📘 আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন > 📄 গোনাহ উম্মাহর পরাজয়ের কারণ

📄 গোনাহ উম্মাহর পরাজয়ের কারণ


যারা গোনাহ ও পাপাচারে লিপ্ত রয়েছে, আল্লাহর অবাধ্যতা ও নাফরমানিতে ব্যস্ত এবং এসবকে অতি তুচ্ছ বিষয় বলে মনে করছে তাদের কানে কানে অস্ফুট স্বরে এ কথা বলতে চাই যে, তাদের গোনাহের কারণে মুসলিম জাতি আজ নিদারুণ ক্রান্তিকাল অতিক্রম করছে। তাদের গোনাহের দায়ভার কেবল তাদের ওপরই পতিত হচ্ছে না বরং সমগ্র মুসলিম উম্মাহকে এর করুণ পরিণতি বরণ করতে হচ্ছে। পৃথিবীব্যাপী মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ তারা। আরও দুঃখজনক ব্যাপার হলো, গোনাহ ও অবাধ্যতার কারণে আমাদের ওপর দিয়ে অতিক্রম করছে উম্মাহর সর্বশেষ বিপর্যয়। কেননা, আজ অধিকাংশ মুসলমান কখনো একাকী কখনো ঐক্যবদ্ধ হয়ে তারা গোনাহে মত্ত হয়ে আছে। অবাধ্যতা ও নাফরমানির সাগরে ডুবে আছে। আল্লাহর শরিয়ত থেকে তারা দূরে সরে আছে। বরং তাদের অনেকে প্রকাশ্যে গোনাহের ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। গোনাহের জন্য অপরাপর লোকদেরকে আহ্বান করছে। তাদেরকে ঐক্যবদ্ধ করছে। আল্লাহর শপথ! দেশে দেশে মুসলমানদের বিপর্যয় ও অধঃপতনের এটিই সবচেয়ে বড়ো কারণ।
সমগ্র মুসলিম উম্মাহ আজ আল্লাহর প্রতিশ্রুতির সাথে স্পষ্ট প্রতারণা করছে। তার দ্বীনকে তারা সাহায্য করছে না। জমিনে তার দ্বীন প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করছে না। উপরন্তু তারা মত্ত হয়ে আছে অবাধ্যতা ও নাফরমানিতে। গোনাহ, পাপাচারে জড়িয়ে আছে। আল্লাহ ও তার রাসুলের সাথে এ স্পষ্ট ধোঁকা ও প্রতারণা
ইরশাদ হয়েছে,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا أَمَانَاتِكُمْ وَأَنْتُمْ تَعْلَمُونَ
'হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনেশুনে নিজেদের আমানতসমূহের খেয়ানত করো না।'১৩৮
জেনে রাখো, প্রত্যেক গোনাহগার ও পাপিষ্ঠ ব্যক্তিই আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণকারী। যারা আল্লাহর সাথে অবাধ্যতা করে তারা আল্লাহর অঙ্গীকারের সাথে প্রতারণা করছে। প্রতিটি গোনাহ আল্লাহর বিরোধিতার নামান্তর। কেননা, তিনি তাঁর বান্দাদেরকে গোনাহ থেকে বিরত থাকতে বলেছেন। যারা গোনাহে লিপ্ত হয় তারা আল্লাহর সে আদেশের স্পষ্ট লঙ্ঘনকারী। আর প্রতিটি গোনাহ উম্মাহর অধঃপতনের কারণ। এমনিভাবে নেক আমল এবং আল্লাহর আনুগত্য উম্মাহর বিজয়ের একেকটি কারণ। মুসলমান যদি নেক আমল, আল্লাহর আনুগত্য অধিক করে তাহলে উম্মাহ বিজিত হবে। আর গোনাহ, নাফরমানি যদি অধিক হয় তাহলে উম্মাহ পরাজিত হবে। দুঃখজনক হলেও সত্য আজ মুসলমানরা অধিকহারে গোনাহ এবং আল্লাহর অবাধ্যতায় মত্ত হয়ে আছে। ফলে অবধারিতভাবে উম্মাহ আজ পরাজয় বরণ করছে। আমাদের ওপর নেমে আসছে আল্লাহর নানাবিধ শাস্তি। দেশে দেশে আজ মুসলমানদের অধঃপতন।
আজকে যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করেছে সে উম্মাহর বিজয়কাফেলার একজন সদস্য।
আল্লাহর নাম নিয়ে তোমাকে জিজ্ঞেস করছি, বলো, তুমি কি আজ তাদের সাথে ছিলে যারা মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করেছে নাকি তাদের সাথে ছিলে যারা আল্লাহর অবাধ্যতায় মত্ত ছিল? যারা বিভোর ছিল গাফলতের ঘুমের কোলে?
বলো, তুমি কি মুসলিম উম্মাহর বিজয় কাফেলার গর্বিত সদস্য নাকি তাদের অন্তর্ভুক্ত যারা উম্মাহকে পরাজিত করছে?
ইরশাদ হয়েছে, وَمَا ظَلَمْنَاهُمْ وَلَكِنْ كَانُوا هُمُ الظَّالِمِينَ
'আমি তাদের প্রতি জুলুম করিনি, বরং তারাই ছিল জালেম।'১৩৯
আল্লাহ তায়ালা পাপী ও গোনাহগারের প্রতি সৌজন্যমূলক আচরণ করেন না, তাদেরকে তিনি ভালোবাসেন না। তাকেই তিনি ভালোবাসেন এবং তাদের সাথেই উত্তম আচরণ করেন যে তার আনুগত্য করে। দ্বীন পালন করে। পরিপূর্ণরূপে যে তার দ্বীনে প্রবেশ করেছে। আল্লাহ ও বান্দার মাঝে বন্ধন একমাত্র ইসলাম। সুতরাং আমরা যদি ইসলামকে সাহায্য করি, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রাণান্ত প্রচেষ্টা করি তাহলে তিনি আমাদেরকে সাহায্য করবেন। পৃথিবীতে আমাদেরকে বিজয় দান করবনে।
ইরশাদ হয়েছে,
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُم فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا
'তোমাদের মধ্যে যারা ঈমান আনবে ও সৎকাজ করবে তাদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করবেন, যেমন তাদের পূর্ববর্তীদেরকে স্থলাভিষিক্ত করেছিলেন। তিনি তাদের জন্য যে ধর্মকে পছন্দ করেছেন তা তাদের জন্য অবশ্যই সুপ্রতিষ্ঠিত করবেন এবং তাদের ভয়ের পর তার পরিবর্তে অবশ্যই তাদেরকে নিরাপত্তা দান করবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সাথে কোনোকিছু শরিক করবে না। '১৪০
তাই হে আল্লাহর বান্দাগণ! তোমরা আল্লাহকে ভয় করো। তার পূর্ণ আনুগত্য করো। একনিষ্ঠভাবে তার ইবাদত করো। তিনি যেসব কাজের আদেশ দিয়েছেন সেগুলো সর্বতোভাবে পালন করো। নিষেধসমূহ থেকে বিরত থাকো। কুরআনের ভাষ্যানুযায়ী পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।
আজ এমন কোনো জ্ঞানী ব্যক্তিকে পাওয়া যাবে না, যিনি আমাদের অবস্থা দেখে সন্তুষ্ট হবেন। বর্তমানে প্রতিটি মুসলিম দেশে গোনাহ, পাপাচার, অবাধ্যতা ও নাফরমানির যে সয়লাভ তাতে কারও চিত্তই আনন্দিত হবে না।
মুসলিম উম্মাহ আজ ধ্বংস ও অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত। এর থেকে মুক্তি ও উত্তরণের একমাত্র পথ হলো আল্লাহর দিকে ফিরে আসা। গোনাহমুক্ত জীবনযাপন করা। অবাধ্যতাকে আনুগত্যে রূপান্তরিত করা। অন্তরে আল্লাহর ভয় ও মারেফত হাসিল করা। আল্লাহর দ্বীনকে সাহায্যের অঙ্গীকার করা। পৃথিবীর সর্বত্র কালিমাকে সমুন্নত করণের প্রয়াস ও চ্যালেঞ্জ গ্রহণ করা। তবেই আল্লাহ সুবহানাহু তায়ালা পূরণ করবেন প্রদত্ত বিজয় ও অফুরন্ত রিজিকের প্রতিশ্রুতি।

টিকাঃ
১৩৮ সুরা আনফাল: ২৭।
১৩৯ সুরা যুখরুফ: ৭৬।
১৪০ সুরা নূর: ৫৫।

📘 আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন > 📄 ভরসা একমাত্র আল্লাহর ওপর

📄 ভরসা একমাত্র আল্লাহর ওপর


আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেন, وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ * الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ . وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ * إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ 'আর পরাক্রমশালী ও দয়াময় আল্লাহর ওপর ভরসা করো, যিনি তোমাকে দেখতে পান যখন তুমি নামাজে দাঁড়াও এবং দেখতে পান যখন সেজদাকারীর মাঝে তোমার ওঠাবসা। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। '১৪১
প্রখ্যাত মুফাসসির ইমাম সাদি বলেন, যার অন্তরে আল্লাহর প্রতি অগাধ আস্থা ও পরিপূর্ণ ভরসা রয়েছে সে ব্যক্তিকে আল্লাহ তায়ালা অধিক আনুগত্য ও ইবাদত করার তাওফিক দান করেন। তাই বান্দার জন্য করণীয় হলো, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ও অগাধ আস্থা তৈরির জন্য প্রার্থনা করা। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেন, وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ 'আর পরাক্রমশালী ও দয়াময় আল্লাহর ওপর ভরসা করো।'
তাওয়াক্কুল হলো উপকার লাভ এবং ক্ষতি থেকে বাঁচার ক্ষেত্রে আল্লাহ তায়ালার ওপর অন্তরের ভরসা স্থাপন। তার প্রতি অগাধ আস্থা এবং কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সুধারণা পোষণ করা। নিশ্চয় তিনি পরাক্রমশালী, বান্দার প্রতি দয়ালু। তার একক ক্ষমতা ও শক্তিবলে তিনি বান্দাকে কল্যাণ দান এবং ক্ষতি থেকে রক্ষা করতে সক্ষম। আর এ সবকিছুই তার রহমত ও সীমাহীন দয়া।
আল্লাহ তায়ালা বান্দাদেরকে তার সকল আদেশ পালন করতে, নিষেধ থেকে বিরত থাকতে এবং অন্তরে তার নৈকট্যলাভের আকাঙ্ক্ষা জিইয়ে রাখার ব্যাপারে সতর্ক করেছেন। অতঃপর ক্রমান্বয়ে তিনি বান্দাকে ইহসানের স্তরে উন্নীত হওয়ার আদেশ দিয়েছেন।
ইরশাদ হয়েছে, الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ * وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ 'যিনি তোমাকে দেখতে পান যখন তুমি নামাজে দাঁড়াও এবং দেখতে পান সেজদাকারীর মাঝে তোমার ওঠাবসা। ১৪২
অর্থাৎ, আল্লাহ সুবহানাহু তায়ালা তোমাকে দেখছেন যখন তুমি নামাজ আদায় করছ। তোমার দাঁড়ানো, তোমার রুকু, তোমার সেজদা যাবতীয় কিছু তিনি পর্যবেক্ষণ করছেন।
এ আয়াতে আল্লাহ তায়ালা বিশেষভাবে নামাজের কথা উল্লেখ করার কারণ হলো, নামাজের ফজিলত ও মাহাত্ম্য অপরিসীম। অন্যান্য ইবাদতের ওপর নামাজের প্রাধান্য রয়েছে। নামাজে আল্লাহ তায়ালার নৈকট্য অধিক অর্জিত হয়। নামাজে আল্লাহর সাথে বান্দা কথোপকথন করে। বান্দা তখন অধিক খুশু-খুজু, বিনয় ও নম্রতার সাথে আল্লাহকে অনুভব করে। নামাজ এমন এক ইবাদত যেখানে বান্দা নিজেকে সর্বোচ্চ মিটিয়ে দেয়। তার সবচেয়ে সম্মানিত অঙ্গ মাথাকে মাটির সাথে মিশিয়ে দেয়। এর মাধ্যমে প্রস্ফুটিত হয় আল্লাহর বড়োত্ব ও মাহাত্ম্য-যা অন্যান্য ইবাদতে সম্ভব হয় না।
অতঃপর ইরশাদ হয়েছে, إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ 'তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। ১৪৩
অর্থাৎ, আল্লাহ তায়ালা সমস্ত কিছু শুনেন। দৃশ্য, অদৃশ্য, ছোটো-বড়ো বিশাল বিশ্বমণ্ডলের ন্যূনতম কিছুই তার শ্রবণের বাহিরে নয়। এমনিভাবে আসমান-জমিন, সকল সৃষ্টিরাজির প্রকাশ্য-অপ্রকাশ্য, প্রত্যক্ষ-অপ্রত্যক্ষ সবকিছু তার জ্ঞানের অন্তর্গত। বান্দার প্রতিটি অবস্থা তিনি দেখছেন। তাদের অন্তরে যে সমস্ত চিন্তা, কল্পনারপ্রতিটি কথা তিনি শ্রবণ করছেন। তাদের উদ্রেক হয় তার সবই তিনি অবগত। বান্দা যখন আল্লাহর এ বিশাল ক্ষমতা সম্পর্কে জানতে পারে তখন সে ইহসানের স্তরে উন্নীত হতে থাকে।

টিকাঃ
১৪১ সুরা শুআরা: ২১৭-২২০।

📘 আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন > 📄 হৃদয়ে আল্লাহর মুরাকাবা

📄 হৃদয়ে আল্লাহর মুরাকাবা


রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহসানের পরিচয় জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন ইহসান হলো,
أن تعبد الله كأنك تراه، فإن لم تكن tراه فإنه يراك 'তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছ। আর যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে ভেবো, আল্লাহ তোমাকে দেখছেন।'
অর্থাৎ আল্লাহ তায়ালা তোমাকে দেখছেন। তিনি তোমার গোপন, প্রকাশ্য সবকিছু জানেন। তুমি যদি মরুভূমিতে থাকো, জমিনে থাকো কিংবা আসমানে, একাকী থাকো অথবা সকলের সাথে, আল্লাহ সর্বাবস্থায় তোামকে দেখছেন।
ইরশাদ হয়েছে,
يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ 'আল্লাহ জানেন-যা জমিনে প্রবেশ করে এবং যা জমিন থেকে বের হয়, তিনি জানেন যা আরোহণ করে। আল্লাহ তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো। তোমরা যা কিছু করো আল্লাহ জানেন।'১৪৪
সুতরাং ইহসান হলো আল্লাহর বড়োত্ব ও তার সব সময় কর্তৃত্বের ব্যাপারে অন্তরে সুদৃঢ় বিশ্বাস করা স্থাপন করা। সর্বাবস্থায় হৃদয়ে তার মুরাকাবা করা।
মুরাকাবার অর্থ মুরাকাবার অর্থ কী? শাইখ ইবনুল কাইয়্যিম রহ. বলেন, 'মুরাকাবা হলো বান্দা সর্বদা এ কথা জানা ও বিশ্বাস করা যে, আল্লাহ তায়ালা তার প্রকাশ্য, অপ্রকাশ্য সকল কিছুর ব্যাপারে অবগত। আল্লাহর ব্যাপারে বান্দার অন্তরে এ ইলম ও ইয়াকিন জাগ্রত থাকার নামই মুরাকাবা। অন্তরে এ বোধ ও বিশ্বাসের ফলাফল হলো, বান্দা জানবে যে আল্লাহ তাকে পর্যবেক্ষণ করছেন, তাকে দেখছেন, তার কথা শুনছেন, তার যাবতীয় কাজ-কর্ম সম্পর্কে তিনি অবগত আছেন।'
জনৈক সালাফ বলেন, 'অন্তরে আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্থান দেওয়ার ব্যাপারে আমি লজ্জাবোধ করি। কেননা আমি দেখি, আল্লাহ আমার অন্তরে বিরাজমান।'
শাইখ যুন্নুন বলেন, 'মুরাকাবার নিদর্শন হলো, সর্বদা আল্লাহকে প্রাধান্য দেওয়া। আল্লাহ যা কিছু সম্মানিত করেছেন সেগুলোর যথাযথ সম্মান রক্ষা করা। যা কিছু লাঞ্ছিত ও অপমানিত করেছেন তা লাঞ্ছিত ও অপমানিত করা।'
শাইখ ইবরাহিম বলেন, 'মুরাকাবা হলো প্রকাশ্য, অপ্রকাশ্য সকল কাজকর্ম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা।'
উলামায়ে কেরাম বলেন, 'সর্বোত্তম ইবাদত হলো হৃদয়ে আল্লাহর মুরাকাবা করা।'
আল্লাহর পবিত্র নাম ও গুণাবলির প্রভাব
ইবনুল কাইয়িম রহ. বলেন, 'মুরাকাবা হলো আল্লাহর পবিত্র নাম ও গুণাবলির ইলম অর্জন করা। এগুলোর অর্থ জানা এবং মর্ম হৃদয়ে উপলব্ধি করা অতঃপর তদনুযায়ী ইবাদত করা।'
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন, 'পবিত্র কুরআনে জান্নাত- জাহান্নামের চেয়ে অধিক আলোচিত হয়েছে আল্লাহর পবিত্র নাম ও গুণাবলি। আল্লাহর নাম ও গুণাবলি সম্বলিত আয়াত মর্যাদার দিক দিয়ে আখেরাতের আলোচনা সম্বলিত আয়াতের চেয়ে অধিক।'

টিকাঃ
১৪২ সুরা শুআরা: ২১৭-২২০।
১৪৩ সুরা শুআরা: ২১৭-২২০।
১৪৪ সুরা সাবা: ২

📘 আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন > 📄 আল্লাহ আপনাকে পর্যবেক্ষণ করছেন

📄 আল্লাহ আপনাকে পর্যবেক্ষণ করছেন


আল্লাহ সুবহানাহু তায়ালার একটি গুণবাচক নাম হলো রাকিব। অর্থাৎ, ওই সত্তা যিনি সমগ্র সৃষ্টিজগত তার কুদরতি শক্তির দ্বারা পর্যবেক্ষণ করেন। পবিত্র কুরআনের তিনটি জায়গায় রাকিব নামটি বর্ণিত হয়েছে। সুরা মায়েদায়,
وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقِّ إِنْ كُنتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ * مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ * إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
'যখন আল্লাহ বলবেন, হে মরিয়মপুত্র ঈসা! তুমি কি মানুষকে বলেছিলে যে, আল্লাহকে ছেড়ে তোমরা আমাকে ও আমার মাকে উপাস্য বানাও? সে বলবে, মহিমা তোমার! আমরা যা বলার অধিকার নেই আমি তো তা বলতে পারি না। আমি যদি অমন কথা বলতাম তাহলে তুমি তা অবশ্যই জানতে। আমার মনে কি আছে তুমি তা জানো আর আমার মনে কি আছে আমি তা জানি না। অদৃশ্য বিষয়াদি সম্পর্কে তো একমাত্র তুমিই সম্যক অবগত। তুমি আমাকে যা আদেশ দিয়েছিলে আমি তাদেরকে শুধু তাই বলেছি। আর তা হলো, তোমরা আমার প্রভু ও তোমাদের প্রভু আল্লাহর ইবাদত করো। আর আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন তাদের কর্মকাণ্ড অবগত ছিলাম। তারপর তুমি যখন আমাকে লোকান্তরিত করেছ তখন থেকে তো তুমিই তাদের পর্যবেক্ষক ছিলে।'১৪৫
দ্বিতীয়ত সুরা নিসার শুরুতে,
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
'হে মানুষ! তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। তার থেকে তার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন। অতঃপর তাদের দুজন থেকে অনেক নর-নারী সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট চেয়ে থাকো। রক্ত সম্পর্কের ব্যাপারেও সতর্ক থেকো। অবশ্যই আল্লাহ তোমাদের পর্যবেক্ষণ করছেন। '১৪৬
প্রখ্যাত মুফাসসির আল্লামা ইবনু জারির তাবারি রহ. বলেন, 'রাকিব' অর্থ হলো, আল্লাহ তায়ালা সকল কিছু পর্যবেক্ষণ করেন। ভূপৃষ্ঠের সবকিছু তার নিয়ন্ত্রণে। তিনি আমাদের আমল ও কর্মসমূহ সংরক্ষণ করেন। আমাদের সকল অবস্থা পর্যবেক্ষণ করেন।'
এমনিভাবে সুরা আহযাবে বর্ণিত হয়েছে,
وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَقِيبًا
'আল্লাহ সবকিছুর ওপর সজাগ দৃষ্টি রাখেন। '১৪৭ আল্লাহ সুবহানাহু তায়ালা তার ইলমের মাধ্যমে পৃথিবীর যাবতীয় কিছু পর্যবেক্ষণ করেন যে ইলম বেষ্টন করে রেখেছে সমগ্র জগতকে। যেমনটি ইরশাদ হয়েছে পবিত্র কুরআনে,
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْماً
'হে আমাদের প্রভু অনুগ্রহ ও জ্ঞান দ্বারা তুমি সবকিছু ধারণ করে আছ।' ১৪৮
তিনি জানেন যা অতীতে হয়েছে এবং ভবিষ্যতে হবে। তিনি ওই কুদরতি চক্ষুর মাধ্যমে পর্যবেক্ষণ করছেন সবকিছু, যে চক্ষু কখনো ঘুম ও তন্দ্রায় আচ্ছন্ন হয় না। তিনি ওই কুদরতি শ্রবণশক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করছেন যা বেষ্টন করে রেখেছে প্রত্যেক নড়াচড়া ও প্রতিটি কথা।
কিন্তু আমাদের জীবন, আমাদের সকল কাজকর্ম, লেনদেন এবং আদান- প্রদানে আজ কোথায় এর প্রভাব? আল্লাহ সুবহানাহু তায়ালা রাকিব। তিনি পর্যবেক্ষণ করছেন আমাদের সকল কিছু। দেখছেন আমাদের সকল কৃতকর্ম। তিনি শুনছেন আমাদের সকল কথাবার্তা। অথচ এর ন্যূনতম অনুভূতি আমাদের মাঝে নেই। আমরা সর্বদা মত্ত আছি আল্লাহর অবাধ্যতা ও নাফরমানিতে। তার আদেশসমূহ পালন করছি না। নিষেধ থেকে বেঁচে থাকছি না।

টিকাঃ
১৪৫ সুরা মায়েদা: ১১৬-১১৮।
১৪৬ সুরা নিসা: ১
১৪৭ সুরা আহযাব: ৫২।
১৪৮ সুরা মুমিন: ৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00