📄 কোরাইশদের রণপ্রস্তুতি
নু খুযাআ গোত্র যদিও তখনও ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তারা রাসুল ও মুসলমানদের হিতাকাঙ্ক্ষী ছিল। তারা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ ছিল এবং মুসলমানদের সকল গোপন বিষয়ের সংরক্ষক ছিল। কোরাইশদের বিভিন্ন পরিকল্পনার কথা মুসলমানদেরকে অবহিত করত। গোত্রপতি বুদাইল ইবনে ওয়ারাকা নিজ গোত্রের কিছু লোককে সাথে নিয়ে রাসুল-র সাথে সাক্ষাৎ করতে এল। এ সময় সে জানাল যে, কোরাইশরা বিপুল সৈন্য সমাবেশ করেছে। তারা কিছুতেই আপনাকে মক্কায় ঢুকতে দেবে না। সেসব সৈন্যরা সাথে দুগ্ধধাত্রী উটনীও নিয়ে এসেছে। বোঝা যায় যে, তারা দীর্ঘদিন এখানে অবস্থান করবে।
রাসুল বললেন, আমি তো কারো সঙ্গে যুদ্ধ করতে আসিনি; এসেছি উমরা করতে। যুদ্ধ অবশ্যই কুরাইশদেরকে দুর্বল করে দিয়েছে, কাজেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চাইলে নির্দিষ্ট সময়ের জন্য তাদের সঙ্গে সন্ধি করতে পারি আর তারা আমার ও কাফেরদের মধ্যকার বাধা তুলে নেবে। যদি আমি তাদের উপর বিজয় লাভ করি তাহলে অন্যান্য ব্যক্তি ইসলামে যেভাবে প্রবেশ করেছে, তারাও ইচ্ছে করলে তা করতে পারবে। আর না হয়, তারা এ সময়ে শান্তিতে থাকবে। কিন্তু তারা যদি আমার প্রস্তাব অস্বীকার করে, তাহলে সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, আমার গরদান আলাদা না হওয়া পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। আর অবশ্যই আল্লাহ তাঁর দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন।
বুদাইল নবীজী -র মজলিস থেকে উঠে কোরাইশদের কাছে গেল। বলল, আমি ওই লোকের (নবীজীর) কাছ থেকে একটি কথা শুনে এসেছি। যদি তোমরা শুনতে চাও তাহলে বলব।
মূর্খ, নির্বোধ, অর্বাচীন কয়েকজন বলে উঠল, তার কোন কথা শোনার দরকার নেই।
কিন্তু যারা বুদ্ধিমান ও বিচক্ষণ তারা বলল, ঠিক আছে বল।
বুদাইল বলল, তোমরা খুব অস্থির প্রকৃতির। মুহাম্মাদ লড়াই করতে আসেনি। সে উমরা করার জন্য এসেছে। সে তোমাদের সাথে সন্ধি করতে আগ্রহী।
কোরাইশ নেতারা বলল, এটা হয়তো ঠিক যে, তারা লড়াই করতে আসেনি। কিন্তু তারা মক্কায় ঢুকতে পারবে না।
উরওয়া ইবনে মাসউদ (কোরাইশদের এক বয়স্ক প্রবীণ ব্যক্তি) দাঁড়াল। বলল, হে আমার সম্প্রদায়! আমি কি তোমাদের পিতৃতুল্য নই? তেমরা কি আমার সন্তান তুল্য নও?
লোকেরা বলল, অবশ্যই।
উরওয়া বলল, তোমরা কি আমার সম্পর্কে কোর কুধারণা পোষণ কর?
লোকেরা বলল, মোটেই না।
উরওয়া বলল, ওই লোকটি (রাসুল) কিন্তু তোমাদের জন্য উত্তম ও মঙ্গলজন কথাই বলেছে। আমার মতে এ কথা মেনে নেওয়াই সमीচীন। তবে তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি মুহাম্মাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে দেখতে পারি। লোকেরা বলল, ঠিক আছে।
📄 উরওয়ার ঔদ্ধত্য
উরওয়া রাসুল ﷺ এর কাছে এল। রাসুল ﷺ তাকে সেই কথাগুলোই বললেন যা বুদাইল ইবনে ওয়ারাকার কাছে বলেছিলেন।
উরওয়া বলল, হে মুহাম্মাদ, আপনি কি চান যে, আপনার কওমকে নিশ্চিহ্ন করে দেবেন? আপনি কি আপনার পূর্বে আরববাসীদের এমন কারো কথা শুনেছেন যে, সে নিজ কওমের মূলোৎপাটন করতে উদ্যত হয়েছিল?
আর যদি অন্য রকম হয়, (তখন আপনার কি অবস্থা হবে?) আল্লাহর কসম! আমি আপনার চারপাশে কিছু চেহারা দেখতে পাচ্ছি যারা সেসময় আপনাকে ছেড়ে চলে যাবে।
আবু বকর রাসুল ﷺ-র পেছনেই বসা ছিলেন। তিনি (সহ্য করতে না পেরে) উরওয়াকে ধমক দিয়ে বললেন, আমরা কি তাঁকে ছেড়ে চলে যাব?
উরওয়া জিজ্ঞেস করল, কে এ কথা বলল?
লোকেরা বলল, আবু বকর।
উরওয়া বলল, আল্লাহর কসম, আমার প্রতি তার মেহেরবানী রয়েছে, যার প্রতিদান আমি আজও দিতে পারিনি। তার সেই মেহেরবানীটুকু না থাকলে আমি অবশ্যই তার কথার জবাব দিতাম। একথা বলে সে পুনরায় রাসুল ﷺ-র সাথে কথা বলা শুরু করল।
উরওয়া রাসুল ﷺ-র সাথে কথা বলার সময় বারবার রাসুল ﷺ-র দাড়িতে হাত লাগাচ্ছিল। মুগীরা ইবনে শু'বা (যিনি সম্পর্কে উরওয়ার ভাতিজা ছিলেন) তরবারী হাতে রাসুল ﷺ-র পেছনেই দাঁড়িয়ে ছিলেন। নবীজী -র সাথে চাচার এ আচরণ তার মোটেই সহ্য হচ্ছিল না।
তিনি উরওয়াকে বললেন, হাত দাড়ি থেকে দূরে রাখ। এক মুশরিকের জন্য কোন ক্রমেই রাসুল-কে স্পর্শ করা শোভনীয় নয়।
মুগীরা ইবনে শু'বা যেহেতু শিরস্ত্রাণ পরিহিত ছিলেন, তাই উরওয়া তাকে চিনতে পারেনি। সে ক্রোধান্বিত হয়ে রাসুল-কে জিজ্ঞেস করল- এ কে?
রাসুল বললেন, তোমার ভাতিজা- মুগীরা ইবনে শু'বা।
এবার উরওয়া মুগীরা -কে চিনতে পেরে বলল, ওহে বিশ্বাসঘাতক! আমি কি তোর বিশ্বাসভঙ্গের বিষয়টি মিটমাট করে দেইনি?
ঘটনাটি হল-
মুগীরা ইববে শু'বা মুসলমান হওয়ার পূর্বে এক সফরে ক'জন সফরসঙ্গীসহ মিসরের বাদশাহ মুকাওকিসের কাছে যান। বাদশাহ মুগীরার তুলনায় তার সাথীদেরকে বেশি গুরুত্ব প্রদান করে। তার তুলনায় অন্যদেরকে বেশি উপহার উপঢৌকন দান করে। বিষয়টি মুগীরার মোটেই ভালো লাগেনি। তাই ফিরে আসার সময় পথিমধ্যে সবাই মদ পান করে চুর হয়ে যখন বেহুঁশ হয়ে পড়ে, তখন মুগীরা তাদের সকলকে হত্যা করে তাদের সমুদয় সম্পদ নিয়ে নেয়। এ অবস্থায় সোজা মদিনায় চলে আসে এবং ইসলাম কবুল করে।
রাসুল তাকে বললেন, তোমার ইসলাম তো কবুল করছি, কিন্তু এ অর্থ সম্পদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। কেননা, এর পুরোটাই অন্যায় ও অবৈধ পথে অর্জন।
উরওয়া ইবনে মাসউদ পরবর্তীতে বিষয়টি মীমাংসা করেছিল।
📄 ভক্তি-শ্রদ্ধার অনুপম নিদর্শন
উরওয়া নবীজী ﷺ-র সাথে কথা বলছিল এবং সাহাবায়ে কেরামের অন্তরে নবীজীর প্রতি কতটুকু শ্রদ্ধা ও মর্যাদা, প্রেম ও ভালোবাসা তা প্রত্যক্ষ করছিল। সে দেখছিল, রাসুল ﷺ যখনই কোন কাজের আদেশ দিচ্ছেন, সেটি পালন করার জন্য প্রত্যেকেই ব্যস্ত ও উদগ্রীব হয়ে পড়ছে। প্রত্যেকেই সেই আদেশ পালনে অগ্রগামী হওয়ার চেষ্টা করছে। তিনি মুখ থেকে কোন কথা বের করা মাত্রই তারা তা বাস্তবায়নে সাধ্যের সবটুকু উজাড় করে দিচ্ছে। তিনি উযু করার সময় পানি নিয়েও এত কাড়াকাড়ি লেগে যাচ্ছে যে, যেন মারামারিই বেঁধে যাবে। শরীর মোবারক থেকে একটি চুল বা পশম পড়লেও সাথে সাথে তারা তা সংরক্ষণ করে নিচ্ছে। যখন তিনি কথা বলেন, তখন আশ্চর্য এক নীরবতা ছেয়ে যায়। মনে হয় তাদের দেহের প্রতিটি অঙ্গ কান হয়ে গেছে। মুখ তুলে রাসুল ﷺ-কে দেখার সামর্থ্য যেন কারোরই নেই।
এভাবেই উরওয়া তার -যারা সেসময় আপনাকে ছেড়ে চলে যাবে - মন্তব্যটির জবাব পাচ্ছিল। তার অভিজ্ঞ চোখে সবই ধরা পড়ছিল। যারা এমনি ভক্তি, শ্রদ্ধা, আস্থা-বিশ্বাস, প্রেম-ভালোবাসা, আন্তরিকতা ও নিষ্ঠা প্রদর্শন করে, তারা যে কখনোই নবীকে ছেড়ে যেতে পারে না- সেটা তার অন্তরে বদ্ধমূল হয়ে গেল।
উরওয়া রাসুল ﷺ-র সান্নিধ্য থেকে কোরাইশদের কাছে ফিরে গিয়ে বলল, হে আমার সম্প্রদায়! আমি কায়সার, কিসরা ও নাজ্জাশীসহ আরো অনেক বড় বড় বাদশাহের দরবারে গিয়েছি। কিন্তু আল্লাহর শপথ, ভক্তি-শ্রদ্ধা, সম্মান-সমীহ, আনুগত্য ও বশ্যতার সম্মিলিত যে রূপ আমি মুহাম্মাদের দরবারে দেখেছি, তা আর কোথাও দেখিনি।
📄 নবীজীর সাথে হুলাইস ইবনে আলকামার সাক্ষাৎ
রওয়ার মুখে এসব কথা শুনে হাবশী সরদার হুলাইস ইবনে আলকামা কিনানী বলল, তোমরা আমাকে অনুমতি দাও, আমি মুহাম্মাদের সাথে সাক্ষাত করে আসি।
সবাই অনুমতি দিল। সে রাসুল ﷺ এর সাথে সাক্ষাত করতে গেল। রাসুল ﷺ দূর থেকে হুলাইসকে আসতে দেখে বললেন, তোমরা কুরবানীর জন্তুগুলোকে সামনে এনে রাখ। এ ওই সকল লোকের অন্তর্ভূক্ত যারা কুরবানীর জন্তুর প্রতি সম্মান প্রদর্শন করে।
হুলাইস কুরবানীর জন্তুগুলো দেখে রাস্তা থেকেই ফিরে গেল। কোরাইশদের কাছে গিয়ে বলল, কা'বার রবের শপথ, এরা তো কেবল উমরা করার জন্য এসেছে। এদেরকে আল্লাহ-র ঘরে আসতে মোটেই বাঁধা দেওয়া উচিত নয়।
কোরাইশরা হুলাইসকে বলল, তুমি যাও। চুপ করে বসে থাক।
তাদের আচরণে হুলাইস অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল, হে কোরাইশ সম্প্রদায়! আল্লাহর শপথ, আমাদের তোমাদের সাথে এমন কোন চুক্তি ছিল না যে, যারা কেবল বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে তাকে তাওয়াফ করতে বাঁধা দেবে। যার হাতে হুলাইসের প্রাণ তাঁর শপথ, তোমরা যদি মুহাম্মাদকে বাইতুল্লাহ তাওয়াফ করতে বাঁধা দাও, তাহলে আমি হাবশার লোকদের নিয়ে এ মুহূর্তে তোমাদের থেকে আলাদা হয়ে যাব।