📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 ইমাম ইবন খুযাইমাহ এর বক্তব্য

📄 ইমাম ইবন খুযাইমাহ এর বক্তব্য


ইমাম মুহাম্মদ ইবন ইসহাক ইবন খুযাইমাহ বলেন: “যে ব্যক্তি বলবে না যে, আল্লাহ আসমানের উপরে, 'আরশের উপরে, সৃষ্টির থেকে ভিন্ন ও পৃথক, তার তাওবা করা আবশ্যক। তা না হলে তাকে হত্যা করা হবে।(৪৮০) তারপর আস্তাকুড়ে ফেলা হবে, যাতে তার দূর্গন্ধে কিবলা অনুসারী (মুসলিম) ও যিম্মীগণ কষ্ট না পায়।”(৪৮১) এটা তার থেকে আল-হাকিম(৪৮২) সহীহ সনদে বর্ণনা করেছেন (৪৮৩)।(৪৮৪)

টিকাঃ
৪৮০. এর আছারটির বাকী অংশ হচ্ছে, 'আর তার সম্পদ ফাই হিসেবে গণ্য হবে, কোনো মুসলিম তার ওয়ারিশ হবে না; কারণ মুসলিম কাফেরের ওয়ারিশ হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মুসলিম কাফের এর ওয়ারিশ হয় না, আর কাফের মুসলিমের ওয়ারিশ হয় না।"
৪৮১. আছারটি যারা বর্ণনা করেছেন তারা হচ্ছেন: ১- হাকেম, মা'রিফাতু উলূমিল হাদীস, পৃ. ৭৪। ২- আবু ইসমা'ঈল আস-সাবৃনী, আকীদাতুস সালাফ আসহাবুল হাদীস, পৃ. ২০-২১। ৩- ইবন কুদামাহ, ইসবাতু সিফাতিল উলু, পৃ. ১৮৫। ৪- যাহাবী, আল-উলু, পৃ. ১৫২; মুখতাসার, পৃ. ২২৫-২২৬। ৫- যাহাবী, তাযকিরাতুল হুফফায (২/৭২৮)। ৬- শাইখুল ইসলাম ইবন তাইমিয়‍্যাহ, দারউত তা'আরুদ্ব (৬/২৬৪)। ৭- ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ, পৃ. ১৯৪।
৪৮২. তিনি হচ্ছেন আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন হামদুওইয়াহ, যিনি ইবনুল বাইয়ে' নামে প্রসিদ্ধ, আদ-দ্বিব্বী, আত-ত্বাহমানী আন-নাইসাপুরী। ইসলামের বড় হাফেযদের একজন। আল- মুস্তাদরাক কিতাবের গ্রন্থাকার। ছোট বয়স থেকেই তার পিতা ও মামার তত্ত্বাবধানে হাদীস সংগ্রহে মনোযোগ দেন। তিনি হাদীস শুনেছেন মুহাম্মাদ ইবন ইয়া'কুব আল-আসাম্ম, ইবনুল আখরাম প্রমুখ থেকে। বলা হয়, তার উস্তাদের সংখ্যা দু' হাজারের উপরে। আর তার থেকে হাদীস গ্রহণ করেন আবু যর আল-হারাওয়ী, আবু ইয়া'লা আল-খালীলী, আল-বাইহাকী প্রমুখ। তার সম্পর্কে যাহাবী বলেন, 'তিনি গ্রন্থ রচনা করেছেন, হাদীস তাখরীজ করেছেন, জারহ ও তা'দীল করেছেন, তাসহীহ ও তা'লীল করেছেন। তিনি ছিলেন ইলমের সমুদ্র; তবে তার মাঝে কিছুটা শিয়া প্রভাব ছিল।' তার জন্ম সাল ছিল ৩২১ হিজরী, আর মৃত্যু সাল ছিল ৪০৩ হিজরী। তার রচিত গ্রন্থ সংখ্যা অনেক। তন্মধ্যে বিখ্যাত হচ্ছে, আল-মুস্তাদরাক আলাস সহীহাইন, মা'রিফাতু উলুমিল হাদীস, তারীখে নাইসাপুর, আল-ইকলীল প্রভৃতি। দেখুন, খত্নীবে বাগদাদী, তারীখে বাগদাদ (৫/৪৭৩); ইবনু খাল্লিকান, ওফায়াতুল আ'ইয়ান (৪/২৮০); ইমাম যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা (১৭/১৬২); তাযকিরাতুল হুফফায (২/৭২০); ইবন হাজার, লিসানুল মীযান (৫/২৩২); কাত্তানী, আর-রিসালাতুল মুস্তাত্বরাফাহ, পৃ. ২১।
৪৮৩. দেখুন, মা'রিফাতু উলুমিল হাদীস, পৃ. ২৮৫; নং ১৮৭।
৪৮৪. সিফাত অস্বীকারকারী কাফের হওয়ার কারণ হচ্ছে, ১- এর নামই হচ্ছে তা'ত্বীল। আর শির্কের আসল হচ্ছে তা'ত্বীল করা বা সৃষ্টিকে স্রষ্টাশূন্য করা বা স্রষ্টাকে তার গুণ থেকে শূন্য করা বা স্রষ্টাকে সৃষ্টি থেকে আলাদা করে সাব্যস্ত না করা। যেমনটি ইবনুল কাইয়্যেম তার আল-জাওয়াবুল কাফী গ্রন্থে বর্ণনা করেছেন। এ ব্যাপারে আমার গ্রন্থ 'আশ-শিকু ফিল কাদীম ওয়াল হাদীস' দেখা যেতে পারে। ২- অপর যে কারণে কাফের হবে তা হচ্ছে, জানানোর পরে যা সাব্যস্ত হওয়া আবশ্যিকভাবে প্রমাণিত তা অস্বীকার করা। ৩- অথবা গ্রহণযোগ্য ওযরের অনুবর্তী না হয়ে সন্দেহ ব্যতীতই উদ্দেশ্যমূলকভাবে আল্লাহর সত্তা ও সিফাতে বিকৃতি সাধণের মাধ্যমে ইলহাদ করা। দেখুন, ফাতাওয়া আল-লাজনাতুদ দায়েমাহ বিস সাউদিয়্যাহ (৩/১২৮)।

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 ‘আকদ ইবনুল ‘আজলান আল-ওয়াদ্বাহ এর বক্তব্য

📄 ‘আকদ ইবনুল ‘আজলান আল-ওয়াদ্বাহ এর বক্তব্য


ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ স্বীয় সনদে ওয়াসিতবাসীদের ইমাম শাফেয়ী ও আহমাদের শাইখদের স্তরের 'আব্বাদ ইবনুল 'আওয়াম আল-ওয়াসেত্বী(৪৮৫) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: "আমি বিশর আল-মিররীসী এবং তার ছাত্রদের সাথে কথা বলেছি, দেখেছি যে তাদের শেষ কথা যেখানে শেষ হয় তা হচ্ছে এটা বলার মাধ্যমে যে, উপরে কিছুই নেই।”(৪৮৬)

টিকাঃ
৪৮৫. তিনি হচ্ছেন, আবু সাহল 'আব্বাদ ইবনুল 'আওয়াম ইবন 'উমার ইবন আব্দুল্লাহ ইবনুল মুনযির আল-কিলাবী, আল-ওয়াসেত্বী। তিনি হাদীস বর্ণনা করেন আবু মালেক আল-আশজা'ঈ, ইবন আবী নাজীহ আল-মাক্কী প্রমুখ থেকে। তার থেকে হাদীস বর্ণনা করেন আহমাদ ইবন হাম্বল, 'আমর আন-নাকিদ প্রমুখ। তার সম্পর্কে ইবন সা'দ বলেছেন, তিনি ছিলেন তার সকল কাজে অত্যন্ত ভদ্র ও শরীফ মানুষ। হাসান ইবন 'আরাফাহ বলেন, আমাকে ওকী' রাহিমাহুল্লাহ 'আব্বাদ ইবনুল 'আওয়াম সম্পর্কে জিজ্ঞেস করে বললেন, তোমাদের মধ্যে কেউ তার মতো নেই।' হিজরী ১৮৫ সালে তার মৃত্যু হয়। দেখুন, খলীফা, তারীখে খলীফা ইবন খাইয়াত্ব, পৃ. ৪৫৭; খত্নীবে বাগদাদী, তারীখে বাগদাদ (১১/১০৪); ইমাম যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা (৮/৪৪৯)।
৪৮৬. এ আছারটি বর্ণনা করেছেন, ১- আব্দুল্লাহ ইবন ইমাম আহমাদ, আস-সুন্নাহ (১/১২৬-১২৭), আছার নং ৬৫, ১৯৫, ৫১৬। তিনি তা যিয়াদ ইবন আইয়্যুব থেকে, তিনি বলেন, আমি ইয়াহইয়া ইবন ইসমা'ঈল আল-ওয়াসেত্বীকে বলতে শুনেছি, আমি 'আব্বাদ ইবনুল 'আওয়ামকে বলতে শুনেছি... অতঃপর তিনি তা বর্ণনা করেন। ২- যাহাবী তা আল-উলুতে বর্ণনা করেন, পৃ. ২/৯৯৭, নং ৩৬৭; তার শেষে আছে, আমার মত হচ্ছে, তাদের সাথে বিয়ে-শাদী চলবে না, তাদের কেউ পরস্পর ওয়ারিশ হবে না। দেখুন মুখতাসার, পৃ. ১৫৪। ৩- দারউত তা'আরুদ্ব (৬/২৬১)। ৪- মাজমূ' ফাতাওয়া (৫/১৮৫) (ফাতাওয়া আল-মারাকেশিয়্যাহ)। ৫- ইজতিমা'উল জুয়ুশ, পৃ. ২১৫-২১৬।

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 ইমাম আব্দুর রহমান ইবন মাহদীর বক্তব্য

📄 ইমাম আব্দুর রহমান ইবন মাহদীর বক্তব্য


অনুরূপভাবে তিন (আব্দুল্লাহ ইবন আহমদ) প্রসিদ্ধ ইমাম আব্দুর রহমান ইবন মাহদী(৪৮৭) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: "প্রবৃত্তির অনুসারীদের মধ্য হতে জাহমীদের চেয়ে নিকৃষ্ট আর কেউ নেই। তারা ঘুরেফিরে এটাই বলে যে, উপরে কিছুই নেই। আল্লাহর কসম, আমি মনে করি যে, তাদের পরস্পর বিবাহ ও উত্তরাধিকারিত্ব নেই।(৪৮৮)”
অনুরূপভাবে আবদুর রহমান ইবন আবি হাতীম স্বীয় 'আর-রাদ্দু 'আলাল জাহমিয়্যাহ' গ্রন্থে আব্দুর রহমান ইবন মাহদী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, "জাহম ও তার অনুসারীরা বলতে চায় যে, আল্লাহ তা'আলা মূসার সাথে কথা বলেননি। তারা বলতে চায় যে, আসমানের উপর কিছুই নেই।(৪৮৯) আর আল্লাহ 'আরশের উপর নন। আমি মনে করি, তাদের তাওবা করানো। তা না করলে তাদেরকে হত্যা করা হবে।"(৪৯০)

টিকাঃ
৪৮৭. তিনি হচ্ছেন আবু সা'ঈদ আব্দুর রহমান ইবন মাহদী ইবন হাসসান ইবন আব্দুর রহমান আল-আম্বরী, আল-বসরী। দীনের বড় ইমাম, হাদীসের সনদ ও মতনের সমালোচনাকারী বড় আলেম। তিনি হাদীস শুনেছেন সুফইয়ান, শু'বা প্রমুখ থেকে। আর তার থেকে হাদীস শুনেছেন ইবনুল মাদীনী, ইবন মা'ঈন, আহমাদ, ইসহাক প্রমুখ। ছোটকাল থেকেই ইলম অন্বেষণ করেন, আলেমগণ তাঁর উপর প্রশংসার বাণী দিয়েছেন প্রচুর পরিমাণে। তার সম্পর্কে শাফে'য়ী বলেন, 'এ বিষয়ে তার সমপর্যায়ের কাউকে আমি জানি না'। আলী ইবনুল মাদীনী তার সম্পর্কে বলেন, যদি আমি কাবার রুকনে ইবরাহীমী ও মাকামে ইবরাহীমীর মাঝখানে দাঁড়িয়ে বলতে চাই যে, আমি আব্দুর রহমান ইবন মাহদীর চেয়ে হাদীসে অভিজ্ঞ কাউকে জানি না তাহলে অবশ্যই বলতে পারি। আইয়্যুব ইবনুল মুতাওয়াক্কিল বলেন, আমরা যখন দীন ও দুনিয়া একত্রে দেখতে চাইতাম তখন আমরা আব্দুর রহমান ইবন মাহদীর ঘরে যেতাম। ইমাম যাহাবী বলেন, তিনি ইমাম, হুজ্জত, ইলম ও আমলে আদর্শ। তার জন্ম হিজরী ১৩৫ সালে, আর মৃত্যু হিজরী ১৯৮ সালে। দেখুন, ইবন সা'দ, আত-ত্বাবাক্বাতুল কুবরা (৭/২৯৭); আবু নু'আইম, হিলইয়াতুল আউলিয়া (৯/৩); খত্নীবে বাগদাদী, তারীখে বাগদাদ (১০/২৪০); ইমাম যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা (৯/১৯২); ইবনুল 'ইমাদ, শাযরাতুয যাহাব (১/৩৫৫)।
৪৮৮. এ আছারটি দেখুন, ১- খাল্লাল, আস-সুন্নাহ। ২- আব্দুল্লাহ ইবন আহমাদ, আস-সুন্নাহ (১/১২০-১২১), নং ১৪৭। ৩- লালেকাঈ, শারহু উসূলি ই'তিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ ১/৩২০। ৪- বুখারী, খালকু আফ'আলিল ইবাদ, পৃ. ৩৪-৩৫। ৫- শাইখুল ইসলাম ইবন তাইমিয়‍্যাহ, দারউত তা'আরুষ (৬/২৬১)।
৪৮৯. অর্থাৎ তাদের শেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে, তারা কিছুর ইবাদত করবে না। জাহমিয়্যাদের মুনাযির ও তাদের কালামশাস্ত্রবিদরা বলে, নিশ্চয় আল্লাহ, তিনি জগতের ভেতরেও নন, জগতের বাইরেও নন। বস্তুত এটি হচ্ছে অস্তিত্বহীনের গুণ, যাকে জিনিস বা বস্তু বা ব্যক্তি কিছুই বলা যায় না।
৪৯০. আছারটি যারা নিয়ে এসেছেন তাদের অন্যতম হচ্ছেন, ১- বাইহাক্বী, আল-আসমা ওয়াস সিফাত (১/৩৮৬), সেখানে এসেছে, আবু আব্দুল্লাহ আল-হাফেয ও আবু সা'ঈদ ইবন আবী 'আমর থেকে বর্ণিত, তারা দু'জনে বলেন, আমাদেরকে বর্ণনা শুনিয়েছেন আবুল আব্বাস মুহাম্মাদ ইবন ইয়া'কূব, তিনি বলেন, আমাদেরকে বর্ণনা শুনিয়েছেন মুহাম্মাদ ইবন আলী আল-ওয়াররাক্ব, তিনি বলেন, আমাদেরকে বর্ণনা করেছেন 'আমর ইবনুল আব্বাস, তিনি বলেন, আমি আব্দুর রহমান ইবন মাহদীকে বলতে শুনেছি... তারপর তা বর্ণনা করেন। ২- আব্দুল্লাহ ইবন ইমাম আহমাদ, আস-সুন্নাহ (১/১১৯-১২০), নং ৪৪, ৪৮। ৩- লালেকাঈ, শারহু উসূলি ই'তিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ (১/৩১৬-৩১৭)। ৪- বুখারী, খালকু আফ'আলিল ইবাদ, পৃ. ৮৩। ৫- ইবন তাইমিয়‍্যাহ, মাজমু' ফাতাওয়া (৫/১৮৪)। ৬- ইবন তাইমিয়‍্যাহ, দারউত তা'আরুদ্ব (৬/২৬১)। শাইখুল ইসলাম বলেন, প্রামাণ্য সনদ দিয়ে বর্ণিত। ৭- ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ, পৃ. ২১৪। ৮- আবু দাউদ, মাসায়িলুল ইমাম আহমাদ, পৃ. ২৬২। ৯- আর তা ইমাম যাহাবী বর্ণনা করেছেন, আল-উলু, পৃ. ১১৮ এবং বলেছেন, একাধিক ব্যক্তি তা আব্দুর রহমান ইবন মাহদী থেকে সহীহ সনদে নিয়ে এসেছেন। ১০- তাছাড়া যাহাবী আরও বর্ণনা করেছেন তাঁর আরবা'ঈন গ্রন্থে, পৃ. ৮১। ১১- অনুরূপ আরও বর্ণনা করেছেন ইমাম যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা গ্রন্থে (৯/১৯৯-২০০)।

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 ইমাম আ‘মাশ’ই এর বক্তব্য

📄 ইমাম আ‘মাশ’ই এর বক্তব্য


ইমাম আসমা'ঈ(৪৯১) থেকে বর্ণিত, তিনি বলেন, "জাহামের স্ত্রী আগমন করে দাবাগীনে(৪৯২) অবতরণ করল। তখন তার নিকট এক ব্যক্তি বলল: আল্লাহ 'আরশের উপরে। সে (স্ত্রী) বলল: সীমাবদ্ধের(৪৯৩) ওপর সীমাবদ্ধ।(৪৯৪) আসমা'ঈ বললেন: এ কথায় সে কাফের হয়ে গেছে।"(৪৯৫)

টিকাঃ
৪৯১, তিনি হচ্ছেন আবু সা'ঈদ আব্দুল মালেক ইবন ক্বারীব ইবন আব্দুল মালেক ইবন আলী ইবন আসমা', আল-আসমা'ঈ, আল-বসরী। ভাষা ও সাহিত্যে যার কথা প্রমাণ। তিনি হাদীস শুনেছেন ইবন 'আওন, সুলাইমান আত-তাইমী, আবু 'আমর ইবনুল 'আলা প্রমুখ থেকে। তার থেকে হাদীস শুনেছেন আবু উবাইদ, ইবন মা'ঈন, ইসহাক ইবন ইবরাহীম আল-মাওসেলী, আবু হাতেম আর-রাযী প্রমুখ। শাফে'য়ী বলেন, আরবদের কেউ আসমা'ঈর মতো সুন্দর ইবারতে কথা ফুটিয়ে তুলতে পারেনি। ইমাম আহমাদ তার সুন্নাতের ওপর থাকার ভূয়শী প্রশংসা করেছেন। ইয়াহইয়া ইবন মা'ঈন বলেন, আসমা'ঈ তার সাহিত্যের বিষয়টি ভালোই জানতেন। তার সম্পর্কে যাহাবী বলেন, আল-ইমাম, আল- আল্লামা, আল-হাফেয, হুজ্জাতুল আদব, লিসানুল আরব।' তিনি হিজরী ২১৬ সালে মারা যান। দেখুন, বুখারী, আত-তারীখুল কাবীর (৫/৪২৮); খত্বীবে বাগদাদী, তারীখে বাগদাদ (১০/৪১০); ইবনু খাল্লিকান, ওফায়াতুল আ'ইয়ান (৩/১৭০); ইমাম যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা (১০/১৭৫); ইবন হাজার, তাহযীবুত তাহযীব (৬/৪১৫)।
৪৯২. সম্ভবত এটি একটি জায়গার নাম। যেখানে চামড়া শিল্প প্রক্রিয়াজাত করা হতো। একবচন দাব্বাগ।
৪৯৩. এটি প্রাক্তন জাহমিয়্যাদের পথভ্রষ্টকারী একটি যুক্তি, যার কারণে তারা আল্লাহকে 'আরশের উপর থাকা অস্বীকার করে। তারা বলে, আল্লাহ যদি 'আরশের উপর থাকেন তো সীমাবদ্ধ হয়ে যাবেন। তখন 'আরশও সীমাবদ্ধ আর তার উপর আল্লাহও সীমাবদ্ধ। বর্তমানেও অধিকাংশ আশ'আরী ও মাতুরিদী সম্প্রদায়ের কুরআন ও সুন্নাহ'র ভাষ্যকে এমন যুক্তি তুলে ধরে অস্বীকার করে। ইতোপূর্বে শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ তাদের এ সন্দেহের কথা বলেছেন। তিনি বলেছেন, "তাদের বক্তা যখন বলে, যদি আল্লাহ 'আরশের উপর হোন তখন আবশ্যিকভাবে তাঁকে 'আরশের চেয়ে বড় হতে হবে, অথবা....”। সেখানে এ সন্দেহের জবাব দেয়া হয়েছিল যে, এটা তো সৃষ্টির ক্ষেত্রে এমনটি কিয়াস করে বলা যায়, স্রষ্টার ক্ষেত্রে এ ধরনের কিয়াস নিঃসন্দেহে পথভ্রষ্টতা।
৪৯৪. সম্ভবত আসমা'ঈ এ মহিলার বিরুদ্ধে এজন্য গিয়েছিলেন যে, সে আল্লাহ তা'আলার জন্য ইস্তেওয়া 'আলাল 'আরশ বা 'আরশের উপরে উঠা গুণটি অস্বীকার করেছে। যেন সে বলছে, যে কেউ বলবে যে আল্লাহ 'আরশের উপর, সে তো এর মাধ্যমে আল্লাহকে সীমাবদ্ধতার গুণে গুণান্বিত করলো। হদ্দ (সীমা) বিষয়ে প্রথমেই আমাদেরকে কিছু বিষয় একমত হতে হবে, তা হচ্ছে, ১- হদ্দ আল্লাহর কোনো সিফাত বা গুণ নয়। ২- হদ্দ শব্দটি সালাফগণের কেউই আল্লাহর জন্য ব্যবহার করেননি। ৩- হদ্দ শব্দটি কুরআন ও সুন্নাহ'র কোথাও সাব্যস্ত করা হয়নি, আবার অসাব্যস্তও করা হয়নি। ৪- মতভেদটি হচ্ছে, আল্লাহর জন্য 'হদ্দ' বা সীমা শব্দ ব্যবহার করা যাবে কি না? এটা দিয়ে আল্লাহর সম্পর্কে কোনো সংবাদ দেয়া যাবে কি না? তাই সঠিক কথা হচ্ছে, 'হদ' বা 'সীমাবদ্ধ' এ শব্দটি একটি 'মুজমাল' বা ব্যাখ্যা সাপেক্ষ সংক্ষিপ্ত শব্দ। কখনও কখনও তা দ্বারা বিশুদ্ধ অর্থ গ্রহণ করা যায়, আবার তা দ্বারা বাতিল অর্থও গ্রহন করা যায়। এজন্য ইমাম আহমাদ রাহিমাহুল্লাহ থেকে এটা বলা সাব্যস্ত হওয়াও প্রমাণিত, আবার অসাব্যস্ত হওয়াও প্রমাণিত। আর জাহমিয়্যারা সর্বদা বলে 'তাঁর কোনো সীমা' নেই। তাদের উদ্দেশ্য হচ্ছে, এটা অস্বীকার করা যে, 'আল্লাহ তা'আলা সৃষ্টিকুল থেকে পৃথক', আল্লাহ তা'আলা জগতের উপরে। কারণ তাদের মতে এটা বললে তাঁর জন্য হদ্দ বা সীমা নির্ধারণ হয়ে যায়। যারা আল্লাহর জন্য 'হদ' শব্দটি ব্যবহার করেছেন তাদের দ্বারা হদ্দ শব্দটি ব্যবহারের কারণ হচ্ছে, জাহমিয়্যাহ ও মু'আত্তিলা সম্প্রদায় যখন আল্লাহর জন্য সর্বোর্ধ্বে থাকার গুণটি অস্বীকার করলো, তখন কোনো কোনো আহলুস সুন্নাত সে ঊর্ধ্ব ও উপরকে বুঝানোর জন্য 'দিক' শব্দটি ব্যবহার করে। অনুরূপভাবে যখন জাহমিয়্যারা আল্লাহ ও তার সৃষ্টির মাঝে পার্থক্য করা অস্বীকার করলো, তখন কোনো কোনো আহলুস সুন্নাত সে পার্থক্য করার জন্য 'হদ্দ' শব্দটি ব্যবহার করে। এজন্য শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ বলেন, "এ শব্দটি দিয়ে আমরা কুরআন ও সুন্নাহ'য় না আসা অতিরিক্ত কোনো গুণ সাব্যস্ত করছি না, বরং এর দ্বারা মহান আল্লাহর অস্তিত্বকে সৃষ্টির সাথে মিশিয়ে দেয়ার যে অপচেষ্টা বাতিলপন্থী, আল্লাহর সিফাত অস্বীকারকারী গোষ্ঠীর লোকেরা করেছে আমরা সেটাকে খণ্ডন করে মহান আল্লাহর আলাদা অস্তিত্ব সাব্যস্ত করাকে বুঝিয়েছি। [ইবন তাইমিয়্যাহ, বায়ানু তালবীসিল জাহমিয়্যাহ (৩/৪৮)] সালাফদের মধ্যে যারা হদ্দ বা সীমা সাব্যস্ত করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, ১- ইমাম উসমান ইবন সা'ঈদ আদ-দারেমী। ২- ইমাম ইবনুল মুবারক। [বায়ানু তালবীসিল জাহমিয়্যাহ (১/৪৪৩)] ৩- ইমাম আহমাদ ইবন হাম্বল। ৪- ইমাম ইসহাক্ক ইবন রাহওয়াইহি ৫- ইমাম আবুল হাসান আদ-দিশতী। ৬- ইয়াহইয়া ইবন 'আম্মার আস-সিজিস্তানী প্রমুখ।
তাদের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তা'আলার এমন সীমা আছে যার দ্বারা সৃষ্টিকুল থেকে আলাদা। তাঁর মাঝে ও সৃষ্টিকুলের মাঝে ভিন্নতা ও পৃথকতা রয়েছে। তিনি সৃষ্টিকুলের সাথে মিলে মিশে নেই। বরং তাঁর কাছে নির্দেশ উঠে ও তাঁর থেকে নাযিল হয়। আর তাঁর জন্য আগমন করা ও আসা বিশুদ্ধ ইত্যাদি গুণাবলি, যা আল্লাহ ও বান্দার মাঝে পৃথকতা সাব্যস্ত করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, এ হিসেবে হদ্দ বা সীমা হচ্ছে, এমন কিছু গুণাবলি ও পরিমাণ সাব্যস্ত করা, যা দিয়ে অন্য বস্তু থেকে আলাদা হওয়া প্রমাণিত হবে। বস্তুত কুরআন ও সুন্নাহ এটার ওপর প্রমাণবহ যে, আল্লাহ তা'আলার এমন হদ্দ বা সীমা রয়েছে যার মাধ্যমে তিনি সৃষ্টিকুল থেকে সম্পূর্ণভাবে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী এবং তিনি সকল মুহদাস বা নতুন কিছু থেকে পৃথক গুণে গুণান্বিত। তাহলে এ অর্থে আল্লাহর জন্য হদ্দ সাব্যস্ত করা অবশ্যই বিশুদ্ধ।
তাছাড়া আরেকটি অর্থেও হদ্দ সাব্যস্ত করা বিশুদ্ধ আর তা হচ্ছে, আল্লাহর নিজের যাত ও সিফাত এর অবশ্যই সীমা রয়েছে, কিন্তু তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। এ হিসেবেও হদ্দ সাব্যস্ত করা না জায়েয হবে। যেমনটি ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ তার দারউত তা'আরুদ্ব ও বায়ানু তালবীসিল জাহমিয়্যাহ গ্রন্থদ্বয়ে সাব্যস্ত করেছেন।
অনুরূপভাবে স্থান হিসেবেও হদ্দ সাব্যস্ত করা যাবে। কারণ আল্লাহ জানিয়েছেন যে, তিনি 'আরশের উপর রয়েছেন। আর 'আরশ অবশ্যই একটি স্থান। সুতরাং জাহমিয়্যারা সেটা অস্বীকার করার জন্য হদ্দ বা মাকান ব্যবহারের দোষ তুলে ধরলেও আমরা তা ব্যবহার থেকে বিরত হবো না। যেমনটি ইমাম উসমান ইবন সা'ঈদ আদ-দারেমী বলেছেন। দেখুন, নাক্বদ্বুদ দারেমী আলা বিশর আল- মিররীসী, পৃ. ২২৩-২২৪। অনুরূপ মাজমূ' ফাতাওয়া ও রাসায়িলি ইবন উসাইমীন (৭/১৯৩)।
আর এ মতের বিপরীতে সালাফগণের মধ্য হতে যারা হদ্দ বা সীমা সাব্যস্ত করেননি, তাদের মধ্যে রয়েছেন,
১- ইমাম আহমাদ ইবন হাম্বল। হাম্বল ও ইসহাকের বর্ণনায়।
২- ইমাম ত্বাহাউই।
৩- ইমাম আবু সুলাইমান আল-খাত্তাবী।
৪- ইমাম আবু নসর আস-সাজযী।
তবে এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে, মহান আল্লাহকে জ্ঞান ও আয়ত্ত্ব করতে অসমর্থ হওয়া। তাঁকে কারও জ্ঞান ও চোখ কোনোভাবেই আয়ত্ত্ব করতে পারবে না।
তাছাড়া তাঁর গুণের প্রকৃত স্বরূপও কেউ উদ্ধার করতে পারবে না। এটা সৃষ্টির পক্ষে অসম্ভব বিষয়। অনুরূপভাবে কেউ যেন রাব্বুল আলামীনের আকার-আকৃতি নির্ধারণ না করে বসে।
উপরোক্ত তিনটি কারণে তারা হদ্দ সাব্যস্ত করতে নিষেধ করে থাকেন।
কিন্তু জাহমিয়‍্যাহ ও তাদের অনুসারীরা হদ্দ শব্দটি ব্যবহার করতে নিষেধ করার মাধ্যমে কয়েকটি উদ্দেশ্য নিয়ে থাকে যা পুরোপুরিই বাতিল:
এক. স্রষ্টাকে সৃষ্টি থেকে আলাদা না করা।
দুই. স্রষ্টাকে জগতের ভেতরেও নয় বাইরেও নয় এটা সাব্যস্ত করা।
তিন, স্রষ্টার 'আরশের উপর উঠাকে অস্বীকার করা।
চার, স্রষ্টা কর্তৃক নিকটতম আসমানে নেমে আসাকে অস্বীকার করা।
পাঁচ. স্রষ্টা কর্তৃক হাশরের মাঠে আগমনকে অস্বীকার করা।
ছয়. স্রষ্টাকে আখেরাতে দেখতে পাওয়া অস্বীকার করা ইত্যাদি।
এসবই বাতিলপন্থীদের শব্দের অসৎ ব্যবহার। আল্লাহ আমাদেরকে হিফাযত করুন। আমীন।
সুতরাং কেউ যদি হদ্দ শব্দটি আল্লাহর জন্য ব্যবহার করা যাবে কি না তা জিজ্ঞেস করে তাকে প্রশ্ন করা হবে, তার কাছে হদ্দ শব্দটির অর্থ কী? তার ব্যক্ত করা অর্থ অনুযায়ী তাকে জবাব দেয়া হবে। অর্থাৎ এক কথায় উত্তর দেয়া চলবে না।
বিস্তারিত দেখা যেতে পারে, ১- রাদ্দু ইমাম আদ-দারেমী আলা বিশর আল-মিররীসী, পৃ. ২৩। ২- ইবন তাইমিয়‍্যাহ, নাক্বদুত তা'সীস (১/৪২৬-৪৪৬), (২/১৭০-১৭২)। ৩- ইবনুল কাইয়্যেম, মুখতাসারুস সাওয়া'য়িক (১/১৭৩)। ৪- ইবন আবিল ইয্য আল-হানাফী, শারহুল আকীদাহ আত-ত্বাহাওয়িয়‍্যাহ (১/২৬৩)।
৪৯৫. আছারটি নিয়ে এসেছেন, ১- যাহাবী, আল-উলু, পৃ. ২/১০৪১, নং ৩৯৭; সেখানে বলা হয়েছে, আমাদের নিকট আসমা'ঈর কাছ থেকে পৌঁছেছে যে, তিনি বলেছেন, তারপর তিনি তা বর্ণনা করলেন। আরও দেখুন, মুখতাসারুল উলু, পৃ. ১৭০-১৭১। ২- যাহাবী, আল-আরবা'ঈন, পৃ. ৮১। ৩- ইজতিমা'ঊল জুয়ুশ, পৃ. ২২৫। ইবনুল কাইয়্যেম এটা নিয়ে আসার পরে টীকা দিয়ে বলেন, তাহলে জানা গেল যে, এ মতাদর্শ মূল সূত্রপাত এ লোক (জাহম) ও তার স্ত্রী। তার জন্য কতই না উপযোগী আল্লাহর বাণী: "অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে, আর তার স্ত্রীও- যে ইন্ধন বহন করে।" [সূরা আল-মাসাদ: ৩-৪]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00