📄 স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি জঘন্যতম কাজ
فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ - - (البقرة : ১০২)
"তারা (ফেরেশতাদের কাছে) এমন তদবীর শিখতো যাতে তারা স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো।"-(সূরা আল বাকারা: ১০২)
স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি জঘন্যতম কাজ
হযরত সোলায়মান আলাইহিস সালামের যুগের একটি ঘটনা এখানে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। তখন লোকদের নিকট অধিকতর চাহিদার বিষয় ছিল তাবিজ-তুমার বা যাদুর প্রভাবে অন্যের স্ত্রীকে তার থেকে বিচ্ছেদ ঘটিয়ে নিজের দিকে আকৃষ্ট করা। হারূত ও মারূত নামের দু'জন ফেরেশতাকে আল্লাহ তা'আলা পরীক্ষার জন্যে দুনিয়াতে পাঠিয়েছিলেন। শেষ পর্যন্ত তারা পরীক্ষায় টিকতে পারেনি। ঘটনাটি সংক্ষেপে এই : একদা কতিপয় ফেরেশতা মানব জাতির আমল নিয়ে সমালোচনা করে আল্লাহকে বললো, যেই মানব জাতিকে তোমার ইবাদাতের জন্যে সৃষ্টি করেছ, তারাই তো তোমার নাফরমানীতে লিপ্ত। আল্লাহ বললেন, মানুষ আমাকে দেখছে না বিধায় এমনটি করছে। কোনো কোনো বর্ণনা মতে ফেরেশতাদের অভিযোগ ছিল মানুষ দুনিয়াতে ন্যায় বিচার করে না। আল্লাহ বললেন : তোমাদের মধ্য থেকে দু'জন ফেরেশতাকে আন। অধিক সদাচারী দু'জন ফেরেশতা হারূত ও মারূতকে নফসের খাহেশ দিয়ে পরীক্ষার জন্যে দুনিয়াতে পাঠানো হলো। জোহরা নাম্নী একটি অতি সুন্দরী মহিলাকে দেখে তারা ঠিক থাকতে পারলো না। কোনো কোনো বর্ণনা মতে মহিলাটি হযরত হারূত ও মারূতের আদালতে তার স্বামীর বিরুদ্ধে এক মোকদ্দমা নিয়ে এসেছিল। অবশেষে হত্যা করা, শরাব পান করা ও মূর্তিপূজা করার মধ্যে যে কোনো একটি শর্ত পূরণ করলে ঐ মহিলা ফেরেশতাদ্বয়কে তাদের বাসনা পূরণ করতে দেবে বলে সম্মতি জানালো। কিন্তু আল্লাহ তো তাদের পাঠানোর সময় ঐসব কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন। শেষ পর্যন্ত তাদের প্রবৃত্তির ওয়াসওয়াসায় তারা শরাব পান করাকে অপেক্ষাকৃত কম জঘন্য মনে করে শরাব পান করলো। অতপর যেই একজন ফেরেশতা তার বাসনা পূরণে উদ্যত হলো তখনি মহিলাটি বললো, আচ্ছা তোমরা কি পড়ে আকাশে উঠে যাও তা আমাকে বলো। তবে তোমাদের মনোবাঞ্ছা পূরণ করবো। তারা তাকে ওটা শিক্ষা দিল। মহিলাটি তা পড়ে আকাশে উঠে গেল। সেখানে সে অগ্নিপিণ্ডে পরিণত হয়ে স্থবীর হয়ে গেল। আজকেও জোহরা সেতারা নামে মানুষ তাকে জানে। তাফসীরকারকদের এ ঘটনাকে অনেক মুহাক্কিক আলেম ইসরাঈলী রেওয়ায়াতের অন্তর্ভুক্ত মনে করেন। হযরত মাওলানা আশরাফ আলী থানবী তাঁর তাফসীরে বলেছেন: যে এ ঘটনাটি কোনো নির্ভরযোগ্য রেওয়ায়েত দ্বারা সমর্থিত নয়। ইবনে কাসীরের উদ্ধৃত এ ঘটনাকে তিনি আয়াতের ব্যাখ্যার ভিত্তি নয় বলে উল্লেখ করেছেন।
উপরোক্ত আয়াতে তখনকার মানুষ যে ঐ দু'জন ফেরেশতা থেকে স্বামী- স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর তদবীর বা যাদু শিখতো; তাদের নৈতিক অধঃপতনের সেই জঘন্যতম অবস্থার বর্ণনা করা হয়েছে। ফেরেশতাদ্বয় মানুষকে স্পষ্ট ভাষায় সাবধান করে দিতো যে, আমরা তো পরীক্ষার জন্যে এসেছি। সুতরাং তোমরা এসব করে-নিজের পরকাল ধ্বংস করো না। এতদসত্ত্বেও মানুষ তাদের কাছ থেকে তাবীজ-তুমার বা আমালিয়াত গ্রহণের জন্যে পাগল হয়ে গেল।
মুফতী মুহাম্মদ শফী (র) তাঁর "তাফসীরে মাআরেফুল কুরআনে" হযরত মাওলানা আশরাফ আলী থানভীর বায়ানুল কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, এক সময়ে বাবেল শহরে যাদু বিদ্যার খুব প্রচলন ছিল। যাদুর অত্যাশ্চার্য ক্রিয়া দেখে মূর্খ লোকদের মধ্যে যাদু ও মোজেযার মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। কেউ কেউ যাদুকরদের সজ্জন ও অনুসরণ যোগ্য মনে করতে থাকে, আবার কেউ কেউ যাদুকে পূন্য কাজ মনে করে তা শিখতে ও আমল করতে থাকে। যেমন আজকাল মেমারিজমের বেলায়ও তাই হচ্ছে। এ বিভ্রান্তি দূর করার উদ্দেশ্যে আল্লাহ তা'আলা বাবেল শহরে হারূত ও মারূত দুজন ফেরেশতা পাঠান। তাদের দায়িত্ব ছিল যাদুর স্বরূপ ও ভেল্কিবাজী সম্পর্কে জনগণকে অবহিত করা-যাতে বিভ্রান্তি দূর হয় এবং মানুষ যাদুর আমল ও যাদুকরদের থেকে দূরে থাকে। নবীদের নবুওয়াতের জন্য যেমন মুজেযা দেয়া হয় তেমনি হারূত ও মারূতের ফেরেশতা হওয়ার প্রমাণ সহ তাদের পাঠানো হলো। ফেরেশতাদ্বয় বাবেল শহরে তাদের কাজ শুরু করে দিলেন। তারা যাদুর মূল ও শাখা-প্রশাখা বর্ণনা করে জনগণকে এ কু-কর্ম থেকে বিরত থাকার ও যাদুকরদের ঘৃণা করার উপদেশ দিলেন। এ সময় বিভিন্ন লোক বিভিন্ন সময়ে ফেরেশতাদের কাছে আসা-যাওয়া করতে থাকে। পরে এসব যাতায়াতকারীগণ অনুরোধ করতে থাকে যে, তাদেরকেও যাদুর মূল ও শাখা-প্রশাখা শিখিয়ে দেয়া হোক যেন তারা অজ্ঞতাবশতঃ এতে বিশ্বাসী না হয়ে পড়ে অথবা কোনো অপকর্মে লিপ্ত হয়ে না পড়ে। ফেরেশতাগণ তাদের অনুরোধ রক্ষা করে যাদু শিখিয়ে তাদের সাবধান করে দিতো, "দেখ! আমাদের উপদেশ এই যে, তোমরা যেন যাদু বিদ্যা শিখেও সুনিয়্যাতের উপর কায়েম থাক। এমন যেন না হয় যে আত্মরক্ষার অজহাতে আমাদের থেকে যাদু শিখে নিজেই অপকর্মে লিপ্ত হয়ে পড়! আর দ্বীন ও ঈমান বরবাদ করে বসো। এভাবে যারা ওয়াদা অঙ্গীকার করতো তাদের যাদুর মূল ও শাখা-প্রশাখা বলে দেয়া হতো। অতপর কেউ কেউ ওয়াদা ভংগ করে সৃষ্টজীবের অনিষ্ট করতো। এটা নিশ্চিতরূপেই একটি দুষ্কর্ম ছিল।
দাম্পত্য সম্পর্ক মানব সভ্যতার ভিত্তি স্বরূপ। স্বামী-স্ত্রীর মধ্যে সুষ্ঠু ও সঠিক সম্পর্ক স্থাপিত হওয়ার উপরই গোটা মানব সমাজের সুষ্ঠুতা একান্তভাবে নির্ভর করে। অন্যথা পুরো সমাজটিই চূর্ণবিচূর্ণ হতে বাধ্য। হাদীস শরীফে আছে, ইবলীস তার কর্মকেন্দ্র থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে তার এজেন্ট প্রেরণ করে। তারা ফিরে এসে নিজ নিজ রিপোর্ট পেশ করে থাকে। কেউ বলে আমি অমুক বিপর্যয় সৃষ্টি করেছি, কেউ বলে আমি অমুক অশান্তি ঘটিয়েছি, কেউ বলে আমি অমুক পাপাচার সংঘটিত করেছি। কিন্তু তাদেরই রিপোর্টের জবাবে ইবলীস মন্তব্য করে যে, তোমরা কিছুই তো করনি। অবশেষে একটা এজেন্ট এসে বলে আমি একটি দম্পতির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করেছি। একথা শুনে ইবলীস তার সাথে আলিংগন করে বলে, "তুমিই তো একটা কাজের মত কাজ করেছ।"
মানুষের প্রকাশ্য শত্রু শয়তান মানব জীবন, মানব পরিবার ও মানব সভ্যতার ভিত্ স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করতে পারলেই খুশী হয়। আর এ সম্পর্ক স্থাপিত হয় বিবাহের পবিত্র বন্ধন দিয়ে। আজকের সমাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পর্যালোচনা করলে ঐ সময়ের শয়তানের চরিত্রের সাথে সামঞ্জস্য দেখা যায়। সে যুগের লোকদের নৈতিক ও চারিত্রিক অধপতনের গভীরতা যেমন উক্ত অবস্থা থেকে জানা যায়, তেমনি তার সাথে তুলনা করে বর্তমান সমাজকেও মূল্যায়ন করা সহজ হয়। আমাদের সমাজের প্রত্যেক আনাচে-কানাচে আজকে যেন হযরত সোলায়মান (আ)-এর যুগের লোকদের চারিত্রিক অধঃপতনের চূড়ান্ত রূপায়ণ ঘটছে। কথায় কথায় তাবীয-তুমার ও যাদু-বিছট করে সামাজিক অশান্তি মারাত্মক আকার ধারণ করেছে। তাবীয করে অন্যের স্ত্রীকে নিজের দিকে আকৃষ্ট করা, অন্যের কন্যাকে অবৈধভাবে নিয়ে যাওয়া আজকের নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আর সে পথ সহজ করে দিয়েছে বেপর্দায় মহিলাদের চলাফেরা, তাদের বেপরোয়া যত্রতত্র বিচরণ, সহশিক্ষার প্রচলন ও সিনেমা টি. ভি.র অশ্লীল ছবি প্রদর্শন। একশ্রেণীর বিকৃতমনা তথাকথিত বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দের অদূরদর্শিতা ঘেরা অজ্ঞতা আমাদের সমাজের এহেন বিরূপ পরিবেশ সৃষ্টির সহায়ক ও লালনকারীর ভূমিকায় তৎপর থাকায় এ অধপতিত সমাজের বিশুদ্ধতা লাভের সম্ভাবনার বিলুপ্তি ঘটেছে।
আজকের সমাজে মানুষ যে কোনো হীন স্বার্থ চরিতার্থ করার মানসে তারই মত আরেকজন লোককে যথাযথ কারণ ছাড়া ক্ষতিগ্রস্ত এমনকি হত্যা পর্যন্ত করে বসে। আর গ্রামে-গঞ্জে পর্যন্ত খনার-খলীফা দিয়ে তাবীজ-তুমার করে মানুষের ক্ষতি করতে এমনকি জানে শেষ করে দিতেও কুণ্ঠাবোধ করছে না। সামান্য স্বার্থ হাসিলের জন্যও মানুষ মানুষকে প্রতারিত করতে এমনকি জীবনে শেষ করে দিতে এতটুকুও ইতঃস্তুত করে না।
টিকাঃ
-(তাফসীরে ইবনে কাসীর ও মা'আরেফুল কুরআন)
📄 মাতৃগর্ভে আল্লাহই নিজের ইচ্ছানুযায়ী মানুষের আকৃতি গঠন করেন
إِنَّ اللَّهَ لاَ يَخْفَى عَلَيْهِ شَيءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَامِنْ هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ ، لَاإِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ .
"নিশ্চয়ই আল্লাহর কাছে পৃথিবী ও আকাশের কোনো কিছুই গোপন নেই। তিনি তোমাদেরকে মাতৃগর্ভে যেমন ইচ্ছা আকৃতিদান করেন। তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি প্রবল পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।” -(সূরা আলে ইমরান: ৫-৬)
মাতৃগর্ভে আল্লাহই নিজের ইচ্ছানুযায়ী মানুষের আকৃতি গঠন করেন
আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহর সর্বশক্তিমান হওয়ার বিষয় বর্ণনা প্রসংগে মানব সৃষ্টির ব্যাপারে তার সৃষ্টি নৈপুণ্যের কথা বর্ণনা করা হয়েছে। তিনি মানুষকে মায়ের উদরে তিনটি অন্ধকার পর্যায়ে অত্যন্ত সুনিপুণতার সাথে সৃষ্টি করেন। মানুষের আকার-আকৃতি ও বর্ণনা বিন্যাসে তিনি এমন সুদক্ষ শিল্পীর পরিচয় দিয়েছেন যা মানুষের ধারণার অতীত। একই অংগ-প্রত্যঙ্গ হলেও একজনের সাথে অন্যজনের মিল নেই। সর্বাংগে সামগ্রিক মিলের কোনো দু'জন মানুষ কোথায়ও পাওয়া যাবে না।
কোনো মানব সন্তান মাতা-পিতার ইচ্ছায় যেমন জন্মগ্রহণ করে না তেমনি আকার-আকৃতিতেও মাতা-পিতার কোনো হাত নেই। নারী জাতির উদর থেকে আল্লাহ নিজ ক্ষমতায় ও স্ব-ইচ্ছায় মানব জাতির রূপরেখা, স্বভাব-চরিত্র, স্থায়িত্ব, আয়ু ইত্যাদি নির্ধারণ করে থাকেন। অতএব যার হাতে এসব কিছুই নিবন্ধ একমাত্র তিনিই মানব জাতির ইলাহ মাবুদ হওয়ার যোগ্য। অন্য আয়াতে রাব্বুল আলামীন ইরশাদ করেছেন। তিনি কাউকে ছেলে দান করেন কাউকে দিয়ে থাকেন মেয়ে, আর কাউকে রাখেন আকীম অর্থাৎ বন্ধা- নিঃসন্তান। আবার তিনি কাউকে দু' ধরনের সন্তান—ছেলে ও মেয়ে উভয়টিই দিয়ে থাকেন।
যদিও মাতা-পিতার যৌন মিলনের ফলে সন্তান জন্মগ্রহণ করে কিন্তু এমন অনেক দম্পতি আছেন যারা শেষ বয়সে উপনীত হয়েও কোনো সন্তান লাভে সক্ষম হন না। অনেকে অনেক চেষ্টা-তদবীর করেও সন্তান লাভ করতে পারেন না। অথচ অনেক দম্পতি এমন আছে তারা আর সন্তান কামনা করে না—জন্ম নিরোধ ব্যবস্থা গ্রহণের পরেও দেখা যায় স্বামী-স্ত্রীর অজান্তে গর্ভে সন্তান এসে গেছে। মোটকথা সন্তান হওয়া না হওয়ার মূল চাবিকাঠি রাব্বুল আলামীনের কুদরতি হাতে।
📄 বেহেশতের নেয়ামতসমূহের মধ্যে নারীও অন্তর্ভূক্ত
قُلْ أُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَلِكُمْ ، لِلَّذِينَ اتَّقُوا عِنْدَ رَبِّهِمْ جَنَّتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهُرُ خَلِدِينَ فِيهَا وَأَزْوَاجُ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ -- "বল, আমি কি তোমাদের (দুনিয়ার) ওসবের চেয়েও উত্তম বিষয়ের সন্ধান দেব? (তা হচ্ছে) মুত্তাকীদের জন্যে তাদের রবের কাছে রয়েছে এমন জান্নাত যার তলদেশে প্রবাহিত রয়েছে ঝর্ণাসমূহ, তারা সেখানে অনন্তকাল থাকবে। আর রয়েছে পবিত্র যুগল এবং আল্লাহর সন্তুষ্টি।" -(সূরা আলে ইমরান : ১৫)
বেহেশতের নেয়ামতসমূহের মধ্যে নারীও অন্তর্ভুক্ত
এ আয়াত অনুধাবন করার জন্যে অত্র গ্রন্থের প্রথম বিষয়সূচী "জান্নাতে নরের জন্য পবিত্র নারী আর নারীর জন্যে নিষ্কলুষ নর" দেখা যেতে পারে।
দুনিয়ার জীবনে আল্লাহর দেয়া নেয়ামতসমূহের মধ্যে পূর্বোক্ত আয়াতে যে ছয়টি বস্তুর উল্লেখ করা হয়েছে পৃথিবীর মানুষ স্বভাবতই নগদ প্রিয় হওয়ায় ওসব বস্তুও আহরণে মত্ত থাকে। যারা ঈমানের মত অমূল্য ধন থেকে বঞ্চিত তারা তো দুনিয়ার জীবন ও বস্তু সামগ্রীকে প্রাধান্য দেয়। দুনিয়া উপার্জনের জন্যে মহামূল্যবান আয়ু পর্যন্ত শেষ করে দেয়। আল্লাহ দুনিয়ার মানুষকে এসব মোহ থেকে মুক্তির জন্যে এবং নশ্বর পৃথিবী থেকে দৃষ্টি ফিরিয়ে চিরস্থায়ী শান্তি সামগ্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে উক্ত আয়াতে পরকালীন জীবনের স্থায়ী নিয়ামত ও প্রকৃত শান্তির সন্ধান দিয়েছেন। পূর্বে দুনিয়ার ছয়টি প্রধান নেয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। এ আয়াতে তার বিপরীতে পরকালীন নেয়ামত সমূহের মধ্য থেকে প্রধান তিনটি নেয়ামতের উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে (১) জান্নাতের সবুজ বাগানসমূহ, (২) পবিত্র যুগল এবং (৩) আল্লাহর সন্তুষ্টি।
দুনিয়ার ছয়টি নেয়ামতের আলোচনার পরে আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে বলেছেন। "বল, আমি কি তোমাদের এর চেয়ে উৎকৃষ্টতর নেয়ামতের সন্ধান দেব? যারা আল্লাহকে ভয় করে, তার আনুগত্য করে তাদের জন্যে তাদের রবের কাছে রয়েছে এমন সবুজ বাগিচা যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত থাকবে। আর থাকবে পবিত্র যুগল এবং আল্লাহর সন্তুষ্টি।
এখানে লক্ষণীয় যে পরকালীন নেয়ামতসমূহের মাঝেও পবিত্র যুগল তথা সকল প্রকার আবিলতা ও কলুষতা মুক্ত নারীর কথাও অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ পরকালীন জীবনে জান্নাত ও আল্লাহর সন্তুষ্টির মত অতুলনীয় নেয়ামত-সমূহের সাথে দুনিয়ার নেয়ামতসমূহ থেকে যে একটি নেয়ামতের কথা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে পবিত্র নারী। আয়াতে পবিত্র যুগল বলা হয়েছে। যুগল নর-নারী উভয়কে বুঝায়। সে ক্ষেত্রে নরের পবিত্রতা হলো মানসিক আর নারীর পবিত্রতা হলো দৈহিক ও মানসিক। অবশ্য ঈমান ও আমল ছাড়া এ পবিত্রতা অর্জন সম্ভব নয়। যেমন সম্ভব নয় বেহেশত লাভ করা। وَاللَّهُ أَعْلَمُ
📄 যৌন আকর্ষণ সৃষ্টির মূল্য লক্ষ্য মানব বংশের বিস্তার সাধন
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَآءً ۚ - (النساء : ১)
“হে মানব সমাজ! তোমাদের রবের বিষয়ে সতর্ক থাক। যিনি তোমাদেরকে একটি প্রাণী থেকে সৃষ্টি করেছেন, এবং তার থেকে তৈরী করেছেন তার স্ত্রীকে। আর তাদের দু'জন থেকে বিস্তার করিয়েছেন অগণিত নারী পুরুষ।”-(সূরা আন নিসা: ১)
যৌন আকর্ষণ সৃষ্টির মূল্য লক্ষ্য মানব বংশের বিস্তার সাধন
পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম (আ)। আর তারই দেহ থেকে সৃষ্টি তাঁর সংগিনী বিবি হাওয়া (আ)। আল্লামা ইবনে কাসীর (রহ) তাঁর তাফসীরে ইবনে কাসীরে বলেন, হাওয়া (আ)-কে হযরত আদম (আ)-এর বাম পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। আদম (আ) তখন ঘুমে ছিলেন। জেগে দেখেন তাঁর পার্শ্বে এক মহিলা শায়িত আছে। তিনি আশ্চর্যান্বিত হন। অতপর জৈবিক চাহিদায় স্বাভাবিকভাবে একে অপরের প্রতি আকৃষ্ট হন। হযরত ইবনে আব্বাস (রা) বলেন, পুরুষ থেকে মহিলা সৃষ্টি করা হয়েছে। সুতরাং তার প্রয়োজনও রাখা হয়েছে পুরুষের প্রতি।
পৃথিবীর সকল মানুষের মূল উৎস হলো হযরত আদম (আ)। সকল মানুষ তাঁরই সন্তান। সুতরাং দুনিয়ার জীবনে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা অসংগত ও অযৌক্তিক। ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মারাত্মক গুনাহ। মানুষ মূলত জন্মসূত্রেই পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ। আত্মীয় স্বজনের পারস্পরিক সম্পর্কের বুনিয়াদকে ইসলামী পরিভাষায় 'সেলায়ে রেহমী' বলা হয়। হাদীস শরীফে আত্মীয়তার সম্পর্কের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মহানবী (স) বলেছেন, যে ব্যক্তি তার রিঝিকের প্রাচুর্য এবং দীর্ঘ জীবন প্রত্যাশা করে, তার উচিত আত্মীয়-স্বজনের সাথে সু-সম্পর্ক গড়ে তোলা।
কুরআনের আয়াতে আদম (আ) থেকে তাঁর জুড়ি তৈরী করার কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু জুড়ি তৈরীর বিস্তারিত বিবরণ পবিত্র কুরআনে উল্লেখ করা হয়নি। তাফসীরে ইবনে কাসীরের পূর্বোক্ত বর্ণনা অন্য কতিপয় তাফসীরেও বর্ণিত হয়েছে। তাছাড়া বাইবেলেও এ ধরনের বর্ণনা পাওয়া যায়। পবিত্র কুরআন এ সম্পর্কে নিরব বিধায় অনেক তাফসীর কারক এ বিষয়ে নিরব থাকারই পক্ষপাতী। আর এটাই যুক্তিযুক্ত ও অধিকতর সত্যের নিকটবর্তী। আল্লাহই ভাল জানেন।
আয়াতের শেষাংশে আদম-হাওয়ার মধ্য থেকে অসংখ্য নারী-পুরুষ সৃষ্টির কথা বর্ণিত হয়েছে। আর পৃথিবীর প্রথম যুগলের পরবর্তী যুগলসমূহ থেকেও ক্রমিক ধারায় মানব বংশ বিস্তার লাভ করেছে। মূলত নর-নারীর সৃষ্টি ও তাদের পরস্পরের প্রতি স্বভাবগত আকর্ষণ সৃষ্টির পেছনে রয়েছে পৃথিবীতে মানব বংশ বৃদ্ধির প্রক্রিয়া চালু রাখা। মহান রাব্বুল আলামীন ঐ স্বভাবগত আকর্ষণ নিয়ন্ত্রণে রেখে মানব সমাজে নিষ্কলুষ ও সুশৃংখলিত রাখার ব্যবস্থাও দিয়েছেন। কিন্তু স্থূল দৃষ্টির মানুষ স্রষ্টার দেয়া ভারসাম্য হারিয়ে নিছক পশুত্ব প্রবণতার প্রতি ঝুঁকে গিয়ে সমাজে নানাবিধ যৌন অনাচার সৃষ্টিতে মত্ত হয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার হলো সভ্যতার নামে অনেকে এ ঝোঁক প্রবণতাকে প্রকাশ্যে লাইসেন্স দিয়ে পশুত্বের স্তরে নামিয়ে দিয়ে সেরা সৃষ্টির মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে।
আল্লাহ তা'আলা সূরা আন নিসার উপরোক্ত প্রথম আয়াতে সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলেছেন, হে মানব মণ্ডলী! তোমরা তোমাদের পালনকর্তার বিরুদ্ধাচারণকে ভয় কর। এমন মহান সত্বাকে ভয় কর, যিনি তোমাদের সবাইকে একই মানুষ আদম (আ) থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রথমত আদম (আ) থেকে তাঁর স্ত্রীকে এবং পরবর্তীতে সেই যুগল থেকে পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন।
এখানে মানব মণ্ডলী বলে পুরুষ-স্ত্রী এবং রাসূল (সা)-এর সময়কার ও কিয়ামত পর্যন্ত আগত নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষকে বুঝানো হয়েছে। সকল যুগের সকল মানুষকে আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে। যেহেতু তিনিই একমাত্র 'রব' বা প্রতিপালক। তাঁর রবুবিয়ত বা প্রতিপালন কার্যে অন্য কোনো শক্তির বিন্দুমাত্র দখল নেই। সুতরাং একমাত্র তাঁর ব্যাপারে তাকওয়া বা সতর্কতা অবলম্বন করে একই আদমের বংশোদ্ভূত হওয়ার কারণে সকল মানুষের সাথে সদ্ব্যবহার করার প্রতি উক্ত আয়াতে নির্দেশ দেয়া হয়েছে।
এ আয়াতটি বিয়ের খুতবায় পাঠ করা সুন্নাত। রাসূলুল্লাহ (স) বিয়ের খুতবায় এ আয়াতটি পাঠ করতেন। যেন আলোচ্য আদম সন্তানদ্বয় তাদের দাম্পত্য জীবনের শুরুতেই আল্লাহ তা'আলার নির্দেশের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারে।