📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 আবু যুর‘আহ আর-রাযীর বক্তব্য

📄 আবু যুর‘আহ আর-রাযীর বক্তব্য


আর তিনি(৪৫২) আবু যুর'আ আর-রাযী(৪৫০) থেকে বর্ণনা করেন, তাকে যখন “রহমান ‘আরশের উপরে উঠেছেন” এর তাফসীর জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন: “এর তাফসীর তাই যেমন তুমি পড়ছো(৫৪), তিনি 'আরশের উপর। আর তাঁর জ্ঞান সকল স্থানে। যে ব্যাক্তি এটা ছাড়া অন্য কিছু বলবে, তার উপর আল্লাহর লা'নত।”(৪৫৫)

টিকাঃ
৪৫২. অর্থাৎ ইমাম আবু ইসমা'ঈল আল-হারওয়ী, যার আলোচনা ইতোপূর্বে চলে গেছে।
৪৫৩. তিনি হচ্ছেন আবু যুর'আহ উবাইদুল্লাহ ইবন আব্দুল কারীম ইবন ইয়াযীদ আর-রাযী। তার সম্পর্কে ইমাম আহমাদ বলেন, 'বাগদাদের সাঁকো অতিক্রমকারী কেউ ইসহাক ইবন রাহওয়িয়াহর চেয়ে ফকীহ ছিল না, আর না কেউ ছিল আবু যুর'আহ এর মতো হাফেয। তিনি হিফয ও মজবুতির দিক থেকে ইমাম ছিলেন। নিজের দেশ থেকে বের হয়ে ১৪ বছর ইলম অর্জনে কাটান। তিনি হাদীসের দারস প্রদানের জন্য ৩২ বছর বয়সে বসে পড়েন। হিজরী ২৬৪ সালে তিনি মারা যান। দেখুন, ইবন আবি হাতেম, আল-জারহু ওয়াত তা'দীল (১/৩২৮); খত্নীবে বাগদাদী, তারীখে বাগদাদ (১০/৩২৬); ইমাম যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা (১৩/৬৫)।
৪৫৪. সালাফে সালেহীন থেকে বেশ কিছু ভাষ্য এসেছে যাতে সিফাত সংক্রান্ত বাণীসমূহের তাফসীর না করতে বলা হয়েছে। বলা হয়েছে এগুলো পড়াই এগুলোর তাফসীর। যেমন, ১- মুহাম্মাদ ইবনুল হাসান আশ শাইবানী রাহিমাহুল্লাহ'র বক্তব্য: "এ হাদীসগুলো নির্ভরযোগ্য লোকেরা বর্ণনা করেছেন। সুতরাং আমরা সেগুলোর বর্ণনা করব, ঈমান আনব কিন্তু তাফসীর বা ব্যাখ্যা করবো না।” [লালেকাঈ, আস-সুন্নাহ, ৭৪১] ২- আবু উবাইদ আল-কাসেম ইবন সাল্লাম রাহিমাহুল্লাহ'র বক্তব্য: "এ হাদীসগুলো আমাদের নিকট হক্ক ও যথাযথ। নির্ভরযোগ্যরা একে অপর থেকে তা বর্ণনা করেন। তবে আমাদেরকে যখন এর ব্যাখ্যা দিতে চাওয়া হয় তখন আমরা বলি: আমরা কাউকে এগুলো কিছুর তাফসীর করতে দেখতে পাইনি।" [লালেকাঈ, আস-সুন্নাহ, ৯২৮] এ রকম আরও কিছু ভাষ্যের ওপর নির্ভর করে কোনো কোনো লোক (বিশেষ করে আহলুত তাজহীল) এগুলো দ্বারা তাদের তাফওয়ীদ্ব নীতি তথা 'এগুলার অর্থ বুঝা যায় না' এর নীতির প্রমাণ পেশ করে থাকে। এ ভাষ্যগুলোকে তারা তাদের তাফওয়ীদ্ব নীতির দলীল হিসেবে পেশ করে থাকে। তারা মনে করে থাকে যে সালাফরা বুঝি এ নীতিই উদ্দেশ্য নিয়েছেন। বস্তুত এটা 'আহলুত তাজহীল' তথা অর্থ না জানার দাবিদার লোকদের ভ্রান্তি, মূর্খতা। কারণ: ১- তাদের কারো কারো কাছ থেকে সেটার উদ্দেশ্যের বর্ণনা স্পষ্টভাবে এসেছে, যেমন, আবু উবাইদ আল-ক্বাসেম ইবন সাল্লাম বলেন, 'এসব হাদীস বিশুদ্ধ; এগুলোকে হাদীসবিশারদ ও ফকীহগণ একে অপর থেকে বহন করেছেন। এগুলো আমাদের নিকট হক্ক ও সত্য, এগুলোতে আমরা কোনো সন্দেহ করি না। তবে যখন বলা হবে, কীভাবে তিনি তাঁর পা রাখলেন? কীভাবে তিনি হাঁসলেন? তখন আমরা বলি, এটাকে তাফসীর করা যাবে না, আর আমরা কাউকে সে তাফসীর করতে শুনতেও পাইনি।' [দারাকৃতনী, আস-সিফাত, নং ৫৭] অনুরূপভাবে ইয়াযীদ ইবন হারুন রাহিমাহুল্লাহ জারীর ইবন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু 'আনহু বর্ণিত আল্লাহকে দেখা সংক্রান্ত হাদীস বর্ণনা করেন, "তোমরা অচিরেই তোমাদের রবকে দেখতে পাবে"। তখন এক লোক বলে বসলো, এ হাদীসের অর্থ কী? তখন ইয়াযীদ রাগ করলেন এবং বললেন, কে জানে সেটা কী রকম? [দেখুন, আস-সাবৃনী, আকীদাতুস সালাফ আসহাবুল হাদীস, পৃ. ২৩৬] অনুরূপভাবে সুফইয়ান ইবন 'উয়াইনাহ বলেন, 'কুরআনে যা দিয়ে আল্লাহ নিজেকে গুণান্বিত করেছেন তার পাঠই হচ্ছে তার তাফসীর। কোনো ধরণ নেই আর না আছে কোনো উদাহরণ।' [দারাকুতনী, আস-সিফাত, নং ৬১; আস-সাবৃনী, আকীদাতুস সালাফ আসহাবুল হাদীস, পৃ. ২৪৭-২৪৮]
ইমামদের পক্ষ থেকে এসব ভাষ্য আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে, তারা যে তাফসীর করতে নিষেধ করেছেন তা হচ্ছে এগুলোর 'ধরণ' বর্ণনা করা। ২- তাছাড়া এগুলোর তাফসীর বলতে তারা সাধারণ অর্থ বলতে নিষেধ করেননি, তার প্রমাণ এটাও যে, তারা স্পষ্ট করেই বলতেন যে, তারা জাহমিয়্যাদের তাফসীর চান না। যেমনটি ইমাম আহমাদ বলেছেন, যা ইমাম আবু ইয়া'লা তার ইবত্বালুত তা'ওয়ীলাত গ্রন্থের নিয়ে এসেছেন, (পৃ. ৭৫)। অনুরূপ ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ ইতোপূর্বে 'আমিররূহা কামা জাআত' এর আলোচনায় বিস্তারিত বর্ণনা করেছেন।
এর আরেকটি প্রমাণ হচ্ছে, যা ইমাম উসমান ইবন সা'ঈদ আদ-দারেমী তার বিপক্ষের লোককে বলেন, তাতে এসেছে, "অনুরূপ আমরা এ সিফাতগুলোর ধরণ নির্ধারণ করি না, এগুলোর মিথ্যারোপ করি না তোমাদের মিথ্যারোপের মতো। এগুলোকে তাফসীর করি না তোমাদের বাতিল তাফসীরের মতো।”[দারেমী, আর-রাদ্দু আলাল মিররীসী (১/২২২)]। ৩- অনুরূপভাবে ‘তাফসীর না করা’র বিষয়টিকে সুন্নাহ’র ইমামগণ শুধু সিফাতের আয়াতেও বলেননি, বরং তারা তা জাহান্নামের ধমকির হাদীসের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। যেমন, ‘তোমরা আমার পরে কাফের হওয়ার দিকে ফিরে যেও না...’ ও ‘যখন দু’জন মুসলিম তাদের দু’টি তরবারী নিয়ে মুখোমুখি হয়...’ ইত্যাদি ভাষ্যে [এ রকম আরও কিছু ভাষ্য দেখা যেতে পারে ইমাম লালেকাঈ এর আস-সুন্নাহ গ্রন্থে (১/১৬৩-১৭০)]। তারা এসব ভাষ্য সম্পর্কেও বলেছেন যে, এগুলোকে তাফসীর করা হবে না। এটা এজন্য যে, বিদ'আতীরা এগুলোর ব্যাপারে বাতিল ব্যাখ্যা দাঁড় করিয়েছে। সুতরাং বুঝা গেল যে, সিফাতের আয়াত ও হাদীসের ক্ষেত্রে ‘তাফসীর নিষিদ্ধ’ বলে বাতিল মতাদর্শের লোকদের অপব্যাখ্যাকেই নিষেধ করা হয়েছে। নতুবা হক তাফসীর বা অর্থ বুঝার ব্যাপারটি কখনও নিষেধ করেননি। কারণ ঐসব হাদীসের অর্থ স্বাভাবিকভাবেই বুঝতে পারে, সেগুলো বুঝতে বেগ পেতে হয় না। বরং তাদের উদ্দেশ্য কৃত্রিম অপব্যাখ্যা দাঁড় করানো থেকে নিষেধ করা। সুতরাং অন্য জায়গায় সালাফগণ যে তাফসীর করতে নিষেধ করেছেন সিফাতের আয়াতের ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য হবে। বস্তুত সালাফদের দ্বারা সিফাত ও অন্যান্য বিষয়ে ‘তাফসীর না করা’ বলতে বাতিলপন্থীদের অপব্যাখ্যা নিষেধ করার বিষয়টিই যে উদ্দেশ্য তার প্রমাণ এত বেশি, যা গণনা করে শেষ করা কঠিন। তার কিছু উদাহরণ দেখা যেতে পারে, দারেমীর, আর-রাদ্দু আলাল মাররীসী (১/২৮৭, ২৮৯, ৩৫২, ২৬০); অনুরূপ আবুল কাসেম আসফাহানীর আল-হুজ্জাহ ফী বায়ানিল মাহাজ্জাহ (১/১২২-১২৩)। আরও বিস্তারিত দেখা যেতে পারে, ড. আহমাদ আল-ক্বাযী, মাযহাবু আহলিত তাফওয়ীদ্ব ফী নুসূসিস সিফাত।
৪৫৫. ইমাম যাহাবী তা তার আল-উলু গ্রন্থে নিয়ে এসেছেন, পৃ. ১৩৭; ইমাম আবু ইসমা'ঈল আল-হারাহওয়ীর মাধ্যমে। তিনি বলেন, আমাকে হাদীস শুনিয়েছেন আবু ইয়া’কূব আল-কুরাব, তিনি বলেন, আমাকে জানিয়েছেন আমার দাদা, তিনি বলেন, আমি আবুল ফাদ্বল ইসহাক থেকে শুনেছি, তিনি বলেন, আমাকে মুহাম্মাদ ইবন ইবরাহীম আল-আসফাহানী জানিয়েছেন, তিনি বলেন, আমি আবু যুর'আর কাছ থেকে শুনেছি, তাকে প্রশ্ন করা হয়েছিল... তারপর তিনি তা উল্লেখ করেন। আরও দেখুন, মুখতাসারুল উলু, পৃ. ২০৩; ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ, পৃ. ২৩৪।

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 ইমাম আবু হানীফার ছাত্র ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান এর বক্তব্য

📄 ইমাম আবু হানীফার ছাত্র ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান এর বক্তব্য


আবু হামেদ আল-ইসফারায়েনীর(৪৫৬) ছাত্র আবুল কাসেম লালেকাঈ স্বীয় প্রসিদ্ধ কিতাব 'উসূলুস সুন্নাহ'(৪০৭) গ্রন্থে আবু হানীফার ছাত্র মুহাম্মাদ ইবনুল হাসান থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: "(মুসলিম বিশ্বের) মাশরিক থেকে মাগরিব তথা প্রাচ্য থেকে প্রতীচ্যের সকল ফুকাহায়ে কিরাম এ বিষয়ে ঈমানের ক্ষেত্রে একমত যে, কুরআন-হাদীসে আল্লাহর যেসকল সিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়ে এসেছে সেগুলো কোনো ব্যাখ্যা-বিশ্লেষণ গুণের (ধরণ) বর্ণনা ও সাদৃশ্য প্রদান(৪৫৮) ছাড়া মেনে নেয়া। কাজেই যে ব্যক্তি আজ সেগুলোর কোনো কিছুর ব্যাখ্যা-বিশ্লেষণ করবে সে নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ও (সাহাবায়ে কিরাম ও আহলুস সুন্নাহ ওয়াল) জামা'আত থেকে বের হয়ে যাবে। কেননা তারা সেগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ করেননি, বরং কুরআন-সুন্নাহ'য় যা আছে সেটা অনুযায়ী তারা ফাতওয়া দিয়েছেন, অতঃপর নীরবতা অবলম্বন করেছেন(৪৫৯)। সুতরাং যে কেউ জাহাম এর মতো কথা বলবে সে জামা'আত থেকে খারিজ হয়ে যাবে; কেননা সে (জাহাম) আল্লাহকে এমন গুণে বর্ণনা করেছে যা আবশ্যক করে যে, তিনি কিছুই না।”(৪৬০)

টিকাঃ
৪৫৬. তিনি হচ্ছেন আবু হামেদ আহমাদ ইবন ত্বাহের ইবন মুহাম্মাদ আহমাদ আল-ইসফারায়িনী। আশ'আরী মতবাদের লোক। তৎকালীন বাগদাদের শাফেয়ী আলেমগণের উস্তাদ। বলা হয়ে থাকে, তার মজলিসে তিনশত এর বেশি ফকীহ হাজির হতেন। তৎকালীন সময়ের রাষ্ট্র ও সরকারের লোকদের কাছে তার মর্যাদা ছিল প্রতিষ্ঠিত। দারাকুতনী থেকে তার সুনান গ্রন্থ শুনেন। খতীব আল-বাগদাদী বলেন, তারা আমাকে আবু হামিদ থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন, ইবনুল মুবারক মসজিদে তার দারসে আমি হাজির হয়েছিলাম; তাদের কারও কাছে শুনেছি যে, তার মজলিসে ৭০০ ফকীহ হাজির হতেন। তারা আরও বলতেন, যদি তাকে শাফেয়ী দেখতেন তবে অবশ্যই খুশি হতেন। তার জন্ম হিজরী ৩৪৪ সালে। আর মৃত্যু ৪০৬ সালে। আর ‘ইসফারায়ীন’ খুরাসানের একটি শহর, যা নাইসাপূর এর নিকটে অবস্থিত। দেখুন, খত্নীবে বাগদাদী, তারীখে বাগদাদ (৪/২৩৭); ইবনু খাল্লিকান, ওফায়াতুল আ’ইয়ান (১/৭২); ইমাম যাহাবী, সিয়ারু আ’লামিন নুবালা (১৭/১৯৩)। শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ তাকে শাফে’য়ীর পরে মাযহাবের বড় ইমাম বলতেন। দেখুন, মাজমূ' ফাতাওয়া (৩৫/১০১); আল-ফাতাওয়া আল-কুবরা (৩/৪৭৫)। ইবনুল কাইয়্যেম বলেন, তিনি সে সময়ের শাফেয়ীদের ইমাম, বরং তিনি দ্বিতীয় শাফে'য়ী। দেখুন, ইজতিমা'উল জুযূশ, পৃ. ১৯২। ইবন তাইমিয়্যাহ তার অনেকগুলো আকীদাহ বিষয়ক মতাদর্শ বর্ণনা করেছেন, যেমন, মাজমূ' ফাতাওয়া (১২/১৬০-১৬১, ৩০৬, ৫৫৭), (১৮/৩৩৩), (১৯/২০৫), (৩৩/১৭৩); আস-সাফাদিয়্যাহ (২/১৬২); আল-ফাতাওয়া আল-কুবরা (৬/৬০০-৬০৩)।
৪৫৭. শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ এখানে এ নাম দিলেও অন্যত্র অন্য নাম বলেছেন। বস্তুত এ গ্রন্থটির নাম হচ্ছে, শারহু উসূলি ই'তিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ। এ নামের ব্যাপারে আলোচনা ইতোপূর্বে চলে গেছে।
৪৫৮. এখানেও ব্যাখ্যা বিশ্লেষণ ও সাদৃশ্য প্রদান করতে নিষেধ করার উদ্দেশ্য, ধরণ নির্ধারণ ও উদাহরণ পেশ করতে নিষেধ করা। যদি শুধু অর্থই উদ্দেশ্য হতো তাহলে বলার দরকার হতো না যে, এগুলোর ওপর ঈমান আনার ব্যাপারে সবাই একমত। কারণ ঈমান আনতে হলে অর্থের ওপরই ঈমান আনার কথা বলা হবে, শুধু শব্দের ওপর ঈমান আনার কথা বলা উদ্দেশ্য হলে বলতো যে, 'এগুলোর শব্দের ওপর ঈমান আনা', বা 'এগুলোর অর্থ করা যাবে না সেটার ওপর ঈমান আনা' এভাবে বলা হতো।
৪৫৯, যেমন: ফতোয়া দিয়েছেন যে, আল্লাহ 'আরশের উপর উঠেছেন কিন্তু ধরনের ব‍্যাপারে নীরবতা অবলম্বন করেছেন।
৪৬০. আবুল কাসেম আল-লালেকাঈ, আত-ত্বাবারী, শারহু উসূলি ই'তিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ, নং ৭৪০। ইবন তাইমিয়্যাহ বলেন, ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান থেকে এ আছারটি সাব্যস্ত রয়েছে। দেখুন, মাজমূ' ফাতাওয়া (৪/৪-৫)। জাহমিয়্যারা বলতো, 'আল্লাহ কিছু একটা, তবে কোনো কিছুর মতো নয়। ইমাম আহমাদ তার জবাবে বলেন, যে জিনিস কোনো জিনিসের মত নয় বিবেকবান সকলেই বলে সেটা আসলে কিছু নয়। তখন মানুষ বুঝতে পারলো যে, আসলে তারা কিছুই সাব্যস্ত করে না। বরং তারা নিজেদের থেকে প্রকাশ্যে এ ধরনের হেয়ালীপূর্ণ কথা বলে দোষ-ত্রুটি থেকে মুক্ত থাকতে চায়।' [ইমাম আহমাদ, আর-রাদ্দু আলায যানাদিকাতে ওয়াল জাহমিয়্যাহ, পৃ. ২০৯] জাহম ইবন সাফওয়ান মূলত সম্পূর্ণরূপে মু'আত্তিল ছিল। সে আল্লাহর জন্য নাম ও গুণ কোনোটিই সাব্যস্ত করতো না। সেজন্যই যখন বৌদ্ধ ও জৈন ভিক্ষুরা তার সাথে তার রবের ব্যাপারে বিতর্কে জড়ালো তখন সে বললো, 'তিনি হচ্ছেন এই বাতাস, যা সবকিছুর সাথে, সবকিছুর মধ্যে, কোনো কিছুই তা থেকে মুক্ত নয়।' জাহম আরও বললো, 'আল্লাহ মা'দুম বা অস্তিত্বহীন [নাউযুবিল্লাহ], যখন সে মনে করলো যে আল্লাহকে কোনো ইন্দ্রিয় দিয়েই অনুভব করা যায় না।' দেখুন, লালেকাঈ, শারহু উসূলি ই'তিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ, নং ৬৩৪, ৬৩৫; বায়ানু তালবীসিল জাহমিয়্যাহ (৪/৩২০)। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর বক্তব্যের অর্থ হচ্ছে আল্লাহ যেহেতু কুরআনে কারীমে তাঁর নিজেকে 'শাইঅ' বা কিছু হওয়া সাব্যস্ত করেছেন। তাই তাঁর সম্পর্কে বলতে হবে যে, তিনি অবশ্যই 'কিছু' তবে সৃষ্ট কোনো কিছুর মতো নন। এটা বলা হবে না যে, তিনি কোনো কিছুর মতো নন। তবে এটাও জানা দরকার যে, 'শাইঅ' বা 'কিছু' আল্লাহর সিফাত নয় বরং খবর বা তাঁর সম্পর্কে সংবাদ প্রদান করা।

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 আবু উবাইদ আল-কাসেম ইবন সাল্লাম এর বক্তব্য

📄 আবু উবাইদ আল-কাসেম ইবন সাল্লাম এর বক্তব্য


ইমাম বাইহাক্বী ও অন্যান্যরা আবু উবাইদ আল-কাসেম ইবন সাল্লাম(৪৬১) থেকে বিশুদ্ধ সনদে বর্ণনা করেন যে, তিনি বলেন: ঐসব হাদীস যাতে বর্ণিত আছে: "আমাদের রব হাসলেন তাঁর বান্দাদের নৈরাশ্য ও পরিবর্তন অত্যাসন্ন দেখে", "জাহান্নাম পরিপূর্ণ হবে না যতক্ষণ না তোমার রব স্বীয় পা তাতে রাখবেন", "কুরসী হচ্ছে তার দু' পায়ের স্থান”(৪৬২), আল্লাহকে দেখা সংক্রান্ত এসব হাদীস, আমাদের নিকট এগুলো সবাই সত্য, যা নির্ভরযোগ্য আলেমগণ একজন থেকে আরেকজন পেয়েছেন। তবে আমরা এগুলোর ব্যাখ্যা জিজ্ঞেস করা হলে ব্যাখ্যা করি না।(৪৬৩) আমরা কাউকে পাইনি যে তার ব্যাখ্যা করেছেন। (৪৬৪)
আবু উবাইদ হচ্ছেন প্রসিদ্ধ সমসাময়িক চার ইমামের একজন। অন্য তিনজন: শাফেয়ী, আহমদ, ইসহাক। ইলমুল ফিকহ, ইলমুল লুগাহ ও তা'ওয়ীল বিষয়ে তার জ্ঞান বর্ণনা করার চেয়েও বেশি বিখ্যাত। তিনি সেই যুগের লোক ছিলেন যে যুগে ফিতনা ও প্রবৃত্তির অনুসরণ প্রকাশ পেয়েছিল। (৪৬৫) তা সত্ত্বেও তিনি সংবাদ দিচ্ছেন যে, তিনি এমন কোনো আলেমকে পাননি যে এগুলোকে জাহমিয়্যাদের ন্যায় ব্যাখ্যা-বিশ্লেষণ করে।

টিকাঃ
৪৬১. তিনি হচ্ছেন আবু 'উবাইদ আল-কাসেম ইবন সাল্লাম ইবন আব্দুল্লাহ। খোরাসানের অধিবাসী। তিনি ছিলেন শিক্ষক, পড়াতেন নাহু ও আরবী ভাষা। তার থেকে হাকেম হাদীস বর্ণনা করেন, তিনি বলেন, "সুন্নাহ'র অনুসারী হওয়া জ্বলন্ত কয়লা হাত দিয়ে মুষ্ঠিবদ্ধ করে রাখার মতো, সেটা আজকে আমার নিকট আল্লাহর রাস্তায় জিহাদ করে তরবারীর আঘাত করার চেয়েও উত্তম।” আবু বকর আল-আম্বারী বলেন, 'আবু উবাইদ রাহিমাহুল্লাহ রাতকে তিনভাগ করতেন। প্রথম এক- তৃতীয়াংশ সালাত আদায় করতেন, পরবর্তী তৃতীয়াংশ ঘুমাতেন আর শেষ এক-তৃতীয়াংশ গ্রন্থ লিখতেন। হিজরী ১৫৭ সালে তার জন্ম হয়, মৃত্যু হয় হিজরী ২২৪ সালে। তার রচিত গ্রন্থাবলির মধ্যে বিখ্যাত হচ্ছে গরীবুল হাদীস, আল-আমওয়াল, আন-নাসেখ ওয়াল মানসূখ ইত্যাদি। দেখুন, ইবন সা'দ, আত-ত্বাবাক্বাতুল কুবরা (৭/৩৫৫); আবু ইয়া'লা, ত্বাবাক্বাতুল হানাবিলাহ (১/২৫৯); ইবনু খাল্লিকান, ওফায়াতুল আ'ইয়ান (৪/৬০); ইমাম যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা (১০/৪৯০); ইবনুল 'ইমাদ, শাযরাতুয যাহাব (২/৫৪)।
৪৬২. এ 'আছার'টি ইবন আব্বাস ও আবু মূসা আশ'আরী রাদ্বিয়াল্লাহু 'আনহুম থেকে মাওকূফ সূত্রে বর্ণিত হয়েছে। তন্মধ্যে ইবন আব্বাস রাদ্বিয়াল্লাহু 'আনহুমার আসারটি বর্ণনা করেছেন, ১- ইবন আবী শাইবাহ, আল-'আরশ, পৃ. ৭৯। ২- ইবন আবী হাতেম, আত-তাফসীর (৩/১৪০৬)। ৩- ইবন জারীর আত-তাবারী, আত-তাফসীর (৫/৩৯৮)। ৪- আব্দুল্লাহ ইবন ইমাম আহমাদ, আস-সুন্নাহ (১/৩০১), নং ৫৮৬। ৫- ইবন মান্দাহ, আর-রাদ্দু আলাল জাহমিয়্যাহ, পৃ. ৪৫। ৬- আব্দুর রাযযাক, আত-তাফসীর (২/২৫১)। ৭- ইবন খুযাইমাহ, আত-তাওহীদ (১/২৪৯)। ৮- আত-ত্বাবারানী, আল-কাবীর (১২/৩৯)। ৯- আদ-দারাকুত্বনী, আস-সিফাত, পৃ. ৪৯-৫০। ১০- আল-হারাওয়ী, আল-আরবা'ঈন, পৃ. ৫৬-৫৭। ১১- দ্বিয়া, আল-মুখতারাহ (১০/৩১০)। ১২- দারেমী, আর-রাদ্দু আলাল মিররীসী, পৃ. ৬৭-৭১। এর তাহকীকে হামেদ আল-ফিকী বলেন, এটি আমরা ইবন আব্বাস থেকে জানি, তা সহীহ ও বিখ্যাত। ১৩- আবুশ শাইখ, আল-আযামাহ (২/৫৮২)। ১৪- হাকেম, আল-মুস্তাদরাক (২/২৮২)। তারপর বলেন, এ হাদীসটি সহীহ, শাইখাইন তথা বুখারী ও মুসলিমের শর্তে, তবে তারা সেটা আনেননি। ইমাম যাহাবী তার সাথে একাত্মতা পোষণ করেছেন। ১৫- বাইহাক্বী, আল-আসমা ওয়াস সিফাত (২/১৪৮)। ১৬- খত্নীবে বাগদাদী, তারীখে বাগদাদ (১২/২৫২)। ১৭- যাহাবী, আল-উলু, ৬১; মুখতাসারুল উলু, পৃ. ১০২, তাহকীকারী শাইখ আলবানী বলেন, এর বর্ণনাকারীরা নির্ভরযোগ্য। ১৮- ইবন কাসীর, আত-তাফসীর (১/৪৫৭)। তারপর তিনি বলেন, এটাকে ওকী' তার তাফসীরে বর্ণনা করেছেন এবং বলেছেন, আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন.... তারপর সনদ দিয়ে তা নিয়ে এসেছেন। ১৯- ইবনুল জাওযী, আল-ইলালুল মুতানাহিয়া (১/৬-৭)। ২০- সুয়ূত্বী, আদ-দুররুল মানসূর (২/১৭)। তারপর তিনি এটাকে আরও যারা বর্ণনা করেছেন সেসবের নাম বর্ণনা করেছেন। তারা হচ্ছেন ফিরইয়াবী, আব্দ ইবন হুমাইদ, ইবনুল মুনযির, ইবন আবী হাতিম, ত্বাবারানী, আবুশ শাইখ, হাকেম, খত্নীব, বাইহাক্বী। ইমাম আবু ফুর'আকে এ হাদীসটি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তা সহীহ, তবে আমরা এর কোনো ব্যাখ্যা দাঁড় করাবো না। যেভাবে আমাদের কাছে এসেছে সেভাবে আমরা বলবো, সেটা যেভাবে হাদীসে এসেছে তেমনই।
২১- ইবন মান্দাহ, আত-তাওহীদ (৩/৩০৯)। ২২- হাইসামী, মাজমা'উয যাওয়ায়িদ (৬/৩২৩)। আর তিনি বলেন, এর রিজালগুলো সহীহ হাদীসের রিজাল। ইবন মানযূর তার লিসানুল আরব (৬/১৯৪) গ্রন্থে তাহযীবুল্লুগাহ এর গ্রন্থকার আবু মানসূর আল- আযহারী থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, 'এ বর্ণনাটির ব্যাপারে আলেমগণ বিশুদ্ধ বলার ক্ষেত্রে একমত হয়েছেন। শাইখ আবু আব্দির রহমান নাসিরুদ্দীন আল-আলবানী এটার সনদকে সহীহ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন এর সনদের সকল লোক নির্ভরযোগ্য। দেখুন, মুখতাসারুল উলু, পৃ. ১০২; সিলসিলা দ্বায়ীফাহ (২/৩০২-৩০৩), নং ৫৮৮। আর আবু মূসা আল-আশ'আরী রাদ্বিয়াল্লাহু 'আনহুর আছার, তা বর্ণনা করেছেন, ১- ইবন জারীর আত-ত্বাবারী, আত-তাফসীর ৩, ১০। ২- আব্দুল্লাহ ইবন আহমাদ, আস-সুন্নাহ (১/৩০২), নং ৫৮৮। ৩- ইবন আবী শাইবাহ, আল-'আরশ, পৃ. ৭৮। ৪- বাইহাক্বী, আল-আসমা ওয়াস সিফাত (২/১৪৮)। ৫- আবুশ শাইখ, আল-আযামাহ (২/৬২৭-৬২৮)। ৬- ইবন মান্দাহ, আর-রাদ্দু আলাল জাহমিয়্যাহ, পৃ. ৪৬। ৭- সুয়ূত্বী, আদ-দুররুল মানসূর (২/১৭)। তারপর তিনি সেটাকে ইবনুল মুনযিরের দিকে সম্পৃক্ত করেছেন। ৮- যাহাবী, আল-উলু, পৃ. ৮৪; মুখতাসার আল-উলু, পৃ. ১২৩-১৩৪। আলবানী এর সনদকে সহীহ বলেছেন এবং বলেছেন, এর সকল রিজাল নির্ভরযোগ্য প্রসিদ্ধ। দেখুন, মুখতাসারুল উলু, পৃ. ১২৪।
৪৬৩. অর্থাৎ সে ব্যাখ্যা করি না, যা জাহমিয়্যারা করে, যার ফলে সেগুলোকে অর্থশূন্য করা হয়। অনুরূপ তেমন ব্যাখ্যাও করি না, যার ফলে সেটার ধরণ নির্ধারণ কিংবা উদাহরণ-উপমা পেশ করা হয়। তদ্রূপ তেমন ব্যাখ্যাও করি না, যার ফলে সেটার শব্দের অর্থে বিকৃতি ও ইলহাদ আসে। এখানেও কোনোভাবেই 'তাফসীর বা ব্যাখ্যা' বলে অর্থ না করা বুঝানো হয়নি।
৪৬৪. বাইহাক্বী, আল-আসমা ওয়াস সিফাত (২/৯০)। তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আবু বকর ইবনুল হারেস আল-ফকীহ, তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আবু মুহাম্মাদ ইবন হাইয়ান আল-আসফাহানী, যাতে তাকে তার দাদা ইজাযত দিয়েছিল, তিনি আব্বাস ইবন মুহাম্মাদ থেকে, তিনি বলেন, আমি আবু উবাইদকে বলতে শুনেছি.... আর তিনি তা উল্লেখ করেন। তাছাড়া এটি বর্ণনা করেছেন দারাকুতনী, আস-সিফাত পৃ. ৬৮-৬৯ এর কাছাকাছি শব্দে। অনুরূপ আজুররী, আশ-শরী'আহ, পৃ. ২৫৫। লালেকাঈ, শারহু উসৃলি ই'তিক্বাদি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ (২/৫২৬)। ইবন মান্দাহ, আত-তাওহীদ (১/২৩২)। ইবন আব্দুল বার, আত-তামহীদ (৭/১৪৯)। যাহাবী, আল-উলু, পৃ. ১২৭; সিয়ারু আ'লামিন নুবালা (১০/৫০৫)। আর আলবানী এর সনদ মুখতাসারুল উলুতে বিশুদ্ধ বলেছেন।
৪৬৫. তিনি ১৫৭ হিজরী থেকে ২০৪ হিজরী সাল সময় পর্যন্ত দুনিয়াতে অবস্থান করেছেন।

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক এর বক্তব্য

📄 ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক এর বক্তব্য


ইমাম লালেকাঈ এবং বাইহাক্বী আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি(৪৬৬) তাকে বলল: হে আবু আব্দির রহমান! আমি সিফাত অপছন্দ করি। অর্থাৎ রবের সিফাত। তখন ইবনুল মুবারক তাকে বললেন: আমি তা সকলের চেয়ে বেশি অপছন্দ করি, তবে কুরআন যখন কোনো কথা বলে আমরাও সেটা বলি। কোনো ব্যাপারে হাদীস-আছার আসলে আমরা সেটা বলতে সাহস করি। (৪৬৭) অনুরূপ কথা। ইবনুল মুবারকের উদ্দেশ্য হলো, আমরা নিজেদের পক্ষ থেকে আল্লাহকে কোনো সিফাত দ্বারা গুণান্বিত করতে শুরু করা অপছন্দ করি; যদি না তা কুরআন-হাদীসে আসে।
তেমনি আব্দুল্লাহ ইবন আহমদ ও অন্যান্যরা বিশুদ্ধ সূত্রে ইবনুল মুবারক(৪৬৮) থেকে বর্ণনা করেছেন যে, তাকে বলা হলো: আমরা কীভাবে আমাদের রবকে জানবো? তিনি বললেন: এভাবে যে, তিনি সাত আসমানের উপরে, 'আরশের উপরে। সৃষ্টিকুল থেকে পৃথক। আমরা জাহমিয়্যাদের ন্যায়(৪৬৯) বলি না যে, তিনি এখানে যমীনে। (৪৭০) ইমাম আহমদ ও অন্যান্যরাও অনুরূপ বলেছেন।(৪৭১)

টিকাঃ
৪৬৬. অপরাপর বর্ণনায় এ লোকের নাম এসেছে। তিনি হচ্ছেন আফলাহ ইবন মুহাম্মাদ। যেমনটি এসেছে নামসহ লালেকাঈ, বাইহাক্বী, যাহাবীর আল-উলু গ্রন্থে।
৪৬৭. লালেকাঈ, শারহু উসূলি ই'তিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ (২/৪৩১); নং ৭৩৭; বাইহাক্বী, আল-আসমা ওয়াস সিফাত (২/১৫৮-১৫৯), নং ৭২৬; যাহাবী, আল-উলু, পৃ. ১১০-১১১; দেখুন, মুখতাসারুল উলু, পৃ. ১৫২।
৪৬৮. ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ ছিলেন খুরাসানের ইমাম। ইবন তাইমিয়্যাহ উল্লেখ করেছেন যে, জাহমিয়্যাদের নীতি ও সিফাত অস্বীকার করার প্রবণতা যখন খুরাসানেই সূত্রপাত হয়েছিল তখন খুরাসানের আলেমগণের পক্ষ থেকে সে সময়ে জাহমিয়্যাদের ওপর এমন নিন্দার ঝড় উঠেছিল তা অন্য কোনো শহর ও গঞ্জে দেখা যায়নি, যেখানে এ বিদ'আতের উৎপত্তি ঘটেনি বা তারা শুনতে পাননি। যেমনিভাবে কৃফাতে যখন 'ইরজা' (আমল ঈমানের অঙ্গ নয়) এ নীতি প্রচার-প্রসার লাভ করলো তখন কুফার আলেমগণের পক্ষ থেকে সেটার নিন্দা ও বিরোধিতা খুব ব্যাপক আকারে ছিল। সুতরাং তারা অন্য এলাকার আলেমগণের তুলনায় এ বিদ'আতের বিরুদ্ধে বেশি সোচ্চার হয়েছিল। [দেখুন, মাজমূ' ফাতাওয়া (৭/৩১১)]
৪৬৯. এটি জাহমিয়্যাহ সম্প্রদায়ের সূফীবাদ দ্বারা প্রভাবিত অংশের মত; যেমনটি ইতোপূর্বে চলে গেছে।
৪৭০. দেখুন, আব্দুল্লাহ ইবন ইমাম আহমাদ, আস-সুন্নাহ (১/১১১, ১৭৪, ৩০৭); দারেমী, আর-রাদ্দু আলাল মিররীসী, পৃ. ২৩-২৪; আর-রাদ্দু আলাল জাহমিয়্যাহ, পৃ. ৩৯-৪০, তাহকীক বদর আলে-বদর; বাইহাক্বী, আল-আসমা ওয়াস সিফাত (২/১৬৯); বুখারী, খালকু আফ'আলিল ইবাদ, পৃ. ৩১, তাহক্বীক, আব্দুর রহমান উমাইরাহ; যাহাবী, আল-উলু, পৃ. ১১০; মুখতাসার, পৃ. ১৫১-১৫২; আল-আরবাঈন, পৃ. ৮১; ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ, পৃ. ১৩৪, তিনি বলেন, এ আছারটি সবচেয়ে বিশুদ্ধ সনদে আলী ইবনুল হাসান ইবন শাকীকের কাছ থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি ইবনুল মুবারককে বলতে শুনেছি, তারপর তিনি তা বলেন। ইবনুল কাইয়্যেম উক্ত কিতাবের অন্যত্র ২১৩- ২১৪ পৃষ্ঠায় বলেন, বরং এটি ইবনুল মুবারক থেকে প্রায় মুতাওয়াতির পদ্ধতিতে বিশুদ্ধভাবে প্রমাণিত যে, তাকে বলা হলো.... তারপর বাকী কথা বর্ণনা করলেন। অনুরূপভাবে শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ এ বর্ণনাটিকে বিশুদ্ধ বলে মন্তব্য করে বলেন, 'বিআসানিদা সীহাহ'। দেখুন, মাজমূ' ফাতাওয়া (৫/১৮৪)।
৪৭১. ইউসুফ ইবন মূসা আল-ক্বাত্তান বলেন, আবু আব্দুল্লাহকে (ইমাম আহমাদকে) বলা হলো, আল্লাহ তা'আলা সপ্তম আসমানের উপরে তাঁর 'আরশের উপরে, সকল সৃষ্টি থেকে আলাদা, তাঁর ক্ষমতা ও জ্ঞান সর্বত্র? তিনি বললেন, "হ্যাঁ। তিনি তাঁর 'আরশের উপর, কোনো কিছু তাঁর জ্ঞানের বাইরে নয়।” দেখুন, ইবন বাত্তাহ, আল-ইবানাহ (৩/১৫৯), নং ১১৫; লালেকাঈ, শারহু উসৃলি ই'তিক্বাদি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ, নং ৬৭৪; ইবন কুদামাহ, ইসবাতু সিফাতিল উলু, পৃ. ১১৬; যাহাবী, আল-উলু লিল আলিয়্যিল আযীম (২/১১১৩), নং ৪৩৮।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00