📄 কবরের সঙ্গী
নেক আমলের অন্যতম বিশেষ পুরস্কার হলো, অন্ধকার কবরে আমলকারীর সঙ্গী হবে। হজরত আনাস রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
يتبع الميت ثلاثة: أهله، وماله، وعمله، فيرجع اثنان ويبقى واحد، يرجع أهله وماله، ويبقى عمله
'মৃত ব্যক্তির সঙ্গে তিনটি বিষয় যায়। তার পরিবার-পরিজন, তার ধন-সম্পদ এবং তার আমল। এর মধ্যে দুটি বিষয় ফিরে আসে, অবশেষে সঙ্গে থাকে একটি। মৃত ব্যক্তির পরিবার-পরিজন, ধন-সম্পদ ফিরে আসে। সঙ্গে থাকে কেবল আমল।'
জনৈক কবি বলেছেন,
'হে দুনিয়ার প্রতি আসক্ত ব্যক্তি! দীর্ঘ আশা তোমাকে ধোঁকায় ফেলেছে। জেনে রাখো, মৃত্যু চলে আসবে একদিন আকস্মিক। কবর হবে তোমার আমলের সিন্দুক।'
📄 জাহান্নাম থেকে মুক্তি
নেক আমলের সর্বাধিক বড়ো পুরস্কার হলো, আখেরাতের সমূহ কল্যাণ ও নিরঙ্কুশ সফলতা। মুমিনের জন্য নেক আমল হলো, আখেরাতের সফলতা ও কল্যাণের হাতিয়ার। জাহান্নাম থেকে মুক্তি লাভ এবং জান্নাতে প্রবেশের সবচেয়ে বড়ো উপকরণ হলো নেক আমল। ইরশাদ হয়েছে,
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا
'যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের আতিথেয়তার জন্য রয়েছে বেহেশতের বাগ-বাগিচা। সেখানে তারা চিরকাল থাকবে। কখনো সেখান থেকে স্থান পরিবর্তন করবে না।'১২০
وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
'এ তো সেই জান্নাত তোমাদেরকে যার উত্তরাধিকারী করা হয়েছে তোমাদের কর্মের জন্য।'১২১
সুতরাং দুনিয়া হলো আখেরাতের শষ্যক্ষেত্র। পরকালের সফলতা অর্জনের অসীম সুযোগ। জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের সমস্ত উপায় উপকরণ সঞ্চয়ের জায়গা।
ইরশাদ হয়েছে,
وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا
'তোমরা নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম প্রেরণ করবে তা আল্লাহর কাছে এমন অবস্থায় পাবে যে, তা আরও ভালো এবং পুরস্কার হিসেবে বড়ো। '১২২
পার্থিব জীবন হলো আখেরাতকে সুন্দর ও সুসজ্জিত করার অফুরন্ত সুযোগ। আমি বারবার এ কথা বলে থাকি, মুমিনের জন্য অত্যাবশ্যক হলো দুনিয়ার জীবনকে আখেরাতের জন্য গণিমত মনে করা। আল্লাহ সুবহানাহু তায়ালা হাদিসে কুদসিতে ইরশাদ করেন,
يا عبادي إنما هي أعمالكم أحصيها لكم ثم أوفيها لكم يوم القيامة، فمن وجد فيها خيراً فليحمد الله، ومن وجد دون ذلك فلا يلومن إلا نفسه
'হে আমার বান্দাগণ! অবশ্যই তোমাদের আমল তোমাদের জন্য সংরক্ষণ করা হয় এবং কেয়ামতের দিন তা তোমাদেরকে প্রদান করা হবে। সেদিন যার আমল ভালো হবে সে আল্লাহর প্রশংসা করবে। আর যার আমল এর বিপরীত হবে সে কেবল নিজেকেই তিরস্কার করবে।'
টিকাঃ
১২০ সুরা কাহাফ: ১০৭-১০৮।
১২১ সুরা যুখরুফ: ৭২।
১২২ সুরা মুজাম্মিল: ২০।
📄 আমলের ক্ষেত্র
নেক আমল মুমিনের সম্বল। নেক আমল মুমিনের দুনিয়া আখেরাতের মুক্তির সোপান। কল্যাণের চাবিকাঠি। মুমিনের আমলের ক্ষেত্র অসংখ্য, অগণিত। আল্লাহ সুবহানাহু তায়ালা মুমিনের জন্য নেক আমলের অসংখ্য ক্ষেত্র তৈরি করেছেন。
ইরশাদ হয়েছে, إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرًا عَظِيمًا
'আত্মসমর্পণকারী পুরুষ ও নারী, ঈমানদার পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনীত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, রোজাদার পুরুষ ও নারী, যৌন পবিত্রতা রক্ষাকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী; আল্লাহ তাদের জন্য ক্ষমা ও এক মহান পুরস্কার প্রস্তুত রেখেছেন।'১২৩
অন্যত্র ইরশাদ হয়েছে, إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةٌ يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ
'যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে আর আমি তাদেরকে যা দান করেছিতা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসার আশা করে যা নষ্ট হবে না।'১২৪
আল্লাহ সুবহানাহু তায়ালার সঙ্গে ব্যাবসা হলো লাভবান ব্যাবসা। সীমাহীন লাভের ব্যাবসা। যেখানে ক্ষতির বিন্দুমাত্র আশঙ্কা নেই। বরং আল্লাহ সুবহানাহু তায়ালা বান্দাকে প্রতিটি বিনিময় দশগুণ বৃদ্ধি করে দেন। এছাড়াও তিনি যাকে চান তাকে আরও অগণিত বাড়িয়ে দেন।
উপরোক্ত আলোচনার মাধ্যমে নেক আমলের গুরুত্ব ও মাহাত্ম্য সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। কিয়ামতের দিন প্রত্যেক পাপিষ্ট ও কাফের নেক আমলের মূল্য উপলব্ধি করতে পারবে। কিন্তু সেদিন তাদের উপলব্ধি কোনো কাজে আসবে না। সেদিন তারা দরবারে এলাহিতে আকুল ফরিয়াদ জানাবে তাদেরকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করার জন্য-যাতে তারা দুনিয়াতে এসে নেক আমল করতে পারে। সেদিন তারা নেক আমলের জন্য চিৎকার করবে। কিন্তু তাদের চিৎকার আল্লাহর দরবারে কবুল হবে না। কাফেরদের জন্য সেদিন হবে সীমাহীন আফসোস ও অনুশোচনার।
ইরশাদ হয়েছে, حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ * لَعَلَّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ
'অবশেষে যখন তাদের কারও মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, প্রভু! আমাকে (দুনিয়াতে) ফেরত পাঠাও, যেন আমি যা রেখে এসেছি সেখানে ভালো কাজ করতে পারি।'১২৫
একদা হজতর হাসান বসরি রহ. এক মৃত ব্যক্তির জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন হাসানা বসরি তার সফরসঙ্গীকে বললেন, 'তুমি কি জানো, মৃত লোকটি যদি এখন পুনরায় জীবিত হতে পারে তাহলে সে বেশি বেশি নেক আমল করতে চাইবে?' সে বলল, হ্যাঁ'। তখন হজরত হাসান বসরি রহ. তাকে বললেন, 'সুতরাং তুমি ওই মৃত ব্যক্তির মতো হয়ে যাও। অধিক পরিমাণে নেك আমল করো। জীবনকে বরকতময় মনে করো। জেনে রাখো, জীবন একটি সুযোগ। এ সুযোগ বারবার আসবে না। আল্লাহর মারেফত অর্জন করো। সময়কে সঠিক কাজে ব্যয় করো।'
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে আলোচনার ইতি টানছি,
أيها الناس! إن لكم معالم فانتهوا إلى معالمكم ، وإن لكم نهاية فانتهوا إلى نهايتكم، إن المؤمن بين مخافتين: بين أجل قد مضى لا يدري كيف صنع الله فيه، وبين أجل قد بقي لا يدري ما الله قاض فيه، فليتزود العبد لنفسه، ومن دنياه لآخرته، ومن الشباب قبل الكبر، ومن الحياة قبل الموت فوالذي نفس محمد بيده ما بعد الموت من مستعتب، وما بعد الدنيا من دار إلا الجنة أو النار
'হে লোকসকল! তোমাদের জীবনের সুনির্দিষ্ট কিছু লক্ষ্য- উদ্দেশ্য রয়েছে, অতএব তোমরা তোমাদের লক্ষ্যে উপনীত হও। এবং তোমাদের জীবনের একটি গন্তব্য রয়েছে, তোমরা সেই গন্তব্যপানে ছুটে চলো। মুমিন দুটি আশঙ্কার মাঝে আবর্তিত হয়। (এক) অতিবাহিত হয়ে যাওয়া জীবনের ওই অংশ যার ব্যাপারে সে জানে না, আল্লাহ কী ফয়সালা করবেন। (দুই) জীবনের ওই অবশিষ্ট অংশ যার ব্যাপারে সে জানে না, আল্লাহ তার জন্য কী রেখেছেন। তাই বান্দার উচিত নিজের পাথেয় সংগ্রহ করা-আখেরাতের জন্য দুনিয়া থেকে, বার্ধক্যের পূর্বে যৌবন থেকে এবং মৃত্যুর পূর্বে হায়াত থেকে। ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ! মৃত্যুর পর বাহাদুরি চলবে না এবং দুনিয়ার পর জান্নাত বা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো বাসস্থান নেই।'
টিকাঃ
১২৩ সুরা আহযাব: ৩৫।
১২৪ সুরা ফাতির: ২৯।
১২৫ সুরা মুমিনুন: ৯৯-১০০।
📄 গোনাহের শাস্তি
শাইখ উসাইমিন বলেন, 'হে আল্লাহর বান্দাগণ! তোমরা আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো। হৃদয়ে অর্জন করো সুদৃঢ় তাকওয়া। দ্বীনের ব্যাপারে গাফলত ও উদাসীনতা থেকে সর্বতোভাবে বেঁচে থাকো। আল্লাহর নিদর্শনের ব্যাপারে কখনো গাফেল হয়ো না। এবং উদাসীন হয়ো না আল্লাহ তায়ালার প্রেরিত কিতাব পবিত্র কুরআনের তিলাওয়াত ও তাদাব্বুর থেকে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জনের ব্যাপারে।
হে আল্লাহর বান্দাগণ! লোকদের মধ্যে কেউ কেউ এ ব্যাপারে সন্দেহ পোষণ করে যে, গোনাহ ও অবাধ্যতা ধ্বংসের কারণ। তারা মনে কওে আল্লাহর নাফরমানির শাস্তি তাদেরকে পাকড়াও করবে না। পাপের শাস্তি তার ভোগ করবে না। এর কারণ হলো তাদের ঈমান দুর্বল। তারা কুরআন তিলাওয়াত এবং কুরআন নিয়ে তাদাব্বুর করে না। রাসুলের সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে না।
ইরশাদ হয়েছে, وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ * أَفَأَمِنَ أَهْلَ الْقُرَى أَنْ يَأْتِيَهُمْ بَأْسُنَا بَيَاتًا وَهُمْ نَائِمُونَ * أَوَأَمِنَ أَهْلَ الْقُرَى أَنْ يَأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ * أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ
'আর যদি গ্রামবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা অবিশ্বাস করেছে। তাই আমি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করেছি। অতএব গ্রামগুলোর অধিবাসীরা কি রাতে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর আমার শাস্তির আগমন থেকে নিরাপদ বোধ করেছিল? অথবা গ্রামগুলোর অধিবাসীরা কি সকালবেলায় খেলাধুলায় রত অবস্থায় তাদের ওপর আমার শাস্তির আগমন থেকে নিরাপদ বোধ করেছিল? তারা কি আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ বোধ করেছিল? বস্তুত ক্ষতিগ্রস্ত লোকেরা ছাড়া কেউ আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ বোধ করে না।'১২৬
জনৈক সালাফ বলেন, 'যদি তুমি কাউকে দেখো যে, আল্লাহ তাকে প্রভূত নেয়ামত দান করেছেন কিন্তু সে আল্লাহর অবাধ্যতা ও নাফরমানিতে লিপ্ত তাহলে মনে করবে, আল্লাহ তায়ালা তাকে অবকাশ দিয়েছেন। এবং সে এ আয়াতের অন্তর্ভুক্ত,
سَنَسْتَدْرِجُهُمْ مِنْ حَيْثُ لَا يَعْلَمُونَ * وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينُ
'আমি তাদেরকে এমনভাবে পাকড়াও করব যে, তারা জানতেই পারবে না। আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি। আসলে আমার কৌশল বেশ মজবুত।'১২৭
হে আল্লাহর বান্দাগণ! আল্লাহর শপথ! গোনাহ ও পাপাচারের প্রভাব শুধু ব্যক্তির ওপর নয় রাষ্ট্রের ওপরও পড়ে। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয়। রাষ্ট্রের প্রাচুর্য এবং অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়। বিশেষভাবে প্রভাব ফেলে জনগণের হৃদয়ে। গোনাহ একের প্রতি অপরের মাঝে ঘৃণাবোধ তৈরি করে। আল্লাহর অবাধ্যতা ও নাফরমানি মুসলমানদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধনকে বিনষ্ট করে। দুই মুসলমানের মাঝে পারস্পরিক দেখা-সাক্ষাৎ হলে মনে হয় তারা যেন ভিন্ন ধর্মের। তাদের মাঝে ধর্মীয় বন্ধন নেই। পারস্পরিক প্রীতিবোধ নেই। নেই একের প্রতি অপরের ন্যূনতম সৌজন্যতা।
কিন্তু আমরা যদি একে অপরের প্রতি কল্যাণকামী হই, একে অপরের সংশোধনের ব্যাপারে মনোনিবেশ করি, আমাদের নিজেদের, পরিবার-পরিজন, প্রতিবেশি এবং রাষ্ট্রের সকল জনগণের আত্মোন্নয়ন এবং তাদের বিকাশ ও অগ্রগতির ব্যাপারে সচেষ্ট হই, একে অপরকে সৎকাজের আদেশ করি, অসৎকাজের নিষেধ করি, উপকারী কথা ও উপদেশের মাধ্যমে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করি তাহলে আমাদের মাঝে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি তৈরি হবে। কল্যাণকামিতা ও সহমর্মিতা সৃষ্টি হবে। রাষ্ট্রের উন্নয়ন ও অর্থনৈতিক প্রাচুর্য বৃদ্ধি পাবে।
ইরশাদ হয়েছে,
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ . وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ
'তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা কল্যাণের দিকে ডাকবে এবং ভালো কাজের আদেশ দেবে ও খারাপ কাজ থেকে নিষেধ করবে। তারাই সফলকাম। তোমরা তাদের মতো হয়ো না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছিল এবং তাদের কাছে নিদর্শনসমূহ আসার পরও মতভেদ করেছিল। ওদের জন্য রয়েছে বিরাট শাস্তি। ১২৮
আল্লাহ সুবহানাহু তায়ালার বাণী শোনো,
وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُوْلَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
'তোমরা তাদের মতো হয়ো না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছিল এবং তাদের কাছে নিদর্শনসমূহ আসার পরও মতভেদ করেছিল। ওদের জন্য রয়েছে বিরাট শান্তি। ১২৯
টিকাঃ
১২৬সুরা আরাফ: ৯৬-৯৯।
১২৭সুরা আরাফ: ১৮২-১৮৩।
১২৮ সুরা আলে ইমরান: ১০৪-১০৫।
১২৯ সুরা আলে ইমরান: ১০৫।