📘 আল কুরআনে নারী 📄 ইশারা-ইংগিতে বিধবাদের বিবাহ পয়গাম জায়েয কিন্তু গোপনে বিবাহ-চুক্তি বৈধ নয়

📄 ইশারা-ইংগিতে বিধবাদের বিবাহ পয়গাম জায়েয কিন্তু গোপনে বিবাহ-চুক্তি বৈধ নয়


وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنْتُمْ فِي أَنْفُسِكُمْ . عَلِمَ اللَّهُ أَنَّهُ سَتَذْكُرُونَهُنَّ وَلَكِنْ لا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَنْ تَقُولُوا قَوْلًا مَعْرُوفًا ، وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ .

"আর তোমরা যদি (বিধবাদের) ইদ্দত পালনকালে সেই নারীদের বিবাহ করার ইচ্ছা ইশারা-ইংগিতে প্রকাশ কর অথবা তা মনের মাঝে লুকিয়ে রাখ, তবে উভয় অবস্থায় তা দোষের কাজ নয়। আল্লাহ জানেন তাদের কথা তোমাদের মনে জাগবেই। কিন্তু সাবধান! তাদের সাথে গোপনে কোনো চুক্তি-প্রতিশ্রুতি দিয়ে রেখো না। তবে হ্যাঁ, কিছু বলতে হলে প্রথানুসারে বিধিসম্মতভাবে বলবে। আর ইদ্দত পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত বিবাহ বন্ধনের সিদ্ধান্ত নিবে না।" -(সূরা আল বাকারা : ২৩৫)

আলোচ্য আয়াতে ইদ্দত পালনরত বিধবাদের ইশারা-ইংগিতে বিবাহ প্রস্তাব প্রদান সম্পর্কে বলা হয়েছে। এ ধরনের প্রস্তাব জায়েয হলেও বিবাহ কার্যের গোপন চুক্তি জায়েয নয় এবং ইদ্দতের মধ্যে যথারীতি প্রকাশ্যে প্রস্তাব দিয়েও বিবাহ জায়েয নয়। ইদ্দত শেষ হওয়ার পর ইসলামী শরীয়তের নিয়ম-রীতি অনুযায়ী বিবাহ কার্য সম্পাদন করা যেতে পারে। সকল ইমামের এ বিষয়ে ইজমা রয়েছে যে, ইদ্দত শেষ হওয়ার পূর্বে বিবাহ শুদ্ধ নয়।

mৃত স্বামীর বিধবা স্ত্রীকে অস্পষ্ট ভাষায় বিবাহের প্রস্তাব দেয়া জায়েয আছে। তেমনিভাবে তালাক প্রাপ্তাকেও এভাবে বিবাহ প্রস্তাব দেয়া বৈধ। এ প্রসংগে অফসীরে ইবনে কাসীরে রাসূলুল্লাহ (স)-এর সময়কার একটি ঘটনা উল্লেখ করা হয়েছে।

ফাতিমা বিনতে কায়েস (রা)-কে যখন তার স্বামী আবু আমর ইবনে হাফস (রা) তৃতীয় তালাক দিয়েছিলেন, তখন রাসূলুল্লাহ (স) তাকে বললেন, তুমি ইবনে মাকতুমের ঘরে ইদ্দত পালন কর। তিনি আরো বললেন, ইদ্দত পালন শেষ হলে আমাকে জানাবে। অতপর ইদ্দত পালন শেষ হলে উসামা ইবনে যায়েদ (রা) তাকে বিয়ের প্রস্তাব দেন এবং উসামার সাথে তার বিবাহ সম্পন্ন হয়।

এখানে স্মরণ রাখা আবশ্যক যে, উপরিউক্ত বিধানাবলী হলো বিধবা অথবা বায়েন তালাক প্রাপ্তা স্ত্রীর ব্যাপারে। সুতরাং তালাকে রাজঈর ইদ্দত চলাকালে স্বামী ছাড়া অন্য কারো জন্যে পয়গাম দেয়া জায়েয নয়।

টিকাঃ
উৎস:-তাফসীর ইবনে কাসীর। -তাফসীরে মাআরেফুল কুরআন। -তাফহীমুল কুরআন।

📘 আল কুরআনে নারী 📄 স্ত্রীকে স্পর্শ না করলেও এবং মোহরানা ধার্য না হলেও তাকে তালাক দিলে অবশ্যই কিছু সম্পদ দিতে হবে

📄 স্ত্রীকে স্পর্শ না করলেও এবং মোহরানা ধার্য না হলেও তাকে তালাক দিলে অবশ্যই কিছু সম্পদ দিতে হবে


لَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً . وَمَتَّعُوهُنَّ عَلَى الْمُوسِعِ قَدَرَهُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهُ مَتَاعًا بِالْمَعْرُوفِ : حَقًّا عَلَى الْمُحْسِنِينَ (البقرة : ২৩৬)

"তোমরা নিজ স্ত্রীদের স্পর্শ করার পূর্বে অথবা তাদের মোহরানা নির্ধারণ করার পূর্বে যদি তাদের তালাক দাও তাতে তোমাদের দোষ নেই। তবে তাদের কিছু দিয়ে দিতে হবে। সচ্ছল ব্যক্তি তার সামর্থানুযায়ী এবং দরিদ্র ব্যক্তি তার সামর্থানুযায়ী ন্যায়সংগতভাবে অবশ্যই আদায় করবে। এটা মুহসিনদের (পুণ্যবানদের) উপর আরোপিত বিশেষ দায়িত্ব।" -(সূরা আল বাকারা : ২৩৬)

আলোচ্য আয়াতে বিয়ে ও তালাক সম্পর্কিত একটি বিধান বর্ণিত হয়েছে। তা হচ্ছে বিয়ের আক্দ হয়েছে ঠিক কিন্তু আক্দ হওয়ার সময় মোহর নির্ধারণ করা হয়নি। এমতাবস্থায় যদি স্ত্রীর সাথে নির্জনবাস ও সহবাস হওয়ার পূর্বেই তালাক হয়ে যায় তবে ঐ স্ত্রীকে মোহর দেয়া ওয়াজিব নয়। কিন্তু তবুও সামর্থানুযায়ী ঐ স্ত্রীকে অবশ্যই কিছু সম্পদ দিতে হবে। নেক্কার লোকদের উপর সামর্থ অনুসারে কিছু সম্পদ তাকে দিয়ে দেয়া ওয়াজিব। কতটুকু সম্পদ দিতে হবে কুরআন মজীদ তা নির্ধারণ করে দেয়নি। বরং তা লোকদের শিষ্টাচার ও ঈমানী মর্যাদার উপর ছেড়ে দিয়ে এতটুকু সীমা বলে দিয়েছে যে, ধনী ব্যক্তি তার আর্থিক সংগতি অনুযায়ী আর দরিদ্র ব্যক্তি তার সামর্থ অনুযায়ী কিছু দিয়ে দেবে।

এ ব্যাপারে মুসলিম সমাজের ঐতিহাসিক ও ব্যবহারিক কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে। হযরত হাসান (রা) এমনি ব্যাপারে বিশ হাজারের উপঢৌকন দিয়েছিলেন। কাজী শোরাইহ পাঁচ শত দেরহাম (রৌপ্য মুদ্রা) দিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস বলেছেন, নিম্নতম পরিমাণ হচ্ছে একজোড়া কাপড়।

ইসলামী শরীয়ত নারীদের ইজ্জত সম্ভ্রমের যে স্বীকৃতি দিয়েছে এবং যা ইসলামী সমাজ ছাড়া আর কোথায়ও নেই তারই একটা ন্যূনতম নিদর্শন হচ্ছে উপরিউক্ত বিধান। নারীর সাথে কেবল বিয়ের শরীয়তসম্মত চুক্তি বা আব্দ হওয়ার কারণেই তাকে কিছু সম্পদ দিতে হবে। তার সাথে বিয়ে উত্তর দৈহিক সম্পর্ক না হলেও এবং বিয়ের সময় মোহর ধার্য না হয়ে থাকলেও ইসলামী শরীয়তের এ নির্দেশ। কারণ, সম্পর্ক স্থাপনের পর তা ছিন্ন করলে স্ত্রীগণ কিছু না কিছু ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়ে থাকে। তাই সামর্থানুসারে সে ক্ষতিপূরণের জন্য আল্লাহর এ নিদের্শ।

আর যদি আব্দ হওয়ার সময় মোহর নির্ধারণ করা হয়ে থাকে এবং নির্জনবাসের পূর্বেই তালাক সংঘটিত হয়। তবে নির্ধারিত মোহরের অর্ধেক দেয়া ওয়াজিব। অবশ্য স্ত্রী যদি ক্ষমা করে দেয় অথবা স্বামী যদি সম্পূর্ণ মোহর দিয়ে দেয়, তবে তা তাদের বদান্যতা। অবশ্য ক্ষমা করার বিষয়টি বর্তমানে অত্যন্ত জটিল অবস্থায় পরিণত হয়েছে। স্ত্রী ক্ষমা করে দেয়াটা কোনো চাপে পড়ে অথবা আবেগে আতিসহ্যে কিনা তৎপ্রতি লক্ষ্য রাখা আবশ্যক। স্ত্রী সম্পূর্ণ স্বেচ্ছায় ক্ষমা করলে তবেই তা ক্ষমা হিসেবে গণ্য হতে পারে, অন্যথায় নয়।

আমাদের সমাজে 'মোহর' মাফ করে দেয়ার বিষয়টি স্ত্রীর সাথে সম্পৃক্ত বলে মনে করা হয়। উপরিউক্ত অবস্থায় স্বামীর পক্ষ থেকেও ক্ষমা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। পুরুষের পূর্ণ মোহর দিয়ে দেয়াকেও মাফ করে দেয়া বলা হয়েছে হয়তো এজন্যে যে, আরব দেশে সাধারণ প্রথানুযায়ী বিয়ের সংগে সংগেই মোহর দিয়ে দেয়া হতো। সুতরাং সহবাসের পূর্বে তালাক দিলে প্রদত্ত মোহরের অর্ধেক স্বামীর প্রাপ্য হয়ে যেতে। কাজেই সে যদি এই অর্ধেক না নেয়, তবে তাও ক্ষমার পর্যায়ে পড়ে। ক্ষমা বা মাফ করা উত্তম ও তাক্তয়ার অনুকুল। কেননা তালাক যে ভদ্রোচিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এ ক্ষমা তারই নিদর্শন-যা শরীয়াতের দৃষ্টিতে উত্তম ও সওয়াবের কাজ। সুতরাং ক্ষমা স্ত্রীর পক্ষ থেকেও হতে পারে আর তা হতে পারে স্বামীর পক্ষ থেকেও।

টিকাঃ
(কুরতুবী-মাআরেফুল কুরআন), (তাফহীমুল কুরআন), (মাআরেফুল কুরআন)

📘 আল কুরআনে নারী 📄 একজন পুরুষ শর্ত সাপেক্ষে সর্বাধিক চারজন নারী বিয়ে করতে পারবে

📄 একজন পুরুষ শর্ত সাপেক্ষে সর্বাধিক চারজন নারী বিয়ে করতে পারবে


وَإِنْ خِفْتُمْ الْأَتَقْسِطُوا فِي الْيَتْمَى فَانكِحُوا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلُثَ وَرُبَعَ ، فَإِنْ خِفْتُمُ الْأَتَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ .

"আর তোমরা যদি ইয়াতীম মেয়েদের প্রতি ইনসাফ করতে না পারার আশংকা কর, তবে অন্যান্য স্ত্রীলোকদের মধ্য হতে তোমাদের পসন্দসই দু'জন অথবা তিনজন অথবা চারজনকে বিয়ে করতে পার। যদি তাদের মধ্যে ইনসাফ করতে পারার ব্যাপারে আশংকা থাকে, তবে মাত্র একজনকে নিয়েই তুষ্ট থাকবে, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদের নিয়েই সন্তুষ্ট থাকবে।"-(সূরা আন নিসাঃ ৩)

ইসলাম পূর্ব জাহেলী যুগে ইয়াতীম মেয়েদের অধিকার চরমভাবে ক্ষুণ্ণ করা হতো। তাদের সৌন্দর্য ও সম্পদের মোহে অভিভাবকরা নামে মাত্র মোহর দিয়ে তাদেরকে বিয়ে করে নিতো অথবা সন্তানদের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি আত্মসাৎ করার ব্যবস্থা করতো। উক্ত আয়াত ও তৎপূর্ব আয়াতে তাদের এ হীন লালসাবৃত্তি থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বুখারী শরীফে হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত আছে যে, মহানবী (স)-এর যুগে ঠিক এমনি ধরনের একটি ঘটনা ঘটেছিল। জনৈক ব্যক্তির তত্ত্বাবধানে একটি ইয়াতীম মেয়ে ছিল। সে ব্যক্তির একটি বাগান ছিল, যার মধ্যে উক্ত ইয়াতীম বালিকাটিরও অংশ ছিল। সে ব্যক্তি বালিকাটিকে বিয়ে করলো। তাকে মোহর তো দিলই না, বরং মেয়েটির বাগানের অংশও সে আত্মসাত করে নিলো। এ ঘটনার প্রেক্ষিতেই উপরোক্ত আয়াত নাযিল হয়েছে।

ইসলাম পূর্ব যুগে দুনিয়ার প্রায় সকল ধর্মমতেই বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল। ইউরোপের বিশিষ্ট চিন্তাবিদ মিঃ ডিউন পোর্ট বহু বিবাহের একজন বড় প্রবক্তা। তিনি তার মত প্রতিষ্ঠায় পবিত্র ইনজীল গ্রন্থের অনেক শ্লোক উদ্ধৃত করেছেন। তেমনি ইউরোপের পাদরী নিকসন, জন মিল্টন এবং আইজাক টেইলর প্রমুখ চিন্তাশীল ব্যক্তিরা বহু বিবাহ প্রথা চালু করার জন্যে বিশেষ গুরুত্ব আরোপ করেন। এমনকি পণ্ডিত ডিরাক অসংখ্য স্ত্রী রাখার পক্ষপাতি। তাঁর মতে একজন পুরুষ দশ থেকে সাতাইশজন স্ত্রী রাখতে পারবে। যে কৃষ্ণকে হিন্দুরা দেবতা বলে স্বীকার করে সেই কৃষ্ণেরও দশাধিক স্ত্রী ছিল। আজকের বিশ্বে যেসব জাতির মধ্যে বহু বিবাহ প্রথার উপর বিধি-নিষেধ রয়েছে তাদের মধ্যেও নারী-পুরুষের বন্ধুত্ব এবং নর-নারীর অবাধ মেলামেশার আবরণে ব্যভিচার ও অসামাজিক কার্যকলাপ চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এ জাতীয় সমাজে বহু বিবাহের সুযোগ নেই ঠিকই কিন্তু প্রমোদবালাদের দৌরাত্ম সীমা ছাড়িয়ে গেছে। তাছাড়া ব্যভিচার মাথাচাড়া দিয়ে উঠাই এ সমাজের বৈশিষ্ট্য। আজকের পাশ্চাত্য সমাজ এদিক থেকে শীর্ষে। তারা পরিবার ভাংগা জাতিতে পরিণত হয়ে চরম উৎকণ্ঠায় জীবন-যাপন করছে।

মোটকথা, ইসলাম পূর্ব যুগে অবাধেই বহু বিবাহ প্রথা চালু ছিল। বিভিন্ন ধর্ম ও দেশের ইতিহাস থেকে জানা যায় যে, এর প্রতি কোনো বাধা-নিষেধও ছিল না। ইয়াহুদী, খ্রীষ্টান, হিন্দু, আর্য ও পারসিকদের মধ্যে বহু বিবাহ প্রচলিত ছিল। ইসলামী শরীয়তের প্রাথমিক স্তরে কোনো সংখ্যা নির্ধারণ ছাড়াই এ প্রথা চালু ছিল। অধিকন্তু তারা এসব স্ত্রীদেরও বাদী-দাসীদের মত রাখতো। তাদের প্রতি কোনো ইনসাফ করা হতো না। তাদের অধিকার চরমভাবে ক্ষুণ্ণ করা হতো। দু' একজনের প্রতি কিছু লক্ষ্য রাখা হতো আর বাকী সবাইর প্রতি প্রদর্শন করা হতো চরম অবহেলা ও যুলুম-অত্যাচার।

ইসলাম নারীদের প্রতি এসব যুলুম-অনাচারের প্রতিরোধ করেছে। বহু বিবাহের প্রতি আরোপ করেছে প্রয়োজনীয় বিধি-নিষেধ। ইসলামী শরীয়ত একই সময়ে চারজনের অধিক স্ত্রী রাখাকে হারাম ঘোষণা করেছে। একাধিক স্ত্রীর ক্ষেত্রে ইনসাফ কায়েমের জন্যে ইসলাম বিশেষ তাকীদ দিয়েছে এবং ইনসাফের পরিবর্তে যুলুম করে থাকলে তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা দিয়েছে।

উপরোক্ত আয়াত একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয় বিচার-ইনসাফের শর্তে। যে ব্যক্তি এ ইনসাফ ঠিক রাখতে পারবে না তাকে এক স্ত্রীতেই সন্তুষ্ট থাকতে হবে। যে ব্যক্তি এ শর্ত পূরণ করতে সক্ষম হবে না ইসলামী আদালত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আধুনিক সমাজে যারা একাধিক স্ত্রী রাখার চরম বিরোধী বরং এটাকে স্ত্রীদের প্রতি যুলুম মনে করে। এমনকি কিছু নব্য চিন্তাধারার তথাকথিত উদার নীতির ধ্বজাধারীরা ইসলামী শরীয়তের সংখ্যা নির্ধারণকেও নারীর প্রতি অবিচার মনে করে থাকে। তাদের উচিত ইসলাম পূর্ব অবস্থার পূর্ণ ইতিহাস জেনে নেয়া, অন্যান্য ধর্মমতের বক্তব্য জানা এবং তাদের সম মতাবলম্বীদের সার্বিক অবস্থা অবলোকন করা ও তাদের স্ত্রীদের কাছে তাদের খবর নেয়া। এরা বৈধ পত্নী রাখার প্রতি ঘোর প্রতিবাদকারী হলেও অবৈধ উপপত্নী বা বান্ধবীর সাথে অবাধ মেলামেশায় কিন্তু কোনো আপত্তি তোলে না। একজন স্ত্রী ঠিক রেখে একাধিক নারী গমনে তাদের কোনো মাথাব্যথা নেই। ইসলামী শরীয়ত উপরোক্ত সামাজিক ও নৈতিক পরিণতিকে বহু বিবাহের চেয়েও মারাত্মক মনে করে। তাই যৌন অরাজকতা ও সামাজিক উচ্ছৃংখলতা যাতে প্রশ্রয় না পায়, সে জন্য ইনসাফের শর্ত সংরক্ষণ সাপেক্ষে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার অনুমতি ইসলামে রয়েছে। আবার ইনসাফ ভঙ্গের ক্ষেত্রে ইসলামী আদালতের ব্যবস্থা গ্রহণেরও বিধান রয়েছে। আদালত ইনসাফ কায়েমের জন্য স্বামীকে শাস্তির নির্দেশ দিতে পারবে।

স্ত্রীর সংখ্যা সর্বোচ্চ চার পর্যন্ত সীমাবদ্ধ করার জন্যে কুরআনে যেমন সুস্পষ্ট ঘোষণা রয়েছে তেমনি হাদীসেও তার বহু প্রমাণ রয়েছে। গায়লান ইবনে আসলামা সাকাফী নামে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। তখন তাঁর দশজন স্ত্রী ছিল। তাঁর স্ত্রীরাও তাঁর সাথে মুসলমান হয়ে গেলেন। মহানবী (স) নির্দেশ দিলেন এ দশজন স্ত্রীর মধ্য থেকে যে কোনো চারজনকে রেখে বাকীদের তালাক দিয়ে দিতে। তিনি রাসূল (স) নির্দেশ মোতাবেক তাই করলেন। (মেশকাত ২৭৪ পৃঃ) কায়েস ইবনুল হারিস আসাদী (রা) বলেন, আমি যখন মুসলমান হলাম, তখন আমার আট স্ত্রী ছিল। আমি বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোচরীভূত করলাম। তিনি আমাকে চারজন স্ত্রী রেখে বাকী সবাইকে বিদায় করে দিতে বললেন।

রাসূলুল্লাহ (স)-এর বহু বিবাহ ইউরোপীয় নাস্তিক ও বস্তুবাদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বহু বিবাহের বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করে আসছে। তাদের মতে (নাউযুবিল্লাহ) তিনি যৌন স্পৃহা দমন করার জন্যেই এমনটি করেছেন। কিন্তু দুনিয়ার ভোগবাদী মানুষের সাথে তো মহানবী (স)-এর কোনো তুলনাই চলে না। যে কোনো নিরপেক্ষ চিন্তার বুদ্ধিজীবি লোক মহানবীর জীবন-পদ্ধতির প্রতি লক্ষ্য করলে এরূপ চিন্তা করতে পারে না। কারণ তাঁর জীবন-পদ্ধতিই প্রমাণ করবে যে, তিনি এ উদ্দেশ্যে তা করেননি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন তৎকালীন আরব জাহানের সামনে উন্মুক্ত ছিল। বাল্য জীবন থেকে তিনি সবাইর কাছে ছিলেন নির্মল চরিত্রের অধিকারী আল আমীন বা বিশ্বাসী হিসেবে। পঁচিশ বছর বয়সে তিনি বিয়ে করেন চল্লিশ বছর বয়স্কা এমন এক বিধবাকে যার ইতিপূর্বে আরও দু'জন স্বামী মারা গিয়েছে। মজার ব্যাপার হলো তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করার পর মহানবী (স) হেরা গুহায় মাসের পর মাস সময় ধরে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আরবের কে এ ঘটনা জানতো না? তাঁর সেই প্রথমা স্ত্রী বিবি খাদিজা (রা)-এর সাথে তিনি সুদীর্ঘ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত দাম্পত্য জীবন অতিবাহিত করেন। এ পঞ্চাশ বছর বিশেষ করে তাঁর যৌবনকাল সবটাই মক্কাবাসীদের চোখের সমানেই অতিক্রান্ত হয়েছে। মক্কায় কোনো শত্রুও তাঁর চরিত্রের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষন করতো না। শত্রুরা তাঁকে যাদুকর, উন্মাদ ইত্যাদি নামে আখ্যায়িত করেছে সত্য, কিন্তু কখনো তাঁকে ভোগ সর্বস্ব বা যৌন বিকার গ্রস্ত হওয়ার মিথ্যা দাবী করতে পারেনি।

আমরা দেখতে পাচ্ছি ৫৪ বছর বয়স পর্যন্ত মহানবী (স) একজন স্ত্রী নিয়েই ঘর সংসার করেছিলেন। অর্থাৎ পঁচিশ বছর হযরত খাদিজা (রা)-কে নিয়ে এবং চার বছর হযরত সাওদা (রা)-কে নিয়ে তিনি দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন। তারপর আটান্ন বছর বয়সে তাঁর চারজন স্ত্রী একত্রিত হন। অন্যান্যদেরকে বিবাহ সূত্রে আবদ্ধ করেন পরবর্তী দু' তিন বছরে। আমরা জানি সাহাবায়ে কিরাম পুরুষ-মহিলা নির্বিশেষে সবাই ছিলেন মহানবী (স)- এর উপর নিবেদিত প্রাণ। এমতাবস্থায় তিনি তো ইচ্ছা করলে অনেক সংখ্যক কুমারী মেয়েকেই স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। একমাত্র হযরত আয়েশা (রা)-কে কুমারী স্ত্রী হিসেবে নবী (স)-এর সান্নিধ্যে আসেন।

কাজেই তথাকথিত বুদ্ধিজীবিদের সমালোচনার কোনো ভিত্তিই ধোপে টিকে না। ইতিহাস তার জীবন্ত সাক্ষী।

📘 আল কুরআনে নারী 📄 স্ত্রীদের মোহর তাদেরকেই দিতে হবে সন্তুষ্ট চিত্তে উদার মনে

📄 স্ত্রীদের মোহর তাদেরকেই দিতে হবে সন্তুষ্ট চিত্তে উদার মনে


وَآتُوا النِّسَاءَ صَدُقَتِهِنَّ نِحْلَةً ، فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا (النساء : ৪)

"তোমরা তোমাদের স্ত্রীদের মোহর খুশী মনে আদায় করে দাও। অবশ্য তারা যদি নিজেদের খুশীতে মোহরানার কিছু অংশ তোমাদের মাফ করে দেয়, তবে তোমরা তা স্বাচ্ছন্দে ভোগ করতে পার।"-(সূরা নিসা: ৪)

স্ত্রীদের মোহরানার টাকা পরিশোধের ব্যাপারে তখনকার দিনে নানা ধরনের যুলুম অত্যাচার চলতো। যেমন মোহরানার টাকা স্ত্রীদের হাতে না পৌঁছিয়ে পৌঁছানো হতো অভিভাবকদেরকে। আর অনেক সময় অভিভাবকরা তা আদায় করে নিজেরাই আত্মসাৎ করতো। তাই উক্ত আয়াতে আল্লাহ তা'আলা স্বামীর প্রতি নির্দেশ দিয়েছেন যে, মোহরানার টাকা তাকেই পরিশোধ কর, অন্যকে নয়। এখানে অভিভাবকদের প্রতিও এ নির্দেশ দেয়া হয়েছে যে, মোহরানা আদায় করে তা যার প্রাপ্য তার হাতেই অর্পণ কর। তার অনুমতি ছাড়া অন্য কেউ যেন তা খরচ না করে।

দ্বিতীয়তঃ স্ত্রীর মোহরানা পরিশোধ করার ব্যাপারে কোনো প্রকার সংকীর্ণতা ও তিক্ততা থাকতে পারবে না। তখনকার দিনে মোহরানা পরিশোধ করাকে জরিমানা দেয়ার মতো মনে করা হতো। স্বামীর এ অনাচার ও অভিভাবকদের সংকীর্ণতা রোধ করার লক্ষ্যেই রাব্বুল আলামীন نِحْلَةٌ (নিহলাতান) শব্দ ব্যবহার করেছেন। অভিধানে نِحْلَةٌ বলতে ঐ দানকে বলা হয় যা অত্যন্ত খুশীমনে ও আন্তরিকতা সহকারে প্রদান করা হয়। মূলত স্ত্রীদের মোহরানা অবশ্য পরিশোধ ঋণ বিশেষ। এ ঋণ পরিশোধ করা অত্যন্ত জরুরী। অন্যান্য ঋণ যেমন সন্তুষ্টচিত্তে অবশ্য দেনা হিসেবে পরিশোধ করা হয়, স্ত্রীর মোহরানাও তেমনি হৃষ্টচিত্তে ও উদারমনে পরিশোধ করা কর্তব্য।

তৃতীয়তঃ অনেক স্বামী স্ত্রীকে অসহায় অবলা পেয়ে নানাভাবে চাপ প্রয়োগ করে বা কৌশল অবলম্বন করে মোহরানা মাফ করিয়ে নিয়ে থাকে। তখনকার দিনেও এমনটি করা হতো। কিন্তু এভাবে মাফ করিয়ে নিলে প্রকৃতপক্ষে তা মাফ হয় না। কারণ এ ধরনের মাফ করা তো স্বেচ্ছায় না হয়ে পরিবেশ পরিস্থিতির চাপের মুখে হয়ে থাকে। এ ধরনের যুলুম প্রতিরোধ করার জন্যে আল্লাহর নির্দেশ হলো: فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا . অর্থাৎ "যদি স্ত্রী নিজের পক্ষ থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে মোহরানার কিছু অংশ ক্ষমা করে দেয়, তবেই তোমরা হৃষ্টমনে তা ভোগ করতে পার।" সুতরাং চাপ প্রয়োগ কিংবা কোনো প্রকার জোর-জবরদস্তি করে ক্ষমা করিয়ে নেয়ার অর্থ কোনোক্রমেই ক্ষমা হিসেবে গণ্য হবে না।

এ ধরনের বহু নির্যাতন মূলক প্রথা তৎকালীন জাহেলী যুগে প্রচলিত ছিল। কুরআন সেসব জুলুমের উচ্ছেদ করেছে। কিন্তু পরিতাপের বিষয় আজও মুসলিম সমাজে অনুরূপ নির্যাতন দেখা যায়। আল-কুরআন সর্বপ্রকার নারী নির্যাতনসহ মোহর সংক্রান্ত জুলুমকেও পরিহার করার নির্দেশ দিয়েছে।

হযরত মাওলানা মুফতি শফী (র) তাঁর তাফসীরে মা'আরেফুল কুরআনে বলেন, "আজকের যুগে স্ত্রীরা মনে করেন যে, স্বাভাবিকভাবে যেহেতু মোহরানা পাওয়াই যাবে না, বরং দাবী করলে তিক্ততা সৃষ্টি এমনকি সম্পর্কের ফাটল সৃষ্টি হওয়াও বিচিত্র নয় সেহেতু তারা মোহরানার দাবী মাফ করে দিয়ে থাকেন। কিন্তু এ ধরনের ক্ষমার দ্বারা মোহরানা ঋণ কখনো মাফ হয় না।

হযরত মাওলানা আশরাফ আলী থানভী (র) বলতেন, মোহরানার অর্থ স্ত্রীর হাতে দেয়ার পর স্ত্রী যদি তা ইচ্ছা মত খরচ করার সুযোগ লাভ করা সত্ত্বেও স্বামীকে দিয়ে দেয়। কেবলমাত্র তখনই সেটাকে মাফ করার পর্যায়ে গণ্য করা যেতে পারে।

মীরাসের বেলায়ও একই কথা প্রযোজ্য। অনেক ক্ষেত্রে দেখা যায় পিতার মৃত্যুর পর পরিত্যক্ত সম্পত্তি ছেলেরাই দখল করে বসে। বোনদের অংশ দেয়া প্রয়োজন মনে করে না, কেউ কেউ দ্বীনদারীর খেয়ালে বোনদের থেকে মাফ চেয়ে নেয়। বোনরা যেহেতু মনে করে তাদের পাওনা আদায় করা সহজ নয়, তাই অনিচ্ছা সত্ত্বেও ভাইদের মন রক্ষার জন্যে মুখে মাফ করে দেয়। পিতার মৃত্যুর পর মায়ের অংশ বিশেষত বিমাতার প্রাপ্য অংশ নিয়েও একই অবস্থার সৃষ্টি হয়। এসব অংশীদারের প্রাপ্য যে আন্তরিক তুষ্টির সাথে ক্ষমা করা হয় না বিধায় যুলুমের অন্তর্ভুক্ত, তা স্বতঃসিদ্ধ।

স্ত্রীর মোহরানা পরিশোধের বিষয়টি ইসলামী শরীয়তে অনেক গুরুত্ব সহকারে বিবেচিত। কিন্তু মুসলিম সমাজ অন্যান্য জরুরী বিষয়ের ব্যাপারে যেমন উদাসীনতা প্রদর্শন করে ঠিক স্ত্রীর মোহরানার বেলায়ও তাই করে আসছে। অধিকন্তু আজকের মুসলিম সমাজে বিজাতীয়দের অনুকরণে যৌতুকের অভিশাপ জেঁকে বসেছে অত্যন্ত ব্যাপকভাবে। মেয়েদের মীরাস থেকে বঞ্চিত করার মত জঘন্য তৎপরতাও এজন্যে কম দায়ী নয়। এমনকি ইসলামের মৌলিক ইবাদাত পালনে অভ্যস্ত দীনদার ব্যক্তিরাও দীনের সঠিক তাৎপর্য অনুধাবনে পশ্চাদপদ বিধায় এমনিভাবে দীনের বহু মৌলিক বিষয় সম্পর্কে উদাসীনতা প্রদর্শন করে থাকে। ফলে সমাজে দেখা দিয়েছে নানান অনাচার ও ইসলামী শরীয়ত পরিপন্থী রীতিনীতি। আর বাস্তব জীবনে মুসলিম-অমুসলিমের জীবন ধারা একাকার হয়ে পড়েছে। পরিণামে পৃথিবীর মানব সাধারণ বঞ্চিত হচ্ছে ইসলামী জীবন বিধানের অনিবার্য সুফল থেকে।

বস্তুত আল্লাহ, রাসূল ও আখিরাতে বিশ্বাসী লোকদের ঈমানী দায়িত্ব হলো সমাজে প্রচলিত এসব যুলুম-অত্যাচার থেকে দূরে থাকা। স্ত্রীর মোহরানার টাকা ও বোনদের প্রাপ্য মীরাস এবং ভাইদের মৃত্যুর পর ভাতিজা ও ভাইঝীদের মীরাস ও যাবতীয় সম্পদ সংরক্ষণ করা এবং প্রাপকদের পাওনা হিসাব-নিকাশ করে পুরোপুরি তাদের পরিশোধ করা। নামায-রোযার চেয়ে এসবের গুরুত্ব দেয়া উচিত। কারণ নামায-রোযা তো আল্লাহর হক, অথচ এসবই হচ্ছে বান্দার হক। আল্লাহ সবাইকে সহীহ সমুঝ দান করুন।

ফন্ট সাইজ
15px
17px