📘 আল্লাহ আপনাকে দেখছেন > 📄 ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া

📄 ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া


বান্দা আল্লাহকে ভালোবাসার প্রমাণ ও নিদর্শন হলো, পার্থিব জীবনে বান্দা সকল বিপদ-মুসিবতে ধৈর্যধারণ করা। যাবতীয় বিপদ-মুসিবতকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করা। ভালোবাসার পরীক্ষায় বান্দাকে পাশ করতে হবে প্রবল ধৈর্যধারণের মাধ্যমে। হে আল্লাহর বান্দা! তাই জীবনের ওপর যত বিপদ-মুসিবত আসুক না কেন, চাই তা নিজের ওপর হোক, চাই পরিবার-পরিজনের ওপর হোক অথবা চাই ধন-সম্পদের উপর। সকলপ্রকার বিপদ-মুসিবতে ধৈর্যধারণ করা বান্দা আল্লাহকে ভালোবাসার প্রমাণ স্বরূপ। এর চেয়ে উত্তম আর কী রয়েছে যে, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে বান্দা ধৈর্যধারণ করবে? এর মাধ্যমে বান্দার আল্লাহকে ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। আর ধৈর্য একটি উত্তম ইবাদতও বটে। যার মাধ্যমে অর্জিত হয় আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি।

কিন্তু দুঃখজনক সত্য হলো, আজ অধিকাংশ মানুষ আল্লাহকে ভালোবাসার মিথ্যা দাবিদার। তারা আল্লাহকে ভালোবাসার যে দাবি করে তা আদৌ সত্য নয়। কেননা, আল্লাহ তায়ালা যখন তাদের বিপদ-আপদের মাধ্যমে পরীক্ষা করেন, তখন তাদের বাস্তবতা ফুটে ওঠে। তখন ভালোবাসার কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায় না। বিপদে তারা ধৈর্যধারণ করতে পারে না। ফলে ভালোবাসার পরীক্ষায় তারা অকৃতকার্য হয়। আর তারা নিজেদের দাবির ক্ষেত্রে প্রমাণিত হয় মিথ্যুক ও প্রতারক।

আল্লাহ তায়ালা বিপদ-মুসিবতে ধৈর্যের পরীক্ষা দিয়ে বান্দাদের ভালোবাসা পরখ করেন। পার্থিব দুঃখ-কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন, কারা প্রকৃতার্থে আল্লাহকে ভালোবাসে। কারা তার প্রিয় ও নৈকট্যশীল বান্দা। আর কারা তার অবাধ্য। কারা ভালোবাসার দাবির ক্ষেত্রে অসত্য। আল্লাহ সুবহানাহু তায়ালা পবিত্র কুরআনে হযরত আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘ ঘটনা বর্ণনা করেছেন। তার ওপর একের-পর-এক আপতিত বিপদ ও মুসিবতের বিবরণ দিয়েছেন। অতঃপর ইরশাদ করেছেন,

إِنَّا وَجَدْنَاهُ صَابِراً

'আমি তাকে ধৈর্যধারণকারী হিসেবে পেয়েছি। ²⁴

অপর আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا

'তুমি তোমার প্রভুর নির্দেশের জন্য ধৈর্যধারণ করো, তুমি তো আমার চোখের সামনেই রয়েছ।'²⁵

আরো ইরশাদ করেন,

وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّه

'আপনি ধৈর্যধারণ করুন। আপনার ধৈর্যধারণ একমাত্র আল্লাহর জন্য।'²⁶

আল্লাহ সুবহানাহু তায়ালা ধৈর্যশীলদের প্রশংসা করে বলেন,

وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاء والضَّرَّاء وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ

'যারা দুঃখ কষ্টে, অভাব-অনটনে, ও ভয়ের সময়ে ধৈর্যধারণ করে তারাই খাঁটি মুমিন এবং তারাই মুত্তাকি।'²⁷

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
وما أعطي أحد عطاء خير وأوسع من الصبر
'ধৈর্যের চেয়ে অধিক উত্তম কিছু কাউকে দেওয়া হয়নি।'

হযরত আলি রা. বলেন, 'তুমি কখনো পার্থিব দুঃখ-কষ্টের ব্যাপারে কারো নিকট অভিযোগ করো না এবং তোমার বিপদ ও মুসিবতের কথা আলোচনা করো না। জেনে রাখো, ধৈর্যই উত্তম সমাধান।'

আল্লাহ তায়ালা ধৈর্যধারণকারীদের সুসংবাদ দিয়েছেন,

وَبَشِّرِ الصَّابِرِينَ

'হে নবী! আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।'²⁸

কতই-না উত্তম সুসংবাদ ধৈর্যধারণকারীদের জন্য! আল্লাহপ্রদত্ত সুসংবাদের চেয়ে উত্তম সুসংবাদ আর কী হতে পারে? বান্দা বিপদ-মুসিবতে ধৈর্যধারণ করে আল্লাহকে ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়। আর তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাদের দুনিয়া-আখেরাতে শুভ পরিণাম এবং উত্তম বিনিময়ের সুসংবাদ দিয়েছেন। বান্দা যেমন আল্লাহ সুবহানাহু তায়ালাকে ভালোবাসে, তেমনি আল্লাহও তার বান্দাকে ভালোবাসেন। কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা সে দ্বিপাক্ষিক ভালোবাসার ঘোষণা দিয়ে বলেন,
يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ
'আল্লাহ তাদের ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসেন।' ²⁹

তব নামের জিকিরে ধ্যানমগ্ন

আল্লাহ তায়ালাকে বান্দা ভালোবাসার প্রমাণ ও নিদর্শন হলো, বান্দা বেশি বেশি তার জিকির করা। সকাল-সন্ধ্যায়, দিনে-রাতে সর্বদা আল্লাহর জিকির করা। বান্দার জবান কখনো আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে না। কখনো বান্দার অন্তর আল্লাহর ভালোবাসা থেকে খালি থাকবে না। বান্দার মন ও হৃদয়ের তৃষ্ণা নিবারণ হবে পবিত্র সে নামের জিকিরের মাধ্যমে। কেননা, কেউ যখন কাউকে ভালোবাসে, তখন ভালোবাসার নিদর্শন স্বরূপ সে তাকে বারবার স্মরণ করে। তার নাম যতই উচ্চারণ করে ততই মুখে ও অন্তরে অপার্থিব মিষ্টতা অনুভব করে। কখনো তার স্মরণ থেকে সে বিমুখ হয় না। রাত-দিন অষ্টপ্রহর অন্তরে তার উপস্থিতি উপলব্ধি করে। এর মাধ্যমে সে মানসিক ও শারীরিক উৎফুল্লতা অনুভব করে। তার মন ও হৃদয় থাকে সতেজ। সর্বদা তার অন্তরে বিরাজ করে অপার আনন্দ। ভালোবাসা এমনই দাবি করে। তদ্রূপ, বান্দা যখন আল্লাহ সুবহানাহু তায়ালাকে ভালোবাসবে তখন বান্দা আল্লাহ তায়ালার জিকির করবে। অন্তরে ও মুখে ক্রমাগত স্মরণ করবে প্রেমাস্পদ আল্লাহকে। তার চোখ-মুখ, হাত-পা, ভেতর-বাহির সকল অঙ্গ-প্রত্যঙ্গ থেকে আল্লাহর আনুগত্য প্রকাশ পাবে। তার চোখ কোনো হারাম জিনিসের দিকে তাকাবে না। তার মুখ কখনো গিবত করবে না। অশ্লীল কথা বলবে না। তার হাত কারো জিনিস অন্যায়ভাবে ধরবে না। কারো ওপর জুলুম করবে না। তার পা কোনো নাজায়েজ স্থান মাড়াবে না। তার অন্তর কোনো মন্দকাজের কল্পনা করবে না। আল্লাহ যেহেতু হারাম থেকে বেঁচে থাকতে আদেশ করেছেন, তাই সে-সকল হারাম থেকে বেঁচে থাকবে। আল্লাহ যে-সমস্ত কাজের আদেশ করেছেন, সে-সব পালনে অধিকতর সচেষ্ট হবে। সকল অন্যায় ও পাপাচার থেকে একনিষ্ঠভাবে বিরত থাকবে। আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হবেন এমন কোনো কাজ সে করবে না। বরং আল্লাহ সুবহানাহু তায়ালা খুশি ও সন্তুষ্ট হবে এমন কাজে সর্বদা সে ব্যস্ত থাকবে। আর সে এসব তখনই করতে পারবে যখন বান্দা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে অন্তরে ও জবানে।

আল্লাহর জিকির ও স্মরণের মাঝে রয়েছে আশ্চর্য প্রভাব। এর মাধ্যমে বান্দার অন্তর শক্তিশালী ও সুদৃঢ় হয়। বান্দার অন্তর থেকে সকল প্রকার চিন্তা-পেরেশানি ও অস্থিরতা দূর হয়ে যায়। বান্দা তখন হয়ে ওঠে ফুরফুরে ও প্রশান্তময়। জিকিরের মাধ্যমে বান্দার হৃদয় হয়ে ওঠে আলো বিভাময়। আল্লাহ সুবহানাহু তায়ালা কুরআনুল কারিমে জিকির প্রসঙ্গে ইরশাদ করেন,

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
'জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।³⁰

আল্লাহ সুবহানাহু তায়ালা বান্দাদের বেশি বেশি জিকির করার আদেশ করেছেন। দাঁড়ানো অবস্থায় জিকির করতে বলেছেন। বসা অবস্থায় জিকির করতে বলেছেন। হৃদয় যখন প্রশান্ত থাকে তখন জিকির করতে বলেছেন। আমাদের হৃদয় যখন অস্থির ও বেকারার থাকে তখনও জিকির করতে বলেছেন। একটি মুহূর্তও যেন আল্লাহ তায়ালার জিকির থেকে বান্দা গাফেল না থাকে। বান্দা যে আল্লাহকে ভালোবাসার দাবি করে, সে ভালোবাসার স্বপক্ষে তো এটিই উত্তম দলিল ও নিদর্শন।

টিকাঃ
২৪. সুরা সাদ: ৪৪।
২৫. সুরা তুর: ৪৮।
২৬. সুরা নাহল: ১২৭।
২৭. সুরা বাকারা: ১৭৭।
২৮. সুরা বাকারা: ১৫৫।
২৯. সুরা মায়েদা: ৫৪।
৩০. সুরা রাদ: ২৮।

📘 আল্লাহ আপনাকে দেখছেন > 📄 হৃদয়-মনে আঁকা তার নাম

📄 হৃদয়-মনে আঁকা তার নাম


আল্লাহ তায়ালার জিকির তখনই অধিক ফলপ্রসূ হবে যখন জবানের সাথে সাথে বান্দার অন্তরও জিকির করবে। জবান ও অন্তর উভয়টি যখন একসঙ্গে জিকির করবে তখন বান্দা হৃদয়ে আল্লাহর ভালোবাসা অধিক উপলব্ধি করবে। আর প্রকৃত জিকির তো অন্তরেই হয়ে থাকে। জবান হলো তার প্রকাশস্থল মাত্র। জিকির যদি কেবল জবানের মাঝে সীমাবদ্ধ থাকে, হৃদয়ের গভীরে রেখাপাত না করে, তাহলে সে জিকির বান্দার কোনো উপকারে আসে না। তাই বাহ্যিক জবানের পাশাপাশি অন্তরেও জিকির করতে হবে। হযরত হাসান বসরি রহ. বলেছেন,

تفقدوا الحلاوة في ثلاثة أشياء : في الصلاة وفي الذكر و قراءة القرآن فإن وجدتموها وإلا فاعلموا أن الباب مغلق
'তোমরা তিনটি জিনিসের মাঝে স্বাদ ও মিষ্টতা অনুসন্ধান করো। নামাজের মাঝে, জিকিরের মাঝে এবং কুরআন তিলাওয়াতের মাঝে। যদি এ তিনটির মাঝে স্বাদ না পাও তাহলে মনে রেখো! দুয়ার বন্ধ হয়ে গেছে।'

হযরত যুননুন মিসরি রহ. বলেছেন,
ما طابت الدنيا إلا بذكره ولا طابت الآخرة إلا بعفوه ولا طابت الجنة إلا برؤيته
'দুনিয়ার মিষ্টতা হলো আল্লাহর জিকিরের মাঝে। আখেরাতের মিষ্টতা হলো আল্লাহর ক্ষমার মাঝে। জান্নাতের মিষ্টতা হলো, আল্লাহকে দেখার মাঝে।'

হযরত আয়েশা রা. বলেছেন,
كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله تعالى على كل أحيانه
'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন।'³¹

টিকাঃ
৩১. সহিহ বুখারি, সহিহ মুসলিম।

📘 আল্লাহ আপনাকে দেখছেন > 📄 জিকিরকারীর সম্মান ও মর্যাদা

📄 জিকিরকারীর সম্মান ও মর্যাদা


রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
إن الله ملائكة يطوفون في الطريق يلتمسون أهل الذكر، فإذا وجدوا قوماً يذكرون الله تنادوا: هلموا إلى حاجتكم، قال: فيحفونهم بأجنحتهم إلى السماء الدنيا، فيسألهم ربهم جل في علاه وهو أعلم بهم: ما يقول عبادي؟ فيقولون: يسبحونك ويكبرونك ويمجدونك ويحمدونك، فيقول جل في علاه: هل رأوني؟ فيقولون: لا والله ما رأوك، فيقول: كيف لو رأوني؟ فيقولون: لو رأوك كانوا أشد لك عبادة، وأشد لك تمجيداً وتحميداً وأكثر تسبيحا قال: فيقول جل في علاه: فما يسألونني؟ قال: فيقولون: يسألونك الجنة، فيقول: هل رأوها ؟ فيقولون: لا والله يا رب ما رأوها، فيقول: فكيف لو رأوها؟ فيقولون: لو أنهم رأوها لكانوا أشد عليها حرصاً، وأشد لها طلباً، وأعظم فيها رغبة)، فأين المشمرون؟ قال فيقول: فمم يتعوذون؟ فيقولون: من النار، فيقول: هل رأوها؟ فيقولون: لا والله يا رب ما رأوها، فيقول: كيف لو رأوها؟ فيقولون: لو رأوها لكانوا أشد منها فراراً، وأشد لها مخافة)، اللهم أجرنا من النار فيقول: أشهدكم أني قد غفرت لهم، فيقول ملك من الملائكة: فيهم فلان ليس منهم، إنما جاء لحاجة، فيقول جل في علاه: وله قد غفرت، هم القوم لا يشقى بهم جليسهم
'আল্লাহর একদল ফেরেশতা রয়েছেন, যারা আল্লাহর জিকিররত লোকদের অন্বেষণে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করেন। যখন তারা কোথাও আল্লাহর জিকিররত লোকদের দেখতে পান, তখন তাদের একজন অন্যজনকে ডাকাডাকি করে বলেন, তোমরা নিজ নিজ কর্তব্য সম্পাদনের জন্য এদিকে চলে এসো। তখন তারা সকলে এসে তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটস্থ আসমান পর্যন্ত। তখন তাদের রব তাদের জিজ্ঞেস করেন, (অথচ ফেরেশতাদের চেয়ে তিনি বেশি জানেন।) আমার বান্দারা কী বলছে তখন তারা জবাব দেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ করছে, তারা আপনার প্রশংসা করছে এবং আপনার মাহাত্ম্য বর্ণনা করছে। আল্লাহ তখন জিজ্ঞেস করেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতাগণ বলেন, হে আমাদের রব! আপনার কসম! তারা আপনাকে দেখেনি। আল্লাহ বলেন, আচ্ছা যদি তারা আমাকে দেখত? ফেরেশতারা বলেন, যদি তারা আপনাকে দেখত তাহলে তারা আরো বেশি আপনার ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মাহাত্ম্য বর্ণনা করত, আর বেশি বেশি আপনার পবিত্রতা বর্ণনা করত।

আল্লাহ বলেন, তারা আমার নিকট কী চায়? ফেরেশতা বলেন, তারা আপনার নিকট জান্নাত চায়। তিনি জিজ্ঞেস করেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, আপনার সত্তার কসম হে রব! তারা জান্নাত দেখেনি। আল্লাহ জিজ্ঞেস করেন, তারা যদি দেখত তবে তারা কী করত? ফেরেশতারা বলেন, যদি তারা জান্নাত দেখত তাহলে তারা জান্নাতের আরো বেশি আশা করত, আরো অধিক চাইত এবং এর জন্য আরো অতিশয় উৎসাহী হতো। আল্লাহ তায়ালা জিজ্ঞেস করেন, তারা কীসের থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলেন, জাহান্নাম থেকে। আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহর কসম! হে রব! তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ বলেন, তারা যদি জাহান্নাম দেখত তাহলে তাদের কী হতো? ফেরেশতারা বলেন, তারা যদি দেখত তাহলে তারা এ থেকে দ্রুত পালিয়ে যেত এবং সাংঘাতিক ভয় করত। তখন আল্লাহ তায়ালা বলেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের মাফ করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক আছে, যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ বলেন, তারা এমন যাদের বৈঠকে অংশগ্রহণকারী কেউ বিমুখ হয় না।³²

আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْراً كَثِيراً، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلاً، هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُ سَلَامُ وَأَعَدَّ لَهُمْ أَجْراً كَرِيماً
'হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সকাল-সন্ধ্যা তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। তিনিই তোমাদের প্রতি অনুগ্রহ করেন। তার ফেরেশতাগণ তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে। যেন তিনি তোমাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারেন। তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। যেদিন তারা আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের প্রতি অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য এক মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন।³³

সুতরাং, বান্দা আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো, বান্দা যখন একাকী নিভৃতে থাকে তখন আল্লাহ তায়ালার জিকির করে। জিকির করতে করতে তার চক্ষুদ্বয় বিগলিত হয়। আল্লাহর জিকিরের প্রভাবে তার চোখ থেকে ঝরতে থাকে অশ্রু, যা এক গভীরতম ভালোবাসার নিদর্শন।

আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেন,

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ الله وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
'মুমিনগণ তারা যাদের সামনে আল্লাহর আলোচনা করলে তাদের অন্তর ভীত হয়, যখন তাদের নিকট আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তা তাদের ঈমানকে বৃদ্ধি করে। তারা তাদের প্রতিপালকের ওপর ভরসা করে।³⁴

টিকাঃ
৩২. সহিহ মুসলিম।
৩৩. সুরা আহযাব: ৪১-৪৪।
৩৪. সুরা আনফাল: ২।

📘 আল্লাহ আপনাকে দেখছেন > 📄 কুরআন তিলাওয়াত সর্বোত্তম জিকির

📄 কুরআন তিলাওয়াত সর্বোত্তম জিকির


অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত করা। কুরআন হলো উত্তম জিকির। কেননা, কুরআন সরাসরি আল্লাহর বাণী। যে ব্যক্তি কুরআন পড়ছে সে যেন আল্লাহর সাথে কথোপকথন করছে। কুরআন মানবজাতির মুক্তি ও হেদায়েতের পরশপাথর। কুরআন তিলাওয়াতের মাধ্যমে হৃদয়-মন আলোকিত হয়। অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ؛ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبُ, وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ؛ كَمَثَلِ التَّمْرَةِ لَا رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْو, وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ؛ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ لَيْسَ لَهَا رِيحُ وَطَعْمُهَا مر.
'মুমিন যে কুরআন তিলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো, জাম্বির (এক ধরনের টকজাতীয় ফল) ফলের ন্যায়। তার ঘ্রাণ ও স্বাদ উভয়টি উত্তম। আর যে মুমিন কুরআন তিলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের ন্যায়। যার কোনো ঘ্রাণ নেই কিন্তু স্বাদ মিষ্টি। ওই মুনাফিক যে কুরআন তিলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো রায়হানার (পুদিনাজাতীয় এক প্রকার গুল্ম) ন্যায়। যার ঘ্রাণ উত্তম কিন্তু স্বাদে তিক্ত। ঐ মুনাফিক যে কুরআন তিলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো, হানজালার (তরমুজের মতো মাটিতে ফলানো অবস্থায় উৎপন্ন হয় এমন একজাতীয় ফল) ন্যায়, যার কোনো ঘ্রাণ নেই এবং তার মিষ্টতাও নেই-তিক্ত। ³⁵

টিকাঃ
৩৫. সহিহ বুখারি, সহিহ মুসলিম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00