📄 আল্লাহভীতির সময়সীমা
মুআজ বিন জাবাল বলেন, 'মুমিন কখনো নির্ভয়ে থাকতে পারে না, যতক্ষণ না সে জাহান্নামের পুল অতিক্রম করে যায়।'
প্রিয় মুসলিম ভাই আমার, মানুষ যদি দুনিয়ার সম্পদ পেয়ে ধনী হয়ে থাকে, তুমি আল্লাহকে পেয়ে ধনী হও। তারা যদি দুনিয়াকে নিয়ে আনন্দিত হয়, তুমি আল্লাহকে নিয়ে আনন্দিত হও। তারা যদি বন্ধুদের সাথে স্বস্তি অনুভব করে, তুমি আল্লাহর সাথে স্বস্তি অনুভব করো। তারা যদি সম্মান ও মর্যাদা লাভের জন্য রাজা-বাদশাহদের সাথে পরিচিত হয়, তাদের নৈকট্য অর্জন করে, তবে তুমি আল্লাহর সাথে পরিচিত হও, তাঁর ভালোবাসা অর্জন করো, তুমিই হবে প্রকৃত মর্যাদাবান।
সাহল বিন আব্দুল্লাহ বলেন, 'দুনিয়াতে যার চলার পথ সূক্ষ্ম ও জটিল হয়, আখিরাতে তার পথ প্রশস্ত ও সহজ হবে। আর দুনিয়াতে যার পথ প্রশস্ত ও সহজ হয়, আখিরাতে তার পথ সূক্ষ্ম ও জটিল হবে।'৯৪
একজন মুসলিমের অন্তর দুটি বস্তুর মাঝামাঝি অবস্থান করে : ভয় ও আশা। তার চোখদুটোকে অশ্রুসিক্ত রাখার জন্য এই দুটিই যথেষ্ট।
হাসান বলেন, 'আশা ও ভয়-এ দুটি মুমিনের বাহন।'
সুতরাং ভয় ও আশার মাঝে সমন্বয় রাখা বাঞ্ছনীয়। তুলনামূলক ভয় বেশি থাকা ভালো। তবে তা মৃত্যুর সময় নিকটবর্তী হওয়ার পূর্বে। মৃত্যুর সময় ভয়ের চেয়ে আশা ও আল্লাহর প্রতি ইতিবাচক ধারণা পোষণ করা ভালো। কেননা, ভয় হলো আমলের তাড়না সৃষ্টিকারী। আর মৃত্যুপথযাত্রীর আমলের সময় যেহেতু শেষ হয়ে এসেছে, তাই আমলের তাড়না সৃষ্টিকারীর প্রয়োজনও তার নেই। এখন ভয় পেলে উল্টো হিতে বিপরীত হতে পারে। ভয় তার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ করে মৃত্যুকে ত্বরান্বিত করতে পারে।
পক্ষান্তরে আশা এমন সময়ে তার হৃদয়ে শক্তি সঞ্চার করবে। আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করবে। আর মৃত্যুর সময় আল্লাহর প্রতি ভালোবাসা রেখেই দুনিয়া থেকে
বিদায় নেওয়া উচিত। যেন সে আল্লাহর সাক্ষাৎপ্রেমীদের অন্তর্ভুক্ত হতে পারে। কেননা, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন। এই যে ভালোবাসা, তা সৃষ্টি হয় আশার মাধ্যমে। মানুষ তাকেই ভালোবাসে, যার দয়ার আশা করে। ৯৫
ইবনুল কাইয়িম বলেন, 'অতিমাত্রার আল্লাহভীতি-যা আল্লাহর রহমত থেকে নিরাশ করে তোলে-তা নিন্দনীয়। বরং এটা আল্লাহর প্রতি বেয়াদবির শামিল। এতে তিনি রাগান্বিত হন। '৯৬
আবু উবাইদা খাওয়াস মুনাজাতে বলতেন, 'আমার বয়স বেড়ে গেছে, শরীর শক্তিহীন হয়ে পড়েছে, হাড় দুর্বল হয়ে পড়েছে, তাই আমাকে আজাদ করে দিন।'৯৭
যাদের মাঝে ভয় ও আশা উভয়টিই বিদ্যমান, পবিত্র কুরআনের একাধিক জায়গায় আল্লাহ তাআলা তাদের ভূয়সী প্রশংসা করেছেন। যেমন নবিদের ব্যাপারে এসেছে :
(إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ)
'তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত।'৯৮
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, 'প্রকৃত ভয় অবশ্যই আশাকেও অন্তর্ভুক্ত করে। যদি না করে, তাহলে সেটা ভয় নয়; বরং নিরাশা। অনুরূপভাবে প্রকৃত আশার সাথে অবশ্যই ভয় থাকে। যদি না থাকে, তাহলে সেটা আশা নয়; বরং অলীক স্বপ্ন। সুতরাং যাদের মাঝে আল্লাহর প্রতি ভয় ও তাঁর নিকট আশা—উভয়টিই যথাযথরূপে আছে, তারাই আহলে ইলম, আল্লাহ তাআলা যাদের প্রশংসা করেছেন।
আবু সুলাইমান দারানি বলেন, 'দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণের মূল হলো আল্লাহভীতি। যে হৃদয়ে আল্লাহভীতি নেই, সেটি বরবাদ হয়ে গেছে।'৯৯
সাবিত বুনানি-এর চোখে একবার অসুখ হলো। ডাক্তার তাকে বললেন, 'আমাকে একটি কাজ ছাড়ার নিশ্চয়তা দিন, আপনার চোখ ভালো হয়ে যাবে।' তিনি বললেন, 'কী সেটা?' ডাক্তার বললেন, 'কাঁদবেন না।' তিনি বললেন, 'যে চোখ কাঁদে না, সে চোখ ভালো হয়ে কী লাভ?'১০০
হাসান বলতেন, 'আল্লাহর ভয়ে যে চোখ অশ্রুসিক্ত হয়, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেন। অশ্রু যদি গালের ওপর গড়িয়ে পড়ে, সেই চেহারাকে মলিনতা কিংবা অপমান স্পর্শ করবে না। প্রত্যেক আমলের নির্দিষ্ট একটি ওজন ও সাওয়াব রয়েছে; কিন্তু আল্লাহর ভয়ে বিসর্জিত অশ্রুর নির্ধারিত কোনো ওজন ও সাওয়াব নেই। বরং তা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। যদি কোনো জাতির মধ্যে কেবল একজন ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, তাহলে আমি আশা করি, তার কান্নার কারণে আল্লাহ তাআলা গোটা জাতির ওপর রহম করবেন। ১০১
আল্লাহ তাআলা আমাদের ওপর রহম করুন এবং আমাদের হৃদয়ের কাঠিন্য দূর করে দিন। সালাফের সেই অশ্রু আজ আমরা হারিয়ে ফেলেছি। তাদের মতো তাওবাও আজ নেই আমাদের মাঝে। অথচ রহমত ও ক্ষমার প্রতি আমরাই সর্বাধিক মুখাপেক্ষী।
দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি উমর বিন খাত্তাব -এর চেহারায় দুটি কালো দাগ ছিল। অত্যধিক কাঁদার কারণেই এই দাগদুটি সৃষ্টি হয়েছিল।১০২
প্রিয় মুসলিম ভাই, চোখের পানির ব্যাপারে প্রশ্ন করা হবে। এই ব্যাপারেও জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে।
সুফইয়ান সাওরি ️বলেন, 'কান্নার দশটি অংশ আছে : এক অংশ আল্লাহর জন্য, বাকি নয় অংশ গাইরুল্লাহর জন্য। নির্ভেজাল আল্লাহর জন্য যে অংশ, তা যদি বছরে একবারও পাওয়া যায়, তাও অনেক।
সত্যিকারের চোখের পানি ও ধারাবাহিক প্রবহমান অশ্রুধারা সত্য তাওবা ও আল্লাহর প্রতি পূর্ণরূপে আত্মসমর্পণের আলামত। অধিকাংশ ইবাদতের তাওফিকপ্রাপ্ত বান্দা নম্র ও আল্লাহভীরু হয়। তাদের অন্তর নরম হয়। স্বভাব-প্রকৃতি স্পর্শকাতর হয়। যেকোনো হক কথা তাদের মনে দাগ কাটে। কুরআনের আয়াত শুনে তাদের চোখ ফেটে অশ্রু বের হয়। তাই তো তারা পূর্ণ আগ্রহ ও ভালোবাসা নিয়ে রবের ইবাদতে লিপ্ত থাকে। ইবাদতের উর্বর সময়সমূহ এবং রহমত অবতরণের মুহূর্তগুলোর সদ্ব্যবহার করে। দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতের প্রতি ধাবিত হয়। রাসুল ️ ও পুণ্যাত্মা সাহাবিদের নির্দেশিত পথে অটল থাকে।
হাসান ️বলেন, 'জেনে রাখো, তোমার আল্লাহকে ভালোবাসার দাবি তবেই সত্য প্রমাণিত হবে, যদি তুমি তাঁর ইবাদতকে ভালোবাসো।'১০৩
মুহাম্মাদ বিন মুসাইয়িব ️হাদিসের পাঠদান করতেন। যখন তিনি বলতেন 'রাসুল ️ইরশাদ করেছেন, তখন
এত কাঁদতেন যে, তার প্রতি ছাত্রদের মনে করুণা হতো। ১০৪
উমর বিন খাত্তাব সুরা তুর তিলাওয়াত করছিলেন। পড়তে পড়তে তিনি এই আয়াত পর্যন্ত আসলেন,
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعُ
'নিশ্চয় আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী। '১০৫
এই আয়াতটি পড়েই তিনি কেঁদে ফেলেন। এমনকি কাঁদতে কাঁদতে তিনি অসুস্থ হয়ে পড়লেন—লোকজন তাঁকে দেখতে এল। ১০৬
নেককার লোকেরা দুনিয়ার সময় শেষ হয়ে যাওয়ার ভয় করতেন এবং হায়াতের জন্য ক্রন্দন করতেন। কেননা, দুনিয়া হলো আখিরাতের পাথেয় সংগ্রহের স্থান।
একবার জনৈক আল্লাহর বান্দা ক্রন্দন করতে লাগলেন। তাকে বলা হলো, 'আপনি কাঁদছেন কেন?' তিনি উত্তর দিলেন, 'রোজাদাররা রোজা রেখে চলেছেন, আমি তাদের মধ্যে নেই; জিকিরকারীরা জিকির করছেন, আমি তাদের মধ্যে নেই; নামাজিরা নামাজ পড়ছেন, আমি তাদের মধ্যে নেই—এ কারণেই আমি কাঁদছি।'১০৭
টিকাঃ
৯১. সিফাতুস সাফওয়াহ : ৩/১৬১।
৯২. হিলইয়াতুল আওলিয়া: ২/৩৯৬।
৯৩. আল-ফাওয়ায়িদ: ১৫২ পৃ.।
৯৪. সিফাতুস সাফওয়াহ : ৪/৬৪।
৯৫. আল-ইহইয়া: ৪/১৭৪।
৯৬. মাদারিজুস সালিকিন: ২/৪২।
৯৭. আজ-জাহরুল ফায়িহ: ১১১ পৃ.।
৯৮. সুরা আল-আম্বিয়া, ২১: ৯০।
৯৯. আল-ইহইয়া : ৪/১৫৯।
১০০. সিফাতুস সাফওয়াহ : ৩/২৬২।
১০১. হাসান বসরি রচিত আজ-জুহদ: ৯৯ পৃ.।
১০২. বাইহাকি রচিত আজ-জুহদ: ৬৭৮ পৃ.।
১০৩. জামিউল উলুমি ওয়াল হিকাম: ৯২ পৃ.।
১০৪. তাজকিরাতুল হুফফাজ: ৩/৭৯০।
১০৫. সুরা আত-তুর, ৫২: ৭।
১০৬. আল-জাওয়াবুল কাফি: ৭৭ পৃ.।
১০৭. আত-তাবসিরাহ: ১/২১৮।
📄 কাঁদলেই আল্লাহভীরু হয় না
কান্না ও অশ্রু কখনো কখনো কিছু সময়ের জন্য হয়, যখন হৃদয় আল্লাহর প্রতি নিবদ্ধ থাকে। কিছুক্ষণ পর তা চলে যায়। কয়েক ঘণ্টা বা তারও কম সময় পর অশ্রুর প্রভাবও মুছে যায়।
এ জন্যই জনৈক সালাফ বলেন, 'সে আল্লাহভীরু নয়, যে কাঁদে। বরং সেই হলো আল্লাহভীরু, যে সক্ষমতা সত্ত্বেও পাপকর্ম ছেড়ে দেয়।'১১১
প্রিয় ভাই, সালাফের আদর্শ ছেড়ে কোথায় আমরা!?
সাইদ বিন মুসাইয়িব রাতে খুব কান্নাকাটি করতেন। কাঁদতে কাঁদতে একসময় তার চোখে ছানি পড়ে গিয়েছিল।১১২
একবার হুজাইফা তীব্রমাত্রায় ক্রন্দন করতে লাগলেন। তাঁকে বলা হলো, 'আপনার কান্নার কারণ কী?' তিনি বললেন, 'আমি জানি না, আমাকে যখন আল্লাহর সামনে
হাজির করা হবে, তখন তিনি আমার প্রতি সন্তুষ্ট থাকবেন নাকি বেজার থাকবেন।'১১৩
আবু রজা উতারিদি বলেন, 'আমি ইবনে আব্বাস -কে দেখেছি। তাঁর চোখের নিচে অশ্রুর কারণে সৃষ্টি হওয়া পুরাতন স্যান্ডেলের ফিতার মতো দাগ ছিল।'
আবু বকর বিন আইয়াশ বলেন, 'আমি যখনই আতা বিন সায়িব ও জিরার বিন মুররাহ-কে দেখতাম, তখন তাদের চেহারায় কান্নার আলামত দেখতে পেতাম।'১১৪
হাফস বিন উমর বলেন, 'একবার হাসান কাঁদলেন। তাকে বলা হলো, "আপনার কান্নার কারণ কী?” তিনি বললেন, "আমি জাহান্নামের ভয় করছি।”১১৫
আবু হাইয়ান তাইমি বলেন, 'গত ৩০ বছর বা তারও অধিক সময় ধরে শুনে আসছি যে, একদা ইবনে মাসউদ কামারদের নিকট দিয়ে গেলেন, যারা হাপরে ফুঁক দিচ্ছিল। তা দেখে তিনি পড়ে গেলেন।'
সাদ বিন আখরাম বলেন, 'আমি ইবনে মাসউদ-এর সাথে কোথাও যাচ্ছিলাম। পথিমধ্যে আমরা কামারদের পাশ দিয়ে অতিক্রম করলাম। তখন তারা আগুন থেকে একটি
দগ্ধ লোহা বের করে আনল। তা দেখে ইবনে মাসউদ সেদিকে তাকিয়ে রইলেন আর ক্রন্দন করতে লাগলেন।'
সামির রিয়াহি বর্ণনা করেন, তার পিতা বলেন, 'একদিন আব্দুল্লাহ বিন উমর ঠান্ডা পানি পান করলেন। তারপরেই তিনি তীব্রবেগে ক্রন্দন করতে লাগলেন। তাঁকে বলা হলো, "আপনি কাঁদছেন কেন?” তিনি বললেন, "আল্লাহর একটি আয়াতের কথা মনে পড়েছে আমার : وَحِيلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُونَ )
"তাদের ও তাদের বাসনার মধ্যে অন্তরাল হয়ে গেছে।”১১৬ আমার মনে পড়ে গেল, জাহান্নামিরা একটু ঠান্ডা পানিই চাইবে, বেশি কিছু না। কিন্তু তাদের তা দেওয়া হবে না। এ সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে: وَنَادَى أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ)
"জাহান্নামিরা জান্নাতিদের ডেকে বলবে, "আমাদের ওপর সামান্য পানি নিক্ষেপ করো অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, তা থেকেই কিছু দাও।” তারা
বলবে, “আল্লাহ এই উভয় বস্তু কাফিরদের জন্য নিষিদ্ধ করেছেন।”১১৭
হাসান বলেন, 'যে ব্যক্তি জানে, একদিন না একদিন মৃত্যুকে আলিঙ্গন করতে হবে; কিয়ামত অবশ্যম্ভাবী এবং আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, তার চিন্তা-পেরেশানি বেড়ে যাওয়া চাই।'১১৮
فَيَبْكِي عَلَى مَيِّتٍ وَيَغْفِلُ نَفْسَهُ كَأَنَّ بِكَفَّيْهِ أَمَانًا مِنَ الرَّدَى وَمَا الْمَيِّتُ الْمَقْبُورُ فِي صَدْرِ يَوْمِهِ أَحَقَّ بِأَنْ يَبْكِيَهُ مِنْ مَيِّتٍ غَدَا
'অন্যের মৃত্যুতে কাঁদে; কিন্তু নিজের ব্যাপারে উদাসীন। যেন ধ্বংস থেকে নিরাপদ থাকার ক্ষমতা নিজের হাতেই আছে! আজকের মৃতের জন্য কাঁদার চেয়ে আগামীকালের মৃতের জন্য কাঁদার যৌক্তিকতা কোনো অংশে কম নয়।'১১৯
হাসান বিন আরাফা বলেন, 'আমি ইয়াজিদ বিন হারুন -কে ওয়াসিতে যখন দেখেছিলাম, তখন তার চোখদুটি ছিল খুব সুন্দর। এমন সুন্দর চোখের মানুষ ইতিপূর্বে আমি দেখিনি। অতঃপর দ্বিতীয়বার যখন তাকে দেখি, তখন
তার এক চোখ অন্ধ ছিল। তৃতীয়বার তাকে পুরোপুরি অন্ধ দেখলাম। তখন আমি তাকে বললাম, “হে আবু খালিদ, আপনার সুন্দর চোখদুটির কী হয়েছে?” তিনি বললেন, "শেষরাতের কান্না সে দুটিকে নষ্ট করে দিয়েছে।”১২০
আল্লাহু আকবার! কী সুন্দর উত্তর! শেষরাতের কান্না চোখদুটিকে নষ্ট করে দিয়েছে! আর আমরা কোথায় থাকি শেষরাতে, যখন রহমত অবতীর্ণ হয়, করুণা বণ্টিত হয়? হায়, এ সময়ে আমরা গাফিল হয়ে ঘুমিয়ে থাকি!
মালিক বিন দিনার খুব বেশি কান্না করতেন। কাঁদতে কাঁদতে তার গালে কালো দাগ পড়ে গিয়েছিল। তিনি বলতেন, 'কান্না যদি আমার নিয়ন্ত্রণে থাকত, তবে আমি আমার জীবনের প্রতিটি দিন কান্না করতাম। ১২১
আস-সারি আস-সাকাতি রাতের প্রথম ভাগে কান্নাকে চেপে রাখতেন। তারপর মানুষ যখন ঘুমিয়ে পড়ত, তখন থেকে ফজর পর্যন্ত একনাগাড়ে কান্না করতেন।১২২
কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মানুষ বছরে একবার বা পুরো জীবনে একবার ব্যতীত আল্লাহর ভয়ে ক্রন্দন করে না।
মেয়েরা কান্না করে না এমন কোনো উপলক্ষ নেই। শুধু আল্লাহর ভয় ছাড়া। তারা কাপড় কিনে দিতে একটু দেরি হলে কাঁদে, কাপড় পছন্দ না হলে কাঁদে। এভাবে প্রতিটি বিষয়ের জন্য কাঁদে। কিন্তু আল্লাহর ভয়ে কাঁদে না। অথচ তাদের মন কোমল—তাওবার কাছাকাছি। কল্যাণ ও সফলতা তাদের সাথে থাকে। কিন্তু আল্লাহর ভয়, গুনাহ ও ইবাদতে কমতির জন্য কাঁদার প্রবণতা তাদের মাঝে নেই।
কান্না করার অধিক যৌক্তিকতা কোথায়? দুনিয়ার তুচ্ছ জিনিস হারিয়ে ফেলা, নাকি আখিরাত ও তার ভয়াবহতা?
মালিক বিন দিনার বলেন, ‘গুনাহের কারণে ক্রন্দন গুনাহকে এমনভাবে ঝরিয়ে ফেলে, যেভাবে বাতাস শুকনো পাতাসমূহকে ঝরিয়ে ফেলে।’ ১২৩
প্রিয় মুসলিম ভাই, সকাল-সন্ধ্যায় বান্দার চিন্তাভাবনা ও ধ্যান-খেয়াল যদি আল্লাহ হন, তবে আল্লাহ তাআলা তার সকল প্রয়োজন ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহের দায়িত্ব নিয়ে নেন। তার অন্তরকে তাঁর ভালোবাসার জন্য, জিহ্বাকে জিকিরের জন্য এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গকে ইবাদতের জন্য অবসর করে দেন।
আর যদি সকাল-সন্ধ্যায় তার চিন্তা-ফিকির কেবল দুনিয়াকে নিয়ে হয়, তবে আল্লাহ তাআলা তার প্রয়োজনীয়
বিষয়সমূহের দায়িত্ব তার নিজের কাঁধেই তুলে দেন। ফলে তার অন্তর আল্লাহর ভালোবাসা থেকে বিমুখ হয়ে মাখলুকের ভালোবাসায় জড়িয়ে পড়ে। জিহ্বা আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন হয়ে মাখলুকের জিকিরে ব্যস্ত হয়ে পড়ে। অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর ইবাদত না করে মাখলুকের বেগার খাটে। ফলে জন্তু-জানোয়ারের মতো অন্যের কাজ করে নিজেকে সে কষ্ট দেয়। যেভাবে হাপর অন্যের উপকারের জন্য নিজের পেট ফুলায় এবং পাঁজর মোচড়ায়। এভাবে যে ব্যক্তি আল্লাহর দাসত্ব, আনুগত্য ও ভালোবাসার মর্যাদা থেকে বিমুখ হয়েছে, সে মাখলুকের দাসত্ব, খিদমত ও ভালোবাসার অমর্যাদায় নিজেকে নামিয়ে এনেছে। আল্লাহ তাআলা বলেন:
وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ)
'যে ব্যক্তি দয়াময়ের স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই-সে-ই হয় তার সঙ্গী। '১২৪
মুহাম্মাদ বিন মুনকাদির ক্রন্দন করার পর চেহারা ও দাড়িতে অশ্রু মুছে ফেলতেন। আর বলতেন, 'আমার নিকট হাদিস পৌঁছেছে যে, জাহান্নামের আগুন শরীরের সেই অংশকে স্পর্শ করবে না, যেখানে অশ্রু পড়েছে।'১২৫
জনৈক নেককার লোক মৃত্যুর সময় কাঁদছিলেন। তাকে বলা হলো, 'আপনি কাঁদছেন কেন?' তিনি বললেন, 'আমি গাছ লাগানো কিংবা খাল খনন করার প্রত্যাশায় কাঁদছি না। দুনিয়া ছেড়ে যাওয়ায় আমার কোনো দুঃখ নেই। আমি এ জন্য কাঁদছি যে, মৃত্যুর মধ্য দিয়ে আখিরাতের পাথেয় অর্জনের সুযোগ আমার শেষ হয়ে যাবে।'১২৬
جسمي على مبرد ليس يقوى ولا على النار والحرارة وكيف يقوى على سعير وقودها الناس الحجارة
'আমার শরীর না সইতে পারে ঠান্ডা, না সইতে পারে আগুন ও গরমের তাপ। কীভাবে সে জাহান্নামের আগুন সহ্য করবে—যার ইন্ধন হবে মানুষ ও পাথর?'১২৭
টিকাঃ
১০৮. জামিউল উলুমি ওয়াল হিকام: ৯২ পৃ.।
১০৯. আল-ইহইয়া: ৪/১৭৪।
১১০. হিলইয়াতুল আওলিয়া: ৫/৩৬৬।
১১১. মিনহাজুল কাসিদিন: ৩৩১ পৃ.।
১১২. তাজকিরাতুল হুফফাজ: ১/৭৬।
১১৩. আজ-জাহরুল ফায়িহ: ২১ পৃ.।
১১৪. আস-সিয়ার: ৬/১১৩।
১১৫. সিফাতুস সাফওয়াহ : ৩/২৩৩।
১১৬. সুরা সাবা, ৩৪: ৫৪।
১১৭. সুরা আল-আরাফ, ৭: ৫০।
১১৮. হিলইয়াতুল আওলিয়া: ২/১৩৩।
১১৯. মুহাসাবাতুন নাফস: ৮৩ পৃ.।
১২০. তাজকিরাতুল হুফফাজ: ৩/৭৯০।
১২১. আজ-জাহরুল ফায়িহ: ১৮ পৃ.।
১২২. আজ-জাহরুল ফায়িহ: ১৮ পৃ.।
১২৩. আজ-জাহরুল ফায়িহ: ৭৯ পৃ.।
১২৪. সুরা আজ-জুখরুফ, ৪৩: ৩৬।
১২৫. আল-ইহইয়া: ৪/১৭২।
১২৬. আল-আকিবাহ: ৩০ পৃ.।
১২৭. আজ-জাহরুল ফায়িহ: ১০৭ পৃ.।
📄 আল্লাহভীতিতেও চাই মধ্যমপন্থা
প্রিয় মুসলিম ভাই,
আল্লাহভীতি নিশ্চয় উত্তম ও কল্যাণকর। কিন্তু তার মানে এ নয় যে, সকল ভীতিই প্রশংসনীয়। ভয় যত বেশি হবে, ততই উত্তম—এমন ধারণা অমূলক। বরং ভয় হলো আল্লাহর একটি চাবুক, যা বান্দাকে আমলের দিকে হাঁকিয়ে নিয়ে যায়; যাতে তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। জন্তু-জানোয়ারদের সোজা রাখতে বেতের প্রয়োজন অনস্বীকার্য। বাচ্চাদের ক্ষেত্রেও তাই। কিন্তু তার মানে এ নয় যে, বেত দিয়ে অধিক হারে প্রহার করা প্রশংসনীয়। ভয়ের ক্ষেত্রেও ঠিক তাই। অন্য সকল বিষয়ের মতো ভয়ের মাঝেও আছে ছাড়াছাড়ি, বাড়াবাড়ি ও মধ্যমপন্থা। এখানেও মধ্যমপন্থা প্রশংসনীয়। ১২৮
সত্য পথের ওপর অবিচল থাকা ও আসমান-জমিনসম জান্নাতের পথে বিরামহীন যাত্রা অব্যাহত রাখার জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহের পরে সর্বপ্রথম যে বিষয়টি জরুরি, তা হলো আল্লাহর ভয় ও তাঁর ধ্যান।
উম্মে দারদা -এর কাছে জানতে চাওয়া হলো, 'আবু দারদা অধিকাংশ সময় কোন আমল করতেন?' তিনি উত্তর দিলেন, 'ফিকির ও ধ্যান। ১২৯
টিকাঃ
১২৮. আল-ইহইয়া: ৪/১৬৫।
১২৯. হিলইয়াতুল আওলিয়া: ১/২০৮।
📄 চিন্তা-ফিকির উন্মুক্ত করে সত্যের পথ
যে পরজগৎ ও চিরস্থায়ী ঠিকানার ব্যাপারে চিন্তা-ফিকির করে, সে সত্যের রাস্তা খুঁজে পায়।
نرجو البقاء بدار لا ثبات لها فهل سمعت بظل غير منتقل
'আমরা এমন এক ঘরে আজীবন থেকে যাওয়ার আশা করছি, যার কোনো স্থায়িত্ব নেই। তুমি এমন কোনো ছায়ার কথা শুনেছ, যা সরে যায়নি?'
প্রিয় ভাই আমার, সালাফের পথ ছেড়ে আমরা কোথায়?
আবু সিনান বলতেন, 'বয়স বৃদ্ধি পেয়েছে, হাড্ডি দুর্বল হয়ে পড়েছে, আমলের যত্ন নেওয়ার শক্তিও হারিয়ে গেছে'-এই বলে তিনি কাঁদতে থাকতেন। কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে যেতেন।১৩০
ইয়াজিদ রাকাশি এত বেশি কাঁদতেন যে, কান্নার কারণে তার চোখে ছানি পড়ে গিয়েছিল। অশ্রুর অত্যধিক প্রবাহে চোখের শিরাগুলো নষ্ট হয়ে গিয়েছিল।১৩১
আবু নজর ইসহাক বিন ইবরাহিম বলেন, 'সাইদ বিন আব্দুল আজিজ নামাজ পড়ার সময় আমি জায়নামাজের ওপর তার অশ্রু পড়ার শব্দ শুনতে পেতাম। ১৩২
ইসমাইল বিন জাকারিয়া তার প্রতিবেশী হাবিব বিন মুহাম্মাদ সম্পর্কে বলেন, 'যখন সন্ধ্যা হতো, তখন আমরা তার কান্না শুনতে পেতাম। সকালবেলায়ও তাকে কাঁদতে শুনতাম। তাই তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, “সন্ধ্যাবেলায় তিনি কাঁদেন, আবার সকালেও তিনি কাঁদেন। কারণ কী?” স্ত্রী উত্তর দিলেন, “যখন সন্ধ্যা হয়, তখন তিনি সকাল পর্যন্ত বেঁচে না থাকার ভয় করেন। আর যখন সকাল হয়, তখন সন্ধ্যা পর্যন্ত বেঁচে না থাকার ভয় করেন।"
এক রাতে হাসান-এর নিদ্রাভঙ্গ হলো। ঘুম থেকে জেগেই তিনি কান্না করতে লাগলেন। তার কান্না দেখে পরিবারের লোকেরা ঘাবড়ে গেল। তারা কান্নার কারণ জানতে চাইলে তিনি বললেন, 'আমার একটি গুনাহের কথা মনে পড়ে গেছে, তাই কাঁদছি। ১৩৩
উমর বিন আব্দুল আজিজ-এর ব্যাপারে বর্ণিত আছে যে, এক রাতে তিনি নামাজ পড়ছিলেন। নামাজে তিনি তিলাওয়াত করলেন:
إِذِ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُ يُسْحَبُونَ - فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ)
'যখন বেড়ি ও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে। ১৩৪
তারপর থেকে ফজর পর্যন্ত কেঁদে কেঁদে তিনি বারবার এই আয়াত পড়তে থাকলেন। ১৩৫
তামিম দারি একবার এই আয়াত তিলাওয়াত করলেন : أَمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ أَنْ نَجْعَلَهُمْ كَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَوَاءً مَحْيَاهُمْ وَمَمَاتُهُمْ سَاءَ مَا يَحْكُمُونَ )
'যারা দুষ্কর্ম করেছে; তারা কি মনে করে যে, আমি তাদেরকে সে লোকদের মতো করে দেবো, যারা ইমান আনে, সৎকর্ম করে এবং তাদের জীবন ও মৃত্যু কি সমান হবে? তাদের দাবি কত মন্দ!'১৩৬
ফজর পর্যন্ত কেঁদে কেঁদে তিনি এই আয়াতই পড়ে গেলেন।
প্রিয় মুসলিম ভাই, তুমি যদি মহান দাতা, পরম ক্ষমাশীল ও দয়ালু প্রভুর দরজা আঁকড়ে থাকো, তাহলে কল্যাণের সুসংবাদ গ্রহণ করো।
ইবনে আরফের কথাটি শোনো। তিনি বলেন, 'যদি দুনিয়ার রাজা-বাদশাহদের সাথে কোনো ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, সে উপকার লাভ করতে পারে না। তাহলে আসমান, জমিন, এতদুভয়ের মাঝে ও ভূগর্ভস্থ সকল মাখলুকের রাজাধিরাজ আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক ছিন্ন করে, সে কী করে উপকার লাভ করতে পারবে?'
তিনিই হলেন রাজাদের রাজা। দুনিয়া ও আখিরাতের মালিক। তাঁর হাতেই সকল কল্যাণের চাবিকাঠি। অথচ আমরা তাঁর কাছে দুআ করার ব্যাপারে উদাসীন থাকি। তাঁর নিকট আশা পোষণে শৈথিল্য প্রদর্শন করি। তাঁর ইবাদত থেকে বিমুখ হয়ে দুনিয়ার চাকচিক্যে মজে থাকি।
আব্দুর রহমান বিন ইয়াজিদ বিন জাবির একবার ইয়াজিদ বিন মারসাদ -কে বললেন, 'কী ব্যাপার, আপনার চোখ কখনো শুকনো দেখি না যে?' তিনি বললেন, 'তোমার এই প্রশ্নের কারণ কী?' আমি বললাম, 'হয়তো তা জেনে দুনিয়াতে আমার কোনো উপকার হবে।' তিনি বললেন, 'আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে বন্দী করার হুমকি দিয়েছেন—যদি আমি তাঁর অবাধ্যতা করি। আল্লাহর কসম, যদি তিনি কেবল গোসলখানায় বন্দী করারও হুমকি
দিতেন, তবুও আমার চোখ কখনো অশ্রুহীন না হওয়ারই যোগ্য হতো। '১৩৭
হে ভাই, যাকে আল্লাহ তাআলা জাহান্নামে বন্দী করার হুমকি দিয়েছেন, তার ব্যাপারে তোমার কী ধারণা? তার জন্য কি সব সময় চিন্তিত থাকা এবং অধিক হারে কান্না করা উচিত নয়? এখনই তাওবার ঘোষণা দেওয়া কি তার জন্য জরুরি নয়?
দিন গড়িয়ে সন্ধ্যা হলে জাহহাক কান্না জুড়ে দিতেন। তাকে এই কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, 'আমি জানি না, আমার আজকের আমলের মধ্যে কোনটি কবুল হয়েছে।'১৩৮
টিকাঃ
১৩০. আজ-জাহরুল ফায়িহ: ১১১ পৃ.।
১৩১. আজ-জাহরুল ফায়িহ: ২১ পৃ.।
১৩২. আস-সিয়ার: ৮/৩৪।
১৩৩. আত-তাবসিরাহ: ১/২৮৭।
১৩৪. সুরা গাফির, ৪০: ৭১-৭২।
১৩৫. তাম্বিহুল গাফিলিন: ২/৬২০।
১৩৬. সুরা আল-জাসিয়া, ৪৫ : ২১।
১৩৭. সিফাতুস সাফওয়াহ: ৪/২০৫।
১৩৮. সিফাতুস সাফওয়াহ : ৪/১৫০।