📄 এবার আক্ষেপের পালা
জাবালা বলল, যে ধর্মে একজন রাজা আর ফকির সমান, সে ধর্মের আনুগত্য আমি করব না। এই লোকটি আমাকে আঘাত করলে আমি ইসলাম ত্যাগ করে পুনরায় খ্রিস্টান হয়ে যাব। (নাউযুবিল্লাহ)
উমর গর্জন করে বললেন, তোমার মত হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায়, তবু ইসলামের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিধানের লঙ্ঘন হতে পারে না। ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না। তবে মনে রেখ, ইসলাম ত্যাগ করা এত সহজ নয়। কারণ, ইসলামে মুরতাদের শাস্তি মৃত্যুদন্ড।
উমর -এর শেষ কথাটি শুনে জাবালা ঠকঠক করে কাঁপতে লাগল। সে বলল, আমিরুল মুমিনিন! আমাকে আগামী কাল পর্যন্ত সময় দিন।
উমর বললেন, ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হল।
অতঃপর সেদিন গভীর রাতে জাবালা ও তার সাথী-সঙ্গীরা মক্কা থেকে বের হয়ে কুসতুনতুনিয়ার দিকে পালাল এবং সেখানে গিয়ে তারা খ্রিস্টান হয়ে গেল।
তারপর সময় গড়াল। কালের গর্ভে বিলীন হল বহু বছর। জগতের বহু স্বাদের বস্তু বিস্বাদ হল। বহু মিষ্টান্ন তিক্ততায় রূপ নিল। জাবালার জন্য আক্ষেপ ছাড়া বাকি রইল না কিছুই। সে যখন তার অতীত ইসলামী জীবনের কথা স্মরণ করত, মনের ক্যানভাসে ভেসে উঠত সালাত-সওমের সেই অনাবিল সৌন্দর্যের স্মৃতি; তখন ইসলাম ত্যাগের আফসোস তাকে একশ তরবারীর ধারালো ফলা হয়ে আঘাত করত। করত। সে আল্লাহ ও তার রাসুলের সাথে কৃত নাফরমানীর জন্য লজ্জিত হত।
সে বলত-
تَنَصَّرَتِ الْأَشْرَافُ مِنْ عَارِ لَطْمَةٍ * وَمَا كَانَ فِيهَا لَوْ صَبَرَتْ لَهَا ضَرَر تُكَنِّفُنِي مِنْهَا الْحِجَاجُ وَنَخْوَةٌ * وَبِعْتُ لَهَا الْعَيْنَ الصَّحِيْحَةِ بِالْعَوْرِ فَيَا لَيْتَ أُمِّي لَمْ تَلِدْنِي وَلَيْتَنِيْ * رَجَعْتُ إِلَى الْقَوْلِ الَّذِي قَالَ لِي عُمَر وَيَالَيْتَنِي أَرْعَى الْمَخَاضَ بِقَفْرَةٍ * وَكُنْتُ أَسِيرُ فِي رَبِيعَةَ أَوْ مُضَر وَيَا لَيْتَ لِي بِالشَّامِ أَدْنَى مَعِيْشَةً * أُجَالِسُ قَوْمِي ذَاهِب السَّمْعِ وَالْبَصَرِ
অভিজাত ব্যক্তি একটি থাপ্পড়ের ভয়ে খ্রিস্টান হয়ে গেল, অথচ সে যদি সবর করত, তাহলে তার হতো না কোন ক্ষতি।
আহা! অহংকার ও অহমিকা ঘিরে ফেলেছিল আমায়, তাই তো সুস্থ চক্ষুর বিনিময়ে আমি কিনেছি অন্ধত্ব।
হায়! আমার মা যদি জন্মই না দিত আমায়! হায়! আমি যদি মেনে নিতাম উমরের কথা। হায়! আমি যদি কোন চারণভূমিতে উটের রাখাল হয়ে উট চরাতাম।
ঘুরে বেড়াতাম রাবিয়া ও মুজার গোত্রে। হায়! আমি যদি জীবন যাপন করতাম সিরিয়ায়, যদি তুষ্ট হতাম স্বল্প রুজিতেই। থাকতাম আমার জাতির সাথেই- অন্ধ ও বধির হয়ে।
অতঃপর সে আমৃত্যু খ্রিস্টধর্মের ওপরই অটল ছিল। কাফের অবস্থাতেই হয়েছে তার মরণ।
হাঁ, সে কুফরের ওপর মৃত্যু বরণ করেছে। কারণ, সে ছিল অহংকারী। সে দম্ভভরে মুখ ফিরিয়ে নিয়েছিল বিশ্ব প্রতিপালকের বিধান থেকে। অহংকারই ডেকে এনেছিল তার পতন।