📄 তালুত বাহিনীর দু'আ
হযরত মূসা আলাইহিস সালামের পর বনি ইসরাঈলরা তাদের কোনো একজন নবীকে বললো: 'আমাদের জন্যে একজন বাদশাহ নিযুক্ত করে দিন, যেনো আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি।' আল্লাহ্ তাদের জন্যে তালুতকে বাদশাহ নিযুক্ত করেন। তালুত যখন খোদাদ্রোহী ও অত্যাচারী জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্যে রওয়ানা করেন, তখন তিনি তাঁর বাহিনীকে সম্বোধন করে বলেন: "একটি নদীকে কেন্দ্র করে আল্লাহ্ তোমাদেরকে পরীক্ষা ও যাচাই করবেন। যে ব্যক্তি নদীর পানি পান করবে, সে আমার সংগী নয়। আমার সংগী কেবল তারাই হবে, যারা নদী অতিক্রমকালে তা থেকে পানি পান করবেনা। অবশ্য দু'এক অঞ্জলি পান করা স্বতন্ত্র কথা” ১৪ কিন্তু একটি ক্ষুদ্র দল ছাড়া বাকি সবাই আকণ্ঠ পানি পান করে অবসাদগ্রস্ত হয়ে পড়লো এবং তারা যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়ে বললো: 'জালুত এবং তার বাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি সাহস আমাদের নেই।' কিন্তু খোদার সান্নিধ্য লাভের আকাঙ্খী মুজাহিদদের ক্ষুদ্র একটি দল ময়দানে জং-এর দিকে রওয়ানা করে বললো:
كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ ، وَاللَّهُ مَعَ الصَّبِرِينَ .
অর্থ: কতোবার এমন দেখা গেছে যে, আল্লাহ্র ইচ্ছায় একটি ক্ষুদ্র দল বিরাট বাহিনীর উপর বিজয়ী হয়েছে। আর আল্লাহ্ দৃঢ়তা অবলম্বনকারী লোকদের সাথেই থাকেন। (সূরা ২ আল বাকারা: ২৪৯)
অতপর ক্ষুদ্র বাহিনী যখন খোদাদ্রোহী জালুত এবং তার সেনা বাহিনীর সম্মুখীন হলো, তখন তারা তাদের পরওয়ারদিগারের দরবারে দু'আ করলো:
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَ ثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِينَ .
অর্থ: ওগো আমাদের পরওয়ারদিগার! আমাদের দৃঢ়তা দান করো। (ময়দানে) আমাদের কদম অটল, অবিচল ও সুদৃঢ় রাখো আর কাফের বাহিনীর উপর আমাদের বিজয় দান করো। (সূরা ২ আল বাকারা: ২৫০)
টিকাঃ
১৪. সূরা ২ আল বাকারা: ২৪৯।
📄 নবীগণের সাথি মুজাহিদদের দু'আ
ওহুদ যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেয়ার মিথ্যা খবর প্রচারিত হয়ে পড়লে সাহাবাগণের অনেকেই নবী পাকের মৃত্যুশোকে বিমূঢ় হয়ে পড়েন। তাছাড়া দ্বিমুখী আক্রমণের ফলে এ যুদ্ধে মুসলিম বাহিনী কিছুটা ছত্রভংগ হয়ে পড়ে। অনেকেই মনোবল হারিয়ে ফেলেন। এ যুদ্ধের পরাজয়ে কিছু লোকের মন ভেংগে পড়েছিল এবং কিছুদিন পর্যন্ত এ পরাজয়ের প্রভাব তাঁদের উপর ক্রিয়াশীল ছিলো। এরি প্রেক্ষিতে আল্লাহ্ তায়ালা অহী নাযিল করেন :
"মুহাম্মদ একজন রসূল ছাড়া কিছুই নয়। তার পূর্বেই অনেক রসূল গত হয়েছে। সুতরাং সে যদি মরে যায় কিংবা নিহত হয়, তবে কি তোমরা (তার আদর্শ থেকে) উল্টা দিকে ফিরে যাবে? মনে রেখো, যারা বিপরীত দিকে ফিরে যাবে, তারা আল্লাহ্ কোনো ক্ষতি করতে পারবেনা আর যারা আল্লাহ্র কৃতজ্ঞ বান্দাহ হয়ে থাকবে তাদেরকে এর প্রতিফল আল্লাহ্ দান করবেন।...এর পূর্বে আরো কতো নবী এসেছিল। বহু আল্লাহওয়ালা লোক তাদের সাথে মিলে লড়াই করেছে। আল্লাহ্ পথে তাদের উপর যতো বিপদই এসেছিল, সে জন্যে তারা হতাশ হয়ে যায়নি। দুর্বলতা দেখায়নি। (বাতিলের সামনে) মাথা নতো করেনি। বস্তুত, আল্লাহ্ এরূপ ধৈর্যশীল লোকদেরই পছন্দ করেন। তারা তো কেবল এই দু'আই করতো :
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِينَ .
অর্থ: পরওয়ারদিগার! আমাদের ভুলত্রুটি ও অক্ষমতাকে ক্ষমা করো। আমাদের কাজে কর্মে তোমার নির্দিষ্ট সীমা যা কিছু লংঘিত হয়েছে, তা মাফ করে দাও। আমাদের কদম মজবুত করে দাও। আর কাফেরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো। (সূরা ৩ আলে ইমরান ১৪৭)
শেষ পর্যন্ত আল্লাহ্ তাদেরকে দুনিয়ার সওয়াবও দান করেন, আর তা থেকে উত্তম পরকালীন সওয়াবও দান করলেন। বস্তুত আল্লাহ্ এরূপ মুহসিন লোকদেরই ভালোবাসেন। ১৫
টিকাঃ
১৫. সূরা আলে ইমরান: ১৪৪-১৪৮।
📄 সাবেক দীনি ভাইদের জন্যে দু'আ
আল্লাহ্ তায়ালা কুরআন মজীদে মুমিনদের একটি বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন: তারা তাদের পূর্বগামী ভাইদের জন্যে এভাবে মাগফিরাতের দু'আ করে :
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيْمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلا للَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ .
অর্থ: পরওয়ারদিগার! আমাদের মাফ করে দাও। আর মাফ করে দাও আমাদের সেসব ভাইদের, যারা আমাদের পূর্বে ঈমান এনেছেন। প্রভু, আমাদের দিলে ঈমানদার লোকদের জন্যে কোনো প্রকার হিংসা ও শত্রুভাব রেখোনা। পরওয়ারদিগার! তুমি বড়ই অনুগ্রহ সম্পন্ন এবং করুণাময়। (সূরা ৫৯ আল হাশর: ১০)