📘 আল্লাহ আপনাকে দেখছেন > 📄 শামিল হয়েছ আজ ফজরের জামাতে?

📄 শামিল হয়েছ আজ ফজরের জামাতে?


তুমি যদি সত্যিই আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তুমি কেন আজ ফজরের নামাজ পড়লে না? ফজরের নামাজের সময় তুমি কোথায় হারিয়ে ছিলে? কোথায় কোন কাজে বিভোর ছিলে? জিজ্ঞেস করো তুমি নিজেকে। তাহলেই এর উত্তর তুমি পেয়ে যাবে। তুমি নিজেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নাও যে, তুমি কি সত্যিই আল্লাহকে ভালোবাসো। তখন দেখবে, তুমি তোমার দাবির ক্ষেত্রে মিথ্যাবাদী। তোমার দাবি অসত্য। প্রকৃতার্থে, তুমি ধোঁকার মাঝে আছ। শয়তান তোমাকে ভুলিয়ে রেখেছে কল্যাণ ও সত্যের পথ থেকে।

আল্লাহকে প্রকৃতার্থে ভালোবাসে এমন কোনো মুমিনকে জিজ্ঞেস করো, সে আজকে ফজরের সালাত আদায় করেছে কি না। তুমি শুনতে পাবে, সে বলবে কেবল আজকের নয়, বিগত চল্লিশ বছর আমার তাকবিরে উলা ছুটেনি। চল্লিশ বছর আমি ইমামের আল্লাহু আকবার বলার সাথে সাথে সালাতে শামিল হয়েছি। আরেক ব্যক্তিকে জিজ্ঞেস করে দেখো, সে বলবে, পঞ্চাশ বছর সে জামাতের সাথে নামাজ পড়ছে। পঞ্চাশ বছর তার জামাত ছুটেনি। যে প্রকৃত ভালোবাসার দাবি করে তার তো এমনই হবে। ভালোবাসার দাবি তো এটিই। আর তুমি যা করছ তা উল্টো। তুমি আল্লাহকে ভালোবাসার দাবি করছ অথচ তোমার আমল সম্পূর্ণ বিপরীত। জেনে রেখো, যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে এবং উক্ত ভালোবাসার পক্ষে যথাযথ প্রমাণ পেশ করে একমাত্র তাদের জন্য আল্লাহ তায়ালা বলেছেন,
يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ
'আল্লাহ তাদের ভালোবাসেন এবং তারাও ভালোবাসে আল্লাহকে। '⁴⁴

তোমার ভালোবাসা তখনই সত্য বলে প্রমাণিত হবে, যখন তুমি আল্লাহ ও তার রাসুলের ভালোবাসাকে দুনিয়ার সকল ভালোবাসার ওপর প্রাধান্য দিবে।

টিকাঃ
৪৪. সুরা মায়েদা: ৫৪।

📘 আল্লাহ আপনাকে দেখছেন > 📄 ভালোবাসার মিথ্যা দাবিদার

📄 ভালোবাসার মিথ্যা দাবিদার


যারা নিজেদের আল্লাহর প্রেমিক বলে দাবি করে কিন্তু আল্লাহ যেসব কাজের আদেশ করেছেন তারা সেগুলো পালন করে না, আল্লাহ যেসব কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকে না, প্রকৃতার্থে তারা মিথ্যাবাদী। তাদের ভালোবাসা নিছক মুখের বুলি ছাড়া আর কিছু নয়। তারা তাদের দাবির ক্ষেত্রে অসত্য। তাদের অন্তর একমাত্র আল্লাহ ও তার রাসুলের জন্য পরিপূর্ণ নয়। তাদের অন্তরে রয়েছে দুনিয়া ও দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা। তারা দাবি করে যদিও আল্লাহকে ভালোবাসার, কিন্তু তারা সন্তুষ্ট করে মানুষকে। তারা আল্লাহর নাফরমানি ও অবাধ্যতা করে। এর দ্বারা আল্লাহ সুবহানাহু তায়ালাকে অসন্তুষ্ট করে, খুশি করে মানুষকে। হে আল্লাহর বান্দাগণ! তোমাদের অন্তরে আত্মমর্যাদাবোধ জাগ্রত করো। আল্লাহ ও তার রাসুলের ব্যাপারে গভীর আত্মমর্যাদা তৈরি করো। দ্বীন ও শরিয়তের ব্যাপারে আত্মমর্যাদা তৈরি করো।

জেনে রেখো, যাদের অন্তরে আল্লাহ ও তার রাসুলের ব্যাপারে আত্মমর্যাদাবোধ তৈরি হয়নি তার হৃদয় শূন্য। আত্মমর্যাদাহীন বান্দা যদি নিজেকে আল্লাহর ভালোবাসার ব্যাপারে দাবি করে তাহলে সে বড় মিথ্যাবাদী।

যে নিজেকে আল্লাহর প্রেমিক বলে দাবি করে কিন্তু তার চিন্তা-চেতনার মাঝে কোনো পরিবর্তন হয়নি, আল্লাহর আদেশ-নিষেধকে লঙ্ঘন করে, আল্লাহ তায়ালা যা করতে বলেছেন তা করে না, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে না, তাহলে তার মাঝে আত্মমর্যাদাবোধ জাগ্রত হয়নি।

জেনে রেখো, যার অন্তর থেকে আত্মমর্যাদা হারিয়ে গেছে তার অন্তর থেকে দ্বীন হারিয়ে গেছে। তার অন্তর থেকে আল্লাহর ভালোবাসা হারিয়ে গেছে। জেনে রেখো, দ্বীনি আত্মমর্যাদাবোধ মুমিনের মূল ভিত্তি ও স্তম্ভ। আল্লাহর রাস্তায় জিহাদ করা, সৎকাজের আদেশ করা, অন্যায় থেকে নিষেধ করা। এসবকিছুই হলো দ্বীনি আত্মমর্যাদা। যার অন্তরে আত্মমর্যাদা নেই সে জিহাদে যায় না, সৎকাজের আদেশ করে না, লোকদের অন্যায় কাজ থেকে নিষেধ করে না।

যারা আল্লাহকে প্রকৃতার্থে ভালোবাসে তারা নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। তারা লোকদের কটু কথায় ভ্রুক্ষেপ করে না। তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে যায়। মানুষের সন্তুষ্টি ও নিন্দা তাদের বিচলিত করে না। পাছে কথায় তারা বিব্রতবোধ করে না। লোকদের কটাক্ষ ও নিন্দার তীব্র ঝড়ও তাদেরকে বিন্দু পরিমাণ টলাতে পারে না। তাদের ধ্যানে-জ্ঞানে থাকে একমাত্র আল্লাহ ও তার সন্তুষ্টি অর্জন।

আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهُ يُؤْتِيهِ مَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
'হে ঈমানদারগণ! তোমাদের মধ্যে যারা স্বীয় ধর্ম ত্যাগ করবে তাদের স্থলে আল্লাহ এমন একদল লোক নিয়ে আসবেন, যাদের তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি নরম আর কাফেরদের প্রতি হবে কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দায় ভীত হবে না। এটি আল্লাহর অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ বড় দানশীল ও মহাজ্ঞানী। ⁴⁵

টিকাঃ
৪৫. সুরা মায়েদা: ৫৪

📘 আল্লাহ আপনাকে দেখছেন > 📄 আল্লাহর সঙ্গে সাক্ষাতের তীব্র আকাঙ্ক্ষা

📄 আল্লাহর সঙ্গে সাক্ষাতের তীব্র আকাঙ্ক্ষা


জেনে রেখো, মৃত্যু ব্যতীত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। তাই প্রকৃতার্থে আল্লাহকে যে ভালোবাসে তার উচিত হলো, মৃত্যুকে ভালোবাসা। মৃত্যু থেকে পলায়নের চেষ্টা না করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‎ مَنْ أَحَبَّ لِقَاءَ اللهِ أَحَبَّ اللهُ لِقَاءَهُ...وَمَنْ كَرِهَ لِقَاءَ اللهِ كَرِهَ اللهُ لِقَاءَهُ ‎
'যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহও তার সাক্ষাৎ কামনা করেন। আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন। ⁴⁶

তাই মনে-প্রাণে আল্লাহর সাক্ষাৎ কামনা করা উচিত। আর তা কেবল মৃত্যুর মাধ্যমে সম্ভব। তাই মুমিনগণের উচিত মৃত্যুর অপেক্ষা করা। মৃত্যু থেকে পলায়ন না করা।

আল্লাহর সাক্ষাৎ কেবল ওইসকল বান্দারাই অপছন্দ করে যাদের আকিদা ও আমল নষ্ট হয়ে গেছে। যাদের অন্তর নষ্ট হয়ে গেছে। যারা প্রকৃতার্থে আল্লাহকে ভালোবাসে তারা সর্বদা মৃত্যুকে স্মরণ করে। কেননা, মৃত্যুর মাধ্যমে তারা আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হবে।

আল্লাহর কসম! এর চেয়ে দারুণ ও চমৎকার কথা আর কিছু হতে পারে না।

টিকাঃ
৪৬. সহিহ মুসলিম।

📘 আল্লাহ আপনাকে দেখছেন > 📄 যে কথায় হৃদয় জাগে

📄 যে কথায় হৃদয় জাগে


আমি আপনাদের একটি ছোট তবে খুবই প্রভাব সৃষ্টিকারী একটি সত্য ঘটনা বলছি যা সকলের হৃদয়কে ভাবিয়ে তুলবে। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইবরাহিম আলাইহিস সালামের জান কবজ করার জন্য এলেন। হযরত ইবরাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি কি এমন কোনো বন্ধু দেখেছেন যে নিজের প্রিয় বন্ধুর জান কবজ করে? আপনি কি জানেন না, আমি আল্লাহর খলিল, তার বন্ধু। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কি কখনো এমন বন্ধুকে দেখেছেন যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ অপছন্দ করে? এ কথা শুনে হযরত ইবরাহিম আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মওত! আপনি দ্রুত আমার জান কবজ করুন।

وَلَمَّا خُيِّرَ نَبِيُّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْحَيَاةِ الدُّنْيَا، وَ لِقَاءِ اللهِ عَزَّ وَجَلَّ، قَالَ بَلْ الرَّفِيقِ الْأَعْلَى بَلْ الرَّفِيقِ الْأَعْلَى
'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পার্থিব জীবন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের কোনো একটি বেছে নিতে বলা হলো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
بَلْ الرَّفِيقِ الْأَعْلَى بَلْ الرَّفِيقِ الْأَعْلَى
'আমি বরং আল্লাহর সাক্ষাৎ চাই। আমি বরং আল্লাহর সাক্ষাৎ চাই।'

হযরত রাবি ইবনে হাইছাম বলেন, 'আমার পিতা যখন মৃত্যুশয্যায় তখন আমার বোন তার শিয়রে বসে অঝোরে কান্নাকাটি করছিল। আমার পিতা তখন তাকে বললেন, হে আমার মেয়ে! তুমি কেঁদো না। আমার জন্য আজ বড় সুসংবাদ যে, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে যাব। এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে! পার্থিব জীবনের প্রতি আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার মন ও হৃদয় পরম প্রিয় প্রভুর সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে আছে। আমি অস্থিরতা অনুভব করছি আল্লাহর সাক্ষাতের জন্য। দুনিয়ার সকল কিছুর চেয়ে আমার নিকট আল্লাহর সাক্ষাৎ এখন অধিক প্রিয়।'

জনৈক বেদুইন একবার কঠিন রোগাক্রান্ত হলো। তখন তাকে বলা হলো তুমি মারা যাবে। মৃত্যুর কথা শুনে বেদুইন বলল, মৃত্যুর পর আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? উপস্থিত লোকেরা বলল, আল্লাহ তায়ালার নিকট। এ কথা শুনে বেদুইনের মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। প্রফুল্লচিত্তে সে বলল, তাহলে কতই-না উত্তম এ মৃত্যু যা আমাকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছে!

হযরত আহমদ ইবনে হাওয়ারি রহ. বলেন, আমি হযরত সুলাইমান আদ দারেমিকে আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট মুনাজাতরত অবস্থায় দেখেছি। আমি শুনেছি, তিনি কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, 'হে আল্লাহ! তুমি যদি আমাকে জাহান্নামে দাও, তাহলে আমি জাহান্নামকে বলব, হে জাহান্নাম! আমি আল্লাহকে ভালোবাসি।' আহমদ ইবনে হাওয়ারি বলেন, আমি বহু আল্লাহ প্রেমিকের কথা শুনেছি। তারা আল্লাহর রহমতের আশা করতেন। তারা আল্লাহ তায়ালার অফুরান দয়া ও অনুগ্রহ প্রার্থনা করতেন। সমগ্র পৃথিবী তাদের নিকট তুচ্ছ মনে হতো। সবকিছুর বিনিময়ে তারা আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য কামনা করতেন। পার্থিব জীবনের প্রতি তাদের কোনো মোহ ছিল না। তাদের ধ্যানজ্ঞান ছিল একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। কেবলই আল্লাহ।

হযরত আবু আইয়ুব সাখতিয়ানি বলেন, আল্লাহ তায়ালা তার সকল নেয়ামতকে দুনিয়ার লোকদের মাঝে বণ্টন করে দিয়েছেন। সেসব নেয়ামত থেকে আমাকে তিনি দিয়েছেন ইসলামের নেয়ামত। আমি আমার প্রভুর নিকট আরো একটি নেয়ামতের জন্য প্রার্থনা করি, সেটি হলো, আল্লাহর সাক্ষাৎ ও তার দর্শন। দুনিয়ার সকল নেয়ামত থেকে আমার নিকট তা মূল্যবান।

প্রখ্যাত মুহাদ্দিস ও ফকিহ হযরত আবদুল্লাহ ইবনুল মুবারক রহ. বলেন, একরাতে আমি সুফিয়ান সাওরির নিকট গেলাম। দেখি তিনি হাঁটুর ওপর ভর দিয়ে মাথা জমিনের দিকে দিয়ে চুপচাপ বসে আছেন। চোখ দুটি বিমর্ষ। সুফিয়ান সাওরিকে তখন নিদারুণ বিষণ্ণ ও অসহায় দেখাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, 'আপনার এ অবস্থা কেন? কোন জিনিস আপনাকে বিষণ্ণ করে তুলেছে? তিনি বললেন, 'আমি ধারণা করছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। পরকালের ভয় আমাকে অস্থির করে তুলেছে। আবদুল্লাহ ইবনে মুবারক রহ. বলেন, আমি তখন তাকে কুরআনের এই আয়াত স্মরণ করিয়ে দিলাম,

وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ
'আমার অনুগ্রহ সবকিছুতে পরিব্যাপ্ত। ⁴⁷

তখন সুফিয়ান সাওরি হেসে উঠলেন। তার চোখে-মুখে ফুটে উঠল আনন্দের দীপ্তি। প্রশান্তচিত্তে তিনি বললেন, ঐ আল্লাহর শপথ! যিনি আমাকে দান করেছেন অফুরন্ত নেয়ামত। সে-সব নেয়ামতের কৃতজ্ঞতা আল্লাহর তাওফিক ও অনুগ্রহ ছাড়া আদায় করা সম্ভব নয়।

হযরত রাবি ইবনে আনাস বলেন, আল্লাহকে ভালোবাসার নিদর্শন হলো, বেশি বেশি জিকির করা। অন্তরে আল্লাহর সাক্ষাতের তীব্র আকাঙ্ক্ষা পোষণ করা। সুতরাং, আল্লাহকে যে বেশি ভালোবাসতে চায় সে যেন বেশি বেশি জিকির করে এবং অন্তরে আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে।'

টিকাঃ
৪৭. সুরা আরাফ: ১৫৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00