📄 বিয়ে করবে স্বাধীন মুসলিম নারীকে
وَمَنْ لَّمْ يَسْتَطِعْ مِنْكُم طَوْلاً أَنْ يُنْكِحَ الْمُحْصَنَتِ الْمُؤْمِنَتِ فَمِنْ مَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِنْ فَتَيْتِكُمُ الْمُؤْمِنَتِ ، وَاللَّهُ أَعْلَمُ بِإِيْمَانِكُمْ ، বَعْضُكُمْ مِنْ بَعْضٍ :
"আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসীকে বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে ভালভাবে ওয়াকিফ আছেন। তোমরা সবাই মূলত একই বংশীয়।"-(সূরা আন নিসা: ২৫)
একজন মুসলিম বিয়ে করবে একজন স্বাধীন সম্ভ্রান্ত মুসলিম মহিলাকে। কিন্তু কেউ যদি সম্ভ্রান্ত বংশের মুসলিম পাত্রী (মুহসানাত)-কে বিয়ে করার পুরো সামর্থ না রাখে, তবে সে নিজেদের মধ্যকার শরীয়তসম্মত মালিকানাধীন দাসীদের বিয়ে করবে। কেননা অধিকাংশ দাসীর মোহরানা ও খরচাদি কম হয়ে থাকে এবং তাদের গরীবের ঘরে বিয়ে দিতে সংকোচ করা হয় না। আর দাসীকে বিয়ে করতে কোনো পুরুষের সংকোচ করাও উচিত নয়। কেননা ধার্মিকতা ও ঈমানদারীর দিক থেকে একজন দাসী একজন স্বাধীন নারীর চেয়েও উত্তম হতে পারে। ব্যক্তির শ্রেষ্ঠত্বের ভিত্তিই হলো ঈমান ও তাকওয়া। তোমাদের মধ্যে ঈমানের দিক থেকে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট, তা কেবল আল্লাহই ভাল জানেন। কারণ এটা তো অন্তরের সাথেই সম্পৃক্ত, আর অন্তরের পূর্ণ খবর তো আল্লাহরই ভাল জানা আছে। পার্থিব দিক থেকে সংকোচের বড় কারণ হচ্ছে বংশগত পার্থক্য থাকা অথচ বংশের মূল উৎস হলেন হযরত আদম ও হাওয়া (আ)। উৎসের অভিন্নতার কারণে তোমরা সবাই পরস্পর সমান, সবাই একই বংশোদ্ভূত। সুতরাং সংকোচের কোনো কারণ থাকা মোটেই সমীচীন নয়।
অবশ্য আয়াতের ভাষ্যে বলা হয়েছে স্বাধীন নারীকে বিয়ে করার অর্থ সামর্থ না থাকলে ঈমানদার দাসীদের বিয়ে করা যায়। সুতরাং যথাসম্ভব স্বাধীন নারীকেই বিয়ে করার চেষ্টা করতে হবে। আর যদি দাসীদেরই বিয়ে করতে হয়, তবে ঈমানদার দাসী খোঁজ করতে হবে। হযরত ইমাম আবু হানিফা (র)-এর মত এটাই। তাঁর মতে স্বাধীন সম্ভ্রান্ত মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ থাকা সত্ত্বেও দাসী কিংবা ইয়াহুদী খৃষ্টান দাসীকে বিয়ে করা মাকরূহ। ইমাম শাফিঈ (র) ও অন্যান্য ইমামের মতে স্বাধীন নারীকে বিয়ে করার শক্তি সামর্থ থাকা সত্ত্বেও দাসীকে অথবা ইয়াহুদী খ্রীষ্টান দাসীকে বিয়ে করা সর্বাবস্থায় অবৈধ। চিন্তাশীল উলামায়ে কিরামের মতে স্বাধীন ইয়াহুদী-খ্রীষ্টান নারীকে বিয়ে করা বৈধ হলেও তা থেকে বেঁচে থাকা উত্তম। বর্তমান যুগে এর গুরুত্ব অত্যধিক।
আয়াতে বলা হয়েছে, "স্বাধীন মহিলাকে বিয়ে করার সামর্থ না থাকলে দাসী ঈমানদার মহিলাকে বিয়ে করবে।" সুতরাং মুতাআ বৈধ নয়। কারণ, স্বাধীন নারীকে বিয়ে করার সামর্থ না থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির জন্যে মুতাআ ছিল সহজতম পথ। এতে যৌন বাসনারও পরিতৃপ্তি হতো এবং আর্থিক বোঝাও বিয়ের তুলনায় অনেক কম হতো। অথচ আল্লাহ তা'আলা স্বাধীন নারীকে বিবাহ করতে অসমর্থ হলেও মুতাআর অনুমতি দেননি। কাজেই মুতাআ সর্বাবস্থায় হারাম।
টিকাঃ
-(মাআরেফুল কুরআন)
📄 সম্ভ্রান্ত স্বাধীন মহিলাকে বিয়ে করার সামর্থ না থাকলে সবর করাই উত্তম
فَانكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصَنَتِ غَيْرَ مُسْفِحْتِ وَلَا مُتَّخِذْتِ أَخْدَانٍ ، فَإِذَا أُحْصِنَّ فَإِنْ آتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَتِ مِنَ الْعَذَابِ ، ذَلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنْكُمْ ، وَأَنْ تَصْبِرُوا خَيْرٌ لَّكُمْ ، وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ (النساء : ২৫)
“তাদেরকে (দাসীদেরকে) তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে কর এবং যথাবিধি তাদের মোহরানা আদায় কর। এমতাবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে—ব্যভিচারিণী কিংবা উপপতি গ্রহণকারিণী হবে না। অতপর তারা যখন বিবাহ বন্ধনে এসে যায় তখন যদি কোনো অশ্লীল কাজ করে, তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। এ হুকুম তাদের জন্য, তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ার আশংকা করে। আর সবর করাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।”-(সূরা আন নিসা: ২৫)
কোনো পুরুষ সম্ভ্রান্ত স্বাধীন মহিলাকে বিয়ে করতে সমর্থ না হলে এবং তার ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ার আশংকা থাকলে, সে মুসলিম দাসী নারীকে বিয়ে করবে। কিন্তু তার জন্যে উত্তম যৌন সংযম অবলম্বন করা এবং সামর্থ হওয়ার অপেক্ষায় থাকা, যেন সে একজন স্বাধীন নারীকে বিয়ে করতে পারে। কেউ যদি যৌন সংযমে সক্ষম হওয়া সত্ত্বেও দাসী নারীকে বিয়ে করে বসে, তবে আল্লাহ তাকে পাকড়াও করবেন না, তাকে ক্ষমা করবেন। তিনি তো ক্ষমাশীল করুণাময়।
দাসী বিয়ে করলে তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে উক্ত আয়াতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। (১) মালিকদের অনুমতি নিয়ে তাদের বিয়ে করতে হবে, অন্যথা বিয়ে শুদ্ধ হবে না। কারণ, দাসীদের নিজের উপরও কোনো কর্তৃত্ব নেই। গোলামের অবস্থাও অনুরূপ, সে প্রভুর অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না। (২) তাদের বিয়ে করতে হবে উত্তম পন্থায় মোহরানা আদায় করে দিয়ে। কোনো প্রকার টালবাহান করা, পুরোপুরি আদায় না করা কিংবা দাসী ভেবে কোনো প্রকার কষ্ট দেয়া যাবে না। (৩) তারা যেন সতী-সাধ্বী হয়, প্রকাশ্য ব্যভিচারিণী বা গোপন সম্পর্ক স্থাপনকারী না হয়। এমনকি স্বাধীন ব্যভিচারিণী নারী থেকেও বেঁচে থাকা উত্তম।
দাসী নারীদের বিয়ে হওয়ার পর যদি তাদের সতী-সাধ্বী থাকার ব্যবস্থা হয়ে যায়। তখনও যদি তারা যিনা করে বসে, তবে তারা স্বাধীন যিনাকারী নারীগণের নির্ধারিত শাস্তির অর্ধেক ভোগ করবে। এখানে অবিবাহিতা স্বাধীন নারীকে বুঝানো হয়েছে। অবিবাহিত স্বাধীন পুরুষ বা নারী যিনা করলে তাদের একশত বেত্রাঘাত করার বিধান রয়েছে।
ذَلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنْكُمْ অর্থাৎ দাসীদের বিয়ে করার অনুমতি ঐ ব্যক্তির জন্য যার যিনায় লিপ্ত হওয়ার আশংকা থাকে। সুতরাং যিনায় লিপ্ত হয়ে পড়ার আশংকা না থাকলে দাসী বিয়ে করার প্রয়োজন নেই। অবশ্য তবুও কেউ করে ফেললে তো আল্লাহর অনুমতি রয়েছেই।
সর্বশেষে আল্লাহ তা'আলা আল্লাহর ঘোষণা হলো, যিনার আশংকা থাকা সত্ত্বেও সবর করা এবং নিজেকে পবিত্র ও সৎ রাখতে পারা দাসীকে বিয়ে করার চেয়ে উত্তম। যারা বিয়ে করার সামর্থ রাখে না, খোরপোষ দেয়ার মত যাদের আর্থিক সচ্ছলতা নেই তাদের উচিত সবর করা এবং নিজেকে সৎ ও পবিত্র রাখা। আর আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাওয়ার অপেক্ষা করা।
📄 পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ ، فَالصَّلِحْتُ قُنِتُتُ حَفِظْتُ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللهُ .
“পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল। এজন্যে যে আল্লাহ একের উপর অন্যের মর্যাদা দিয়েছেন আর এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সতী নারীগণ হয় অনুগত লোক চক্ষুর অন্তরালে ও সেসবের হেফাজত করে। যেসব কিছু আল্লাহ হেফাজতযোগ্য করে দিয়েছেন।” -(সূরা আন নিসাঃ ৩৪)
অন্য এক আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةً “আর পুরুষদের রয়েছে নারীদের উপর মর্যাদা। আয়াতে পুরুষদের প্রধান্যের বিষয় উল্লেখ করা হয়েছে বিশেষ ভংগিতে। পুরুষদের এ মর্যাদা নারীদের সামগ্রিক কল্যাণের বিষয় বিবেচনা করেই ব্যক্ত করা হয়েছে। এ প্রাধান্য নারীদের খাটো করা অথবা তাদের অধিকার খর্ব করার উদ্দেশ্যে নয়, বরং তাদের দৈহিক, মানসিক ও স্বভাবগত অবস্থানের প্রতি লক্ষ্য রেখেই এ ঘোষণা দেয়া হয়েছে। এ ঘোষণা তো দিয়েছেন তিনি, যে সত্ত্বা অত্যন্ত সুনিপুণভাবে সৃষ্টি করেছেন নর ও নারীকে। এখানে বলা হয়েছে, الرِّجَالُ قَوْامُونَ عَلَى النساء পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল বা দায়িত্বশীল। আরবীতে قَوَّامُ, قيام ও قَيْمٌ বলতে বুঝায় এমন ব্যক্তিকে যে কোনো কাজের পরিচালক, দায়িত্বশীল বা তত্ত্বাবধায়ক। তাই এ আয়াতের তরজমা করা হয় পুরুষরা স্ত্রীলোকদের পরিচালক বা অভিভাবক। সাধারণত কোনো যৌথ কাজ কারবারের জন্য যেমন একজন পরিচালক বা অভিভাবকের প্রয়োজন, তেমনি পরিবার পরিচালনার জন্যও আবশ্যক একজন পরিচালক বা অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামীন পরিবার পরিচালনার দায়িত্ব শিশু বা স্ত্রীলোকের উপর অর্পণ না করে, তা অর্পণ করেছেন পুরুষের উপর। কারণ, সৃষ্টিগত দিক থেকে সংসার জীবনের দৈনন্দিন কার্যাদি পরিচালনা ও এতদসংক্রান্ত সমস্যাদি মুকাবিলা করার মানসিক যোগ্যতা ও দৈহিক ক্ষমতা শিশু ও নারীর তুলনায় পুরুষের অনেক বেশী।
ইসলাম পুরুষদের উপর নারীদের অধিকার ততটুকুই দিয়েছে, যতটুকু অধিকার পুরুষদের দিয়েছে নারীদের উপর। অর্থাৎ কুরআন ও হাদীস নারী-পুরুষের অধিকারের বেলায় পরস্পরের মধ্যে কোনো পার্থক্য করেনি। কিন্তু একটি বিষয়ে স্ত্রীর উপর দিয়েছে স্বামীর প্রাধান্য। আর তা হচ্ছে পরিবারে স্বামী হবে স্ত্রীর অভিভাবক, তত্ত্বাবধায়ক ও দায়িত্বশীল। তবে আল কুরআন এ বিষয়ে সুস্পষ্ট করে ঘোষণা করেছে যে, এ অভিভাবকত্ব স্বৈরাচারমূলকভাবে প্রয়োগ করার অধিকার স্বামীর নেই। বরং এ অভিভাবকত্ব হবে শরীয়াতের বিধি-বিধান ও পারস্পরিক পরামর্শের নীতিমালার অধীন। স্বামী নিজের খেয়াল-খুশী মাফিক যা ইচ্ছা তাই করতে পারবে না। বরং তাকে নির্দেশ দেয়া হয়েছে : وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ "স্ত্রীদের সাথে সদাচরণ করে জীবন যাপন কর।" তেমনি আরেকটি আয়াতে বলা হয়েছে : عَنْ تَرَاضِ مِّنْهُمَا وَتَشَاوَرٍ অর্থাৎ পরিবারিক ও সাংসারিক কাজকর্ম স্বামী-স্ত্রীর পারস্পরিক সন্তুষ্টি ও পরামর্শের ভিত্তিতে আনজাম দেবে। কাজেই স্বামীর অভিভাবকত্ব জনিত প্রাধান্য স্ত্রীর জন্য কোনো প্রকার ক্ষোভ বা অসন্তুষ্টির কারণ হতে পারে না। বরং স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেয়ে তার দায়িত্ব পালন করার প্রতি অধিক জোর দেয়া হয়েছে।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমার সর্বত্তম স্ত্রী হবে সে যাকে তুমি দেখলে তোমার মন তৃপ্ত হবে, তাকে কোনো কাজের আদেশ করলে সে তা মেনে চলবে, আর তোমার অনুপস্থিতিতে সে তোমার সম্পদের ও তার নিজের হেফাজত করবে। স্বামীর আনুগত্য করা স্ত্রীর কর্তব্য, কিন্তু রাব্বুল আলামীন আল্লাহর দাসত্বের গুরুত্ব অনেক বেশী। সুতরাং কোনো স্বামী যদি তার স্ত্রীকে আল্লাহর নাফরমানীমূলক কোনো কাজের আদেশ করে অথবা নির্ধারিত ফরয পালনে বাধার সৃষ্টি করে, তবে স্বামীর সেই হুকুম পালন করতে অস্বীকার করা স্ত্রীর কর্তব্য। আল্লাহর কোনো নাফরমান অবাধ্য স্বামী যদি স্ত্রীকেও আল্লাহর নাফরমানী ও অবাধ্যতার কাজের প্রতি বাধ্য করে, তবে তাকে অমান্য করা স্ত্রীর ঈমানী দায়িত্ব। তখন যদি সে স্বামীর হুকুম পালন করে তবে সে গুনাহগার হবে। অবশ্য স্বামী কখনো কোনো নফল নামায-রোযা না করতে বললে, তা মেনে চলা স্ত্রীর কর্তব্য।
📄 অবাধ্য স্ত্রীকে সংশোধন করে নেয়ার নির্দেশ
وَالَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِن أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلا (النساء : ৩৪)
“আর যেসব নারীর মধ্যে অবাধ্যতার আশংকা কর; তাদের উপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর, তাদের (মৃদু) প্রহার কর। তারপর যদি তারা তোমাদের আনুগত্য করে তবে তাদের বিরুদ্ধে কোনো অজুহাত তালাশ করবে না।”-(সূরা আন নিসাঃ ৩৪)
যদি কখনো কোনো স্ত্রী থেকে অবাধ্যতা দেখা যায়, তবে তাকে সংশোধনের জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং সে জন্যে এ আয়াতে তিনটি পর্যায় বর্ণিত হয়েছে। প্রথমত, তাকে স্বাভাবিকভাবে নরম সুরে উপদেশ সহকারে বুঝাতে থাকবে। যাতে করে সে তার ভুল, দোষ-ত্রুটি বুঝে উঠতে সক্ষম হয়। যদি এতে সে সংশোধিত না হয়ে তার পূর্বের অবস্থায় থেকে যায় বা দোষ থেকে বিরত না হয়, তবে দ্বিতীয় পর্যায়ে তার থেকে পৃথক হয়ে রাত্রি যাপন করবে। এখানে বিছানা পৃথক করে দেয়ার নিয়ম বলে দেয়া হয়েছে—পৃথক ঘরে রাত যাপনের কথা বলা হয়নি। বিছানা পৃথক করে দিলে সে স্বামীর অসন্তুষ্টি উপলব্ধি করতে পেরে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে পারে। ঘর পৃথক করে দিলে যেমন তার মনে অধিক দুঃখ ও আঘাত লাগতে পারে। তেমনি কোনো অঘটনও ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে অধিক।
একজন সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, আমাদের উপর আমাদের স্ত্রীদের হক কি? তিনি বললেন, তোমরা খেলে তাকেও খাওয়াবে, তুমি পরিধান করলে তাকেও পরতে দেবে, তার চেহারায় মারবে না। তার বদনাম করবে না, আর তার থেকে পৃথক থাকবে না, তবে একই ঘরে পৃথক থাকতে পার। বস্তুত যদি এত ভদ্রোজনোচিত শাসন এবং শাস্তিতেও সে সংশোধিত না হয়, তবে তাকে মৃদু প্রহার করার অনুমতি আছে। কিন্তু তার মুখের উপর মারা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। প্রথম দু'টো পর্যায়ের সংশোধনী একান্তই ভদ্রজনোচিত, তাই সে ব্যাপারে নবী-রাসূল বুযুর্গ-মনীষীগণের মৌখিক অনুমতি রয়েছে এবং বাস্তবেও তা করে প্রমাণিত করেছেন। কিন্তু তৃতীয় পর্যায়ের সংশোধন পদ্ধতির অনুমতি থাকলেও সে সম্পর্কে নিরুৎসাহিত করা হয়েছে। হাদীসে বলা হয়েছে: وَمَنْ لَّمْ تَضْرِبُ خياركم "আর তোমাদের যারা স্ত্রীকে মারবে না তারা উত্তম লোক। নবী রাসূলদের থেকে এ ধরনের কাজ সংঘটিত হওয়ার কোনো প্রমাণ নেই।"
এ অবাধ্যতার ধরন ও মাত্রা সম্পর্কে স্বামীকে অবশ্যই সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। সাধারণ মতপার্থক্যকে কেন্দ্র করে এমনটি হওয়া অনভিপ্রেত ও অসংগত। পক্ষান্তরে, আল্লাহর নাফরমান কোনো স্বামী যদি স্ত্রীর দীনি কাজ-কর্ম ও শরীয়তী আমল সম্পর্কে আপত্তি উত্থাপন করে, তবে তার আনুগত্য করা স্ত্রীর জন্য আবশ্যকীয় নয়। বিশেষত কোনো ফরয কাজে বাধা দিলে তা অমান্য করাই হবে স্ত্রীর কর্তব্য। বস্তুত দাম্পত্য জীবনেও তেমনি সহনশীলতা দরকার, যেমন তা প্রয়োজন সামাজিক জীবনে। আয়াতের শেষাংশে সাবধান করে দেয়া হয়েছে যে, যদি এ তিনটি পর্যায়ের যে কোনো অবস্থায় বা পর্যায়ে যদি তোমাদের স্ত্রীরা তোমাদের মানতে আরম্ভ করে দেয়, তবে তোমরা আর বাড়াবাড়ী করতে যাবে না, বরং অতীত পর্যালোচনা ছেড়ে দিয়ে তাদের সাথে স্বাভাবিক আন্তরিকতাপূর্ণ ব্যবহার করবে। স্ত্রীরা নমনীয়তা প্রদর্শন করার পরেও কথায় কথায় তাদের দোষ-ত্রুটির পথ খুঁজতে যাবে না, তাদের দোষ ধরে বেড়াবে না। জেনে রেখ, আল্লাহ তা'আলা তোমাদের নারীদের উপর কোনো উচ্চ মর্যাদা দান করেননি, আল্লাহর মহত্ব ও ক্ষমতা তোমাদের উপরও বিরাজিত, তোমরা অযথা বাড়াবাড়ী করলে তার শাস্তি তোমাদেরকেও ভোগ করতে হবে।
এ আয়াতে আল্লাহ তা'আলা সংশোধনী মনোভাবাপন্ন নারী-পুরুষ তথা স্বামী-স্ত্রীর সুন্দর সুষ্ঠু দাম্পত্য জীবনের এক চমৎকার ব্যবস্থা দিয়েছেন। এতে করে পরিবারের বিষয়টি ঘরের মধ্যে পরস্পরের সমঝোতায় একটা অনুকূল ও সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারে। স্বামী-স্ত্রী—দু'জনের বিবাদ-বিসংবাদ, ভুল বুঝাবুঝি তাদের দু'জনের মধ্যেই মীমাংসা হয়ে যেতে পারে। তৃতীয় কোনো লোকের মধ্যস্থতার আবশ্যক হয়না। নিজেদের কথা বাইরের কেউ জানতেও পারেনা। ফলে উভয়ের পারস্পরিক গোপনীয়তা, মানসম্ভ্রম ও সামাজিক মর্যাদাও অক্ষুণ্ণ থাকে。