📄 আল ওয়ালী
‘আল ওলিয়্যু’ শব্দের আভিধানিক অর্থ, সহায়তাকারী। নিশ্চয়ই আল্লাহ তা’আলা সহায়তাকারী। তবে তার সহায়তা সেই লোকদের জন্যেই নির্দিষ্ট; যারা একমাত্র তাঁর ওপর ঈমান রাখে। আল্লাহর রহমত তাঁদের ওপরই বর্ষিত হয়। আর তাইতো তিনি তাদেরকে সীরাতে মুস্তাক্বীমের পথে পরিচালিত করেন। ইরশাদ হয়েছে-
اللهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوْا يُخْرِجُهُم مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّوْرِ
‘নিশ্চয়ই আল্লাহ ওই সকল লোকদের বন্ধু- যারা ঈমান এনেছে। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। [সূরা বাক্বারা : ২৫৭]
اللهُ لَا يُضَيِّعنا আল্লাহ অবশ্যই আমাদের ধ্বংস করবেন না
হযরত ইবরাহীম আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। তিনি ছিলেন আল্লাহর অনেক বড় নবী। একদিন তিনি প্রিয়তম স্ত্রী হযরত হাজারা ও আদরের সন্তান 'ইসমাঈল'-সে সঙ্গে নিয়ে মক্কার পথে এওয়ানা হলেন। দীর্ঘ সফর শেষে তারা উপনীত হলেন মরুময় মক্কায়。
ইতিহাসের সেই দিনগুলোতে মক্কা ছিলো একটি অনাবাদ প্রান্তর। যখানে জীবনের কোনো স্পন্দন-ই নেই। কোথাও কোনো সবুজ শ্যামলিমার নাম-নিশানা নেই。
হযরত ইবরাহীম আলাইহিস সালাম মক্কা নগরীর ছোট্ট একটি পর্বতের পাদদেশে এসে থেমে গেলেন। আল্লাহর নির্দেশ অনুসারে সেখানে এসে তিনি স্ত্রী হাজারা ও তার প্রিয় সন্তানকে নামিয়ে দিলেন। এ সময় খাবার হিসেবে কয়েকটি খেজুর দিলেন। সামান্য কিছু পানিও দিয়ে গেলেন। এরপর এক পা-দু' পা করে ফেরার পথে হাঁটতে শুরু করলেন。
জীবনের স্পন্দনহীন এই বালুকাময় প্রান্তরে একাকী বাস করতে হবে শুনে হযরত হাজারা আলাইহিস সালাম কিছুটা কেঁপে ওঠলেন। বুকের গভীরে এক চিলতে ভীতিও অনুভব করলেন। তখন তিনি সিদ্ধান্ত পরিবর্তনের ওপর স্বামীকে রাজি করাতে সাধ্যমতো চেষ্টাও করলেন। কিন্তু তাঁর কোনো চেষ্টাই আলোর মুখ দেখলো না。
প্রিয় স্বামীর গমনপথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। এরপর পেছন থেকে জিজ্ঞেস করলেন, 'আল্লাহ তা'আলা কি আপনাকে এ কাজ করার নির্দেশ দিয়েছেন?'
হযরত ইবরাহীম আলাইহিস সালাম পেছন দিকে না তাকিয়ে ভাবলেশহীন কণ্ঠে উত্তর দিলেন, 'হ্যাঁ।'
তখন প্রত্যয়দীপ্ত কণ্ঠে সাহসী সুরে হযরত হাজারা আ. বললেন, 'তাহলে ঠিক আছে। মহান আল্লাহ অবশ্যই আমাদের ধ্বংস করবেন না।'
হযরত হাজারা আ. সেখানেই নিবাস পাতলেন। পানপাত্র থেকে তিনি অল্প অল্প করে পানি পান করতেন। ক্ষুধা অনুভব করলে যৎসামান্য খেজুর মুখে তুলে নিতেন। আর প্রিয় সন্তান ইসমাঈলকে কোলে তুলে বুকের দুধ খাওয়াতেন। এভাবে কিছু দিন কেটে গেলো。
এক পর্যায়ে খাবার-জল ফুরিয়ে এলো। বালুকাময় তেপান্তরের প্রখর রৌদ্রের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগলো তৃষ্ণার জ্বালা। শিশু ইসমাঈলও প্রচণ্ড তৃষ্ণায় হাঁপিয়ে ওঠেছে। বাধ্য হয়ে হযরত হাজারা আ. পানির সন্ধানে বেরিয়ে পড়লেন। তৃষ্ণা নিবারণের মতো কয়েক ঢোক পানির খোঁজে তিনি একবার সফা পাহাড়ে উঠছেন। আবার সেখান থেকে নেমে মারওয়া পাহাড়ে উঠছেন। এভাবে তিনি পানির সন্ধানে হন্য হয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে সাতবার দৌড়ে উঠলেন আর নামলেন。
এভাবে তৃষ্ণার্ত বুকে পাহাড়দু'টিতে উঠানামা করতে করতে তিনি ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন। এক পর্যায়ে পানির আশা ছেড়ে দিয়ে বসে পড়লেন। যদিও ক্লান্ত চোখে তখনও তিনি সন্ধান করছিলেন পানির অস্তিত্ব。
অবসন্ন দৃষ্টিতে তিনি যখন জীবন বাঁচানোর মতো এক ঢোক পানি খুঁজে বেড়াচ্ছেন, তখন অকস্মাৎ আদরের সন্তান ইসমাঈলের খুব কাছে পানির একটি ফোয়ারা বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে তিনি সেদিকে ছুটে গেলেন। উচ্ছসিত ফোয়ারা থেকে প্রথমে তিনি খানিকটা পানি পান করে নিজের জীবন রক্ষা করলেন। এরপর সেখান থেকে অঞ্জলী ভরে পানি তুলে স্নেহের বাছাধনকেও পান করালেন。
তোমরা কি জানো, পানির সেই ফোয়ারাটির নাম কী? হ্যাঁ, এটি হলো সেই বিশ্ববিখ্যাত কুপ 'যমযম'। যেই কুপটিকে কেন্দ্র করে ধীরে ধীরে এখানে মানববসতি গড়ে ওঠতে শুরু করে। গোড়াপত্তন হয় ঐতিহাসিক নগরী মক্কার। এরপর সেই তিলোত্তমা নগরীতেই প্রতিষ্ঠিত হয় হৃদয়তীর্থ কা‘বা। নির্মিত হয় বিশ্বমুসলিমের প্রাণবিন্দু বাইতুল্লাহিল হারাম।
📄 আল হামীদ
'আল হামীদ' বলা হয় ওই সত্তাকে, যিনি প্রকৃতই প্রশংসা ও শুকরিয়ার হকদার। একমাত্র আল্লাহই সেই সত্তা, যিনি সর্বাবস্থায় প্রশংসা ও শুকরিয়ার হকদার। কেননা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জীবন দিয়েছেন। বিবেক-বুদ্ধি দিয়েছেন。
তিনি আমাদেরকে সাজিয়েছেন দৃষ্টিনন্দন অবয়বে। আমাদেরকে গড়েছেন ভারসাম্যপূর্ণ গঠনের ওপর। আল্লাহই আমাদের জন্যে আসমান-জমিনের সবকিছুকে বশীভূত করে দিয়েছেন। যার বদৌলতে আমরা আজ সেগুলোর কল্যাণ ও উপকার ভোগ করতে পারছি。
আমাদের ওপর আল্লাহর নে'আমত অসংখ্য- অগণন। তাঁর দেয়া প্রতিটি নে'আমত আমাদেরকে তাঁর প্রশংসা ও গুণকীর্তন করতে উজ্জীবিত করে।
একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় হলো, আমরা প্রকাশ্য, অপ্রকাশ, ভালো, মন্দ- সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করবো। আমাদেরকে অবশ্যই এ ঈমান লালন করতে হবে যে, আল্লাহ সবসময় আমাদের জন্যে কল্যাণকর সিদ্ধান্ত-ই গ্রহণ করে থাকেন。
বিশ্বচরাচর তার প্রশংসায় পঞ্চমুখ তুমি কি জানো, আসমান ও জমিনে যা কিছু আছে, তার সমুদয়ই আল্লাহর তাসবীহ জপে। প্রতিনিয়ত সেগুলো সদা-সর্বদা আল্লাহর প্রশংসা করে বেড়ায়। আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন-
تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدَهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ
‘সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যাকিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এমন কিছু নেই যা তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না; কিন্তু তাদের পবিত্রতা তোমরা অনুধাবন করতে পারো না। [সূরা ইসরা : ৪৪] তুমি কি জানো, ফেরেশতাগণ সবসময় আল্লাহর গুণকীর্তন করে থাকেন। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে-
الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ
'আর যারা আরশ বহন করে এবং যারা তার আশ-পাশে রয়েছে, তাদের সবাই তাদের রবের প্রশংসা ও মহিমা ঘোষণা করে। [সূরা গাফের: ৭]
তুমি কি জানো, আল্লাহর সৃষ্টির সর্বোত্তম প্রকাশ হলো, জান্নাত। এই জান্নাতও প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। ইরশাদ হয়েছে-
وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الجَنَّةِ حَيْثُ نَشَاء فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
'তারা বলে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই চমৎকার। [সূরা যুমার: ৭৪]
তুমি কি জানো, আল্লাহ তা'আলা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই প্রিয় নবীকে আল্লাহ তা'আলা তাঁর প্রশংসার তাসবীহ আদায় করার নির্দেশ দিয়েছেন। সূরা আল হিজরে ইরশাদ হয়েছে-
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ السَّاجِدِينَ
'কাজেই আপনি আপনার রবের প্রশংসার তাসবীহ পাঠ করুন এবং সেজদাকারীদের একজন হয়ে যান'।
[সূরা আল হিজর : ৯৮]
📄 আল মুহছী
'আল মুহসী' বলা হয় ওই সত্ত্বাকে যিনি প্রতিটি বস্তু বেষ্টন করে আছে। যার জ্ঞান প্রতিটি বিষয় পরিব্যাপ্ত। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পৃথিবীর সবকিছু সম্পর্কে সম্যক অবহিত। ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীও তাঁর অজানা নয়। সূক্ষ্মাতিসূক্ষ্ম কোনো জিনিসও তাঁর অজ্ঞাত নয়। বিশ্বচরাচরে যতো মানুষ, প্রাণী, উদ্ভিৎ, তরু-লতা, মাছ, নক্ষত্র, গ্রহপুঞ্জ আছে, এমনকি সাগরের মাঝে যতো ফোঁটা পানি আছে, মরুর বুকে যতো সংখ্যক বালুকণা আছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ তিনি জানেন。
আল্লাহ তা'আলা প্রতিটি মানুষের আমলনামা সম্পর্কেও সম্যক অবহিত। কার আমলনামায় কি কি 'গুনাহ আছে, কোনটি ছোট গুনাহ আর কোনটি বড় গুনাহ, কে কখন গুনাহ করছে, তার সবকিছু তিনি জানেন। জানেন। কেয়ামতের দিন তিনি প্রতিটি মানুষের সামনে তার সেই আমলনামা মেলে ধরবেন। তিনি প্রত্যেককে তার অতীত জীবনের কর্মকাণ্ডের ভিত্তিতে বিচার করবেন。
একজন মুসলমান যখন আল্লাহ তা'আলার এ বৈশিষ্ট্যটি জানবে তখন সে চূড়ান্ত সতর্কতার সঙ্গে নিজেকে গুছিয়ে নেবে। সে তখন তার প্রতিটি কাজ, প্রতিটি কথা শুধরে রাখবে। সে সবসময় বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করবে। কেননা সে জানে, তার প্রতিটি কাজ -দিনের আলোতে হোক বা রাতের আঁধারে হোক; প্রকাশ্যে বা গোপনে হোক- মহান আল্লাহর অগোচরে নেই。
মানুষ আল্লাহর সৃষ্টির সংখ্যা জানে না
আল্লাহর সৃষ্টি এতোটাই প্রচুর যে, কোনো মানুষের পক্ষে সেগুলোর পূর্ণ বিবরণ জানা সম্ভব নয়। পৃথিবীর বুকে, সমুদ্রের গহীনে, মহাশূন্যে অর্থাৎ এ বিশাল বিশ্বচরাচরে মহান আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টি ছড়িয়ে আছে。
আপনি কি জানেন-
- এখন পর্যন্ত চার কোটিরও অধিক উদ্ভিৎ আবিস্কার হয়েছে?
- প্রতি বছর বিজ্ঞানীরা নতুন নতুন ৭ থেকে ১০ হাজার কীট-প্রতঙ্গ আবিস্কার করে থাকেন?
- আমাদের পৃথিবীর গ্যালাক্সিতে এক কোটি মিলিয়ন নক্ষত্র রয়েছে。
- মহাশূন্যে আমাদের গ্যালাক্সির মতো আরো এক হাজার মিলিয়ন গ্যালাক্সি রয়েছে。
কুরআনে কারীমে আল্লাহ সত্যই বলেছে-
وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ
এবং তিনি অবগত রয়েছেন স্থলে ও সমুদ্রে যা কিছু আছে। আর কোন পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন এবং যমীনের অন্ধকারে কোন দানা পড়ে না, না কোন ভেজা এবং না কোন শুষ্ক কিছু; কিন্তু রয়েছে সুস্পষ্ট কিতাবে। [সূরা আন'আম : ৫৯]
📄 আল মুবদী
'আল মুবদী' বলা হয় যিনি বস্তুরাশিকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন। আল্লাহ তা'আলাই এ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। রং-রূপের এই বিচিত্র পৃথিবী তাঁরই সৃষ্টি। তিনিই ওই আকাশ, এই জমিন, দূরের নিহারিকা, বিশাল সাগর, সুউচ্চ পাহাড়-পর্বত সৃষ্টি করেছেন। ইতোপূর্বে এগুলোর কোনোটাই ছিলো না। আল্লাহ তা'আলা কুরআনে কারীমে বলেছেন-
وَهُوَ الَّذِي يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَهُوَ أَهْوَنُ عَلَيْهِ وَلَهُ الْمَثَلُ الأَعْلَى فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الحكيم
আর তিনিই সৃষ্টির সূচনা করেন তারপর তিনিই এর পুনরাবৃত্তি করবেন। আর এটা তো তাঁর জন্য অধিকতর সহজ। আসমান ও যমিনে সর্বোচ্চ মর্যাদা তাঁরই এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। [সূরা রুম: ২৭]
একজন মুসলমান হিসেবে আপনার আমার দায়িত্ব হলো, আমাদের স্মরণ রাখতে হবে- আমরা কোথা থেকে সৃষ্ট হয়েছি? আল্লাহ আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কাজেই আমাদের হাতে অর্থ-কড়ি বা সম্মান-দাপট থাকলে তার ভিত্তিতে অহঙ্কার করা সমীচীন হবে না। আমাদেরকে মাটির মতো বিনম্র ও সহনশীল হতে হবে। আমাদেরকে হতে হবে মার্জিত ও পরিশোধিত চরিত্রের অধিকারী。
সৃষ্টির সূচনায়
আল্লাহ তা'আলা আমাদের জন্যে সৃষ্টি করেছেন এই ভূখণ্ড; যার বুকে আমাদের বসবাস। সেখানে তিনি সৃষ্টি করেছেন গাছ-পালা, নদ-নদী, পাহাড়-পর্বত। আমাদের আলোর প্রয়োজনে তিনি সৃষ্টি করেছেন বিশাল সূর্য। রাতের আকাশে মিটমিট যেই চন্দ্র আলো ছড়ায়; সেটিকেও ওই আল্লাহই সৃষ্টি করেছেন। জীবনের চাঞ্চল্যে এই যে মুখরিত পৃথিবী; এটি তো সেই আল্লাহরই সৃষ্টি。
মানবজাতির সূচনায় তিনি সৃষ্টি করেছেন প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে। যাকে তিনি সৃষ্টি করেছেন মাত্র এক মুঠো মাটি দিয়ে। মাটির টুকরোকে তিনি অপরূপ মানুষের আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সেই মানবকাঠামোতে তিনি রূহ দিয়েছেন। তখন একটু একটু করে নড়ে ওঠেন হযরত আদম আ.। তাঁর মাধ্যমেই এই মানবজাতির সূচনা。
প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এতোটাই মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছিলেন যে, তিনি ফেরেশতাদের নির্দেশ করেন- তোমরা আদমকে সেজদা করো。
এরপর তিনি হযরত আদম আলাইহিস সালামের জন্যে স্ত্রীও সৃষ্টি করেছেন। কাজেই হযরত আদম আ. ও তাঁর স্ত্রী হচ্ছেন প্রথম মানবদম্পতি; যাদেরকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন- যেন তাদের মাধ্যমে মানব বংশধারার বিস্তার ঘটে。
পরবর্তীতে আল্লাহ তা'আলা এ বিধান জারি করে দিয়েছেন যে, সব মানুষ জন্মগ্রহণ করবে তার মায়ের গর্ভে। তারা জন্মগ্রহণ করবে পিতা- মাতার মাধ্যমে। মায়ের গর্ভে যখন সন্তানের শরীর জন্ম নেয় তখন আল্লাহ তা'আলা তার মাঝে রূহ সঞ্চারিত করেন। গর্ভের সেই খুদে মানবকে ভ্রুণ বলে। আল্লাহ তা'আলা প্রতিটি ভ্রুণের জন্যে তার মায়ের গর্ভে প্রয়োজনীয় খাদ্য-পানীয়র ব্যবস্থা করে দেন। দিনে দিনে সেই খুদে মানবভ্রুণ একটু একটু করে বড় হয়ে ওঠে। তার প্রতিটি অঙ্গ পুষ্ঠ হয়ে যায়। ...
এরপর আল্লাহ তা'আলা তাকে পৃথিবীর আলো-বাতাসের উপযোগী করে নিয়ে আসেন।...
সে কথাই কুরআনে কারীমে বিমূর্ত হয়ে ওঠেছে এভাবে-
الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الإِنسَانِ مِن طِينٍ ه ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِن سُلالَةٍ مِّن مَّاء مَّهِينٍ ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأَبْصَارَ وَالأَفْئِدَةَ قَلِيلاً ما تَشْكُرُونَ
'যিনি তাঁর প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদা মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন।
তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে।
তারপর তিনি তাকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রূহ থেকে ফুঁকে দিয়েছেন। আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন। তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।' [সূরা সাজদা : ৭৯]