📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 মানুষের কান দুই প্রকার

📄 মানুষের কান দুই প্রকার


কিছু কান আছে, আল্লাহ -র বাণী শোনে। কোরআনের তিলাওয়াত শোনে। রাসুলের বাণী শোনে। আল্লাহ -র যিকির, সদুপদেশ ইত্যাদি শোনে। সেই কান স্বার্থক কান। সৌভাগ্যশীল কান।
কিছু কান আছে, কোরআন-হাদীস শোনা থেকে বিরত থাকে। গান-বাজনা, অশ্লীল অন্যায় কথাবার্তা শোনে। এমন কথাবার্তা শুনতে পছন্দ করে, যা রবের রাগের উদ্রেক করে। সেই কান নিষ্ফল কান। দুর্ভাগ্যবান কান।

📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 মানুষের যবান দুই প্রকার

📄 মানুষের যবান দুই প্রকার


কিছু যবান প্রজ্ঞাপূর্ণ কথা বলে। মঙ্গলজনক কথা বলে। আল্লাহ -এর যিকির করে। সৎকাজে আদেশ করে। অসৎকাজে নিষেধ করে। সেই যবান লাভবান যবান। সেই যবান সাফল্যে আরোহিত যবান।
কিছু যবান মানুষের গীবত করে। মিথ্যা বলে। ঠাট্টা-বিদ্রুপ, অপরকে লানত, চোগলখুরি, দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে। সেই যবান ক্ষতিগ্রস্ত যবান। সেই যবান ধ্বংসে লিপ্ত যবান।
মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের দুই দুই প্রকারের মধ্য দিয়ে মানুষেরও দুটি শ্রেণী সুস্পষ্ট হয়ে ওঠে। সৌভাগ্যবান, দুর্ভাগ্যবান। সুখী মানুষ, দুঃখী মানুষ। এই দুই শ্রেণীর মানুষের কিছু উপদেশমূলক ঘটনা ও আলোচনা উল্লেখ করা হচ্ছে।

📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 মূসা ও ফেরাউন

📄 মূসা ও ফেরাউন


ফেরাউনের সাথে মুসা -র বাদানুবাদ, সে এক পরমাশ্চর্য বাদানুবাদ।
মুসা ছিলেন একজন রাখাল। কিন্তু তিনি আল্লাহ -কে চিনতেন, জানতেন।
মুসা -র ছিল একটি লাঠি। নানা অলৌকিকতা ও বাজিমাত ছড়ানোর লাঠি। মুসা সে লাঠিতে ভর করতেন। ছাগপালের জন্য গাছ থেকে পাতা ঝরাতেন।
আর ফেরাউন!
ফেরাউন ছিল একটা দাজ্জাল। মতিভ্রম, বুদ্ধিভ্রষ্ট, বিকারগ্রস্ত, দাজ্জাল।
ফেরাউন মানুষের সমাবেশ ঘটিয়ে বলতো-
তোমাদের জন্য আমি ছাড়া আর কোন ইলাহ আছে বলে আমি জানি না। [কাসাস : ৩৮]
আবার মিসরবাসীকে একত্র করে বলতো-
আমি তোমাদের বড় রব। [নাযিয়াত: ২৪]
আল্লাহ মুসা -কে বললেন- ফেরাউনের কাছে যাও। সে দারুণ উদ্ধত হয়েছে। [ত্বাহা: ২০]
মুসা দায়িত্বের কথা শুনে প্রথমেই বললেন-
হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন। [ত্বাহা: ২৫]
আল্লাহ মুসা -র বক্ষ প্রশস্ত করে দিলেন। দারুণ উদ্ধত ফেরাউনের মোকাবেলার জন্য তাকে প্রস্তুত করলেন।
একটি বিষয় হলো, মানুষ জীবনে অনেক কিছুর স্বাদ আস্বাদন করে। কিন্তু তারা কখনও ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে না। ঈমানের মিষ্টতা অনুভব করতে পারে না। তাদের বক্ষগুলো, অন্তরগুলো ঈমানের নূর আরোহণের জন্য প্রশস্ত নয়। রাসূলের সুন্নতের জন্য উন্মুক্ত নয়।
মুসা বললেন-
হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন। এবং আমার কাজ সহজ করে দিন। এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। [ত্বাহা: ২৬-২৮]
মুসা চেয়েছেন তিনি একজন দাঈ হবেন। একজন সদুপদেশদানকারী ও নসীহতকারী হবেন। যেন মানুষ আল্লাহ -কে চিনে। আল্লাহ -র দিকে মনোনিবেশ করে। এজন্য তিনি এমন দোয়া করেছিলেন।
মুসা ছোট বেলায় আগুনের কয়লা মুখে পুরেছিলেন। সে থেকে তার মুখে জড়তা ছিল। তিনি মুখের জড়তা দূর হওয়ার দোয়াও করলেন। আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন। তাঁর মুখের জড়তা দূর করে দিলেন।
মুসা -র এই দোয়ায় সকল জায়গার সকল আলেম ও মুসলিমের জন্য পয়গাম রয়েছে, তারা যেন মানুষের মাঝে হেদায়াত বুঝানোর জন্য, মানুষকে নবির পথে ফিরিয়ে আনার জন্য বক্তৃতা শিখে, লিখনী শিখে। তদ্রূপ সকল আলেম এবং মুসলিমের জন্য এই পয়গামও রয়েছে, তারা যেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, ভ্রষ্টতা থেকে হেদায়াতের পথে উন্নীত করার জন্য ভাষাশৈলী, বিতর্কের চাতুর্য ও বিচক্ষণতা এবং হালাল কৌশল আয়ত্ত করে।
মুসা আরও বললেন-
এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন; আমার ভাই হারুনকে। [ত্বাহা: ২৫, ৩০]
আল্লাহ মুসা-র এই দোয়াও কবুল করলেন। হারুনকে তার সহযোগী বানালেন। বললেন,
হে মুসা, তোমাকে তোমার চাওয়াগুলো দেয়া হয়েছে। [ত্বাহা: ৪৪]
মুসা এবং হারুন ফেরাউনের দরবারে গেলেন। আল্লাহ মুসা এবং হারুনকে পথিমধ্যে সতর্ক করে বললেন-
'তোমরা ফেরাউনের কাছে যাও। সে দারুণ উদ্ধত হয়েছে।' [ত্বাহা: ৪৩]
অর্থাৎ সে সীমালঙ্ঘন করেছে। বাড়াবাড়ি করেছে। তার রবের উপর অহঙ্কার ও দম্ভ করেছে। কিন্তু 'তোমরা তাকে নম্র কথা বলো, হয়তো সে চিন্তাভাবনা করবে অথবা ভীত হবে। [ত্বাহা: ৪৪]
মধুর কথাবার্তা এবং অনুপম উপস্থাপন দ্বারা মানুষের অন্তর কোমল হয়। হৃদ্যতাপূর্ণ প্রেমময় কথা শুনতে মানুষ পছন্দ করে। পজ্ঞাপূর্ণ কৌশলী কথাবার্তায় মানুষ আত্মসমর্পণ করে। এজন্য আল্লাহ তাদের এই নির্দেশনা দিয়ে দিলেন।
সুফিয়ান সাওরি বলেন, 'তোমরা তাকে নম্র কথা বলো, হয়তো সে চিন্তাভাবনা করবে অথবা ভীত হবে।' অর্থাৎ, তাকে তার উপনামে সম্বোধন করবে।
বাস্তবেই যখন কাউকে মূল নামে না ডেকে উপনামে সম্বোধন করা হয়, তখন সে খুশী হয়। প্রফুল্ল ও আনন্দিত হয়। সহাস্য ও হর্ষোৎফুল্ল হয়। আকর্ষিত ও উৎসাহিত হয়। কবি বলেন-
উপনাম ধরে ডাকি আমি তারে, ডাকি তারে মান ভরে
উপাধী নয় কোন খারাপ উপাধী; ওভাবে ডাকিনা তারে।
যে আদব আমি শিখেছি, সে আদব বনে গেছে অভ্যাস
চরিতের মূলে শিকড়ে শিখরে সে আদবেরই শুধু প্রকাশ।
মুসা এবং হারুন ফেরাউনের প্রাসাদে উপস্থিত হলেন। ফেরাউনের উপনাম ছিলো 'আবু মাররা'। (আবু আইয়ূব আনসারী এবং সুফিয়ান সাওরী এর বর্ণনা এরূপ) মুসা তাকে বললেন, 'হে আবু মাররা, তুমি যদি তোমার যৌবন, ধন-সম্পদ, রাজত্ব, প্রসিদ্ধির স্থায়িত্ব চাও, তাহলে এক আল্লাহর বিশ্বাস গ্রহণ করো।'
ফেরাউন বলল- হে মুসা, তোমাদের প্রভু কে? [তাহা: ৪৯]
ফেরাউন আল্লাহ -র অস্তিত্বই অস্বীকার করে বসল!
আল্লাহ বলেন- হে মানুষ! কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। তিনি তোমাকে তার ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন। [ইনফিত্বার: ৬-৮]
ফেরাউন পালনকর্তার অস্তিত্ব অস্বীকার করে জিজ্ঞেস করল, 'তোমাদের প্রভু কে?'
মুসা এখন কী উত্তর দিবেন? যদি বলেন, আমার প্রভু আল্লাহ। ফেরাউন বলবে, আমিই আল্লাহ। যদি বলেন, আমার প্রভুই আমার প্রভু। ফেরাউন বলবে, আমি তোমার প্রভু।
তাহলে মুসা এখন কী বলবেন? মুসা আল্লাহর ইশারায় অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ উত্তর দিলেন। বললেন-
আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। [তাহা: ৫০]
মুসা প্রভুর পরিচয়ে এমন বৈশিষ্ট্যের বর্ণনা দিলেন, যা শুধু এক আল্লাহ -র মধ্যেই পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলো একমাত্র মুর্খ ভ্রষ্ট অবিশ্বাসীরাই অস্বীকার করতে পারে।
ইবনুল কায়্যিম বলেন, ফেরাউন যে বলতো, 'আমি ছাড়া তোমাদের কোন প্রভু আছে বলে জানি না', এটি ছিলো তার মুখের কথা। সে আসলে জানতো, মহান একজন প্রভু আছেন। সে জানতো, যিনি আসমান ও যমিনসমূহ সৃষ্টি করেছেন, তিনি সর্বসক্ষম। তিনি স্বয়ম্ভ বিধাতা। তিনি দৃশ্য অদৃশ্য সবই জানেন।
মুসা ফেরাউনকে বললেন-
তুমি জান যে আসমান ও যমিনের পালনকর্তাই এসব নিদর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণস্বরূপ নাযিল করেছেন। হে ফেরাউন, আমার ধারণায় তুমি ধ্বংস হতে চলেছ। [ইসরা: ১০২]
আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। [তাহা: ৫০]
সৃজিত সকল প্রাণবান বস্তুকে জীবনোপকরণ শিখিয়েছেন। কল্যাণ ও মঙ্গলের পথ দেখিয়েছেন। পিপিলিকাকে আপন গর্তে গরমকালে শীতের শষ্য সংরক্ষণের জন্য নির্দেশনা দিয়েছেন। মৌমাছিকে মাইলের পর মাইল উড়ে গিয়ে মধু সংগ্রহ করে চাকে আহোরিত করার নির্দেশনা দিয়েছেন।
সুবাহানাল্লাহ! আল্লাহ কতো মহান! যে আল্লাহকে চিনল না, আল্লাহ থেকে দূরে রইল, সে কতই না ক্ষুদ্র! কতই না নগণ্য!
ফেরাউন রেগে জিজ্ঞেস করল-
তবে পূর্ববর্তীদের কী অবস্থা? [সূরা ত্বাহা: ৫১]
আদম থেকে আমাদের বাপ-দাদা পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের কাছে আর ফিরে আসেননি, তাদের কী অবস্থা?
এমনই হয়ে থাকে কাফের অবিশ্বাসীদের কথাবার্তা।
মুসা আল্লাহর নির্দেশ অনুযায়ী ফেরাউনের এ কথার সুন্দর সাবলীল উত্তর প্রদান করলেন। বললেন-
তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃতও হন না। [তাহা: ৫২]
মুসা এভাবেই আল্লাহর নির্দেশনায় ফেরাউনকে খণ্ডন করলেন। তাকে পরাস্ত করলেন। তার উপর বিজয়ী হলেন বৈঠকে, ময়দানে। কারণ, মুসা ছিলেন মুত্তাকী, আল্লাহভীরু। পাপিষ্ঠ ও দুর্ভাগ্যবান ছিল ফেরাউন। এজন্যই আল্লাহ ফেরাউনের উপর মুসাকে বিজয় দান করলেন।

📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 পরিশেষে

📄 পরিশেষে


আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন
সকল প্রশংসা আল্লাহ ﷻ-এর জন্য। দুরূদ ও সালাম নবি-রাসূলদের শ্রেষ্ঠতম মোহাম্মদের জন্য। তাঁর পরিবার-পরিজন, সাহাবি-সহচরদের জন্য।
আল্লাহর পরম বন্ধুদের জন্য সুসংবাদসম্বলিত একটি হাদিসে কুদসি রয়েছে। আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহর পয়গাম। ইমাম শাওকানি কুতুবুল ওয়ালিয়্যি ফী শারহি হাদিসিল ওয়ালিয়্যি নামক গ্রন্থে উক্ত হাদিসের সবিস্তার ব্যাখ্যা করেছেন। এ হাদিসের কিছু দিক আছে, সাধারণ মানুষ বা শিক্ষানবিস দূরের কথা, শীর্ষ ওলামায়ে কেরامও সেগুলোর রহস্য উদঘাটনে গলদঘর্ম হয়েছেন।
আবু হোরায়রা থেকে বর্ণিত, রাসূল ইরশাদ করেন-
মহান আল্লাহ বলেন, 'যে আমার কোন অলির সাথে শত্রুতা করল, সে আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হল। আমি বান্দার উপর যা ফরজ করেছি, তার চেয়ে অধিক প্রিয় কোন এবাদতদ্বারা বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারে না। আমার বান্দা সবসময় নফল এবাদতদ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকবে, একসময় আমি তাকে ভালবাসবো। যখন আমি তাকে ভালবাসবো, তখন আমি তার কান হয়ে যাবো, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাবো, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাবো, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাবো, যা দিয়ে সে চলে। বান্দা যদি আমার কাছে কিছু চায়, অবশ্যই আমি তাকে দান করবো। বান্দা যদি আমার কাছে আশ্রয় চায়, অবশ্যই আমি তাকে আশ্রয় দিবো। আমি যে কোন কাজ করতে চাইলে কোন সংকোচ করি না, মুমিন বান্দার প্রাণ হরণে যতটা দ্বিধা সংকোচ করি। সে মৃত্যুকে অপছন্দ করে, আমি তার কষ্ট অপছন্দ করি। [বুখারি: ৬৫০২]
রাসূল ﷺ সমবেত নবিদের সবচে মর্যাদাবান। শীর্ষ। সকল নবির নেতা ও খতীব। সকলের প্রতিনিধি নির্বাচনে তিনি মুখপাত্র। নবিদের সমাবেশে তিনি ইমাম। কেয়ামতের দিন সুপারিশকারী। তিনিই সর্বপ্রথম কড়া নাড়বেন বেহেশতের দরজায়! আলাইহিমুস সালাতু ওয়াসসালাম।
আল্লাহ -র সকল বন্ধুর সেরা বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবিদের পর তার চেয়ে সুমহান, তার চেয়ে মর্যাদাবান আর কোন আল্লাহওয়ালা নেই। তার চেয়ে আল্লাহর নিকটভাজন কোন বন্ধু নেই। খিজির আলাইহিস সালাম যদি আল্লাহ -র নবি না হয়ে আল্লারহ নৈকট্যপ্রাপ্ত বন্ধু হয়ে থাকেন, তাহলে তার চেয়েও মর্যাদাবান আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
রাসূল ﷺ বলেছেন- مَا طَلَعَتِ الشَّمْسُ وَلَا غَرَبَتْ بَعْدَ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ عَلَى أَفْضَلِ مِنْ أَبِي بَكْرٍ
নবি-রাসূলদের পর আবু বকরের চেয়ে মর্যাদাবান কোন ব্যক্তির উপর সূর্যের উদয়-অস্ত হয়নি! [আবু নুয়াইমের আল-হিলয়াহ : ৩/৩২৫]
সুতরাং আবু বকর হলেন আল্লাহর সকল বন্ধুর প্রিয় বন্ধু। এই উম্মতের মধ্যে তার চেয়ে মর্যাদাবান কোন আল্লাহওয়ালার আগমন নেই। তার চেয়ে প্রেমময় সালাত, ত্যাগসম্পন্ন সওম, ভক্তিমনা হজ্জ, কষ্ট-মোজাহাদা আর কারও নেই। প্রতিটি এবাদতে তিনি অর্জন করেছেন প্রথম স্তর।
রাসূল ﷺ বলেন- যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে, তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে- 'হে আল্লাহর বান্দা! এটাই উত্তম।' অতএব যে সালাত আদায়কারী, তাকে সালাতের দরজা থেকে ডাকা হবে। যে মুজাহিদ, তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে সিয়াম পালনকারী, তাকে রাইয়ান দরজা থেকে ডাকা হবে। যে সদকাকারী, তাকে সদকার দরজা থেকে ডাকা হবে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, 'ইয়া রাসূলাল্লাহ! আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান; সকল দরজা থেকে কাউকে কি ডাকা হবে?'
রাসূল ﷺ মুচকি হেসে বললেন- হাঁ, আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে! [সহিহ বুখারি: ১৮৯৭]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00