📄 মানুষের চোখ দুই প্রকার
কিছু চোখ আল্লাহ -কে চিনে। আল্লাহর ভয়ে অশ্রু ঝরিয়ে কাঁদে। আল্লাহ -র নিদর্শনাবলী দেখে তাতে চিন্তা করে। সৃষ্টিকূল থেকে অমুখাপেক্ষী থাকে।
কিছু চোখ হারামের দিকে দৃষ্টি দেয়। পৃথিবীর সর্বসেরা মানুষের প্রদর্শিত রাস্তা থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। গোনাহের রাস্তা খুঁটিয়ে আবিষ্কার করে। নিষিদ্ধ বস্তুসমূহ উঁকি মেরে দেখে। এই চোখ কাঁদবে, কেয়ামতের হিসাবে আল্লাহ -র কাছে আফসোস করে খুব কাঁদবে।
📄 মানুষের মন দুই প্রকার
কিছু মন আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সুধায় তৃপ্ত। সে অন্তর আল্লাহ --কে চিনে। সে হৃদয় রাসূল -কে ভালোবাসে। রাসূলের পথ ও পাথেয় অনুসরণ করে। সেই মন হল সুখী মন। সেই অন্তর সমৃদ্ধ অন্তর। সেই হৃদয় সৌভাগ্যবান হৃদয়।
কিছু মন আছে আল্লাহ -র যিকির থেকে গাফেল থাকে। কোরআন তিলাওয়াত বিতৃষ্ণ লাগে। সালাতে অলসতা লাগে। আল্লাহ -র প্রেম, রাসূলের সরল পথ, রাসূলের পবিত্র জীবনদর্শন অপ্রিয় লাগে। সেই মন পরাজিত মন। সে অন্তর ভঙ্গুর অন্তর। সেই হৃদয় অধঃপতিত হৃদয়।
📄 মানুষের কান দুই প্রকার
কিছু কান আছে, আল্লাহ -র বাণী শোনে। কোরআনের তিলাওয়াত শোনে। রাসুলের বাণী শোনে। আল্লাহ -র যিকির, সদুপদেশ ইত্যাদি শোনে। সেই কান স্বার্থক কান। সৌভাগ্যশীল কান।
কিছু কান আছে, কোরআন-হাদীস শোনা থেকে বিরত থাকে। গান-বাজনা, অশ্লীল অন্যায় কথাবার্তা শোনে। এমন কথাবার্তা শুনতে পছন্দ করে, যা রবের রাগের উদ্রেক করে। সেই কান নিষ্ফল কান। দুর্ভাগ্যবান কান।
📄 মানুষের যবান দুই প্রকার
কিছু যবান প্রজ্ঞাপূর্ণ কথা বলে। মঙ্গলজনক কথা বলে। আল্লাহ -এর যিকির করে। সৎকাজে আদেশ করে। অসৎকাজে নিষেধ করে। সেই যবান লাভবান যবান। সেই যবান সাফল্যে আরোহিত যবান।
কিছু যবান মানুষের গীবত করে। মিথ্যা বলে। ঠাট্টা-বিদ্রুপ, অপরকে লানত, চোগলখুরি, দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে। সেই যবান ক্ষতিগ্রস্ত যবান। সেই যবান ধ্বংসে লিপ্ত যবান।
মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের দুই দুই প্রকারের মধ্য দিয়ে মানুষেরও দুটি শ্রেণী সুস্পষ্ট হয়ে ওঠে। সৌভাগ্যবান, দুর্ভাগ্যবান। সুখী মানুষ, দুঃখী মানুষ। এই দুই শ্রেণীর মানুষের কিছু উপদেশমূলক ঘটনা ও আলোচনা উল্লেখ করা হচ্ছে।