📘 আল কুরআনে নারী 📄 নিষ্কলুষ সম্ভ্রান্ত নারীর অপবাদ শুনে মুমিনদের কি করা উচিত?

📄 নিষ্কলুষ সম্ভ্রান্ত নারীর অপবাদ শুনে মুমিনদের কি করা উচিত?


لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَتُ بِأَنْفُسِهِمْ خَيْرًا * وَقَالُوا هُذَا إِفْكٌ مُّبِينٌ لَوْلَا جَاءُ وْ عَلَيْهِ بِأَرْبَعَةِ شُهَدَاءَ ، فَإِذْ لَمْ يَأْتُوا بِالشُّهَدَاءِ فَأُولَئِكَ عِنْدَ اللَّهِ هُمُ الْكَذِبُوْنَ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ لَمَسَّكُمْ فِي مَا أَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ عَظِيمٌ

"তোমরা যখন একথা শুনতে পেয়েছিলে, তখন মুমিন পুরুষ ও মুমিন নারীরা নিজেদের সম্পর্কে ভাল ধারণা পোষণ করলো না? আর কেনই বা বলে দিল না যে এটা তো নির্জলা অপবাদ? ওরা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করলো না? এখন যেহেতু ওরা চারজন সাক্ষী পেশ করলো না, কাজেই ওরাই আল্লাহর কাছে মিথ্যুক। তোমাদের প্রতি দুনিয়া ও আখিরাতে যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো, তাহলে তোমরা যেসব কথাবার্তায় জড়িত হয়ে পড়েছিলে, সে জন্যে গুরুতর আযাব তোমাদের গ্রাস করতো।"-সূরা আন নূর: ১২-১৪

হযরত আয়েশা (রা)-এর বিরুদ্ধে রটানো মিথ্যা অপবাদ শোনার পর মুমিনদের দায়িত্ব ছিল একে প্রথম চোটেই অস্বীকার করা। আল্লাহর নবীর স্ত্রীর মর্যাদা ও চারিত্রিক পবিত্রতা সম্পর্কে মুমিনদের মনে সুদৃঢ় আস্থা থাকা উচিত ছিল। যারা এই রটনা শুনেছিল, তাদের উচিত ছিল নিজেদের সম্পর্কে এবং নিজেদের সমাজের লোকদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা। যারা সাক্ষ্য প্রমাণ ছাড়া এই জাতীয় আলোচনায় লিপ্ত হয়েছিল, তাদের প্রতি আল্লাহর সতর্কবাণী উচ্চারিত হয়েছে। আবু আইয়ুব আনসারী (রা) ও তাঁর স্ত্রীর দৃষ্টান্ত ছিল অনুকরণীয়, তাঁরা একে সুস্পষ্ট তোহমত বলে বিশ্বাস করেছিলেন।

ইসলামী সমাজের চারিত্রিক মূলনীতি হলো: যতক্ষণ পর্যন্ত কোনো অকাট্য প্রমাণ না পাওয়া যায়, ততক্ষণ প্রত্যেক মুমিন অন্য মুমিনের প্রতি সুধারণা পোষণ করবে এবং তার মান-সম্মান রক্ষা করবে। অন্যের কুৎসা রটনা করা বা সেই আলোচনায় শরীক হওয়া ঈমানী আদর্শের পরিপন্থী। যে মুসলমান অন্য মুসলমানের দুর্নাম রটায়, সে আসলে নিজেরই দুর্নাম রটায়, কারণ মুমিনরা সবাই একই দেহের ন্যায়।

টিকাঃ
(তাফহীমুল কুরআন)
(ফী যিলালিল কুরআন)
(তাদাব্বুরে কুরআন)
(মাআরেফুল কুরআন)

📘 আল কুরআনে নারী 📄 পবিত্র চরিত্রের নারীর প্রতি অপবাদকারীরা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত

📄 পবিত্র চরিত্রের নারীর প্রতি অপবাদকারীরা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত


إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَتِ الْغَفِلَتِ الْمُؤْمِنَتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ ۙ يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ ۙ يَوْمَئِذٍ يُوَفِّيهِمُ اللَّهُ دِينَهُمُ الْحَقَّ وَيَعْلَمُونَ أَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ الْمُبِينُ .

"যারা পবিত্র চরিত্রের ও সাদাসিদা মুমিন স্ত্রীলোকদের উপর (যিনার) অপবাদ আরোপ করে তাদের উপর দুনিয়া ও আখিরাতে লানত দেয়া হয়েছে। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ দেবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা-তারা যা করতো সে সম্বন্ধে; সেদিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিফল পুরোপুরি দিয়ে দেবেন আর তারা জানতে পারবে যে আল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী।" -সূরা আন নূর : ২৩-২৫

আলোচ্য আয়াতে বর্ণিত বিষয় পূর্বে বর্ণিত সূরা আন নূরের ৪ আয়াতের বিষয়বস্তুর সাথে মিল থাকায় একই বিষয়ের হুকুম পুনরায় উল্লেখ করা হয়েছে বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে উভয়ের মধ্যে রয়েছে একটি বিরাট পার্থক্য। আর তাহলো পূর্বোক্ত আয়াতে (৪ আয়াত) তাওবাকারীদের ব্যতিক্রম এবং তাদের জন্য মাগফিরাতের ওয়াদা রয়েছে। অথচ এখানে ২৩ আয়াতে কোনো ব্যতিক্রম ছাড়াই দুনিয়া ও আখিরাতের জীবনে অভিশাপ এবং গুরুতর শাস্তির উল্লেখ করা হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, আলোচ্য ২৩ আয়াত সেসব লোকদের সাথে সম্পৃক্ত যারা হযরত আয়েশা (রা)-এর চরিত্রে অপবাদ আরোপ করার পর তাওবা করেনি। এমনকি কুরআনে তাঁর দোষমুক্ত থাকার কথা নাযিল হওয়ার পরও তারা তাদের দুরভিসন্ধিতে অটল ও অপবাদ চর্চায় মশগুল থাকে। উল্লেখ্য, এমন কাজ কোনো মুমিনের পক্ষে সম্ভব নয়। কোনো মুমিন কুরআনের বিরোধীতা করতে পারে না। বিরোধীতা করলে সে আর মুমিন থাকতে পারে না। তাই এ আয়াতগুলো ঐসব মুনাফিকদের সম্পর্কে নাযিল হয়েছে যারা দোষ মুক্ততার আয়াত নাযিল হওয়ার পরও এ অপবাদবৃত্তি পরিত্যাগ করেনি। তারা যে কাফির-মুনাফিক তাতে কোনো সন্দেহ নেই।

তাওবাকারীদের সম্পর্কে আল্লাহ তা'আলা فَضْلُ اللَّهِ وَرَحْمَتُهُ বলে দুনিয়া ও আখিরাতে রহমতপ্রাপ্ত আখ্যায়িত করেছেন। পক্ষান্তরে যারা তাওবা করেনি, তাদেরকে এ আয়াতে উভয় জাহানে অভিশপ্ত বলা হয়েছে। তাওবাকারীদেরকে আযাব থেকে মুক্তির সুসংবাদ দেয়া হয়েছে। আর যারা তাওবা করেনি তাদের জন্য কঠোর আযাবের হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে। তাওবাকারীদেরকে إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ বলে মাগফিরাতের সুসংবাদ দেয়া হয়েছে। আর যারা তাওবা করেনি তাদেরকে পরবর্তী يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ آيَدِيهِمْ আয়াতে শাস্তির যোগ্য হওয়ার ধমক দেয়া হয়েছে।

এ আয়াতে সতী-সাধ্বী মুমিন নারীদেরকে غافلات বলা হয়েছে। অর্থাৎ সরলমনা সেসব সাদাসিদা ভদ্র স্ত্রীলোক যারা কোনো ছল-চাতুরী জানে না, যাদের দিল পবিত্র, যারা চরিত্রহীনতা ও পাপ কি-কিরূপে তা করা হয়, তা জানে না। তাদের মতো মহিলাদের বিরুদ্ধেও কেউ কোনো চরিত্রহীনতার অভিযোগ তুলতে পারে, তা তাদের চিন্তা-ভাবনায়ও কখনো আসে না। হাদীস শরীফে এসেছে, নবী করীম (স) বলেছেন, পাক চরিত্রের স্ত্রীলোকদের প্রতি মিথ্যা দোষারোপ করা সেই সাতটি কবীরা গুনাহর মধ্যে শামিল যা অত্যন্ত মারাত্মক (موبقات)। তিবরানী শরীফে হযরত হুযায়ফার বর্ণনায় উল্লেখ করা হয়েছে নবী করীম (স) এরশাদ করেছেন: قذف المحصنة يهدم عمل ماة سنة "একজন চরিত্রবান স্ত্রীলোকের উপর চরিত্রহীনতার মিথ্যা দোষারোপ করা একশ বছরের আমল বিনষ্ট করে দেয়ার জন্য যথেষ্ট।"

আয়াতে يَرْمُونَ الْمُحْصَنَتِ মানে 'পবিত্র চরিত্রের ভদ্র মহিলাদের প্রতি তীর নিক্ষেপ করে।' অর্থাৎ তাদের চরিত্রে মিথ্যা দোষ আরোপ করা তাদের প্রতি তীর নিক্ষেপ করার মত জঘন্য মারাত্মক, দুঃখজনক ও যন্ত্রণাদায়ক। رمی শব্দ থেকে يرمون এর শাব্দিক অর্থ তীর নিক্ষেপ করা যা কারো পরে তোহমত বা অপবাদ আরোপের অর্থে ব্যবহৃত হয়েছে।

সতী-সাধ্বী মুমিন নারীগণ সরলমনা হওয়ার কারণে তারা নিজেদের বিরুদ্ধে অপবাদ রটনা সম্পর্কে উদাসীন ও অসতর্ক থাকে। কারণ তারা তো এমন কিছু করেই না, যে জন্য সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। সুতরাং এমন মহিলাদের চরিত্রে কালীমা লেপন করা এমন এক অপরাধ যা একদিকে যেমন পাশবিক অন্যদিকে তেমনি নোংরা মানসিকতারও পরিচায়ক। সে জন্যে এমন এমন অপরাধে লিপ্ত লোকদেরকে অভিশাপ দেয়া হয়েছে। তারা দুনিয়া ও আখিরাতের জীবনে আল্লাহর অভিশাপগ্রস্থ এবং তাঁর রহমত হতে বঞ্চিত। এরপর আখিরাতে তাকে কি ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে তাহলো এই- সেদিন তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ দেবে। সেই সাক্ষ হবে সত্য ও বস্তুনিষ্ঠ। অথচ তারা যে অপবাদ রটাতো তা ছিল মিথ্যে। সেদিন আল্লাহ তাদের উপযুক্ত সঠিক বদলা দিবেন। তাদের অত্যন্ত নিখুঁত ও ন্যায়সংগত প্রতিফল দিবেন আর তাদের কৃতকর্মের নির্ভুল হিসেব নিবেন। সেদিন তাদের সকল সন্দেহ দূর হবে আর তারা জানতে পারবে যে আল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী।

টিকাঃ
(মাআরেফুল কুরআন, বায়ানুল কুরআন থেকে), (তাফহীমুল কুরআন), (তাদাব্বুরে কুরআন), (ফী যিলালিল কুরআন)

📘 আল কুরআনে নারী 📄 সমাজে নর-নারী পরস্পর থেকে কিভাবে পর্দা করবে?

📄 সমাজে নর-নারী পরস্পর থেকে কিভাবে পর্দা করবে?


قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ، ذَلِكَ أَزْكَى لَهُمْ ، إِنَّ اللهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ وَقُلْ لِلْمُؤْمِنَتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرিবْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ -

“হে নবী! মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের চোখকে বাঁচিয়ে চলে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে এটা তাদের জন্য পবিত্রতম নীতি। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে বিষয়ে অবহিত। আর মুমিন নারীগণকেও বলুন তারাও যেন তাদের চোখকে বাঁচিয়ে চলে। এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। আর তারা যেন নিজেদের দেহের যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন নিজেদের বক্ষদেশের উপর মাথার ওড়নার আঁচল দিয়ে ঢেকে রাখে, আর নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। -সূরা আন নূর: ৩১

সমাজে নর-নারী পরস্পর থেকে কিভাবে পর্দা করবে?

সূরা আন নূরের আলোচ্য আয়াতসমূহ বনী মুস্তালিক যুদ্ধ অথবা মুরাইসী যুদ্ধ থেকে ফেরার পথে সংঘটিত অপবাদ ঘটনার সাথে সাথে অবতীর্ণ হয়। এ যুদ্ধ সংঘটিত হয়েছিল ষষ্ঠ হিজরী সালে। এ আলোচনা থেকে জানা যায়, সূরা আন নূরের পর্দা সম্পর্কিত আয়াতসমূহ পরে এবং সূরা আহযাবের পর্দা সম্পর্কিত আয়াতসমূহ আগে নাযিল হয়। সূরা আহযাবের আয়াতসমূহ নাযিল হওয়ার সময় থেকেই পর্দার বিধানাবলী প্রবর্তিত হয়।

আয়াতে يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ 'তাদের চোখকে বাঁচিয়ে চলে' বলা হয়েছে। يغض শব্দটির মূল শব্দ غض এর অর্থ কোনো জিনিসকে মাত্রায় কমিয়ে দেয়া, হ্রাস করা ও নীচু করা। আরবীতেও غض بصر মানে চক্ষু নীচু করা বা নীচু করে রাখা। কিন্তু এর মানে সবসময়ই কেবল নীচের দিকে দেখা নয়, বরং এর প্রকৃত অর্থ পূর্ণ মাত্রায় ও পূর্ণ দৃষ্টিতে বা চোখ ভরে না দেখা এবং দেখার কাজ সম্পাদন করার জন্য চোখকে অবাধ ও লাগাম শূন্য করে ছেড়ে না দেয়া। অবশ্য 'চোখ বাঁচিয়ে চলা' বললে আয়াতের অর্থ সম্যক প্রকাশ পায়। অর্থাৎ যে জিনিস দেখা অবাঞ্ছনীয়, তা থেকে চোখ বাঁচিয়ে ও সরিয়ে রাখা—সে জন্যে চোখ নীচু করুক বা অন্যদিকে ফিরিয়ে নিক—তাতে কোনো পার্থক্য নেই। আবার من أبصارهم বলে বুঝানো হয়েছে যে সকল দৃষ্টি বাঁচিয়ে চলা বা ফিরিয়ে নেয়াটা উদ্দেশ্য নয় বরং এর উদ্দেশ্য হচ্ছে কোনো কোনো দৃষ্টিকে ফিরিয়ে নেয়া ও বাঁচিয়ে চলা। অন্য কথায়, 'কোনো কিছুই চোখ ভরে দেখা যাবে না' একথা আল্লাহর উদ্দেশ্য নয়, বরং বিশেষ পরিবেশে দৃষ্টিকে নিয়ন্ত্রিত করাই একথার উদ্দেশ্য। এখন পূর্বাপর মিলিয়ে পড়লে জানা যায়, এ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে পুরুষদের পক্ষে নারীদের দেখা, অপরের লজ্জাস্থানের প্রতি তাকানো কিংবা নির্লজ্জ ধরনের জিনিসের উপর চোখ ফেলা ইত্যাদি কথার উপর।

পুরুষদের পর্দা
নিজের স্ত্রী অথবা মুহাররম মহিলা ছাড়া অন্য কোনো মহিলাকে চোখ ভরে দেখা কারো জন্য হালাল নয়। একবার হঠাৎ চোখ পড়ে গেলে তা তো মাফ হয়ে যাবে। কিন্তু প্রথম দৃষ্টিতে আকর্ষিত হয়ে পুনর্বার দৃষ্টি নিক্ষেপ করলে তা মাফ হবে না। এরূপ দৃষ্টি নিক্ষেপকে নবী করীম (স) চোখের যিনা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মানুষ নিজের পূর্ণ অনুভূতি শক্তি ও ইন্দ্রিয় দিয়ে যিনা করে থাকে। চোখের যিনা হচ্ছে দেখা, রসের ও মনভোলানো কথাবার্তা হচ্ছে বাকশক্তির যিনা, কণ্ঠস্বর শুনে মনে স্বাদ আস্বাদন করা হচ্ছে শ্রবণশক্তির যিনা, স্পর্শ করা ও অবৈধ উদ্দেশ্যে চলা হচ্ছে হাত-পায়ের যিনা। যিনার এসব প্রাথমিক কাজ সম্পন্ন হয়ে গেলে লজ্জাস্থান বা যৌনাঙ্গ হয় কার্যত কাজটির পূর্ণতা বিধান করে নতুবা তা অপূর্ণ থেকে যায়। হযরত আবু বুরাইদা (রা)-এর বর্ণনা এই যে: নবী করীম (স) হযরত আলী (রা)-কে লক্ষ করে বলেছেন: يَا عَلِيُّ لَا تَتَّبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْأُخرى - "হে আলী! একবার দেখার পর আবার তাকাবে না। প্রথমবারের হঠাৎ দেখা মাফ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয়বার দেখলে তা মাফ হবে না।" হযরত জরীর ইবনে আবদুল্লাহ বাজালী (রা) বলেন, আমি নবী করীম (স)-এর কাছে জানতে চাইলাম, হঠাৎ চোখ পড়ে গেলে কি করবো? তিনি বললেন, অবিলম্বে চোখ ফিরিয়ে নাও অথবা নীচু করে দাও। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বর্ণনা করেন, নবী করীম (স) বলেছেন, আল্লাহ তা'আলার ইরশাদ হয়েছে : إِنَّ النَّظْرَ سَهُمْ مِنْ سِهَامٍ إِبْلِيسَ مَسْمُوْمُ مَنْ تَرَكَهَا مَخَافَتِي أَبْدَلْتُهُ إِيْمَانًا يَجِدُ حَلَاوَتَهُ فِي قَلْبِهِ - "দৃষ্টি তো ইবলীসের বিষাক্ত তীরগুলোর একটি। যে ব্যক্তি আমাকে ভয় করে এ দৃষ্টি ত্যাগ করবে, বিনিময়ে আমি তাকে এমন ঈমান দিব, যার স্বাদ সে অন্তরে অনুভব করবে।"

আবু উমামার বর্ণনায় বলা হয়েছে নবী করীম (স) বলেছেন : مَا مِنْ مُسْلِمٍ يَنْظُرُ إِلَى مَحَاسِنِ اِمْرَأَةٍ ثُمَّ يَغُضُّ بَصَرَهُ إِلَّا أَخْلَفَ اللهُ لَهُ عِبَادَةً يَجِدُ حَلَاوَتَهَا - "যে কোনো মুসলিমের দৃষ্টি কোনো নারীর উপর পড়ে আর সে ঐ দৃষ্টি ফিরিয়ে নিল, তাহলে আল্লাহ তার ইবাদাতে স্বাদ ও আনন্দ সৃষ্টি করে দেবেন।"

হযরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারী (রা) থেকে বর্ণিত আছে, বিদায় হজ্জের সময় নবী করীম (স)-এর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস (রা) যিনি তখন যুবক বয়সের ছিলেন—মাশআরে হারাম থেকে ফিরে আসার সময় নবী করীম (স)-এর সাথে একই উটের পিঠে সাওয়ার ছিলেন। পথে যখন স্ত্রীলোকেরা চলে যাচ্ছিল, তখন ফজল (রা) তাদের প্রতি তাকাচ্ছিল। নবী করীম (স) তাঁর মুখের উপর হাত রাখলেন ও তাঁকে অন্যদিকে ফিরিয়ে দিলেন। বিদায় হজ্জের সময়ের আরেকটি ঘটনা এই—খাসআম কবিলার এক স্ত্রীলোক পথের মধ্যে নবী করীম (স)-কে থামিয়ে হজ্জ সম্পর্কে একটা মাসআলা জিজ্ঞেস করছিলেন। তখন ফজল ইবনে আব্বাস (রা) তার প্রতি চোখ জমিয়ে অপলকনেত্রে তাকে দেখছিল। নবী করীম (স) তার মুখ ধরে অন্যদিকে ফিরিয়ে দিলেন।

উপরোল্লিখিত ঘটনারাজি থেকে কেউ যেন এমনটি না ভাবেন যে তখন বোধহয় মহিলারা খোলামুখে চলাফেরা করার অনুমতি পেয়েছিল। আর সে জন্যেই তাদের থেকে চোখ ফিরিয়ে নেয়ার ও নিচু করার নির্দেশ এসেছিল। না হয় চেহারা ঢেকে রাখার প্রচলন থাকলে তো চোখ বাঁচানোর আর না বাঁচানোর প্রশ্ন উঠতো না। কারণ বাস্তবে চেহারা ঢেকে রাখার পর্দা প্রচলিত থাকলেও কোনো কোনো সময় এমন অবস্থা দেখা যেতে পারে যখন একজন নারী ও একজন পুরুষ মুখোমুখি হয়ে যেতে পারে। আর একজন পর্দানশীল স্ত্রীলোকও অনেক সময় নিজের চেহারা খুলে ফেলতে বাধ্য হতে পারে। তাছাড়া মুসলিম মহিলারা পর্দা করলেও এবং মুখ ঢেকে রাখলেও অমুসলিম মহিলাদের বেপর্দা চলাফেরা করার সমস্যা তো থেকেই যাবে। কাজেই চোখ নীচু করার হুকুমটি প্রমাণ করে না যে, মহিলারা বুঝি মুখ খোলা রেখে চলাফেরা করতো। কেননা সূরা আহযাবে পর্দার বিধান নাযিল হওয়ার পর মুসলিম সমাজে যে পর্দা প্রথা চালু করা হয়, তাতে মুখাবয়বের পর্দাও শামিল ছিল। আর খোদ নবী করীম (স)-এর জীবদ্দশাতেই যে তা কার্যকর হয়েছিল তা অনেকগুলো বর্ণনা থেকেই প্রমাণিত হয়। 'ইফক'-এর ঘটনা সংক্রান্ত হযরত আয়েশা (রা)-এর বর্ণনাসমূহ তো অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। তাতে তিনি বলেন, জংগল হতে ফিরে এসে আমি যখন দেখলাম যে কাফেলা চলে গেছে। তখন আমি বসে পড়লাম, আর ঘুমের চাপ এতবেশী ছিল যে আমি সেখানে পড়ে ঘুমাতে লাগলাম। সকাল বেলা সাফওয়ান ইবনে মুআত্তাল সেস্থান দিয়ে যাওয়ার সময় দূর থেকে দেখলেন কে যেন পড়ে আছে। আর সেদিকে তিনি আসলেন। فَعَرَفَنِي حِيْنَ رَأْنِي وَكَانَ قَدْرَأَنِي قَبْلَ الْحِجَابِ فَاسْتَيْقَظْتُ بِاسْتِرْجَاعِهِ حِيْنَ عَرَفَنِي فَخَمْرَتُ وَجْهِي بِجِلْبَابِي - "তিনি আমাকে দেখেই চিনতে পেলেন। কেননা পর্দার বিধান নাযিল হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন। আমাকে দেখেই তিনি 'ইন্নালিল্লাহি ওয়া ইন্না ...................' বলে উঠলেন। তাঁর এ আওয়াজ শুনেই আমি ঘুম থেকে জেগে উঠি। তখন আমি আমার চাদর দিয়ে আমার মুখ ঢেকে নিলাম।"

আবু দাউদ শরীফের কিতাবুল জিহাদে একটি ঘটনার উল্লেখ প্রসংগে বলা হয়েছে, উম্মে খাল্লাদ নামী এক মহিলার পুত্র এক যুদ্ধে শহীদ হয়েছিল। মহিলাটি পুত্রের সম্পর্কে খবর নিতে নবী করীম (স)-এর নিকট আসলো। তখন তার চেহারা চাদর দিয়ে ঢেকে রেখেছিল। কোনো কোনো সাহাবী বিস্ময় প্রকাশ করে বললেন, এমন মুহূর্তেও তোমার মুখাবয়বে নেকাব রয়েছে! অর্থাৎ পুত্রের শহীদ হওয়ার খবর শুনে তো একজন মা এতদূর উদ্ভ্রান্ত হয়ে যায় যখন তার কাপড়-চোপড় বা দেহের ব্যাপারে কোনো হুঁশ থাকার কথা নয়। অথচ তুমি তো নিশ্চিন্তে বেশ পর্দা সহকারেই এখানে এসেছ। জবাবে মহিলাটি বললেন: ان ارزا ابنى فلن ارزا حيايى "আমি আমার পুত্রকে তো হারিয়েছি, কিন্তু নিজের লজ্জা-শরম হারাইনি।"

আবু দাউদ শরীফে হযরত আয়েশা (রা)-এর এক বর্ণনায় বলা হয়েছে, এক মহিলা পর্দার ভিতর থেকে হাত বাড়িয়ে নবী করীম (স)-এর নিকট কোনো বিষয়ে দরখাস্ত পেশ করলে নবী করীম (স) জিজ্ঞেস করলেন, এটা কি মহিলার হাত না পুরুষের হাত? সে ভিতর থেকে বললো এটা মহিলার হাত। তখন নবী করীম (স) বললেন, মহিলার হাত হলে তো অন্তত নখগুলো মেহেদীর রঙ্গে রঙ্গীন করা উচিত ছিল।"

পূর্বে বর্ণিত রসূলুল্লাহ (স)-এর চাচাত ভাই ফজল ইবনে আব্বাস (রা) সম্পর্কিত বিদায় হজ্জ কালীন সময়ের দুটো ঘটনা নবী করীম (স)-এর সময়ে চেহারার পর্দা চালু না হওয়ার কোনো দলিল হতে পারে না। কেননা ইহরামের পোশাকে মুখাবরণ ব্যবহার নিষিদ্ধ। এতদসত্ত্বেও এক্ষেত্রে সতর্ক মহিলারা পর পুরুষের সামনে মুখাবয়ব উন্মুক্ত করে দেয়া পসন্দ করতে পারে না। হযরত আয়েশা (রা) বর্ণনা করেছেন, "বিদায় হজ্জের সফরে আমরা ইহরাম অবস্থায় মক্কার দিকে যাচ্ছিলাম। পথিক যখন আমাদের কাছাকাছি এসে পড়তো, তখন আমরা মহিলারা নিজেদের মাথার উপর থেকে চাদর টেনে মুখের উপর দিয়ে মুখাবয়ব ঢেকে ফেলতাম। আবার তারা চলে গেলে মুখ খুলে ফেলতাম।"

চক্ষু নীচু করা বা দৃষ্টি ফিরিয়ে নেয়ার হুকুমটার কিছু ব্যতিক্রমও আছে। যেমন কোনো পুরুষ কোনো মহিলাকে বিবাহ করতে চাইলে তাকে দেখা আবশ্যক-অন্ততপক্ষে মুস্তাহাব। মুগিরা ইবনে শো'বা (রা) বর্ণনা করেছেন, "আমি একস্থানে বিবাহ প্রস্তাব পাঠালাম। নবী করীম (স) জিজ্ঞেস করলেন, "তুমি কি মেয়েটিকে দেখে নিয়েছ? আমি বললাম, না। তিনি বললেন, انْظُرًا إِلَيْهَا فَإِنَّهُ أحرى أن يؤدم بينكما "তুমি তাকে দেখে নাও, এতে তোমাদের উভয়ের মাঝে বনিবনা হবে বলে আশা করা যায়। হযরত আবু হুরাইরা (রা) বলেন, এক ব্যক্তি কোথাও বিবাহের পয়গাম পাঠিয়েছিল, নবী করীম (স) তাকে বললেন, أنظر اليها فان في اعين الانصار شيئًا "তুমি তাকে দেখে নাও, কেননা আনসার বংশের লোকদের চোখে কিছু দোষ থাকে। হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, নবী করীম (স) বলেছেন: إِذَا خَطَبَ أَحَدُكُمُ الْمَرْأَةَ فَقَدِرَ أنْ يرى مِنْهَا بَعْضَ مَا يَدْعُوهُ إِلَى نكاَحِهَا فَلْيَفْعَلْ "তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিবাহ করার প্রস্তাব দেয়, তখন যথাসম্ভব তাকে দেখে এ নিশ্চয়তা অর্জন করতে হবে যে, মহিলার মাঝে এমন কোনো গুণ বৈশিষ্ট্য আছে কিনা যা তাকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করার কারণ হতে পারে।"

মুসনাদে আহমাদে আবু হুমায়দার বর্ণনা উদ্ধৃত হয়েছে। তাতে বলা হয়েছে, এ উদ্দেশ্যে মেয়ে দেখা সম্পর্কে নবী করীম (স) বলেছেন, فلا جَنَاحَ عَلَيْهِ “এতে কোনো দোষ নেই।” স্ত্রীলোকটির অলক্ষে ও অজ্ঞাতে তাকে দেখে নেয়ারও অনুমতি রয়েছে। ফিকাহবিদগণ এ থেকে এ নীতি নির্ধারণ করেছেন যে, বিবাহ ছাড়া অন্যান্য প্রয়োজনেও মহিলাদের দেখা জায়েয আছে। যেমন, অপরাধ অনুসন্ধান ব্যাপদেশে কোনো স্ত্রীলোককে দেখা জায়েয। তেমনিভাবে আদালতে সাক্ষ্যদানের সময় বিচারকের কোনো সাক্ষী মহিলাকে দেখা। কিংবা চিকিৎসার জন্য চিকিৎসকের কোনো স্ত্রী রোগীকে দেখা ইত্যাদি।

মহিলাদের পর্দা

মহিলাদের জন্যও চক্ষু নীচু করে দেয়া বা দৃষ্টি ফিরিয়ে নেয়ার একই বিধান প্রযোজ্য। ইচ্ছে করে কোনো স্ত্রীলোকের জন্য পর পুরুষের প্রতি তাকানো উচিত নয়। কোনো পর পুরুষের প্রতি তাদের চোখ পড়লে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নেয়া কর্তব্য। অপরের লজ্জাস্থানের প্রতি তাকানো উচিত নয়। এ ক্ষেত্রে নারী পুরুষ পরস্পরের প্রতি তাকানো তেমনি পুরুষ পুরুষের লজ্জাস্থানের প্রতি আর নারী নারীর লজ্জাস্থানের প্রতি তাকানো একই পর্যায়ভুক্ত।

কিন্তু পুরুষদের মহিলার প্রতি তাকানো আর মহিলাদের পুরুষদের প্রতি তাকানোর বিষয়ে শরীয়তের বিধানে কিছুটা পার্থক্য রয়েছে। এ পর্যায়ে তাফহীমুল কুরআনে উল্লিখিত তিনটি হাদীসের তিনটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। এক. হযরত উম্মে সালমা ও হযরত মায়মুনা (রা) নবী করীম (স)-এর কাছে বসা ছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা) সেখানে এসে উপস্থিত হলেন। নবী করীম (স) উভয় স্ত্রীকে বললেন, احتحيا منه তোমরা উভয়েই ওর থেকে পর্দা করো। তাঁরা উভয়ই তাঁকে বললেনঃ يَا رَسُولَ اللَّهِ أَلَيْسَ أَعْمَى لَا يَبْصِرُنَا وَلَا يَعْرِفْنَا - "হে আল্লাহর রসূল! এ লোকটি কি অন্ধ নয়? ওতো আমাদের দেখতেও পাবে না চিনতেও পাবে না।" তখন নবী করীম (স) বললেন: أَفَعُمْيَانُ أَنْتُمَا أَلَسْتُمَا تَبْصِرَانِهِ "তোমরা দুজনও কি অন্ধ হয়ে গেছো? তোমরা উভয়ে কি তাকে দেখতে পাবে না?" হযরত উম্মে সালমা (রা) স্পষ্ট করে বলেছেন: ذَلِكَ بَعْدَ أَنْ أَمَرَ بالحجاب এ ঘটনা পর্দার আদেশ নাযিল হওয়ার পর ঘটেছিল।

মুয়াত্তা কিতাবে উদ্ধৃত একটি বর্ণনা হতেও উক্ত বিষয়ের সমর্থন পাওয়া যায়। হযরত আয়েশা (রা)-এর কাছে একজন অন্ধ লোক আসলো। তিনি তার থেকে পর্দা করলেন। তাঁকে বলা হলো, আপনি এর থেকে পর্দা করছেন, এতো আপনাকে দেখতে পায় না? জবাবে উম্মুল মুমিনীন বললেন: لكنی انظر اليه "কিন্তু আমি তো তাকে দেখতে পারি।"

দুই. হযরত আয়েশা (রা)-এর আর একটি বর্ণনাও আমরা দেখতে পাই। হিজরী ৭ম সনে আবিসিনিয়ার এক প্রতিনিধি দল মদীনায় আসে। তারা মসজিদে নববীর চৌহদ্দির মধ্যে একটা বিশেষ খেলার আয়োজন করে। নবী করীম (স) নিজে হযরত আয়েশা (রা)-কে এ খেলা দেখিয়েছিলেন।

তিন. ফাতেমা বিনতে কায়েসকে তার স্বামী তালাক দিলে প্রশ্ন উঠেছিল সে কোথায় ইদ্দত পালন করবে? প্রথমে নবী করীম (স) বললেন, উম্মে শরীফ আনসারিয়ার কাছে বসবাস করো। পরে বললেন, তার সেখানে তো আমার সাহাবারা খুব বেশী যাতায়াত করে। (কেননা তিনি একজন বড় ধনী ও দানশীলা মহিলা ছিলেন। অনেক লোকই তার কাছে মেহমান হয়ে থাকতো, তিনি তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতেন।) সুতরাং তুমি ইবনে উম্মে মাকতুমের ঘরে থাক। সে একজন অন্ধ ব্যক্তি। তুমি সেখানে কোনোরূপ অসুবিধা ছাড়াই থাকতে পারবে।

উপরোল্লিখিত হাদীসসমূহ একত্রিত করলে জানা যায়, নারীদের পক্ষে পুরুষদের দেখার বিষয়টিতে অতটা কড়াকড়ি নেই যতটা পুরুষদের বেলায় রয়েছে স্ত্রীলোকদের দেখার বিষয়ে। এক মজলিসে বসে দেখা নিষিদ্ধ কিন্তু পথের মধ্যে চলাচলের সময় কিংবা দূর থেকে কোনো বৈধ খেলাধূলা অবলোকন কালে পুরুষদের উপর দৃষ্টি পড়া নিষিদ্ধ নয়। কোনো প্রকৃত প্রয়োজন দেখা দিলে একই বাড়ীতে বসবাস করতে গিয়ে দেখায়ও কোনো দোষ নেই। ইমাম গাযালী ও ইবনে হাজার আসকালানীর বর্ণনা থেকেও প্রায় এ ধরনের কথাই পাওয়া যায়। ইমাম শওকানী 'নায়লুল আওতার' গ্রন্থে ইবনে হাজারের একথা উদ্ধৃত করেছেন। এটা জায়েয হওয়ার সমর্থন এ থেকেও পাওয়া যায় যে, স্ত্রীলোকদের বাইরে যাতায়াতের ব্যাপারটি সবসময় জায়েয রূপেই সমর্থিত হয়েছে। মসজিদে, হাট-বাজারে ও সফর ব্যাপদেশে মহিলারা মুখের উপর নেকাব রেখেই যাতায়াত করে। উদ্দেশ্য এই যে, পুরুষেরা যেন তাকে দেখতে না পারে। কিন্তু পুরুষদের তো কখনো চেহারায় নেকাব দিয়ে বাইরে যেতে বলা হয়নি যাতে করে মহিলারা তাদের দেখতে না পারে। এ থেকেই বুঝা যায় যে, নারী-পুরুষের পর্দার ব্যাপারে শরীয়তের বিধান একরূপ নয়-বরং ভিন্ন ভিন্ন। এতদসত্ত্বেও মহিলারা আগ্রহ সহকারে পরপুরুষকে দেখবে আর তাদের যৌবন সৌন্দর্য সুধায় চক্ষু পিপাসা মিটাবে-এটা কখনও জায়েয হতে পারে না।

সূরা আন নূরের ৩১ আয়াত যা নারী-পুরুষের পর্দা করার বিষয়ে বর্ণিত হয়েছে তাতে নারী-পুরুষ উভয়কেই غض بصر অর্থাৎ পরস্পর থেকে চোখ ফিরিয়ে রাখার নির্দেশ দেয়ার পর তেমনি উভয়কেই পৃথকভাবে حفاظت فروج বা লজ্জাস্থানের হেফাযত করার জন্যেও নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে লজ্জাস্থান বা যৌনাঙ্গের হেফাযত করবে। অর্থাৎ অবৈধ যৌন লালসা চর্চা থেকে বিরত থাকবে। নিজেদের লজ্জাস্থান অপরের সামনে খুলতে কখনো প্রস্তুত হবে না। এ ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের জন্য শরীয়তের বিধান অভিন্ন। যদিও মহিলাদের 'সতর' বা লজ্জাস্থানের সীমানা পুরুষদের চেয়ে ভিন্ন পরিধির। আবার মহিলাদের লজ্জাস্থান পুরুষদের ব্যাপারে এক রকম আর তাদের সমজাতীয় লিঙ্গ মহিলাদের জন্য আরেক রকম। পুরুষদের জন্য মহিলাদের সতর হাতের কব্জি ও মুখাবয়ব ছাড়া দেহের সমগ্র অঙ্গ। সেসব অঙ্গ স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে এমনকি নিজের পিতা ও ভাইয়ের সামনেও খোলা যাবে না। স্ত্রীলোকদের জন্য এমন পাতলা ও আঁটসাট পোশাক পরিধান করা উচিত নয়, যাতে দেহের অঙ্গ-সৌষ্ঠব ও যৌবন-শ্রী বাইরে বিচ্ছুরিত হয়ে পড়তে পারে। হযরত আয়েশা (রা) বলেন, তাঁর বোন হযরত আসমা বিনতে আবু বকর (রা) রসূলে করীম (স)-এর সামনে আসলেন। তিনি ছিলেন খুব পাতলা কাপড় পরিহিতা। নবী করীম (স) তখন মুখ ফিরিয়ে নিলেন আর বললেন: يَا أَسْمَاءَ إِنَّ الْمَرْأَةَ إِذَا بَلَغَتِ الْحَيْضِ لَمْ يُصْلِحْ لَهَا أَنْ يُرَى مِنْهَا إِلَّا هَذَا أَوْ هَذَا وَأَشَارَ إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ "হে আসমা! জেনে রেখ, মেয়ে যখন বালেগা হয় তখন তার হাত-কজি ও মুখাবয়ব ছাড়া দেহের অন্য কোনো অংগ প্রকাশিত হওয়া উচিত নয়।" অবশ্য নিজের পিতা ও ভাইয়ের সামনে দেহের এ পরিমাণ প্রকাশ করা যায় যে পরিমাণ কাজকর্ম করার জন্য আবশ্যক হয়। যেমন, আটা তৈরির জন্য আস্তিন গুটানো। মহিলার সামনে মহিলার সতর হলো ঠিক একজন পুরুষের সামনে আরেকজন পুরুষের সতরের মত। অর্থাৎ নাভী ও হাটুর মধ্যবর্তী অংশ। অবশ্য এর অর্থ এ নয় যে, মহিলারা একে অপরের সামনে অর্ধোলংগ হয়ে থাকবে। বরং একথার তাৎপর্য হলো হাঁটু ও নাভীর মধ্যবর্তী অংশ ঢেকে রাখা ফরয। অন্যান্য অংশ অন্য মহিলার সামনে ঢেকে রাখা ফরয নয়।

আলোচ্য আয়াতে নারী-পুরুষের দৃষ্টি নিয়ন্ত্রণ ও যৌনাঙ্গের হেফাযত সংক্রান্ত বিধান আলোচনার পর وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا "আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা এমনিতেই প্রকাশমান।" বলে মহিলাদের বিষয়ে বিশেষভাবে নির্দেশ দেয়া হচ্ছে। বলা হচ্ছে তাদের পুরুষদের চেয়ে অতিরিক্ত যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখা উচিত, তাহলো মহিলারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। উক্ত বাক্যাংশে বলা হয়েছে তারা যেন নিজেদের সৌন্দর্য, সাজ-সজ্জা প্রকাশ করে না বেড়ায়। তবে যা আপনা হতে এমনিতেই প্রকাশ হয়ে পড়ে, তা দূষণীয় নয়। এখানে তবে আপনা হতে যা প্রকাশ হয়ে পড়ে- যেমন চাদরটা বাতাসে উড়ে পড়লো আর তাতে সৌন্দর্য ও সাজসজ্জা কিছুটা প্রকাশিত হয়ে পড়লো। এটা তো স্বেচ্ছায় সৌন্দর্য প্রকাশের আওতায় নয়। তবে যা আপনিতে প্রকাশিত অবস্থায় থাকে যেমন এমন চাদর যা গায়ে জড়ানো হয়েছে। কেননা এ চাদর তো আর ঢেকে রাখা বা লুকিয়ে রাখা সম্ভব নয়। অধিকন্তু মহিলার দেহাবরণ হওয়ার কারণে তাতে কিছুটা আকর্ষণ থেকেই যায়। সেজন্য তো আল্লাহর পক্ষ থেকে পাকড়াও হবে না। এ আয়াতের এমন অর্থই বুঝিয়েছেন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা), হাসান বসরী, ইবনে সীরীন ও ইবরাহীম নখঈ, প্রমুখ মনীষী।

নবী করীম (স)-এর যামানায় পর্দার হুকুম নাযিল হওয়ার পর সমাজের মহিলারা মুখ খোলা রেখে চলতো না। মুখাবয়ব আবৃত করা ও পর্দার বিধানের অন্তর্ভুক্ত ছিল। 'ইহরাম' ছাড়া অন্য সব অবস্থাতেই মুখাবরণকে মহিলাদের পোশাকের একটি অপরিহার্য অংশ রূপে ঘোষণা করা হয়েছে। এখানে উল্লেখ্য এ পর্যায়ে কেউ কেউ বলেন যে, মুখ ও হাত মহিলাদের সতরের মধ্যে শামিল নয়। অথচ সতর ও পর্দার মাঝে আকাশ-পাতাল পার্থক্য বিরাজমান। 'সতর' হলো যা মুহাররম পুরুষদের সামনেও অনাবৃত ও উন্মুক্ত করা জায়েয নয়। আর 'পর্দা' তো 'সতর' থেকেও অধিক এবং ব্যাপক যাকে নারী ও গায়ের মুহাররম পুরুষের মধ্যে অন্তরায় করে দেয়া হয়েছে। আর এখানে তো আলোচনাটা হচ্ছে 'পর্দা' সম্পর্কে সতর সম্পর্কে নয়।

আয়াতের শেষাংশে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন নিজেদের বুকের উপর মাথার ওড়নার আঁচল দিয়ে ঢেকে রাখে। জাহেলিয়াতের যামানায় নারীরা মাথার উপর এক প্রকার চাদর দিয়ে পেছনে খোপা বেঁধে রাখতো। সামনের দিকের বোতাম থাকতো খোলা। এতে করে গলা ও বুকের উপরাংশ স্পষ্টভাবে দেখা যেতো। বুকের উপর জামা ছাড়া আর কিছুই থাকতো না। পেছনের দিকে দুটি বা তিনটি চুলের মুঠি বা বেণী ঝুলিয়ে রাখতো। এ আয়াত নাযিল হওয়ার পর মুসলিম নারীদের মধ্যে দোপাট্টা ব্যবহার করার রেওয়াজ চালু হয়। আধুনিকা যুবতীদের মতো তা ভাঁজ করে শুধু গলদেশে সাপের মতো বেড়ী দিয়ে ফেলে রাখাই দোপাট্টা ব্যবহারের উদ্দেশ্য ছিল না। বরং উদ্দেশ্য ছিল তা দিয়ে মাথা, বুক ও কোমর-সব অংগ ভালভাবে ঢেকে রাখা। ঈমানদার মহিলারা কুরআনের এ নির্দেশ শুনেই অবিলম্বে সে মোতাবেক আমল করতে শুরু করেন। এরি প্রশংসা করে হযরত আয়েশা (রা) বলেছেন, যখন সূরাটি নাযিল হয়, তখন নবী করীম (স) থেকে তা শুনে লোকেরা নিজেদের ঘরে ফিরে এসে নিজেদের স্ত্রী, কন্যা ও বোনদের এ আয়াত শুনায়। আনসার বংশের কোনো স্ত্রীলোকই এমন ছিল না যে, আয়াতটি শুনে নিজের জায়গায় বসে রয়েছিল। বরং প্রত্যেকে উঠে কেউ নিজ কোমর থেকে কাপড় খুলে, কেউ গায়ের চাদর উঠিয়ে দোপাট্টা বানিয়ে সর্বাংগ জড়িয়ে রাখলো। পরদিন ফযরের জামায়াতে যত মহিলারা মসজিদে নববীতে উপস্থিত হলো, তারা সবাই দোপাট্টা পরেছিল। এ পর্যায়ে আরেকটি বর্ণনায় হযরত আয়েশা (রা) ব্যাখ্যা দিয়ে বলেন, মহিলারা পাতলা কাপড় পরিত্যাগ করে মোটা কাপড় বাছাই করে দোপাট্টা বানিয়ে নিয়েছিল। দোপাট্টা পাতলা কাপড়ে হওয়া উচিত নয়। তাই আনসার বংশের মহিলারা এ হুকুম শোনার সাথে সাথে বুঝেছিল যে কোন্ ধরনের কাপড় দিয়ে দোপাট্টা তৈরি করলে এ হুকুমের উদ্দেশ্য পূরণ হতে পারে। নবী করীম (স) কথাটি বুঝে নেয়ার বিষয়টি লোকদের উপর ছেড়ে দেননি। বরং নিজেই তা স্পষ্ট করে বলে দিয়েছেন। হযরত দাহইয়ায়ে কলবী (রা) বলেন, নবী করীম (স)-এর কাছে মিসরের তৈরি পাতলা মলমলের কাপড় আসলো, তিনি তা থেকে এক টুকরা আমাকে দিয়ে বললেন, এটির একাংশ দিয়ে তোমার নিজের জামা তৈরি করো, আরেক অংশ দিয়ে তোমার স্ত্রীর দোপাট্টা বানিয়ে দাও। কিন্তু তোমার স্ত্রীকে বলে দিবে যে, এটির নীচে যেন আরেক খণ্ড কাপড় লাগিয়ে দেয়, যাতে করে ভিতর থেকে দেহসৌষ্ঠব প্রদর্শিত না হয় বা তা বিচ্ছুরিত হয়ে না পড়ে। পরবর্তী আয়াতে বর্ণিত কতিপয় মুহাররম ব্যক্তি ছাড়া একজন স্ত্রীলোক নিজের পূর্ণ অলংকার ও সাজ-সজ্জা সহকারে আযাদী প্রদর্শনীর মাধ্যমে অন্য কোনো লোকের মধ্যে চলাফেরা করতে পারে না। এদের বাইরে যারা থাকবে তারা আত্মীয় হোক বা অনাত্মীয় তাদের সামনে কোনো মহিলা স্বীয় সাজ-সজ্জা সহকারে আসতে পারে না।

টিকাঃ
-(তাফসীরে মাআরেফুল কুরআন), (তাফহীমুল কুরআন)

📘 আল কুরআনে নারী 📄 যাদের সাথে মহিলাদের পর্দা না করা ও দেখা দেয়া জায়েয

📄 যাদের সাথে মহিলাদের পর্দা না করা ও দেখা দেয়া জায়েয


وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَتِ النِّسَاءِ مِن وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

"মুসলিম নারীগণ তাদের সাজ-সজ্জা প্রকাশ করতে পারবে কেবল তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, তাদের স্বামীর (অন্য স্ত্রীর) ছেলে, তাদের ভাই, তাদের ভাইয়ের ছেলে, তাদের বোনের ছেলে, তাদের মেলা-মেশার মহিলাগণ, নিজেদের অধিকারভুক্ত দাসীগণ, যৌন কামনামুক্ত পুরুষ এবং এমন বালকগণ, যারা নারীদের গোপন বিষয় সম্পর্কে ওয়াকিফহাল নয়। তারা যেন এমনভাবে পদচারনা না করে যাতে তাদের গোপন করা সাজ-সজ্জা প্রকাশিত হয়ে পড়ে, আর তোমরা মুমিনগণ, সবাই আল্লাহর কাছে তাওবা করো যেন সফলকাম হতে পার।"-সূরা আন নূর : ৩১

যাদের সাথে মহিলাদের পর্দা না করা ও দেখা দেয়া জায়েয

আলোচ্য আয়াতে মহিলাদের যাদের সাথে দেখা দেয়া পর্দা না করা যাবে তাদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এখানে বারজন এমন পুরুষের উল্লেখ করা হয়েছে যাদের সাথে পর্দা করা প্রয়োজনীয় নয়-যাদের সামনে মহিলারা সাজগোজ করে দেখা দিতে পারে। আয়াতে বর্ণিত ৮ প্রকার মুহাররম পুরুষ এবং ৪ প্রকার অন্যান্য পুরুষের বর্ণনা দেয়া হয়েছে। পর্দার ব্যতিক্রমী এ বারজন থেকে মহিলাদের পর্দা না করার কারণ দুটো। এক. পর্দার ব্যতিক্রমী এ বারজন পুরুষ এমন যে, এদের থেকে মহিলাদের কোনো অনর্থের বা সমস্যা দেখা দেয়ার আশংকা নেই। তারা এমন স্বভাবের যে আল্লাহ তা'আলা তাদের স্বভাবকে সৃষ্টিগতভাবে এমন করে তৈরি করেছেন যে, এরা নারীর সতীত্ব রক্ষা করে। স্বয়ং তাদের পক্ষ থেকে কোনো অনর্থের আশংকা নেই। দুই. সদাসর্বদা একই জায়গায় বসবাস করার প্রয়োজনেও মানুষ পরস্পর সরল-সহজ সম্পর্ক বজায় রাখে। উল্লেখ্য, স্বামী ছাড়া অন্যান্য যেসব ব্যতিক্রমী পুরুষ রয়েছে-এতি পর্দার বিধান থেকে ব্যতিক্রমী-গোপন অংগ অনাবৃত করা থেকে ব্যতিক্রম নয়। নারীর যেসব অংগ নামাযে খোলা রাখা জায়েয নয় তা দেখা মুহাররমদের জন্যও জায়েয নয়।

ফিকাহবিদদের পরিভাষায় যাদের সাথে বিবাহ জায়েয নেই তাদেরকে মুহাররম বলা হয়। কিন্তু আলোচ্য আয়াতে সেই অর্থ উদ্দেশ্য নয়। আলোচ্য আয়াতে উল্লিখিত বার প্রকারের ব্যতিক্রমী পুরুষের বিবরণী নিম্নরূপ: প্রথম, স্বামী; যার সাথে স্ত্রীর কোনো অংগের পর্দা নেই। তবে বিনা প্রয়োজনে বিশেষ অংগ না দেখাই উত্তম। হযরত আয়েশা সিদ্দীকা (রা) বলেন, مَا رَأَى مِنّى وَمَا رَأَيْتُ مِنْهُ অর্থাৎ রসূলুল্লাহ (স) আমার বিশেষ অংগ দেখেননি, আর আর্মিও তাঁর দেখিনি। দ্বিতীয় পিতা; দাদা, পরদাদা সবাই এর অন্তর্ভুক্ত। তৃতীয়, শ্বশুর; তাতেও স্বামীর দাদা, পরদাদা অন্তর্ভুক্ত আছে। চতুর্থ, নিজ গর্ভজাত পুত্র। পঞ্চম, স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র। ষষ্ঠ, ভাই, সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় সবাই এর অন্তর্ভুক্ত। কিন্তু মামা, খালা ও ফুফুর পুত্র-যাদের সাধারণ ভাই বলা হয়ে থাকে, তারা এ ব্যতিক্রমীদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ তাদের সাথে দেখা দেয়া জায়েয নেই। সপ্তম, ভাতিজা (ভাইয়ের পুত্র) এখানেও শুধু সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভ্রাতার পুত্র বুঝানো হয়েছে। অন্যরা এর অন্তর্ভুক্ত নয়। অষ্টম, বোনের ছেলে। এখানেও সহোদরা, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন বুঝানো হয়েছে। এ আট প্রকার পুরুষ হলো মুহাররাম। নবম, أَوْ نِسَائِهِنَّ অর্থাৎ নিজেদের স্ত্রীলোক উদ্দেশ্য মুসলিম নারী। তাদের সামনেও যেসব অংগ খোলা যায় যেগুলো নিজ পিতা ও পুত্রের সামনে খোলা যায়। পূর্বেও বলা হয়েছে, এ ব্যতিক্রম পর্দার বিধান থেকে গোপন অংগ আবৃত করা থেকে নয়। তাই নারী যেসব অংগ মুহাররাম পুরুষের সামনে খুলতে পারে না সেসব অংগ কোনো মুসলিম মহিলার সামনেও খোলা জায়েয নয়। তবে চিকিৎসা ইত্যাদি প্রয়োজনে খোলা ভিন্ন কথা। 'মুসলিম নারী' বলার কারণে কাফির মুশরিক নারীদের থেকেও পর্দা করা ওয়াজিব। তারা বেগানা পুরুষদের মধ্যে গণ্য। দশম, প্রকার ব্যতিক্রমী পুরুষ হলো নারীদের মালিকানাধীন লোক। এতে দাস-দাসী উভয়ই অন্তর্ভুক্ত। কিন্তু অধিকাংশ ফিকহবিদের মতে এখানে শুধু দাসী বুঝানো হয়েছে। পুরুষ দাস এ হুকুমের অন্তর্ভুক্ত নয়। তাদের কাছে সাধারণ মুহাররমের মত পর্দা করা ওয়াজিব। হযরত সাঈদ ইবনে মুসাইয়েব তাঁর সর্বশেষ উক্তিতে বলেন: لا يغرنكم اية النور فانه في الاماء دون الذكور আয়াতে এ অর্থ গ্রহণ করো না যে ملکت ايمانكم শব্দের মধ্যে দাসরাও শামিল রয়েছে। এ আয়াতে শুধু দাসীদেরকে বুঝানো হয়েছে। পুরুষ দাস এর অন্তর্ভুক্ত নয়। একাদশ, পর্দার ব্যতিক্রমী পুরুষ হলো যৌন কামনা মুক্ত পুরুষ লোক। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, এখানে এমন নির্বোধ ও ইন্দ্রিয়বিকল ধরনের লোক বুঝানো হয়েছে যাদের নারীর প্রতি কোনো আগ্রহ, উত্তেজনা ও ঔৎসুক্যই নেই। আয়াতে এমনসব পুরুষকে বুঝানো হয়েছে যাদের মধ্যে নারীদের প্রতি কোনো আগ্রহ ও কামভাব নেই এবং তাদের রূপগুণের প্রতিও কোনো ঔৎসুক্য নেই যে, অপরের কাছে গিয়ে বর্ণনা করবে। তবে নপুংসক ধরনের লোক যারা নারীদের বিশেষ গুণাবলীর সাথে সম্পর্ক রাখে তাদের থেকেও পর্দা করা ওয়াজিব। হযরত আয়েশা (রা)-এর হাদীসে আছে, জনৈক নপুংসক ব্যক্তি রসূলুল্লাহ (স)-এর বিবিদের কাছে আসা-যাওয়া করতো। বিবিগণ তাকে আয়াতে বর্ণিত কামভাবমুক্ত পুরুষ মনে করে তার সামনে আগমন করতেন। রসূলুল্লাহ (স) তাকে গৃহে প্রবেশ করতে নিষেধ করে দিলেন। এ কারণেই ইবনে হজর মক্কী মিনহাজের টীকায় বলেন, পুরুষ যদিও পুরুষত্বহীন লিংগ কর্তিত অথবা খুব বেশী বৃদ্ধ হয় তবুও সে غير أولى الاربة শব্দের অন্তর্ভুক্ত নয়। তার থেকে পর্দা করা ওয়াজিব। দ্বাদশ প্রকার, এমন অল্প বয়স্ক বালক যে নারীদের বিশেষ আকর্ষণ, কমনীয়তা ও গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ বেখবর। ইমাম জাস্সাস বলেন, এখানে এমন বালককে বুঝানো হয়েছে যে বিশেষ কাজ-কারবারের দিক থেকে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য বুঝে না।

আলোচ্য আয়াতের শেষাংশে বলা হয়েছে : وَلَا يَضْرِبْنَ بِأرجلهن لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زَيْنَتِهِنَّ "মুমিন নারীগণ যেন এমনভাবে পদচারণা না করে যাতে করে তাদের গোপন রাখা সাজসজ্জা প্রকাশিত হয়ে পড়ে।" এ পর্যায়ে নবী করীম (স) এ হুকুমকে কেবলমাত্র অলংকারাদির সুর-ঝংকার পর্যন্ত সীমিত রাখেননি। বরং তিনি এ থেকে এ মূলনীতি ঠিক করেছেন যে, দৃষ্টি ছাড়াও যেসব জিনিস যৌন অনুভূতিকে উত্তেজিত করে সেসবও ঐ উদ্দেশ্যের খেলাফ, যে জন্যে আল্লাহ তা'আলা নারীদেরকে নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন। এজন্যেই তো তিনি নারীদের নির্দেশ দিলেন, "সুগন্ধি লাগিয়ে বের হবে না।"

হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত আছে, নবী করীম (স) বলেছেন: لا تَمْنَعُوا إِمَاءَ الله مَسجِد الله ولكن ليخرجن وهن تفلات . "আল্লাহর বান্দী নারীদেরকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করো না। তবে তারা যেন সুগন্ধি মেখে বাইরে না আসে।" আরেকটি হাদীসে বলা হয়েছে, এক মহিলা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিল, হযরত আবু হুরাইরা (রা) তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি অনুভব করলেন যে মহিলাটি সুগন্ধি ব্যবহার করেছে। তিনি তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, হে মহাশক্তিমান আল্লাহর বান্দী! তুমি মসজিদ থেকে আসছো? সে বললো, জি-হাঁ। তিনি বললেন, আমি আমার প্রিয়নবী আবুল কাসেম (স)-কে বলতে শুনেছি-যে মহিলা মসজিদে সুগন্ধি মেখে আসবে, তার নামায ততক্ষণ পর্যন্ত কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত সে ঘরে গিয়ে অপবিত্রতার গোসল-ফরয গোসল সেরে না নেয়। হযরত আবু মূসা আশআরী (রা) বলেন, নবী করীম (স) বলেছেন: إذَا اسْتَعْطَرَتِ الْمَرْأَةُ فَمَرَّتْ عَلَى الْقَوْمِ لِيَجْدُوا رِيْحِهَا فَهِيَ كَذْ وَكَذَا ......... قَالَ قَوْلاً شَدِيدًا - "যে মহিলা আতর-সুগন্ধি লাগিয়ে পথে-ঘাটে চলাফেরা করে এ উদ্দেশ্যে যে এতে লোকেরা মেতে উঠবে-সে তো এমন এমন ............ খুব শক্ত কথাই বললেন তিনি।

প্রয়োজন ছাড়াও মহিলারা নিজেদের কণ্ঠস্বর পর-পুরুষদের শোনাবে -তা নবী করীম (স) আদৌ পসন্দ করতেন না। প্রয়োজন বশতঃ কথা বলার অনুমতি তো স্বয়ং কুরআন মজীদই দিয়েছে। নবী করীম (স)-এর স্ত্রীগণ তো লোকদেরকে দীনি বা নৈতিক মাসয়ালা-মাসায়েল বলে দিতেন। যেখানে এমন কোনো দীনি প্রয়োজন বা নৈতিক ফায়দা নেই, সেখানে পর-পুরুষদেরকে মহিলাদের আওয়ায শুনানো আদৌ সমর্থনযোগ্য নয়। এজন্যে নামাযে ইমাম ভুল করলে কেবল পুরুষ নামাযীদের হুকুম করা হয়েছে, তারা 'আল্লাহু আকবার' বা 'সুবহানাল্লাহ' বলে ইমামকে সংশোধন করে দেবে। অথচ মহিলাদের বলা হয়েছে, তারা হাতে হাত মেরে শব্দ করে ইমামকে সাবধান করবে। বলা হয়েছে, التسبيح للرجال والتصفيق للنساء।

নারীর অলংকারের আওয়ায বেগানা পুরুষকে শোনানো জায়েয নেই। আয়াতের শুরুতে বেগানা পুরুষদের কাছে নারীদের সাজসজ্জা প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। উপসংহারে এর প্রতি আরও জোর দেয়া হয়েছে যে, সাজসজ্জার স্থান মস্তক, বক্ষদেশ ইত্যাদি আবৃত করা তো ওয়াজিব ছিলই-গোপন সাজসজ্জা যে কোনোভাবেই প্রকাশ হোক, তাও জায়েয নয়। অলংকারাদির ভিতর এমন জিনিস রাখা যদ্দরুণ অলংকার ঝংকৃত হতে থাকে কিংবা অলংকারাদির পারস্পরিক সংঘর্ষের কারণে বাজা, কিংবা মাটিতে সজোরে পা রাখা, যার ফলে অলংকারের শব্দ হয় এবং তা বেগানা পুরুষের কানে পৌঁছে-এসব বিষয় আলোচ্য আয়াতের আলোকে নাজায়েয। এজন্যেই অনেক ফিকহবিদ বলেন, যখন অলংকারের আওয়ায বেগানা পুরুষকে শোনানো এ আয়াত দ্বারা অবৈধ প্রমাণিত হলো, তখন স্বয়ং নারীর আওয়ায আরও কঠোর এবং প্রশ্নাতীতরূপে অবৈধ হবে। তাই তাঁরা নারীর আওয়াযকেও গোপন অংগের অন্তর্ভুক্ত করেছেন। 'নাওয়াযেল' গ্রন্থে বলা হয়েছে যতদূর সম্ভব নারীগণকে কুরআন শিক্ষা নারীদের থেকেই গ্রহণ করা উচিত। অবশ্য নিরুপায় অবস্থায় পুরুষদের থেকে গ্রহণ করা জায়েয।

সহীহ আল বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, নামাযে যদি কেউ মুসল্লির সম্মুখ দিয়ে পথ অতিক্রম করতে থাকে তবে পুরুষ মুসল্লির উচিত 'সুবহানাল্লাহ' বলে তাকে সতর্ক করে দেয়া। কিন্তু নারী আওয়ায করতে পারবে না; বরং সে এক হাতের পিঠে অন্য হাত মেরে তাকে সতর্ক করে দেবে। এতে আরও প্রমাণিত হয় যে, নারীরাও মসজিদে নামাযের জামায়াতে শরীক হতো।

নারীর আওয়ায গোপন অংগের অন্তর্ভুক্ত কিনা এবং বেগানা পুরুষকে আওয়ায শোনানো জায়েয কিনা-এ সম্পর্কে ইমামদের মতভেদ রয়েছে। ইমাম শাফেঈ (র)-এর গ্রন্থসমূহে নারীর আওয়াযকে গোপন অংগের অন্তর্ভুক্ত করা হয়নি। হানাফীগণের উক্তি বিভিন্নরূপ। ইবনে হুমাম নাওয়াযেল-এর বর্ণনার ভিত্তিতে গোপন অংগের অন্তর্ভুক্ত করেছেন। হানাফীগণের মতে মহিলার আযান মাকরূহ। তবে হাদীস দ্বারা প্রমাণিত আছে যে, রসূলুল্লাহ (স)-এর স্ত্রীগণ পর্দার আয়াত নাযিল হওয়ার পরেও পর্দার আড়ালে থেকে বেগানা পুরুষদের সাথে কথাবার্তা বলেছেন। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বিশুদ্ধ ও অধিক সত্য কথা এই যে, যেখানে মহিলার আওয়াযের কারণে অনর্থ সৃষ্টি হওয়ার আশংকা থাকে সেখানে তা নিষিদ্ধ; আর যেখানে আশংকা নেই সেখানে তা জায়েয। (জাস্সাস) কিন্তু অপ্রয়োজনে পর্দার অন্তরাল থেকেও কথাবার্তা না বলার মধ্যে সাবধানতা নিহিত। নারী বাইরে যাওয়ার প্রয়োজন থাকলে সে বাইরে যাবে। তবে পর্দা সহকারে। এবং সুগন্ধি লাগিয়ে নয়। কেননা, সুগন্ধিও গোপন সাজ- সজ্জারও অন্তর্ভুক্ত। বেগানা পুরুষের কাছে ঐ সুগন্ধি পৌঁছা 'নাজায়েয'। তিরমিযী শরীফে হযরত আবু মূসা আশআরীর হাদীসে সুগন্ধি লাগিয়ে বাইরে গমনকারী নারীর নিন্দা করা হয়েছে। সুশোভিত বোরকা পরিধান করে বের হওয়াও জায়েয নয়। ইমাম জাস্সাস বলেন, কুরআনুল করীম নারীর আওয়াযকেও যখন নিষিদ্ধ করেছে, তখন সুশোভিত রঙীন ও কারুকার্যখচিত বোরকা পরিধান করে বের হওয়া আরও কঠোররূপে নিষিদ্ধ। এতে আরও বুঝা গেল যে, নারীর চেহারা যদিও গোপন অংগের অন্তর্ভুক্ত নয়, কিন্তু তা সৌন্দর্যের সর্ববৃহৎ কেন্দ্র হওয়ার কারণে একেও আবৃত রাখা ওয়াজিব। তবে প্রয়োজনের কথা স্বতন্ত্র।

আলোচ্য আয়াতের সর্বশেষে বলা হয়েছে: وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ . "তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, হে মুমিনগণ! যেন তোমরা কল্যাণ ও সফলতা লাভ করতে পারো।" আলোচ্য আয়াতে প্রথমে পুরুষদেরকে দৃষ্টি নত রাখার ও লজ্জাস্থান হেফাযতের নির্দেশ দেয়া হয়েছে। তারপর মহিলাদেরও তেমনি হুকুম দেয়া হয়েছে অতপর নারীদেরকে বেগানা পুরুষদের থেকে পর্দা করার জন্য আলাদা আলাদা আদেশ দেয়া হয়েছে। সর্বশেষে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে যে নির্দেশ দেয়া হয়েছে, তাহলো কাম-প্রবৃত্তি ব্যাপারটি খুবই সূক্ষ্ম। অপরের তা জানা কঠিন। কিন্তু আল্লাহ তা'আলার কাছে প্রত্যেক প্রকাশ্য অপ্রকাশ্য বিষয় সমান দেদীপ্যমান। তাই উপরোল্লিখিত বিধানসমূহে যদি কোনো সময় কারো দ্বারা কোনো ত্রুটি হয়ে যায়, তবে সে জন্যে তাওবা করা খুবই জরুরী। সে অতীত কর্মের জন্য তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে এরূপ না করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করবে।

এ ক্ষেত্রে প্রদত্ত হুকুম আহকাম নাযিল হওয়ার পর নবী করীম (স) কুরআনের ভাবধারা অনুসারে ইসলামী সমাজে যেসব সংশোধনী কার্যকর করেছিলেন, তার অতি সংক্ষিপ্ত কিছু বিষয় নিম্নরূপ: এক. নবী করীম (স) কোনো মুহরিম আত্মীয়ের অনুপস্থিতিতে অন্য লোকদের সাথে (এমনকি আত্মীয় হলেও) কোনো মহিলার একাকীত্বে দেখা-সাক্ষাত করা বা একত্রে বসা ও চলাফেরা করা নিষেধ করে দিয়েছেন। যেমন হযরত যাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, নবী করীম (স) বলেছেন: لَا تَلْجُوا عَلَى الْمُغِيِّبَاتِ فَإِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ أَحَدِكُمْ مَجْرَى الدَّمِ “স্বামী অনুপস্থিত—এমন স্ত্রীলোকদের কাছে তোমরা যাবে না। কেননা শয়তান তোমাদের প্রত্যেকের রক্ত ধারায় (শিরা-উপশিরায়) প্রবাহিত হয়।” তাঁর অপর এক বর্ণনায় বলা হয়েছে, নবী করীম (স) বলেছেন: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَخْلُوْا بِامْرَأَةٍ لَيْسَ مَعَهَا ذُوْ مُحْرِمٍ مِنْهَا - فَإِنَّ ثَالِثَهُمَا الشَّيْطَانُ - "যে লোক আল্লাহ ও পরকালের উপর ঈমান রাখে সে কখনো একাকিত্বে কোনো মহিলার সাথে বসবে না, যতক্ষণ সে মহিলার সাথে তার কোনো মুহরিম পুরুষ উপস্থিত না থাকবে। কেননা তা করলে সেখানে তৃতীয় লোক থাকে শয়তান।” ইমাম আহমদ আমের ইবনে রবীআ প্রায় এরূপ অর্থেরই আর একটি হাদীস বর্ণনা করেছেন। এ ব্যাপারে নবী করীম (স)-এর নিজের সতর্কতার অবস্থা ছিল এই: একবার রাত্রিকালে তিনি হযরত সফিয়া (রা)-কে সাথে করে তাঁর ঘরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে দুজন আনসারী তাঁদের অতিক্রম করে যাচ্ছিলেন। তিনি তাদের থামিয়ে বললেন, “আমার সাথে আমার স্ত্রী সফিয়া, অন্য কেউ নয়। তাঁরা বললেন, হে রসূল! আল্লাহ পাক তো পবিত্র। আপনার সম্পর্কে কি আমাদের কোনো খারাপ ধারণা হতে পারে?” নবী করীম (স) বললেন, “শয়তান ব্যক্তির দেহে রক্তের মতই প্রবাহিত হয়। সে তোমাদের মনে আমার সম্পর্কে যেন কোনো খারাপ ধারণা সৃষ্টি করতে না পারে সে আশংকায়ই আমি তোমাদের কাছে একথা বলা দরকার মনে করেছি।”

দুই. বুখারী ও মুসলিমে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত আছে, নবী করীম (স) এক ভাষণে বলেছিলেন: لَا يَخْلُونَ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا وَمَعَهَا ذُو مُحْرِمٍ وَلَا تُسَافِرُ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذى مُحْرِمِ কোনো পুরুষ কোনো পরনারীর সাথে নিভৃতে মিলিত হবে না, যতক্ষণ না তার সাথে কোনো মুহরিম পুরুষ উপস্থিত থাকে। আর কোনো মহিলা কোনো মুহরিম পুরুষ সংগী ছাড়া একাকিনী কোনো দূরবর্তী স্থানে সফর করবে না। এক ব্যক্তি বলে উঠলো, আমার স্ত্রী হজ্জে যাচ্ছে। আর আমার নাম তো অমুক অভিযানে গমনকারীদের তালিকায় লিস্ট ভুক্ত হয়ে আছে। এখন কি করা যাবে? নবী করীম (স) বললেন: فَانْطَلِقُ فَحَجَ مَعَ امْرَأَتِكَ “তাহলে তুমি চলে যাও, তোমার স্ত্রীর সাথে গিয়ে হজ্জ করো।” নির্ভরযোগ্য হাদীস গ্রন্থাবলীতে এ বিষয়ে বহু সংখ্যক হাদীস ইবনে উমর (রা), আবু সাঈদ খুদরী (রা) ও আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত ও উদ্ধৃত হয়েছে। এসব হাদীসের বক্তব্যে শুধু সফরের মেয়াদ কিংবা দূরত্বের ব্যাপারে কিছুটা পার্থক্য রয়েছে। কিন্তু সব কটি হাদীসই একত্রে ঘোষণা করে যে, আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী কোনো মহিলার পক্ষে কোনো মুহরিম পুরুষ ছাড়া একাকী সফর করা জায়েয নয়। এ জাতীয় হাদীস-সমূহের শিক্ষা হলো মেয়াদ কিংবা দূরত্ব নির্বিশেষে প্রচলিত অর্থের যে কোনো সফরে কোনো মহিলা মুহরিম পুরুষ ছাড়া সফর করতে পারবে না।

নারীদের জুমআ ও জামায়াত
নবী করীম (স) নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করার কার্যত চেষ্টাও করেছিলেন, মুখে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। ইসলামে জুমআ ও জামায়াতের যে গুরুত্ব, তা অভিজ্ঞ কারো অজানা নয়। জুমআর নামায তো আল্লাহ নিজে ফরয করেছেন। আর জামায়াতের সাথে নামাযের গুরুত্ব এভাবে উপলব্ধি করা যায়, যে ব্যক্তি বিনা ওজরে মসজিদে অনুপস্থিত থেকে নিজের ঘরে বসে নামায আদায় করলো, নবী করীম (স)-এর ঘোষণা মতে তার নামাযই কবুল হয় না। কিন্তু নবী করীম (স) মহিলাদের জন্য জুমআর নামায ফরয করেননি। আর তিনি মহিলা সমাজকে জামায়াতে শরীক হয়ে নামায আদায়ে বাধ্য করেননি; বরং তার অনুমতি দিয়েছেন এ ভাষায় যে, তারা যদি আসতেই চায়, তাহলে তাদের নিষেধ করবে না। তার সাথে একথাও স্পষ্ট করে দিয়েছেন যে, তাদের জন্য ঘরের নামায মসজিদের নামায অপেক্ষা উত্তম। আবু হুরাইরা (রা) বর্ণনা করেছেন, নবী করীম (স) বলেছেন لَا تَمْنَعُوا أَمَاءَ اللَّهِ مَسَاجِدَ الله আল্লাহর দাসীদের আল্লাহর ঘরে (মসজিদে) আসতে নিষেধ করো না। এরি অনুরূপ ইবনে উমর (রা)-এর আরেকটি বর্ণনা হলো: ائْذَنُوا النِّسَاء إِلَى الْمَسَاجِد باللَّيْلِ মহিলাদের রাত্রেবেলায় মসজিদে আসতে দাও। আরেকটি বর্ণনার ভাষা হলো: لَّهُنَّ - لا تَمْنَعُوا نِسَائِكُمُ الْمَسْجِدَ وَبيتُوهُنَّ خَيْرٌ "তোমাদের মহিলাদের মসজিদে আসতে নিষেধ করো না, যদিও তাদের ঘরই তাদের জন্য অধিক উত্তম।"

উম্মে হুমাইদ সায়েদীয়া বলেন, আমি নিবেদন করলাম, "ইয়া রাসূলাল্লাহ! আপনার পেছনে নামায আদায় করতে আমার বড় ইচ্ছে করে। তিনি বললেন, তোমাদের নিজেদের কামরায় নামায আদায় করা দহলিজে নামায আদায় করার চেয়ে উত্তম। তোমাদের নিজেদের ঘরে নামায আদায় করা মসজিদে নামায আদায় করার চেয়ে উত্তম। আর তোমাদের মহল্লার মসজিদে নামায আদায় করা জামে মসজিদে নামায আদায় করার চেয়ে উত্তম। প্রায় এ রকম কথাই বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে। হযরত উম্মে সালমা (রা)-এর বর্ণনায় নবী করীম (স)-এর ভাষা নিম্নরূপ: خَيْرُ مَسَاجِد النِّسَاءِ قَعْرُ بُيُوتِهِنَّ মহিলাদের জন্য সর্বোত্তম মসজিদ হচ্ছে তাদের ঘরের নিভৃততম কক্ষ। কিন্তু হযরত আয়েশা (রা) বনী উমাইয়া যুগের পরিবেশ দেখে বলেছিলেন, "নবী করীম (স) যদি মহিলাদের বর্তমান সময়ের চাল-চলন নিজ চক্ষে দেখতে পেতেন, তাহলে তিনি তাদের মসজিদে আসা তেমনিভাবে বন্ধ করে দিতেন যেমন বনী ইসরাঈলীদের মহিলাদের মসজিদে আসা বন্ধ করে দেয়া হয়েছিল। মসজিদে নববীতে মহিলাদের জন্য নবী করীম (স) আলাদা প্রবেশ পথ নির্দিষ্ট করে দিয়েছিলেন। হযরত উমর (রা) তাঁর খেলাফত আমলে পুরুষদেরকে সে পথে যাতায়াত করতে কঠোরভাবে নিষেধ করে দিয়েছিলেন। জামায়াতে মহিলাদের কাতার রাখা হতো পুরুষদের পেছনে। আর নামায শেষ করে সালাম ফিরিয়ে নবী করীম (স) কিছুক্ষণ দেরী করতেন, যেন পুরুষদের উঠার আগেই মহিলারা বের হয়ে চলে যেতে পারে।

নারীদের সাজসজ্জা করার জন্য নবী করীম (স) অনুমতি দিয়েছেন, বরং সে জন্যে তিনি তাদের উপদেশও দিয়েছেন। কিন্তু এ ব্যাপারে সীমালংঘন করতে তিনি কঠোর ভাষায় নিষেধ করেছেন। তৎকালে যে ধরনের সাজ-সজ্জা করা নারীদের মধ্যে রেওয়াজ ছিল, তার মধ্যে নিম্নোক্তগুলোকে তিনি লানত যোগ্য এবং অভিসম্পাতের কারণরূপে নির্ধারিত করেছেন: ১. নারীদের পরচুলা লাগিয়ে অধিক লম্বা বা ঘন বানাতে চেষ্টা করা, ২. দেহের বিভিন্ন অংগে নকশা বা ছবি অংকন করা, ৩. কৃত্রিমভাবে তিল রচনা করা, ৪. চুল উপড়িয়ে ভ্রূ-কে বিশেষ ধরনের বানানো, ৫. লোম খুঁচে খুঁচে মুখ পরিষ্কার করা, ৬. দাঁত ঘষে ঘষে চিকণ ও শাণিত করানো, ৭. দাঁতসমূহের মধ্যে কৃত্রিম ফাঁক সৃষ্টি করা, ৮. জাফরান বা পাউডারের কৃত্রিম সংযোগে চেহারার কৃত্রিম রঙ বানানো। সীহাহ সিত্তাহ মুসনাদে আহমদ-এ হযরত আয়েশা (রা) হযরত আসমা বিনতে আবু বকর (রা) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা), আবদুল্লাহ ইবনে উমর (রা), আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) এবং আমীর মুআবিয়া (রা) থেকে নির্ভরযোগ্য সূত্রে এসব নিষেধ বর্ণিত হয়েছে।

আল্লাহ ও রসূলের এসব সুস্পষ্ট হেদায়াত দেখে নেয়ার পর একজন ঈমানদারের জন্য দুটো পথ খোলা রয়েছে: (ক) সে এসব মেনে নিয়ে নিজের ঘর ও পরিবেশকে এসব ফেতনা ও বিপর্যয়মূলক আপদ থেকে পবিত্র করে নেবে অথবা (খ) সে নিজের ঈমানী দুর্বলতার কারণে এসব নির্দেশের বা কোনো কোনোটির বিরোধীতা করবে, তবে এটাকে গুনাহ মনে করেই করবে। এ সবের অপব্যাখ্যা করে গুনাহকে সওয়াবের কাজ বানাবে না। বস্তুত পাশ্চাত্য কৃষ্টি ও সভ্যতার হুবহু অনুসরণ করেও মুসলিম নাম ধারণ করার মত আত্ম প্রবঞ্চনার উদাহরণ পৃথিবীতে দ্বিতীয়টি হতে পারে না। আল্লাহ মুসলিম উম্মাহর হেফাযত করুন।

টিকাঃ
-(মাআরেফুল কুরআন), (ইবনে কাসীর), (তাফহীমুল কুরআন), (জাস্সাস থেকে মাআরেফুল কুরআন), (তাফহীমুল কুরআন অনুসরণে)

ফন্ট সাইজ
15px
17px