📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 পরবর্তী তথা খালাফদের অনেকের পথভ্রষ্টতার কারণ

📄 পরবর্তী তথা খালাফদের অনেকের পথভ্রষ্টতার কারণ


আমি এই মুকাদ্দমা (পূর্বকথা) আগে এনেছি এই কারণে যে, যার কাছে এই মুকাদ্দামা স্বীকৃত হবে সে জানতে পারবে এ ক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রে হিদায়াতের পথ কোথায়? সে আরও জানতে পারবে যে, ভ্রষ্টতা-বিভ্রান্তি, অযথা ক্লান্তি পরবর্তী অনেকের ওপর চড়াও হয়েছে কেবল এই কারণে যে, তারা আল্লাহর কিতাব পশ্চাতে ফেলে রেখেছে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে সঠিক পথ ও দলীলাদি দিয়ে পাঠিয়ে ছিলেন তারা তা থেকে বিমুখ হয়েছে। সালাফ দের ও তাদের অনুসারীদের তরীকা অনুসন্ধান ছেড়ে দিয়েছে এবং আল্লাহকে জানার জ্ঞান তারা এমন লোকদের কাছে অনুসন্ধান করেছে যাদের কাছে আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই, (আল্লাহ সম্পর্কে তাদের কাছে) সে জ্ঞান না থাকার কথাটি তাদেরই স্বীকৃতি, উম্মতের সাক্ষীর মাধ্যমে এবং আরও অনেকে প্রমাণাদির মাধ্যমে সাব্যস্ত হয়েছে।
আমি নির্দিষ্ট একজনকে উদ্দেশ্য করিনি, আমিতো এদের প্রকার ও ওদের প্রকার বর্ণনা করছি।

টিকাঃ
৫৫. আল্লাহর কিতাবকে পিছনে ফেলে রাখার কারণেই পূর্ববর্তী উম্মতরাও পথভ্রষ্ট হয়েছিল। এ উম্মতের অবস্থাও তাই। উদাহরণ দেখা যেতে পারে, সূরা আল-বাক্বারাহ: ৯১, ১০১; সূরা আলে ইমরান: ১৮৭।
৫৬. সালাফ বলতে সাহাবায়ে কিরাম ও পরবর্তী তাদের সুন্দর অনুসারী সকলকেই বুঝানো হয়েছে।
৫৭. কারণ আল্লাহর জ্ঞান কেবল ওহীর মাধ্যমেই লাভ করা যায়। ওহী নবী-রাসূলদের কাছেই আসত, আর যারা নবী রাসূলদের আসল অনুসারী তারাই সে ইলমের ধারক ও বাহক। তাই অন্যদের কাছে আল্লাহর জ্ঞান কোনোভাবেই পাওয়া সম্ভব না।
৫৮. ইতোপূর্বে তা গাযালী, রাযী, শাহরাস্তানীসহ অনেকের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে।

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 আল্লাহ তাআলা সত্তাগতভাবে সকল সৃষ্টির উপরে থাকার প্রমাণসমূহ

📄 আল্লাহ তাআলা সত্তাগতভাবে সকল সৃষ্টির উপরে থাকার প্রমাণসমূহ


টিকাঃ
৫৯. এ ব্যাপারে আমার রচিত "রহমান 'আরশের উপর উঠেছেন" গ্রন্থটি দেখা যেতে পারে। তাছাড়া বিষয়টি এত বেশি প্রকাশ্য ও প্রামাণ্য যে, শাফেয়ী মাযহাবের বড় এক আলেম বলেন, কুরআনে কারীমে এর ওপর এক হাজার বা তারও বেশি প্রমাণাদি রয়েছে, যা প্রমাণ করছে যে, আল্লাহ তা'আলা সকল সৃষ্টির উপরে এবং তিনি তাঁর বান্দাদের ঊর্ধ্বে। অপর কারও মতে, কুরআনে কারীমে এর ওপর তিনশত প্রমাণ রয়েছে। ইমাম ইবনুল কাইয়্যেম বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সৃষ্টির উপরে থাকা এবং উপরে উঠার বিষয়ে কুরআনের আয়াত ও রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের হাদীসের সংখ্যা হাজারের মতো। যার ওপর সকল রাসূল প্রথম থেকে শেষ পর্যন্ত একমত হয়েছেন। [আস সাওয়ায়িকুল মুরসালাহ (১/৩৬৮)] অনুরূপভাবে তিনি তার ইজতিমা'উল জুয়ূশ (পৃ. ৩৩১) গ্রন্থের শেষে বলেন, যদি আমি চাই তো এ মাসআলাতে এক হাজার দলীল নিয়ে আসতে পারব।

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 কুরআনে কারীম থেকে প্রমাণিত যে, আল্লাহ তাআলা সকল সৃষ্টির উপরে

📄 কুরআনে কারীম থেকে প্রমাণিত যে, আল্লাহ তাআলা সকল সৃষ্টির উপরে


আর যখন ব্যাপারটি তেমনি হলো, তাহলে [আমরা বলছি যে,] আল্লাহর কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত এবং রাসূলের সুন্নাত শুরু থেকে শেষ পর্যন্ত, অতঃপর সাহাবী-তাবেয়ীদের সকল কথা এবং ইমামদের সকল বাণী, সবটাই পরিপূর্ণ এমন জিনিস দ্বারা যা হয় নস অথবা যাহির এ ক্ষেত্রে যে, আল্লাহ তা'আলা সত্তাগতভাবে সবকিছুর উপরে, সবকিছুর ঊর্ধ্বে, তিনি 'আরশের উপরে, আসমানের উপরে। যেমন তাঁর বাণী:
﴿إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ ﴾ [ফাত্বির: ১০] "তাঁরই দিকে পবিত্র বাণীসমূহ উঠে যায় এবং সৎকাজ, তিনি তা উপরে উঠিয়ে নেন।” [সূরা ফাতির: ১০]
﴿إِنِّي مُتَوَقِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ﴾ [আল ইমরান: ৫৫] "নিশ্চয় আমি আপনাকে পরিগ্রহণ করব, আমার দিকে আপনাকে উঠিয়ে নিব।” [সূরা আলে ইমরান: ৫৫]
﴿أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ أَمْ أَمِنتُم مِّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا﴾ [আল মুলক: ১৬, ১৭] "তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে, যিনি আসমানের উপর রয়েছেন তিনি তোমাদেরকে সহ যমীনকে ধ্বসিয়ে দিবেন, অতঃপর তা হঠাৎ করেই থরথর করে কাঁপতে থাকবে? অথবা তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে, আসমানের উপর যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্করবর্ষী ঝঞ্ঝা পাঠাবেন?” [সূরা আল-মুলক: ১৬-১৭]
"বরং আল্লাহ তাকে তাঁর দিকে উঠিয়ে নিয়েছেন।” [সূরা আন-নিসা: ১৫৮]
"ফিরিশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয়।” [সূরা আল-মা'আরিজ: ০৪]
"তিনি আসমান থেকে যমীন পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন, তারপর সবকিছুই তাঁর সমীপে উত্থিত হবে।” [সূরা আস-সাজদাহ: ০৫] ، ﴿يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ﴾ [النحل : ৫০]
"তারা ভয় করে তাদের উপরস্থ তাদের রবকে।” [সূরা আন-নাহল: ৫০]
﴿ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ ﴾ [يونس : ৩] "তারপর তিনি 'আরশের উপর উঠলেন।” [সূরা ইউনুস: ০৩; সূরা আল-আ'রাফ: ৫৪] (সূরা আর-রা'দ: ০২; সূরা আল-ফুরক্বান: ৫৯; সূরা আস-সাজদাহ: ০৪; সূরা আল-হাদীদ: ০৪) এই ছয় জায়গায়।
﴿الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى﴾ [طه: ٥] "রহমান 'আরশের উপরে উঠেছেন।” [সূরা ত্বা-হা: ০৫]
﴿يَهَمَنُ ابْنِ لِي صَرْحًا لَعَلِّي أَبْلُغُ الْأَسْبَابَ أَسْبَابَ السَّمَوَاتِ فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ كَذِبًا) [غافر: ٣৬، ৩৭] "হে হামান! আমার জন্য তুমি নির্মাণ কর এক সুউচ্চ প্রাসাদ যাতে আমি অবলম্বন পাই- আসমানে আরোহনের অবলম্বন, যেন দেখতে পাই মূসার ইলাহকে; আর নিশ্চয় আমি তাকে মিথ্যাবাদী মনে করি।” [সূরা গাফির: ৩৬-৩৭]
"এটা প্রজ্ঞাময়, চিরপ্রশংসিতের কাছ থেকে নাযিলকৃত।” [সূরা ফুসসিলাত: ৪২]
“নিশ্চয় এটা আপনার রবের কাছ থেকে যথাযথভাবে নাযিলকৃত।” [সূরা আল-আন'আম: ১১৪] ইত্যাদি আরও অনেক যেগুলো কষ্ট ব্যতিরেকে গণনা করা যায় না।

টিকাঃ
৬০. নস দ্বারা বুঝায় এমন বাক্য যা কেবল একটি অর্থই প্রদান করে, যাতে অন্য অর্থ করার সম্ভাবনা বা সুযোগ নেই।
৬১. যাহির দ্বারা বুঝায় এমন বাক্য যাতে দু'টি অর্থ হতে পারে, তবে তন্মধ্যে একটি অপরটি থেকে বেশি প্রকাশ্য; যেটি বেশি প্রকাশ্য তা-ই যাহির।
৬২. অর্থাৎ আল্লাহ তা'আলা সত্তাগতভাবে সবকিছুর উপরে থাকার বিষয়টি সাব্যস্ত করার জন্য কোনো তা'ওয়ীল বা অপব্যাখ্যার আশ্রয় নেয়া লাগে না। তা মুহকাম আয়াত-হাদীস, নস আয়াত-হাদীস ও যাহির আয়াত-হাদীস দ্বারাই সাব্যস্ত করা হবে।
৬৩. ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ অন্যত্র বলেন, দুনিয়ার মানুষের সামনে যখন ফির'আউন কর্তৃক মুসার ওপর মিথ্যারোপ করার ঘটনা বর্ণনা করা হয় তখন তারা হয় মুহাম্মাদী-মুসাওয়ী হবে নতুবা তারা হবে ফির'আওনী। যখন মূসা বলেছিলেন, তার রব্ব আল্লাহ উপরে, যখন মূসা বলেছিলেন, তার রব্ব তার সাথে কথা বলেছেন, যখন মূসা বলেছিলেন, তার একজন সৃষ্টিকর্তা আছে, তখন দুনিয়ার মানুষ হয় তাকে অনুসরণ করে সত্যায়ন করবে অথবা ফির'আউনকে অনুসরণ করে মুসার ওপর মিথ্যারোপ করবে। মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত তিনটি বিষয়েই মূসা 'আলাইহিস সালামকে সত্যায়ন করেছেন। [মাজমূ' ফাতাওয়া (১২/৩৫১)]

📘 আল ফাতওয়া আল হামাউয়্যাহ আল কুবরা > 📄 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মুতাওয়াতির তথা নিরবচ্ছিন্ন পদ্ধতিতে সংগৃহীত বর্ণনা দ্বারা “আল্লাহর সত্তাগতভাবে সর্বোচ্চ থাকা” গুণটি প্রমাণিত

📄 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মুতাওয়াতির তথা নিরবচ্ছিন্ন পদ্ধতিতে সংগৃহীত বর্ণনা দ্বারা “আল্লাহর সত্তাগতভাবে সর্বোচ্চ থাকা” গুণটি প্রমাণিত


তেমনি রয়েছে অসংখ্য সহীহ ও হাসান হাদীস যা কষ্ট ছাড়া গণনা করা যায় না। যেমন, রাসূলের স্বীয় রবের দিকে উত্থিত হওয়ার মি'রাজের কাহিনী, আল্লাহর নিকট থেকে ফিরিশতাদের অবতরণ করা, তাঁর দিকে তাদের আরোহন করা, দিনে- রাতে ফিরিশতাদের পরপর তোমাদের মাঝ থেকে অবস্থানের পর উঠা-নামা করা, যারা তোমাদের সাথে ছিল তারা তোমাদের থেকে বের হয়ে উঠে যাওয়া এবং তাদেরকে আল্লাহর জিজ্ঞাসাবাদ, যদিও তিনি তাদের সম্পর্কে ভালো জানেন, অনুরূপ খারেজীদেরদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সহীহ হাদীস:
"তোমরা কি আমাকে আমানতদার মানবে না, অথচ আসমানের উপর যিনি আছেন আমি তাঁর পক্ষ থেকে আমানতদার। আমার কাছে সকাল বিকাল আসমানের খবর আসে?” ঝাড়ফুঁকের হাদীস যেটি আবু দাউদ ও অন্যান্যরা বর্ণনা করেছেন:
"হে আমাদের রব্ব, যিনি আসমানের উপরে রয়েছেন, আল্লাহ! আপনার নাম অতীব পবিত্র, আপনার যাবতীয় নির্দেশ আসমান-যমীনে কার্যকর। আপনার রহমত যেমন আকাশে বিদ্যমান, তেমন যমীনেও রহমত বর্ষণ করুন! আমাদের পাপ ও অপরাধসমূহ ক্ষমা করুন। আপনি পবিত্র বান্দাদের রব, আপনার দয়া থেকে দয়া বর্ষণ করুন এবং এ রোগের জন্য আপনার আরোগ্য ব্যবস্থা থেকে রোগমুক্তি দিন।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
"তোমাদের কেউ অসুস্থ হলে বা তার ভাই অসুস্থ হলে সে যেন বলে: হে আমাদের রব্ব আল্লাহ, যিনি আসমানের উপর রয়েছেন......।" এরপর রাসূল তা উল্লেখ করেন। অনুরূপ ইমাম আহমদ, আবু দাউদ ও অন্যান্যদের বর্ণিত (আও'আল বা) শিং বিশিষ্ট পাহাড়ী ছাগল সংক্রান্ত হাদীসে এসেছে:
"আর তার উপরে 'আরশ। আর আল্লাহ 'আরশের উপরে। তিনি তোমাদের অবস্থা জানেন।” আর এ হাদীসটি সুনান গ্রন্থকারগণ বর্ণনা করেছেন, যেমন আবু দাউদ, ইবন মাজাহ, তিরমিযী ও অন্যান্যগণ।
বস্তুত হাদীসটি দু'টি বিখ্যাত ত্বরীকায় বর্ণিত হয়েছে। সুতরাং কোনো এক ত্বরীকার বর্ণনায় দোষ হওয়ার দ্বারা অপর ত্বরীকায় দোষ আসবে না। কারণ হাদীসটি ইমামুল আয়িম্মাহ ইবন খুযাইমাহ তাঁর কিতাবুত তাওহীদে বর্ণনা করেছেন, যাতে তিনি শর্ত রেখেছিলেন যে, তাতে তিনি কেবল ন্যায়পরায়ণ কর্তৃক ন্যায়পরায়ণের মাধ্যম হয়ে যা বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে অকর্তিত সূত্রে এসেছে, তাই কেবল নিয়ে আসবেন।
অন্য হাদীসে তিনি যে ক্রীতদাসীকে বললেন: "আল্লাহ কোথায়? সে বলল: আসমানের উপরে। তিনি বললেন: আমি কে? সে বলল: আপনি আল্লাহর রাসূল। তিনি বললেন: তাকে মুক্ত করে দাও; কেননা সে ঈমানদার।”
"আল্লাহর সকল সৃষ্টিকে সৃষ্টি করে 'আরশের উপরে তার নিকটে একটি কিতাবে লিখে দিলেন: নিশ্চয় আমার রহমত আমার ক্রোধের অগ্রগামী হয়েছে।”
"তাকে নিয়ে আসমানের উপর উঠে যায়, যেখানে আল্লাহ আছেন।”
আবদুল্লাহ ইবন রাওয়াহা রাদ্বিয়াল্লাহু 'আনহুর কবিতা যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছিলেন:
"আমি সাক্ষ্য দিলাম যে, আল্লাহর ওয়াদা সত্য এবং জাহান্নাম কাফেরদের আবাসস্থল। নিশ্চয় 'আরশ পানির উপরে, আর 'আরশের উপরে রয়েছেন বিশ্ব জাহানের প্রতিপালক।"
উমাইয়্যাহ ইবন আবিস সালত সে অথবা অন্য কেউ নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কবিতা পাঠ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম সেটাকে উত্তম বলে বললেন: »آمن شعره وكفر قلبه "তার কবিতা ঈমান এনেছে, আর তার অন্তর কুফুরী করেছে।"
"তারা আল্লাহকে মর্যাদা দিয়েছে, আর তিনি মর্যাদার যোগ্য। আমাদের রব্ব আসমানের উপর আছেন, তিনি হচ্ছেন মহান, উঁচু প্রাসাদ নির্মাণের মাধ্যমে, যিনি সকল মানুষের অগ্রবর্তী। তিনি আসমানের উপর বিন্যস্ত করেছেন খাট; দীর্ঘ ও উঁচু, কোনো চোখ তাঁকে দেখতে পায় না। তার নিচে ফিরিশতাগণ মাথা নুইয়ে ঘাড় বাঁকা করে রয়েছেন।"
"নিশ্চয় আল্লাহ চিরঞ্জীব, সম্মানিত, বান্দা যখন দুই হাত তাঁর দিকে উঠায় তখন তিনি তা শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।"
অন্য হাদীসে: "সে তার দুই হাত আসমানের দিকে প্রসারিত করে বলতে থাকে: হে আমার রব্ব, হে আমার রব্ব....।” ইত্যাদি ইত্যাদি যেগুলোর সংখ্যা আল্লাহ ছাড়া গণনা করা যায় না। মুতাওয়াতির পর্যায়ের হাদীস যা দ্বরূরী বা নিশ্চিত জ্ঞানের ফায়দা দেয় যে, আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে জানিয়ে দিয়েছেন যে, নিশ্চয় আল্লাহ 'আরশের উপরে, আর সেটা আসমানের উপরে। আল্লাহ এ স্বভাবের উপরেই আরব-অনারব, মুসলিম-অমুসলিম সকলকে সৃষ্টি করেছেন, তবে শয়তান যদি কাউকে তার স্বভাব থেকে সরিয়ে দেয় সেটা ব্যতিক্রম।

টিকাঃ
৬৪. সহীহ হাদীস বলতে বুঝায়, যে হাদীসের সনদ সংযুক্ত, বর্ণনাকারী ন্যায়পরায়ণ, পূর্ণ ধীশক্তিসম্পন্ন, সনদের প্রথম থেকে শেষ পর্যন্ত একই অবস্থায় থাকবে, আর তার সনদ ও মতন শায বা বিরল ও প্রচ্ছন্ন ত্রুটিপূর্ণতা থেকে মুক্ত থাকবে। [তাদরীবুর রাওয়ী (১/৬৩)]
৬৫. হাসান হাদীস বলতে বুঝায়, যে হাদীসের সনদ সংযুক্ত, বর্ণনাকারী ন্যায়পরায়ণ, স্বল্প ধীশক্তিসম্পন্ন, সনদের প্রথম থেকে শেষ পর্যন্ত একই অবস্থায় থাকবে, আর তার সনদ ও মতন শায বা বিরল ও প্রচ্ছন্ন ত্রুটিপূর্ণতা থেকে মুক্ত থাকবে। [তাদরীবুর রাওয়ী (১/১৫৯)]
৬৬. বুখারী, আল-জামে'উস সহীহ, হাদীস নং ৩৪৯; মুসলিম, আস-সহীহ, হাদীস নং ১৬৩; আবু যর রাদ্বিয়াল্লাহু 'আনহু বর্ণিত।
৬৭. অনুরূপ হাদীস আমরা দেখি, মুসলিম, আস-সহীহ, হাদীস নং ২৬৯০; অনুরূপ, বুখারী, আল- জামে'উস সহীহ, হাদীস নং ৬৪০৮।
৬৮. বুখারী, আল-জামে'উস সহীহ, হাদীস নং ৫৫৫, ৩২২৩, ৭৪২৯, ৭৪৮৬; মুসলিম, আস-সহীহ, হাদীস নং ৬৩২; আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু 'আনহু বর্ণিত।
৬৯. খারেজীদের সম্পর্কে জানার জন্য আমার 'ফিরাক বিশ্বকোষ' দেখা যেতে পারে। সাধারণত খারেজী বলতে বুঝায়, যাদের মধ্যে কয়েকটি বিষয়ের সমাহার ঘটে: ১- সকল কবিরা গুনাহের কারণে কাফের বলা। ২- রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কবীরা গোনাহের কারণে বিদ্রোহ করা বা বিদ্রোহের জন্য সর্বদা লেগে থাকা। ৩- বয়সে নবীন ও আক্কল-বুদ্ধিতে কম থাকা। ৪- মুসলিমদের মধ্যে অপব্যাখ্যার আশ্রয় নিয়ে হত্যার নীতি চালু করা। ৫- ফিকহের ক্ষেত্রে দুর্বল থাকা। অর্থাৎ গভীর জ্ঞান না থাকা, ভাসা ভাসা নলেজ নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়া। ৬- অপরের ওপর ইসলাম কায়েমের জন্য ব্যস্ত থাকা। ৭- দীনী কর্মকাণ্ডের সময় প্রাধান্য দেয়ার নীতির ব্যাপারে অন্ধ থাকা। ৮- বড় বড় আলেমগণের মতের বিরোধিতা করা ও তাদেরকে খারাপ গুণ যথা মুরজিয়া, দরবারী ইত্যাদি বলা। ৯- নফল কাজের ব্যাপারেও বাড়াবাড়ি করা। ১০- জিহাদের আয়াত ও হাদীসকে নিঃশর্তভাবে বাস্তবায়নের কথা বলা।
৭১. বুখারী, আল-জামে'উস সহীহ, হাদীস নং ২৮৯২; মুসলিম, আস-সহীহ, হাদীস নং ১০৬৪; আবু সা'ঈদ আল-খুদরী রাদ্বিয়াল্লাহু 'আনহুর হাদীস।
৭২. তিনি হচ্ছেন, আবু দাউদ সুলাইমান ইবন আশ'আস ইবন শাদ্দাদ ইবন 'আমর ইবন আমের আল- আযদী আস-সিজিস্তানী। তার কিতাবুস সুনান দ্বারা তিনি সারা দুনিয়ায় বিখ্যাত। জন্ম ২০২ হিজরী, মৃত্যু ২৭৫ হিজরী। তার সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি সালাফে সালেহীনের মতাদর্শে ছিলেন, সুন্নাহ'র অনুসরণ ও তার প্রতি আত্মসমর্পনে অসাধারণ। কালামশাস্ত্র নিয়ে কথা বলা ত্যাগ করতেন। আবু হাতেম বলেন, 'আবু দাউদ হচ্ছে দুনিয়ার ইমামগণের একজন, যারা ফিকহ, ইলম, হিফয, ইবাদত, পরহেযগারী ও দৃঢ়তার ক্ষেত্রে তিনিই ইমাম। হাদীস একত্রিত করেছেন, গ্রন্থ লিখেছেন এবং সুনান ও হাদীস থেকে প্রতিরোধ করেছেন। দেখুন, ইবন আবি হাতেম, আল-জারহু ওয়াত তা'দীল (৪/১০১); খত্নীবে বাগদাদী, তারীখে বাগদাদ (৯/৫৫); ইবনু খাল্লিকান, ওফায়াতুল আ'ইয়ান (২/৪০৪); ইমাম যাহাবী, তাযকিরাতুল হুফফায (২/৫৯১); সিয়ারু আ'লামিন নুবালা (১৩/২০৩)।
৭২. আবু দাউদ, আস-সুনান, হাদীস নং ৩৮৯২; নাসা'য়ী, আল-কুবরা, হাদীস নং ১০৮৭৪; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং ১০৩৭; আহমাদ, আল-মুসনাদ, হাদীস নং ২৩৯৫৭; হাকিম, আল-মুস্তাদরাক (১/৪৯৪), (৪/২৪৩)।
৭৩. আবু দাউদ, আস-সুনান, হাদীস নং ৪৭২৩; তিরমিযী, আল-জামে'উস সহীহ, হাদীস নং ৩৩২০; ইবন মাজাহ, আস-সুনান, হাদীস নং ১৯৩; আহমাদ, আল-মুসনাদ, হাদীস নং ১৭৭০; ইবন আবী আসেম (১/২৫৪), নং ৫৭৮; ইবন আবী শাইবাহ, আল-আরশ, পৃ. ৫৫; ইবন খুযাইমাহ আত- তাওহীদ (১/৩৩৪); আদ-দারেমী, আর-রাদ্দু আলাল জাহমিয়্যহ, পৃ. ২৪; আজুররী, আশ-শরী'আহ ২৯২; আল-লালেকা'ঈ, শারহু উসুলি ই'তিকাদি আহলিস সুন্নাহ (৩/৩৯০), নং ৬৫১; হাকিম, আল- মুস্তাদরাক (২/২৮৭, ৫০০); বাইহাকী, আল-আসমা ওয়াস সিফাত (২/১৪২); আল-উল্কাইলী, আদ- দু'আফা (২/২৮৪); ইবন আব্দিল বার, আত-তামহীদ (৭/১৪০); আবু নু'আইম, আখবারু আসবাহান (২/২); মিযযী, তাহযীবুল কামাল (২/৭১৯); আবুল আলা আল-হামাযানী, যিকরুল ই'তিক্কাদ ও যাম্মুল ইখতিলাক্ব, পৃ. ৬৭-৬৮, নং ১৯; ইবনুল জাওযী, আল-ইলালুল মুতানাহিয়াহ (১/৮); মুনযিরী, মুখতাসারুস সুনান (৭/৯৩)। শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ হাদীসটিকে বিস্তারিত গবেষণার পর হাসান বলেছেন। দেখুন, মাজমূ' ফাতাওয়া (৩/১৩৯, ১৯২)। ইমাম ইবনুল কাইয়্যেমও তার শাইখের অনুসরণ করেছেন।
৭৪. সুনান গ্রন্থকারগণ বলতে ইমাম আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবন মাজাহ এর সুন্নাহ গ্রন্থসমূহকে বুঝানো হয়।
৭৫. তিনি হচ্ছেন মুহাম্মাদ ইবন ইয়াযীদ, আবু আব্দুল্লাহ ইবন মাজাহ আল-কাযওয়ীনী। আল-ইমাম, আল-হাফেয। সুনান গ্রন্থকারদের একজন। জন্ম হিজরী ২০৯ সালে এবং মৃত্যু ২৭৩ হিজরী সালে। তার সম্পর্কে যাহাবী বলেন, ইবন মাজাহ ছিলেন হাদীসের শুদ্ধাশুদ্ধির সমালোচক, সত্যবাদী ও প্রশস্ত জ্ঞানের অধিকারী। দেখুন, ইবনু খাল্লিকান, ওফায়াতুল আ'ইয়ান (৪/২৭৯); ইমাম যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা (২/৫১); ইবন হাজার, তাহযীবুত তাহযীব (৯/৫৩০); ইবনুল 'ইমাদ, শাযরাতুয যাহাব (২/১)।
৭৬. তিনি হচ্ছেন মুহাম্মাদ ইবন 'ঈসা ইবন সাওরাহ আত-তিরমিযী, ইমাম, হাফেয। তিনি তার আল- জামে'উস সহীহ এর জন্য সমধিক পরিচিত যা সুনান আত-তিরমিযী নামে খ্যাত।
৭৭. তিনি হচ্ছেন, আল-ইমাম, আল-হাফেয, আল-হুজ্জাহ মুহাম্মাদ ইবন ইসহাক্ক ইবন ইসহাক আবু বকর আস-সুলামী আন-নাইসাপূরী আশ-শাফেয়ী। আহলুস সুন্নাহ'র ইমাম। তার কিতাব আত-তাওহীদ সেটার ওপর প্রমাণবহ। তিনি তার সময়কার মুহাদ্দিসগণ থেকে হাদীস বর্ণনা করেছেন, যেমন আলী ইবন হুজর, আহমাদ ইবন মানী', মুহাম্মাদ ইবন বাশশার প্রমুখ। তার থেকে হাদীস বর্ণনা করেছেন ইবন হিব্বান, ইবন আদী প্রমুখ। হাফেয আবু আলী আন-নাইসাপূরী বলেন, আমি ইবন খুযাইমার মতো বড় কাউকে দেখিনি। ইমাম যাহাবী তার ওপর টীকা দিয়ে বলেন, তিনি এমন কথা বললেন, অথচ তিনি তো নাসায়ীকেও দেখেছেন (অর্থাৎ তাহলে তিনি নাসায়ী থেকেও উত্তম)। ইমাম দারা কুতনী বলেন, ইবন খুযাইমাহ ইমাম, প্রামাণ্য, তার দৃষ্টান্ত নেই। হাকেম বলেন, ইমামুল আয়িম্মাহ ইবন খুযাইমার ফযীলত আমার কাছে বেশ কিছু কাগজে লেখা আছে। ইবন সুরাইজ বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের হাদীস থেকে খুটিয়ে খুটিয়ে নুকতা ও ফায়েদা বের করতেন। তার জন্ম হিজরী ২২৩ সালে। আর মৃত্যু হিজরী ৩১১ সালে। তাঁর গ্রন্থ সংখ্যা ১৪০টির উপরে। তার উপরে রয়েছে মাসায়িল। সেটাও শত খণ্ডে। ইবন খুযাইমার প্রতি মানুষের বড় উঁচু ধারণা সর্বদা ছিল। লোকদের অন্তরে তাঁর সুন্নাতের অনুসরণ, ইলম ও দীনের কারণে সর্বদা সম্মান ও মর্যাদা বহমান। দেখুন, ইমাম যাহাবী, তাযকিরাতুল হুফফায (২/৭২০); আল-ইবার (২/১৪৯); সিয়ারু আ'লামিন নুবালা (১৪/৩৬৫); ইবনুল 'ইমাদ, শাযরাতুয যাহাব (২/২৬২)।
৭৮. এটি অনেক মর্যাদাবান একটি গ্রন্থ। ইমামগণ সবাই এ গ্রন্থের প্রশংসা করেছেন। এ কিতাবের পূর্ণনাম 'কিতাবুত তাওহীদ ওয়া ইসবাতু সিফাতির রাব্বি আয্যা ওয়া জাল্লা।
৭৯. ইমাম ইবন খুযাইমাহ এ শর্তটি তাঁর কিতাবুত তাওহীদের শুরুতে (১/১১) উল্লেখ করেছেন। উপরে বর্ণিত হাদীসটি হাদীসুল আও'আল নামে বিখ্যাত।
৮০. মুসলিম, আস-সহীহ, হাদীস নং ৫৩৭; মু'আওয়িয়াহ ইবনুল হিকাম আস-সুলামী বর্ণিত হাদীস।
৮১. বুখারী, আল-জামে'উস সহীহ, হাদীস নং ৪৭০৭; মুসলিম, আস-সহীহ, হাদীস নং ২৭৫১।
৮২. একটি বড় হাদীসের অংশ যা বর্ণনা করেছেন ইবন মাজাহ, হাদীস নং ৪২৬৩; আহমাদ, হাদীস নং ৮৭৬৯; ত্বাবারী, মুসনাদে 'উমার ইবনুল খাত্তাব (২/৫০৩); সহীহুল জামে'উ, হাদীস নং ১৯৬৮; মুখতাসারুল উলু, পৃ. ৭৫; মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ১৬২৭।
৮৩. উসমান ইবন সা'ঈদ আদ-দারেমী, আর-রাদ্দু আলাল জাহমিয়্যাহ, পৃ. ৫৬, নং ৮২; ইবন আসাকির, তারিখু দামিশক (২৮/১১২, ১১৪); ইমাম যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা (১/২৩৮); তাজুদ্দীন আস-সুবুকী, ত্বাবাক্বাতুশ শাফে'ঈয়্যাহ আল-কুবরা (২/২৬৪); ইবন আব্দুল বার, আল-ইস্তী'আব (২/২৮৭); যাহাবী, আল-উলু (১/৪৩৮), নং ৭৪; নাওয়াওয়ী, আল-মাজমূ' (২/১৬৩); ইবন কুদামা, আল-উলু, পৃ. ১৪৫-১৫০; ইবনুল কাইয়্যেম, ইজতিমা'উল জুয়ুশ আল-ইসলামিয়‍্যাহ, পৃ. ১২১-১২২; ইবন আবিল ইয্য, শারহুত ত্বাহাওয়িয়্যাহ (২/৩৬৭-৩৬৮); দারা কুতনী, আস-সুনান (১/১২১)।
৮৪. কারণ যা খুব ভারী, তা বহন করতে মাথা বাঁকা করে রাখতে হয়।
৮৫. এগুলো উমাইয়্যাহ ইবন আবিস সালতের কবিতা। তার দিকে অনেকেই সম্পৃক্ত করেছেন। যেমন, তার দিওয়ানে রয়েছে, পৃ. ৩৩-৩৪; ইবন কাসীর, বিদায়াহ ওয়ান নিহায়াহ (১/১২), (২/২২৯); ইবন মানযূর, তাহযীবে তারীখে দিমাশক (৩/১২৬)। অনুরূপ তা ফাকেহী তার আখবারু মক্কা গ্রন্থে নিয়ে এসেছেন, বর্ণনা নং ১৯৭৩; ইবন আব্দুল বার, আত-তামহীদ (৪/৭); যাহাবী, আল-উলু (১/৪৪৯), নং ৭৬।
৮৬. আবু দাঊদ, আস-সুনান, হাদীস নং ১৪৮৮; তিরমিযী, আল-জামে'উস সহীহ, হাদীস নং ৩৫৫৬; ইবন মাজাহ, আস-সুনান, হাদীস নং ৩৮৬৫; ইবন হিব্বান, আস-সহীহ, হাদীস নং ৮৭৬; হান্নাদ ইবনুস সারী, আয-যুহদ ১৩৬১; শিহাব আল-মুসনাদ ১১১১; বাইহাকী, আল-কুবরা (২/২১১); আব্দুর রাযযাক, আল- মুসান্নাফ, হাদীস নং ৩২৫০, ১৯৬৪৮; ত্বাবারানী, আল-আওসাত্ব, হাদীস নং ৪৫৯১; ইবন আবী শাইবাহ, আল-মুসান্নাফ (১০/৩৪০); হাকিম, আল-মুস্তাদরাক (১/৪৯৭); বাগাওয়ী, শারহুস সুন্নাহ (৫/১৮৫), নং ১৩৮৫; ইবন আদী, আল-কামিল (২/৫৯৫); খত্বীব, তারিখু বাগদাদ (৩/২৩৫-২৩৬)। ইবন হাজার বলেন, এর সনদ জাইয়্যেদ। আলবানী বলেন, সহীহ। মুখতাসারুল 'উলু, পৃ. ৯৭০।
৮৭. মুসলিম, আস-সহীহ, হাদীস নং ১০১৫। যদি বিদ'আতীরা বলে, উপরের দিকে হাত উঠানোর কারণ হচ্ছে তা দো'আর জন্য কিবলা নির্ধারণ করা হয়েছে। উত্তর হবে, ১- এটাকে দো'আর জন্য কিবলা হওয়ার জন্য মানুষকে সেদিকে হাত তুলতে হয়, এর সপক্ষে দলীল লাগবে। ২- একথা ইতোপূর্বে কেউ বলেনি। সুতরাং তা বিদ'আতী চিন্তাধারা প্রসূত। যার সপক্ষে সালাফদের কোনো বক্তব্য নেই। ৩- দো'আ ও সালাতের কিবলা একই। আকাশকে দো'আর কিবলা নির্ধারণ করার কোনো দলীল নেই। ৪- কিবলা তো সেটাই যার দিকে কোনো মানুষ মুখ ফিরায়; সেট নয় যেটার দিকে হাত ফিরায়। যদি আসমানই কিবলা হতো তবে দো'আকারীকে আকাশের দিকে তাকিয়ে দোআ করার বিষয়টি অনুমোদিত হয়ে আসত। ৫- হাদীসে হাত উঠানোর সাথে আল্লাহর ফেরৎ না দেয়ার সম্পর্ক তৈরি করা হয়েছে, যা দ্বারা স্পষ্ট বুঝা যায় যে, মহান আল্লাহ তাঁর 'আরশের উপরে থাকার কারণেই মানুষ সে দিকে দো'আ করে।
৮৮. মুতাওয়াতির এমন হাদীসকে বলা হয়, যা এমন সংখ্যক লোক বর্ণনা করেছেন, যাদের সত্যতার ওপর অত্যাবশ্যকীয় জ্ঞান অর্জিত হয়, সেটা বর্ণনাকারীদের শুরু থেকে শেষ পর্যন্ত একই পর্যায়ে থাকতে হবে। মুতাওয়াতির দু' প্রকার: এক. শব্দগত মুতাওয়াতির; যাতে শব্দ ও অর্থ উভয়টিই নিরবিচ্ছিন্ন সন্দেহহীন। যেমন হাদীস, যে কেউ আমার ওপর মিথ্যারোপ করবে সে যেন তার বাসস্থান জাহান্নামে বানিয়ে নেয়। দুই, অর্থগত মুতাওয়াতির; যা এমন লোকদের মাধ্যমে বর্ণিত হওয়া, যাদের সত্যতার ব্যাপারে জ্ঞান অর্জনে কোনো বাধা আসে না। যেমন দো'আর সময় হাত উঠানো, কবীরা গুনাহকারীদের জন্য রাসূলের সুপারিশ করার বিষয় সংক্রান্ত হাদীসগুলো।
৮৯. কোনো বিষয়ের জ্ঞান কয়েক প্রকার অর্জিত হতে পারে, এক. অত্যাবশ্যকভাবে অর্জিত জ্ঞান: এ রকম জ্ঞানকে অস্বীকার করা যায় না। যেমন দুই চারের অর্ধেক। দুই. চিন্তা-গবেষণা ভিত্তিক জ্ঞান: যেমন, বিদ্যুৎ ও রূহের অস্তিত্বের বিষয়টি।
৯০. এ জন্য ইবন তাইমিয়্যাহ অন্যত্র বর্ণনা করেছেন যে, আশ'আরী মতবাদের প্রাথমিক অনুসারীরা আল্লাহ তা'আলা সবকিছুর উপর থাকার বিষয়টি স্বীকার করতেন, তারা সেটা অস্বীকার করতেন না। কারণ এ জ্ঞান ফিত্বরী জ্ঞান, অত্যাবশ্যক জ্ঞান, বলা মাত্রই বুঝার মত জ্ঞান। [বায়ানু তালবীসিল জাহমিয়‍্যাহ (৪/৩০০)]
৯১. যারা এ বিষয়টিকে একত্র করেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, আমাদের শাইখ, শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ তার এ গ্রন্থে, অনুরূপ ইবনুল কাইয়্যেম তার ইজতিমা'উল জুয়ুশ ও তাহযীবুস সুনান; যাহাবী তার আল-আরবা'ঈন, আল-উলু, আল-আরশ; ইমাম লালেকা'ঈ, শারহু উসূলি ই'তিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ; ইবন কুদামাহ আল-মাকদেসী, ইসবাতু সিফাতিল উলু; ইবন আব্দুল হাদী আল-মাক্বদেসী, ইসবাতু সিফাতিল ইস্তিওয়া প্রমুখ। বিস্তারিত জানার জন্য আমার "রহমান 'আরশের উপর উঠেছেন" গ্রন্থটি দেখা যেতে পারে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00