শুনুন। কাদিসিয়ার যুদ্ধে নিজের চার চারজন পুত্রের মৃত্যুসংবাদ শুনে তিনি বলেছেন, “প্রশংসা আল্লাহর যিনি এই চারজনের মৃত্যুর মাধ্যমে আমাকে সম্মানিত করলেন।” ইসলাম গ্রহণের আগে তিনি কবিতা আবৃত্তি করেছিলেন, “আমার চারিপাশে এত মাতমকারী না থাকলে আমি নিজেকেই হত্যা করে ফেলতাম।”
এঁরাই তো সে-সকল সাহাবিয়াত, যারা কুরআনের হুকুম শুনে নিজেদের মুখ ঢেকে ফেলেছিলেন।
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ
"তারা যেন 'জুয়ুবিহিন্না' (তাদের শরীর, ঘাড়, বুক ইত্যাদি) মাথার কাপড় দিয়ে ঢেকে দেয়।"
ওই তো দিনার গোত্রের সেই নারী, যাকে তাঁর স্বামী, ভাই ও পিতার শহীদ হওয়ার সংবাদ দিলে তিনি জিজ্ঞেস করেছেন, “আরে রাসূলুল্লাহ কেমন আছেন?” তাঁকে জানানো হলো রাসূলুল্লাহ ভালো আছেন। রাসূলকে জীবিত দেখতে পেয়ে তিনি বললেন, "আপনার ভালো থাকার তুলনায় আমার যে-কোনো বিপদ-আপদ তুচ্ছ হয়ে যায়।”
গামিদিয়্যাহকে দেখুন। তিনি গোপনে ব্যভিচার করেছিলেন, কেউ জানতে পারেনি। কিন্তু তিনি এত অনুতপ্ত হন যে বারবার এসে রাসূলুল্লাহ -কে জোরাজুরি করতে থাকেন তাঁকে শরীয়ত নির্ধারিত শাস্তি প্রদানের মাধ্যমে পবিত্র করার জন্য। পাথর নিক্ষেপে নিহত হয়ে তিনি আল্লাহর দরবারে এমনভাবে কবুল হলেন যে, তাঁর তাওবা মদীনার সত্তরজন মানুষের মধ্যে ভাগ করে দিলে তা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে।
মহান সাহাবি আবু যর রাদিয়াল্লাহু আনহু মাটিতে গাল ঠেকিয়ে পড়ে আছেন ওই দেখুন! বিলাল রাদিয়াল্লাহু আনহু-কে বারবার বলছেন তাঁর গালে পাড়া দেওয়ার জন্য। কারণ তিনি বিলালকে একবার শুধু তুচ্ছার্থে “হে কালো নারীর সন্তান!” ডেকে বসেছিলেন।
সাহাবি-প্রজন্মের মুসলিমগণের এত এত দৃষ্টান্তের সামনে দাঁড়িয়ে কানে বাজে আল্লাহ তাআলার বাণী:
مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
“মুহাম্মাদ আল্লাহর রাসূল। আর তার সাথে যারা আছে, তারা কাফিরদের বিরুদ্ধে কঠোর আর নিজেদের মধ্যে পরস্পর দয়ার্দ্র। তুমি তাদের আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির সন্ধানে রুকু-সেজদারত অবস্থায় দেখতে পাবে। তাদের চিহ্ন হলো তাদের চেহারায় সেজদার প্রভাব পরিস্ফুট হয়ে আছে। তাওরাতে তাদের বর্ণনা এমনই। আর ইঞ্জিলে তাদের উপমা হলো একটি চারাগাছ তার কচিপাতা বের করে, তারপর তা শক্ত হয়, অতঃপর তা কাণ্ডের ওপর মজবুত হয়ে দাঁড়িয়ে যায় যা চাষিকে আনন্দিত করে। ফলে কাফিরদের অন্তর রাগে জ্বলে যায়। তাদের মধ্য থেকে যারা ঈমান আনে ও সৎকাজ করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।”
এই তো গেল অতীত ইতিহাসের পাতা। পাতা উল্টে আজকের যুগের অধ্যায়ে আসলে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে হয়। নিতান্ত অনিচ্ছাবশত আমাদের এই অপ্রিয় বর্তমানের দিকে তাকানো লাগে। যেন চারিদিকে অন্ধকার, মানুষের ঈমান দুর্বল আর নড়বড়ে। একে নতুন করে বর্ণনা করার কিছু নেই। কারণ আমরা সশরীরে এই বাস্তবতার ভেতর বসবাস করছি। চরম দুঃখ নিয়ে আমরা দেখছি এই উম্মাহর ভাঙন আর বিভেদ, কখনো নরম (ইরজা) আবার কখনো চরমপন্থার (তাকফির) দিকে দুলতে থাকা আকীদা, ধর্মদ্রোহিতা, প্রবৃত্তির অনুসরণ আর কুসংস্কারে ভরা পরিবেশ। পাশ্চাত্যের কাফির বা প্রাচ্যের নাস্তিকদের সাথে আমাদের শাসকেরা খোলাখুলি জঘন্য মিত্রতায় লিপ্ত। এদের সব ভালোবাসা যেন ইহুদি-খ্রিষ্টানদের জন্য আর সকল ঘৃণা ইসলাম ও মুসলিমদের প্রতি। তারা আল্লাহর দেওয়া শরীয়তের বিধানের বদলে মানবরচিত আইন প্রতিষ্ঠা করে, আবার নিজেদের মুসলিম বলেও দাবি করে। এদেরকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখেছে দুনিয়ালোভী আলেমরা যারা এসব শাসককে 'খলিফা', 'আমীরুল মুমিনীন' ইত্যাদি উপাধিতে ভূষিত করে।
সাধারণ মুসলিম জনগণকে এসব শাসকের আনুগত্য করতে বাধ্য করা হচ্ছে। এদের কুফরি আইনের কাছে বিচার চাইতে বাধ্য করা হচ্ছে। সেক্যুলারিজম হয়ে গেছে নতুন ধর্ম। গণমাধ্যম আর শিক্ষাব্যবস্থার মাধ্যমে এটিকে প্রবীণ ও নবীন সমাজে প্রচার করা হচ্ছে। এই নতুন ধর্মের দাবি হলো রাজনীতি থেকে ধর্মের পৃথকীকরণ, শুধু মসজিদ নাকি আল্লাহর জন্য আর সংসদ শাসকের জন্য। পথভ্রষ্ট আলেমরা ইরজাগ্রস্ত আকীদা প্রচার করে বেড়াচ্ছে। বলে বেড়াচ্ছে অন্তরে ঈমান থাকলে আর আমলের প্রয়োজন নেই, শাসকসহ সবাই-ই নাকি মুমিন। সুফিবাদ, বাহাই মতবাদ, কাদিয়ানি মতবাদ, নুসাইরি মতবাদসহ যতসব ভ্রান্তির লাগাম খুলে দেওয়া হয়েছে। মুসলিমদের সঠিক আকীদার ভেতর এগুলো বিনা বাধায় বিকৃতির বিষ ঢুকিয়ে দিচ্ছে। এদের Reactions এ নতুন করে উগ্রখারিজি গোষ্ঠীর উদ্ভব হচ্ছে যারা জযবার চোটে গণহারে মুসলিমদের কাফির বলে আখ্যা দিচ্ছে।
এই সব ভ্রান্ত গোষ্ঠীগুলোকে তন্নতন্ন করে খুঁজেও আমাদের সত্যনিষ্ঠ পূর্বসূরিদের আকীদা খুঁজে পাওয়া যায় না। মুষ্টিমেয় যেসব মানুষকে আল্লাহ দয়া করেছেন, তাদের ছাড়া আর কারো মধ্যেই ব্যক্তিগত ও সামষ্টিকভাবে সালাফদের সঠিক আকীদা অবশিষ্ট নেই। সাহাবিগণের প্রজন্ম আলোচনা করার সময় ক্ষণিকের জন্য যে আলোকচ্ছটা আমরা দেখেছিলাম, বর্তমানের আলোচনায় তা নিকষ আঁধারে হারিয়ে যায়।
অতীত-বর্তমানের মাঝে এরকম আকাশ-পাতাল পার্থক্যের পরও উভয় পক্ষই নিজেদের সত্যিকারের মুমিন বলে দাবি করে। মুখের দাবি তো কেবল একটা পতাকার মতো যা তুলে ধরে কেবল নাড়ালেই হলো। কিন্তু এক পক্ষ এই পতাকা ধরেছিল নিষ্ঠার সাথে, কাজেকর্মে সেই দাবি বাস্তবায়ন করে। কিন্তু আরেক পক্ষ পতাকা ধরেছে কেবল ধরতে হয় বলে, পূর্বপুরুষদেরকে ধরতে দেখেছে বলে। কিন্তু কাজকর্মে সেটির কোনো প্রতিফলন নেই।
ইমাম শাফিঈ (আল্লাহ তাঁর ওপর রহম করুন) বলেছেন, "মানুষ যদি কেবল সূরা আল-আসর অধ্যয়ন করত, তা হলে এটাই তাদের জন্য যথেষ্ট হতো।” এই সূরাতে বলা হয়েছে,
وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ * إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ )
"আল-আসর (সময়) এর শপথ! নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। শুধু তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকাজ করে, একে অপরকে সত্যের উপদেশ দেয় আর ধৈর্যের উপদেশ দেয়।"
আকীদা নিয়ে, তাওহীদ নিয়ে আমরা এত আলোচনা করি কেবল তাত্ত্বিক আলাপ বা দার্শনিক বিতর্কের উদ্দেশ্যে না। আমাদের আলোচনার উদ্দেশ্য হলো উম্মাহর সংশোধন, সব রকম ভ্রান্তি থেকে মুসলিমদের পরিশুদ্ধি। বারবার আলোচনার মাধ্যমে যেন এই বিষয়গুলো আমাদের অন্তরে গেঁথে যায়, তাওহীদ আমাদের কাছে যা কিছু দাবি করে তা যেন আমাদের কাজেকর্মে চলে আসে। আল্লাহর কাছে আমরা সব রকম ভ্রান্ত আকীদা থেকে নিজেদের দায়মুক্তি ঘোষণা করছি। সালাফগণের আকীদার সাথে সাংঘর্ষিক কথা ও কাজ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইছি।

টিকাঃ
৬৬. সূরা আল-বাইয়্যিনাহ, ৯৮: ৭
৬৭. সূরা আল-কাহফ, ১৮: ৮৮
৬৮. সূরা আল-মাইদাহ ৫:৬৯
৬৯. সূরা আল-বাকারাহ ২:৬২
৭০. সূরা আল-আনআম ৬:৪৮
৭১. সূরা ত্বা-হা ২০:৮২
৭২. সূরা মারইয়াম ১৯:৬০
৭৩. সূরা আল-কাসাস ২৮:৬৭
৭৪. সূরা সাবা ৩৪:৩৭
৭৫. সূরা আল-বাকারাহ ২:২৫
৭৬. সূরা আল-বাকারাহ ২:৮২
৭৭. সূরা আত-তাওবা ৯:১৮
৭৮. সূরা আন-নিসা ৪:১৪৭
৭৯. সূরা আল-হাজ্জ ২২:৪৬
৮০. বুখারি: ৯, মুসলিম: ১৬১
৮১. মুসলিম: ১৮৬
৮২. মুসলিম: ১৮৮
৮৩. সূরা আল-হাশর ৫৯:৯
৮৪. সূরা আল-আহযাব ৩৩:১০
৮৫. সূরা আল-আহযাব ৩৩:২২
৮৬. সূরা আত-তাওবা ৯:৯২
৮৭. সূরা আল-মাইদাহ ৫:৯০-৯১
৮৮. সূরা আন-নূর ২৪:৩১
৮৯. সূরা আল-ফাতহ ৪৮:২৯
৯০. সূরা আল-আসর ১০৩:১-৩

📘 আল্লাহর সন্তুষ্টির সন্ধানে 📄 এই আমাদের আকীদা

📄 এই আমাদের আকীদা


• ঈমান হলো মুখ দ্বারা ঘোষণা, অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা কাজ ও অন্তর দ্বারা বিশ্বাস করার নাম। নেক আমল করলে ঈমান বাড়ে, বদ আমল করলে ঈমান কমে। একইভাবে মুমিনরাও বিভিন্ন স্তরের হয়ে থাকে।
• গুনাহের কাজ করলে ঈমান কমে যায়, কিন্তু এর অস্তিত্ব বিলীন হয়ে যায় না। পক্ষান্তরে বড় কুফর (কুফরুল আকবার) ঈমানকে পুরোপুরি বিলীন করে দেয়।
• কুফর দুই ধরনের: বড় (আকবার) ও ছোট (আসগার)। বড় কুফরের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় এবং কাফির বলে সাব্যস্ত হয়। ছোট কুফরের কারণে মানুষ ইসলাম থেকে বের হয় না। তবে এটি কঠোরভাবে তিরস্কারযোগ্য গুনাহ। বড়-ছোট'র এই প্রকারভেদ শিরক (অংশীবাদ), নিফাক (ভণ্ডামি), যুলুম (অবিচার) ও ফিসক (পাপাচার) এর ক্ষেত্রেও প্রযোজ্য।
• কোনো মুসলিম যত গুনাহ-ই করুক না কেন, অন্তরে সেগুলোকে হারাম বলে মানলে সে কাফির হবে না। এমনকি তাওবা না করলেও না। যেই ফাসিক (পাপাচারী) তার গুনাহের কাজগুলোকে হারাম বলে স্বীকার করে, সে কাফির (অবিশ্বাসী) নয়। এমনকি সে তাওবা ছাড়াই আমৃত্যু এসব গুনাহ করলেও নয়। আখিরাতে তার বিচারের ভার আল্লাহর দায়িত্বে। আল্লাহ চাইলে তাকে মাফ করে দেবেন, চাইলে তাকে সাময়িকভাবে জাহান্নামে শাস্তি দেওয়ার পর জান্নাতে প্রবেশ করাবেন।
• ঈমান ও ইসলামের কথা একসঙ্গে উল্লেখ করা হলে, ঈমান দিয়ে বোঝানো হয় অন্তরের বিশ্বাসকে আর ইসলাম দিয়ে বোঝানো হয় বাহ্যিক আমলকে। আর যখন এর কোনো একটি উল্লেখ করা হয়, তখন এর দ্বারা সম্পূর্ণ দ্বীন ইসলামকে বোঝানো হয়।
• কেউ কুফরি কাজ করলেই আমরা তাকে কাফির বলে সাব্যস্ত করি না, যদি না তা করার জন্য সুস্পষ্ট ও অকাট্য প্রমাণ পাওয়া যায়। কোনোরূপ ব্যাখ্যাও না থাকে। সে জেনেবুঝে ইচ্ছাকৃত ও স্বাধীনভাবে এই কাজ করেছে—এমনটা প্রমাণিত হলেই কেবল জ্ঞানসম্পন্ন যোগ্য ব্যক্তিগণ তাকে কাফির ঘোষণা করবেন।
• আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা হলেন স্রষ্টা, রিযিকদাতা; তিনিই জীবন দেন, তিনিই জীবন নেন; তিনিই সকল ভালো-মন্দের নিয়ন্ত্রক। তাঁর পাশাপাশি আমরা অন্য কোনো রব অনুসন্ধান করি না।
قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبًّا "বলো, 'আমি কি আল্লাহকে ছেড়ে অন্য রব তালাশ করব?'..." [৯১]
• আল্লাহ তাআলা কোনো সঙ্গী, সন্তান, অংশীদার ও প্রতিদ্বন্দ্বীর ঊর্ধ্বে।
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ * "বলো, 'আল্লাহ তিনি অদ্বিতীয়। আল্লাহ আস-সমাদ (যিনি অমুখাপেক্ষী; তাঁর কাউকে দরকার নেই, কিন্তু তাঁকে সবারই দরকার; তিনি ক্ষুধা-তৃষ্ণার ঊর্ধ্বে)। তিনি জন্ম দেন না ও জন্ম নেননি। তাঁর সমকক্ষ বা সমতুল্য কিছু নেই'।" [৯২]
• আল্লাহই একমাত্র ইবাদতের যোগ্য। ভয়, আশা, স্মরণ, প্রার্থনা, ভালোবাসা, আত্মসমর্পণ, সাহায্য চাওয়া, নাজাত চাওয়া, নির্ভরতা, উৎসর্গ, শপথ ও অন্য সব রকমের উপাসনা শুধু আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে।
• আমরা কোনো গাছ, পাথর বা কবরের কাছে দুআ করি না। আমরা শুধু আল্লাহর কাছেই দুআ করি। আল্লাহর নামসমূহ ও গুণাবলির মাধ্যমে, আমাদের করা নেক আমলের মাধ্যমে অথবা কোনো জীবিত নেককার মানুষের মাধ্যমেই আমরা দুআ করি। আমরা কোনো কবর ঘিরে তাওয়াফ করি না, মৃতের কাছে দুআ করি না, জিন বা মৃত কোনো বুযুর্গের উদ্দেশ্যে কুরবানি করি না, আল্লাহ ছাড়া কারো নামে শপথ করি না। যারা এগুলোর কোনোটা করে, তারা নিশ্চিতভাবেই শিরকে লিপ্ত।
• আল্লাহকে ছাড়া আমরা যেমন অন্য কোনো রব গ্রহণ করি না, তেমনি তাঁকে ছাড়া অন্য কাউকে বিধানদাতা বলে মানি না। তাঁর দেওয়া বিধান ছাড়া অন্য কিছুকে আইনের উৎস হিসেবে গ্রহণ করি না। সার্বভৌমত্ব আল্লাহর। তিনি বিধান দেন, আদেশ করেন, নিষেধ করেন, বিচার-ফয়সালা দেন, বৈধ-অবৈধ নির্ধারণ করেন। আল্লাহ সর্বজ্ঞানী ও সব বিষয়ে অবহিত।
• যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো আইন প্রণয়ন করে এবং আল্লাহর আইনকে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করে, সে আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়েছে। সে বিচারকার্যে নিজেকে আল্লাহর সাথে শরীক করেছে। এভাবে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। সে যদি শাসক হয়ে থাকে, তা হলে তার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে অপসারণ করতে হবে।
• আল্লাহ তাঁর কিতাবে ও তাঁর রাসূল মুহাম্মাদ-এর মাধ্যমে নিজের যে-সকল নাম ও বৈশিষ্ট্যের কথা জানিয়েছেন, আমরা সেই সবগুলোতে বিশ্বাস করি। আমরা এগুলোর কোনোটিকে পরিবর্তন করি না, অবিশ্বাস করি না, অর্থ বিকৃত করি না, কোনো সৃষ্টির সাথে সেগুলোর সাদৃশ্য সাব্যস্ত করি না। তাঁর বৈশিষ্ট্যসমূহের ধরন- প্রকৃতি সম্পর্কে জানার দাবিও আমরা করি না। কারণ, “কোনোকিছুই তাঁর সদৃশ নয়; তিনি সব শোনেন, সব দেখেন।” [৯৩]
• আল্লাহ নিজের যেসব বৈশিষ্ট্যের ব্যাপারে নিশ্চিত করেছেন এবং মুহাম্মাদ-কে দিয়ে নিজের যেসব বৈশিষ্ট্যের ব্যাপারে নিশ্চিত করেছেন, সেই সবগুলোতে আমরা নিশ্চিত বিশ্বাস করি। যেমন: জ্ঞান, সামর্থ্য, শ্রবণ, দৃষ্টি, চেহারা, হাত ইত্যাদি। এর কোনোটিই কোনো সৃষ্টির সদৃশ নয়।
• আমরা তা-ই বলি যা আল্লাহ জানিয়েছেন, “দয়াময় (আল্লাহ) আরশে সমুন্নত আছেন।”[৯৪] অতএব, আল্লাহ তাঁর সৃষ্টিকূলের ঊর্ধ্বে আরশে সমুন্নত। তিনি যে আরশে সমুন্নত, তা জ্ঞাত, কিন্তু তিনি কীভাবে আরশে আছেন তা অজানা। এতে বিশ্বাস করা ওয়াজিব। তিনি কীভাবে আরশে আছেন, তা জিজ্ঞেস করা বিদআত।
• আল্লাহ যখন যা যেভাবে করতে ইচ্ছা করেন, তখন তা সেভাবেই করেন। তিনি আনন্দিত হন, হাসেন, ভালোবাসেন, ঘৃণা করেন, সম্মতি দেন, রাগান্বিত হন-তাঁর শানের সাথে যেভাবে সামঞ্জস্যশীল, সেভাবেই হন-যেমনটা কুরআন ও হাদীসে আছে। তাঁর কোনো কাজই সৃষ্টিকূলের কারো কাজের মতো নয়। মরণশীলদের মাঝে কেউই এগুলোর ধরন-প্রকৃতি সম্পর্কে জানে না।
• কুরআন আল্লাহর সত্য ও অসৃষ্ট কথা, কোনোভাবেই তা মানুষের কথার প্রকৃতির সদৃশ নয়। এমনভাবে তিনি এ কথা বলেছেন, যা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই।
• আমরা ফেরেশতা ও নবী-রাসূলে বিশ্বাস করি।
• আমরা রাসূলগণের ওপর নাযিল হওয়া সকল কিতাবে বিশ্বাস করি এবং রাসূলগণের মাঝে কোনো পার্থক্য করি না।
• আমরা বিশ্বাস করি যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল। তিনি সমগ্র মানবজাতির সেরা ও নেতা। তিনি নবীগণের সীলমোহর এবং মুত্তাকিগণের নেতা।
• আমরা বিশ্বাস করি মুহাম্মাদ -কে রাতের বেলা জাগ্রত অবস্থায় সশরীরে মক্কার মসজিদুল হারাম থেকে জেরুসালেমের মসজিদুল আকসায় নেওয়া হয়েছে এবং আসমানে যে উচ্চতায় আল্লাহ চেয়েছেন, সে উচ্চতায় তাঁকে নেওয়া হয়েছে।
• আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি যে, মাহদী (হিদায়াতপ্রাপ্ত ইমাম বা নেতা) মুহাম্মাদ -এর উম্মাহর মধ্য থেকে শেষ জামানায় আবির্ভূত হবেন।
• কুরআন ও নির্ভরযোগ্য হাদীসে কিয়ামাতের যেসব লক্ষণ বর্ণিত হয়েছে, আমরা সেসবে বিশ্বাস করি। দাজ্জালের আগমন, আসমান থেকে ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম-এর অবতরণ, পশ্চিম দিক থেকে সূর্য উদয়, ভূপৃষ্ঠ থেকে বিশেষ এক প্রাণীর আবির্ভাব ইত্যাদি এসব লক্ষণের অন্তর্ভুক্ত।
• মুনকার এবং নাকীর নামক দুইজন ফেরেশতা কর্তৃক কবরের প্রশ্নোত্তরে আমরা বিশ্বাস করি। রব্ব, দ্বীন ও নবী মুহাম্মাদ -এর ব্যাপারে জিজ্ঞেস করা হবে।
• আমরা কবরের আযাবে বিশ্বাস করি। যারা এর যোগ্য, তারা তা ভোগ করবে। আল্লাহ আমাদের তা থেকে রক্ষা করুন। কবর হয় জান্নাতরে একটি উদ্যান বা জাহান্নামের একটি গর্ত হবে। প্রত্যেক বান্দাই তার প্রাপ্য যথাযথভাবে পাবে।
• বিচার-দিবসে কবর থেকে পুনরুত্থিত হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে আমরা বিশ্বাস করি। হিসাব-নিকাশ, আমলনামা পাঠ, মীযান স্থাপন, সিরাত পার হওয়া, শাস্তি ও পুরস্কারে বিশ্বাস করি।
• আমরা বিশ্বাস করি নবীজি উম্মাতের জন্য বিচার-দিবসে সুপারিশ করবেন।
• আমরা হাউযে কাউসার বিশ্বাস করি। এটি একটি জলাধার যা থেকে পানি পান করিয়ে উম্মাতের পিপাসা নিবারণ করার জন্য আল্লাহ তাঁর রাসূলকে দান করবেন।
• আমরা বিশ্বাস করি জান্নাত ও জাহান্নাম উভয়ই সত্য। এগুলো সৃষ্ট এবং কখনো বিলীন হবে না।
• আমরা বিশ্বাস করি যে, জান্নাতবাসীরা তাদের দৃষ্টি সর্বব্যাপী হওয়া ছাড়াই আল্লাহকে সরাসরি দেখবে এবং এই দেখার ধরণ-প্রকৃতি অজানা। ঠিক যেভাবে আল্লাহ বলেছেন, সেভাবেই তা হবে: “কতক চেহারা সেদিন উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।”[৯৫]
• আমরা তাকদীর ও এর ভালো-মন্দে বিশ্বাস করি। আর আল্লাহ যা বলেছেন, তা-ই বলি : “বলো, 'সবকিছুই আল্লাহর তরফ থেকে।'...”[৯৬] ভালো-মন্দ সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত। বিশ্বজগতের সকল কিছু তাঁর ইচ্ছায় সংঘটিত হয়।
• আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তাঁর বান্দাকে কুফরি ও পাপকাজ করার আদেশ দেন না। বান্দা এগুলো করলে তাতে সন্তুষ্টও হন না। “তিনি তাঁর বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না।”[৯৭] আর তিনি যদি কাফিরের জন্য কুফরিকেই পূর্বনির্ধারিত করে থাকেন, তা হলে তার কারণ শুধু তিনিই জানেন। আল্লাহর ন্যায়বিচার, নিজের বিরুদ্ধে বান্দার যুলুম এবং বান্দার অতীত পাপের ফল হিসেবে। "তোমার কোনো কল্যাণ হলে তা হয় আল্লাহর তরফ থেকে এবং তোমার কোনো অকল্যাণ হলে তা হয় তোমার নিজের কারণে।”[৯৮] এ সবকিছুই ঘটে আল্লাহর ইচ্ছে অনুসারে। আল্লাহ যা ইচ্ছে করেন, তা-ই হবে। আর তিনি যা চান না, তা হবে না। আর আল্লাহ তাঁর কোনো বান্দার প্রতি অবিচার করেন না। “নিশ্চয় আল্লাহ অণু পরিমাণও অবিচার করেন না।”[৯৯]
• আমরা বিশ্বাস করি আল্লাহ তাঁর বান্দাদের কর্ম সৃষ্টি করেছেন। “আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদের এবং তোমরা যা তৈরি করো সেগুলোও।”[১০০] বান্দা তাদের নিজেদের কাজ বাস্তবেই সম্পন্ন করে, রূপকভাবে নয়।
• আমরা নবীজি ﷺ-এর সকল সাহাবিকে ভালোবাসি। আল্লাহ তাঁদের প্রতি সন্তুষ্ট হোন। তাঁরা শ্রেষ্ঠতম প্রজন্ম। আমরা তাঁদের গুণাবলি স্মরণ করি, তাঁদের অত্যন্ত সম্মান করি ও তাঁদের প্রতি হৃদ্যতা প্রদর্শন করি। তাঁরা যা নিয়ে মতভেদ করেছেন, তা থেকে আমরা দূরে থাকি। তাঁদের ভালোবাসা ইসলামের অংশ, ঈমানের অংশ, ইহসানের অংশ। তাঁদের ঘৃণা করা কুফর ও নিফাক।
• আমরা সমগ্র উম্মাতের ওপর আবু বকর আস-সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু-এর শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং তাঁর খিলাফতকে স্বীকার করি। একইভাবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফাতকে স্বীকার করি। তাঁরা হলেন খুলাফায়ে রাশেদীন ও ন্যায়পরায়ণ নেতা। এঁদের ব্যাপারে নবীজি বলেছেন, “অবশ্যই আমার সুন্নাহ ও খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ মেনে চলো এবং তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো।" [১০১]
• আলেমগণের (এই উম্মাহর প্রথম তিন প্রজন্ম ও তাঁদের পদাঙ্ক অনুসরণকারী) ব্যাপারে সম্মান সহকারে কথা বলতে হবে। যে ব্যক্তি তাঁদের নিন্দা করে, সে সঠিক পথে নেই।
এই হলো আমাদের আকীদা, যা আমাদের কাছে নিজেদের জীবনের চেয়েও বেশি দামি। চৌদ্দ শতক ধরে এগুলো অবিকৃতভাবে সংরক্ষিত আছে। কাফিরদের আক্রমণ, মুনাফিকদের ছড়ানো সন্দেহ ও পথভ্রষ্টদের বানানো বিদআতের মোকাবিলায় এগুলো কিয়ামাত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। অসংখ্য মুসলিমের অবহেলা ও অবজ্ঞা সত্ত্বেও এগুলো টিকে আছে।
আমাদের আকীদার টিকে থাকাই প্রমাণ করে যে, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। সকল ভ্রান্ত আকীদা বিলুপ্ত হয়ে যায় আর অন্য সব ধর্ম বিকৃত হয়ে যায়। শুধু ইসলামের বিশুদ্ধ রূপ টিকে থাকে। কারণ এটিই একমাত্র সত্য। মিথ্যা ও সন্দেহ দ্বারা একে প্রভাবিত করা যায় না। আল্লাহ তাআলা বলেন,
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
“নিশ্চয় আমিই (কুরআন) নাযিল করেছে আর অবশ্যই আমি তার সংরক্ষক।" [১০২]
আমাদের এই বিশ্বাসমালা আমাদের দেয় শক্ত-মজবুত এক ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে আমরা আমাদের চূড়ান্ত উদ্দেশ্যের দিকে যাত্রা করি। আল্লাহই একমাত্র সত্য ইলাহ এ ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাসী। কারণ তিনিই সবকিছুর মালিক, যিনি তাঁর মালিকানাধীন সবকিছুকে কর্তৃত্ব সহকারে শাসন করেন। আর পরিপূর্ণতার বৈশিষ্ট্যসমূহ তাঁরই। তিনি ছাড়া আমাদের অন্য কোনো লক্ষ্য-উদ্দেশ্য নেই। তিনিই সবচেয়ে মহান।
এই আকীদা আল্লাহর পূর্ণ কর্তৃত্বকে সত্যায়ন করে। তাঁর কর্তৃত্বের কাছে মাথানত করাকে ঈমানের শর্ত ও ইখলাসের চিহ্ন হিসেবে প্রমাণ করে।
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ
“আল্লাহ ও তাঁর রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিনা নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোনো অধিকার রাখে না।”[১০৩]
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا )
"কিন্তু না, তোমার রবের শপথ! তারা মুমিন হবে না, যে পর্যন্ত না তারা তাদের ঝগড়া-বিবাদের মীমাংসার ভার তোমার অর্থাৎ (রাসূলের) ওপর ন্যস্ত না করে, অতঃপর তোমার ফয়সালার ব্যাপারে তাদের মনে কিছুমাত্র কুণ্ঠাবোধ না থাকে, আর তারা তার সামনে নিজেদের পূর্ণরূপে সমর্পণ করে।”[১০৪]
এই আকীদার দাবিই হলো সব ব্যাপার আল্লাহ ও তাঁর রাসূলের কাছে ন্যস্ত করা, এমনকি মতভেদের সময়েও।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا.
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর অনুগত হও এবং রাসূলের অনুগত হও ও কর্তৃস্থানীয় ব্যক্তিগণের; যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে, তা হলে সেই বিষয়কে আল্লাহ ও রাসূলের (নির্দেশের) দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও আখিরাত-দিবসের প্রতি ঈমান এনে থাকো। এটাই উত্তম এবং সুন্দরতম মর্মকথা।”[১০৫]
এই আকীদা আমাদের মধ্যকার সমঝোতা ও ঐক্য রক্ষা করে এবং ঝগড়া-বিবাদের সম্ভাবনা মিটিয়ে দেয়। মুসলিমদের একটি নির্দিষ্ট লক্ষ্য ও পথ দেখিয়ে দেওয়ার মাধ্যমে এটি মুসলিমদের ঐক্যবদ্ধ করে। দেশ-জাতি-বর্ণে পার্থক্য থাকার পরও সকল মুসলিম একই লক্ষ্যের দিকে ছোটে।
এই আকীদা ধারণকারী প্রতিটি ব্যক্তি নিজের কাজকর্মের ব্যাপারে সদা সতর্ক থাকে। কারণ সে বিশ্বাস করে আখিরাতে তাকে বলা হবে,
اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا )
“পড়ো তোমার আমলনামা। আজ তোমার হিসেব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট।”[১০৬]
এর ফলে মুমিনের অন্তরে আল্লাহর আদেশ-নিষেধের অবাধ্যতার প্রতি ঘৃণা তৈরি হয়। কখনো যদি সে ভুল পথে চলেও যায়, তা হলে এই আকীদা তাকে সাথে সাথে সঠিক পথে ফিরে আসতে উদ্দীপ্ত করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় অবিরাম প্রচেষ্টা করে যাওয়ার শক্তি যোগায়।
অন্য সব মতাদর্শ ও দর্শনের সাথে আমাদের আকীদার পার্থক্যটা এখানেই। এর ফলেই আমরা তাদের চেয়ে উঁচু মর্যাদায় আসীন। ইসলাম এই আকীদাকে এমন উঁচু মর্যাদার আসন দিয়েছে যেই স্থানটির জন্য অন্য সব মতাদর্শ লালায়িত। তাদের মতাদর্শ আর আমাদের আকীদার বিরাট তফাতের কারণে তাদের কাছে সেই উঁচু মর্যাদার ধারেকাছে পৌঁছানোও অলীক স্বপ্ন।
ইসলামি আকীদা মুসলিমদের এই নিশ্চয়তা দেয় যে, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। তাদের তিনি দেখেন, শোনেন, তাদের অন্তরের গোপন খবর জানেন। আর তিনিই তাদের শেষ বিচারের দিনে পুনরুত্থিত করে পুরস্কার বা শাস্তি দেবেন।
সা'সা বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একবার নবীজি -এর কাছে এসে এই আয়াত তিলাওয়াত করলেন: "অতএব কেউ অণু পরিমাণ সৎকাজ করলে সে তা দেখবে। আর কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে, সেও তা দেখবে।”[১০৭] নবীজি বললেন, “এই আয়াত ক'টি শোনাই আমার জন্য যথেষ্ট।”[১০৮]
এই আকীদা আমাদের মিত্রতাকে শুধু আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনদের জন্যই বরাদ্দ রাখে। এ ছাড়া বাকি সবাই আল্লাহ থেকে তাদের দূরত্বের ভিত্তিতে বিভিন্ন মাত্রায় শত্রুতা ও ঘৃণা পাওয়ার যোগ্য। এটি এমন এক আকীদা, যা এর অনুসারীদের দুনিয়ার জীবনের সংকীর্ণতা থেকে বের করে এনে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যায়। এই আকীদার মানুষদের জমিনে হাঁটতে দেখা গেলেও তাদের অন্তর পড়ে থাকে জান্নাতে। তারা দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য সহায়-সম্বল প্রস্তুত রাখে। তারা ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মেহনত করে না। আল্লাহ ও আখিরাতের দিকে যাত্রায় পাথেয় হিসেবে এখান থেকে যতটুকু নেওয়া দরকার, ততটুকুই তারা কেবল নেয়।
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ وَلَلدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ )
“দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই না। যারা তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য পরকালের জীবনই অতি কল্যাণময়। তবুও কি তোমাদের বোধোদয় হবে না?"[১০৯]
وَاللَّهُ خَيْرٌ وَأَبْقَى )
“আল্লাহই (পুরস্কার প্রদানে) শ্রেষ্ঠতর ও (শাস্তি প্রদানে) অধিকতর স্থায়ী।”[১১০]
এই আকীদা তার ধারক-বাহকদেরকে দেয় সম্মানজনক জীবন, যাতে অপমান- অপদস্থতার লেশমাত্র নেই। তাদের জীবনে প্রাচুর্যও আসে, সংকীর্ণতাও আসে; জয়ও আসে, পরাজয়ও আসে। কিন্তু কোনোকিছুই তাদের ঈমান থেকে ও জীবনের লক্ষ্য থেকে টলাতে পারে না। কারণ তারা সম্মান আশা করে কেবল মহান প্রতিপালকের কাছ থেকে, যিনি "উচ্চ মর্যাদাশীল, মহান।"[১১১] এবং وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ) “মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী।"[১১২] তারা সম্পদ বা প্রভাব-প্রতিপত্তিতে সম্মান খোঁজে না। পৃথিবীর কোনো ক্ষমতার কাছে ইজ্জত চায় না। তারা যেন এই আয়াতের মূর্ত প্রতিচ্ছবি,
وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ
“কিন্তু সমস্ত মান-মর্যাদা তো আল্লাহর, তাঁর রাসূলের ও মুমিনদের।”[১১৩]
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ )
"তোমরা হীনবল ও দুঃখিত হোয়ো না। বস্তুত তোমরাই জয়ী থাকবে, যদি তোমরা মুমিন হও।"[১১৪]
এই আকীদা তার অনুসারীদের দেয় দুনিয়ায় শান্তি ও আখিরাতের কামিয়াবি। আল্লাহরই জন্য সকল কষ্ট সহ্য করে তাঁর সাক্ষাৎ লাভের আশায় তাদের রাখে অবিচল।

টিকাঃ
৯১. সূরা আল-আনআম ৬:১৬৪
৯২. সূরা আল-ইখলাস ১১২:১-৪
৯৩. সূরা আশ-শুরা ৪২:১১
৯৪. সূরা ত্বা-হা ২০:৫
৯৫. সূরা আল-কিয়ামাহ ৭৫:২২-২৩
৯৬. সূরা আন-নিসা ৪:৭৮
৯৭. সূরা আয-যুমার ৩৯:৭
৯৮. সূরা আন-নিসা ৪:৭৯
৯৯. সূরা আন-নিসা ৪:৪০
১০০. সূরা আস-সফফাত ৩৭:৯৬
১০১. তিরমিযি: ২৬৭৬, ইবনু মাজাহ: ৪২, আহমাদ: ১৭১৮৪
১০২. সূরা আল-হিজর ১৫:৯
১০৩. সূরা আল-আহযাব ৩৩:৩৬
১০৪. সূরা আন-নিসা ৪:৬৫
১০৫. সূরা আন-নিসা ৪:৫৯
১০৬. সূরা আল-ইসরা ১৭:১৪
১০৭. সূরা আয-যিলযাল ৯৮:৭-৮
১০৮. মুস্তাদরাক আল-হাকিম: ৬৫৭১
১০৯. সূরা আল-আনআম ৬:৩২
১১০. সূরা ত্বা-হা ২০:৭৩
১১১. সূরা আল-বাকারাহ ২:২৫৫
১১২. সূরা আস-সাফ ৬১:১
১১৩. সূরা আল-মুনাফিকুন ৬৩:৮
১১৪. সূরা আলে ইমরান ৩:১৩৯

ফন্ট সাইজ
15px
17px